সর্বশেষ
সর্বশেষ

Month: August 2026

বর্তমান সময়ে চাকরির পেছনে না ছুটে দক্ষতা অর্জনের মাধ্যমে নিজের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা জরুরি,,, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আজকের প্রশিক্ষণ, আগামীর সমৃদ্ধি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে প্রশিক্ষিত যুব ও যুব মহিলাদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে উদ্যোগ নিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব টেকনোলজি (ইআইটি) রংপুর। এর অংশ হিসেবে ৫০ জন প্রশিক্ষিত যুব ও যুব মহিলার হাতে কর্মসহায়ক যন্ত্রপাতি এবং বিভিন্ন ট্রেডে ২৫ জনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। রোববার (৩০ আগস্ট) সকালে নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে বেকার যুব ও যুব মহিলাদের মধ্যে কর্মসহায়ক যন্ত্রপাতি বিতরণ ও চাকরি প্রদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু। সম্মানিত অতিথি ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী। সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব টেকনোলজি (ইআইটি) রংপুরের পরিচালক মোহাম্মদ নাজমুল আলম নাজু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের এসআইসিআইপি (SICIP) কর্মসূচির সহকারী নির্বাহী প্রোগ্রাম পরিচালক ও উপসচিব সোহেল মাহমুদ, ইনফরমাল সেক্টর ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলের মির্জা নুরুল গনিত শোভন, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়, রিহ্যাবের সচিব ও চিফ কো-অর্ডিনেটর কাজী আবুল কাশেম আবেগ, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, চিফ কো-অর্ডিনেটর মুরাদ হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তর রংপুরের উপপরিচালক আব্দুল ফারুক এবং মহিলা বিষয়ক অধিদপ্তর রংপুরের উপপরিচালক সেলোয়ারা বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি আসাদুল হাবিব দুলুর মাধ্যমে প্রশিক্ষিত ৫০ জন যুব ও যুব মহিলার মধ্যে কর্মসহায়ক যন্ত্রপাতি বিতরণ করা হয়। এসব উপকরণ কাজে লাগিয়ে প্রশিক্ষিতরা নিজ নিজ দক্ষতা অনুযায়ী আত্মকর্মসংস্থানের সুযোগ পাবেন।একই সঙ্গে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ সম্পন্ন করা ২৫ জনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, প্রশিক্ষণকে শুধু সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে যুবসমাজকে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের পথে এগিয়ে নিতে হবে। দক্ষ জনশক্তি তৈরি হলে বেকারত্ব কমার পাশাপাশি দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের নিজেদের পায়ে দাঁড়ানোর সুযোগ তৈরি করাই হতে পারে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অন্যতম ভিত্তি। তিনি বলেন, বর্তমান সময়ে চাকরির পেছনে না ছুটে দক্ষতা অর্জনের মাধ্যমে নিজের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা জরুরি। প্রশিক্ষিত যুবক-যুবতীদের হাতে প্রয়োজনীয় কর্মসহায়ক উপকরণ তুলে দিলে তারা প্রশিক্ষণকে বাস্তব কাজে রূপ দিতে পারবেন। এতে পরিবারে স্বচ্ছলতা আসার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের বিপুলসংখ্যক যুব জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণের পর কর্মসংস্থানের সুযোগ তৈরি করা গেলে যুবসমাজের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে এবং বেকারত্ব কমবে। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন। তারা বলেন, শুধু প্রশিক্ষণ প্রদান করলেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না; প্রশিক্ষিতদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে হবে। এ জন্য কর্মসহায়ক যন্ত্রপাতি বিতরণ এবং সরাসরি চাকরির সুযোগ তৈরির মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইআইটি রংপুর কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটি ২০১০ সালে প্রতিষ্ঠার পর থেকেই দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষিত জনশক্তিকে কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করার ধারাবাহিক কার্যক্রম চালিয়ে আসছে।প্রশিক্ষণের পাশাপাশি কর্মসহায়ক উপকরণ প্রদান ও চাকরির সুযোগ তৈরির মাধ্যমে প্রশিক্ষিত যুব ও যুব মহিলাদের স্বাবলম্বী করার উদ্যোগ অব্যাহত থাকবে। অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত যুব ও যুব মহিলারা কর্মসহায়ক যন্ত্রপাতি ও নিয়োগপত্র পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় উপকরণ ও চাকরির সুযোগ তাদের নতুনভাবে পথচলার আত্মবিশ্বাস তৈরি করেছে।

Read More »

শিক্ষকদের জন্য ভাতা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে চর দুর্গম এলাকার….গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: চরাঞ্চল ও দুর্গম এলাকার বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের জন্য দূরত্ব ও যাতায়াতের বাস্তবতা বিবেচনায় বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, প্রতিটি বিদ্যালয়ের অবস্থান, যাতায়াতের দূরত্ব, যোগাযোগব্যবস্থা ও দুর্গমতার মাত্রা বিবেচনায় নিয়ে এ ভাতার কাঠামো নির্ধারণ করা হবে। রোববার (৩০ আগস্ট) বিকেলে রংপুরের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) অডিটোরিয়ামে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। রংপুর বিভাগীয় উপপরিচালকের কার্যালয়, প্রাথমিক শিক্ষা আয়োজিত ‘বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামোর সংস্কার’ শীর্ষক কর্মশালায় প্রাথমিক শিক্ষা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। দুর্গম ভাতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, কোন কোন এলাকা প্রকৃত অর্থে দুর্গম হিসেবে বিবেচিত হবে এবং সেখানে দায়িত্ব পালনকারী শিক্ষক ও কর্মকর্তারা কীভাবে বিশেষ সুবিধা পাবেন, তা নতুনভাবে নির্ধারণের প্রয়োজন রয়েছে। স্থানীয় প্রশাসনের সহায়তায় বাস্তব পরিস্থিতি বিবেচনা করে দুর্গম এলাকা চিহ্নিত করা হবে। এ বিষয়ে মাঠপর্যায়ের মতামত ও সুপারিশ লিখিতভাবে সংকলন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং তার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রাথমিক শিক্ষা প্রশাসনের সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, প্রশাসনের প্রতিটি স্তরে দায়িত্ব, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও জবাবদিহিতা সুস্পষ্ট করে কার্যকর নেতৃত্ব কাঠামো গড়ে তুলতে হবে। মাঠপর্যায়ের কর্মকর্তাদের বাস্তব পরিস্থিতি বিবেচনায় দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বাড়াতে হবে। বিভাগ থেকে বিদ্যালয় পর্যন্ত সমন্বিত কর্মশৃঙ্খলা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষা প্রশাসনের সব কার্যক্রমের চূড়ান্ত গন্তব্য বিদ্যালয় ও শ্রেণিকক্ষ। তাই প্রশাসনিক সংস্কারের সুফল সরাসরি শিশুর শেখার পরিবেশে দৃশ্যমান হতে হবে। প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী বছর থেকে প্রাথমিক বিদ্যালয়ে পাইলট প্রকল্পের মাধ্যমে ‘সায়েন্স টয়’ কার্যক্রম চালু করা হবে। খেলাধুলা ও হাতে-কলমে শেখার মাধ্যমে শিশুদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশে এ উদ্যোগ ভূমিকা রাখবে। একইসঙ্গে প্রাথমিকের নতুন কারিকুলামে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে আটটি ক্রীড়া কার্যক্রম বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করা হবে। প্রাথমিক বিদ্যালয়ে প্রক্সি শিক্ষক দিয়ে পাঠদান পরিচালনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে ববি হাজ্জাজ বলেন, বিদ্যালয়ে শিক্ষক উপস্থিতি ও শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান নিশ্চিত করতে কোনো ধরনের অনিয়ম বা দায়িত্বে অবহেলা বরদাশত করা হবে না। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রত্যেক শিক্ষককে নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসান এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব ইসরাত জাহান। এ সময় রংপুর বিভাগের বিভাগীয় উপপরিচালক, বিভাগের সব জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআই সুপারিনটেনডেন্ট, ইউপিটিসি ইন্সট্রাক্টরসহ প্রাথমিক শিক্ষা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Read More »

রংপুর জেলা ফুটবল রেফারী এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: দুই প্যানেলের প্রতিদ্বন্দ্বিতায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ রংপুর জেলা ফুটবল রেফারী এসোসিয়েশনের চার বছর মেয়াদি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দুই প্যানেলের প্রতিদ্বন্দ্বিতায় রোববার (৩০ আগস্ট) দিনব্যাপী নির্বাচনী কার্যক্রম ঘিরে রেফারীদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা। রংপুর জেলা ক্রীড়া সংস্থার হলরুমে দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গঠনতন্ত্র অনুযায়ী অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ভোটার ছিলেন ৯৪ জন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) তোফায়েল আহমেদ। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের এডিশনাল ডিআইজি মো. আব্দুর রাজ্জাক। এ সময় প্রিজাইডিং অফিসার অলিউর রহমান এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মনজুর আহমেদ আজাদ উপস্থিত ছিলেন। নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এগুলো হলো—সাধারণ রেফারী ঐক্য পরিষদ (শাহাদত প্যানেল) এবং অ্যাডভোকেট আরিফুল প্যানেল। ভোটগ্রহণকে কেন্দ্র করে সকাল থেকেই রংপুরের বিভিন্ন প্রান্ত থেকে ফুটবল রেফারীরা জেলা ক্রীড়া সংস্থার হলরুমে উপস্থিত হন। প্রার্থী ও ভোটারদের সরব উপস্থিতিতে পুরো এলাকা হয়ে ওঠে প্রাণবন্ত। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনকে ঘিরে অংশগ্রহণকারী প্রার্থী ও ভোটাররা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব রংপুরের ফুটবল রেফারিং অঙ্গনকে আরও সংগঠিত ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Read More »

স্বল্প সময়ের মধ্যে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের ৪ সদস্যকে হত্যার ঘটনায় স্বল্প সময়ের মধ্যে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। রোববার (৩০ আগস্ট) দুপুরে নগরীর মাছুয়াপাড়ায় গণপতি চক্রবর্তীর বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আসাদুল হাবিব দুলু জানান, মাদকের বিরুদ্ধে কথা বলায় চার হত্যাকাণ্ডের ঘটনাটি অধিকতর তদন্তের মাধ্যমে আদালতে চার্জশিট দাখিল করবে পুলিশ। জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়। পাড়া-মহল্লায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। ত্রাণমন্ত্রী বলেন, আমি এখানে এসে জানতে পারলাম মাদকাসক্তরা গণপতি স্যারকে অনেক ডিস্টার্ব করতো। মাদকের বিরুদ্ধে কথা বলায় স্যারসহ তার পরিবারকে হত্যা করা হয়েছে। ইতোমধ্যে পুলিশ বাহিনী দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। বর্তমান সরকার এসব হত্যাকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তিনি বলেন, রামিশা হত্যা মামলায় দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দেওয়া হয়েছে। তার বিচারকার্য শেষ হয়েছে। লালমনিরহাটের আদিতমারীতে নন্দিনী নামে একটি সাত বছরের বাচ্চা মেয়েকে হত্যার ঘটনায় ১৫ দিনের মধ্যে বিচারকার্য শেষ হয়েছে। অধিকতর তদন্তের মাধ্যমে চার্জশিট দাখিল করে স্বল্প সময়ের মধ্যে জঘন্যতম এই হত্যাকাণ্ডেরও মামলায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের মূল আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এই হত্যাকাণ্ডের পেছনে মাদক রয়েছে। আমাদের সরকার মাদকের বিষয়ে সবোর্চ্চ সাজা মৃত্যুদণ্ড করেছে। আমরা আশা করছি জনগণের মধ্যে মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে হবে। জনগণ ও আইন শৃঙ্খলা বাহিনী যৌথভাবে কাজ না করলে সমাজ থেকে মাদক নির্মূল করা যাবে না। পাড়া-মহল্লায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক কারবারি, পরিবহনকারী ও সেবনকারীদের আইনের আওতায় আনতে হবে। এ সময় রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জেলা প্রশাসক ইসরাত জাহান, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলামসহ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Read More »

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার প্রার্থনা ও শোক সভা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: স্বর্গীয় গণপতি  চক্রবর্তী স্যার ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার শান্তি  কামনায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদরংপুর  মহানগর শাখার আয়োজনে প্রার্থনা ও শোক সভা অনুষ্ঠিত হয়। গতকাল ২৮ আগস্ট  শুক্রবার বিকেলে রংপুর ধর্ম সভায় আয়োজিত প্রার্থনা ও শোকসভা অনুষ্ঠানে   বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগর  শাখার ভারপ্রাপ্ত সভাপতি স্বপন কুমার ভট্টাচার্য এর সভাপতিতে ও  সাধারণ সম্পাদক এডভোকেট প্রশান্ত কুমার রায় এর  সঞ্চালনায়   বক্তব্য রাখেন রংপুর ধর্মসভার সাধারণ সম্পাদক খোকন সরকার,বাংলাদেশ পূজার জন্য পরিষদ রংপুর মহানগর শাখার সহ-সভাপতি পিপাস রায়, সহ-সাধারণ সম্পাদক দিলীপ চন্দ্র ঘোষ  ,ইসকন  সভাপতি গোবিন্দচন্দ্র গিরিধারী,সাধারণ সম্পাদক  নিন্ময় প্রভু,  সদস্য রবি সোমানি, ডাক্তার পলাশ সেন, সুমন রায় বকুল রায়, শ্রী জগধর বর্মন, সদস্য সুভাষচন্দ্র, মেট্রোপলিটন  থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।   উল্লেখ্য  গত একুশে আগস্ট রংপুর নগরীর মাছুয়া পাড়া এলাকায় রংপুর  জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার  স্ত্রী ও সন্তানসহ ৪ জনকে নির্মমভাবেহত্যা করা হয়।

Read More »

রংপুরে এসপিজিআরসি নেতা এম. নাসিম খানের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত শোক র‌্যালি, কবর জিয়ারত ও দোয়া-মিলাদে স্মরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশে বসবাসরত উর্দুভাষীদের সংগঠন এসপিজিআরসি-বাংলাদেশের প্রধান পৃষ্ঠপোষক ও মহান নেতা মরহুম আলহাজ্ব এম. নাসিম খানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুরে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিল, শোক র‌্যালি, কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ। সকাল ৯টায় কোরআনখানির মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে সকাল ১১টায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পাকিস্তান থেকে প্রকাশিত ‘জং সানডে ম্যাগাজিন’-এর সাব-এডিটর মো. হুমায়ুন জাফর। বিশেষ অতিথি ছিলেন এসপিজিআরসি কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজী এম. শওকত আলী। বাদ জুমা নগরীর ২নং ইস্পাহানী ক্যাম্পস্থ এসপিজিআরসি-বাংলাদেশের কার্যালয় থেকে একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুসলিমপাড়া রেলওয়ে কবরস্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এসপিজিআরসি- বাংলাদেশের প্রয়াত মহান নেতা আলহাজ্ব এম. নাসিম খানের কবর জিয়ারত করা হয়। সংগঠনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ তাঁর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। কবর জিয়ারত শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তরুণ সংগঠক মো. সায়েম এবং ২নং ইস্পাহানী ক্যাম্প জামে মসজিদের ইমাম ও মোয়াজ্জেম মো. আব্দুল মালেক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসপিজিআরসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রংপুর সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোর্শেদ আলম, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. মাসুদ ছোটু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আইয়ুব আলী, মীরপুর-১২ শাখার সভাপতি জালাল উদ্দিন ভন্টু, খুলনার খালিশপুর শাখার সভাপতি ফরিদ খান, প্রেস সেক্রেটারি গোলাম হাসনাইন, রাজশাহী শাখার সভাপতি আলহাজ্ব মো. শাহাবুদ্দিন, তথ্য বিষয়ক সম্পাদক আখতার হোসেন, রংপুর শাখার সভাপতি মো. শরফুদ্দিন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. খুরশিদ আলম, অর্থ সম্পাদক মো. নাসিম, প্রচার সম্পাদক মো. জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক আবু তৈয়ুব আনছারী, সদস্য এম.এ বারী, আউয়াল দাউদ, ভোলা, ওয়াকিল আহমেদ মুন্না, এসপিজিআরসি চট্টগ্রাম জেলার রৌফাবাদ শাখার সহ-সভাপতি আব্দুস সামাদ, সাধারন সম্পাদক আজিজ রায়হান, সমাজ কল্যাণ বিষয়ক মো: বাহার, এসপিজিআরসি এসবি নগর কমিটির সভাপতি রিয়াজ আহমেদ টুলু, যূগ্ম সাধারণ সম্পাদক মো: সাব্বির, অর্থ সম্পাদক আসলাম রাহি, প্রচার সম্পাদক মাহামুদ আলম, এসপিজিআরসি ফিরোজশাহ শাখার সভাপতি মো: ইকবাল, দপ্তর সম্পাদক মো: ফয়সাল ও সিরাজগঞ্জ উল্লাপাড়ার শাখার নেতৃবৃন্দসহ সারাদেশে বিভিন্ন বিভাগের ও জেলার রেতৃবৃন্দ। এছাড়া ঢাকা, মীরপুর, খুলনা, চট্টগ্রাম, এসবি নগর, ফিরোজশাহ, সিরাজগঞ্জের উল্লাপাড়া, গাইবান্ধা, রাজশাহী, যশোর এবং রংপুরসহ দেশের বিভিন্ন জেলা ও শাখার নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। রাজশাহীতেও দোয়া ও মিলাদ এদিকে, মরহুম আলহাজ্ব এম. নাসিম খানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এসপিজিআরসি-বাংলাদেশের রাজশাহী শাখার উদ্যোগে নগরীর সিরল কলোনীতে বাদ আছর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ও উর্দুভাষী সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। দোয়া ও মোনাজাতে মরহুম এম. নাসিম খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি উর্দুভাষী জনগোষ্ঠীর অধিকার ও কল্যাণে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। অপর দিকে বাংলাদেশে বসবাসরত উর্দুভাষীদের সংগঠন এসপিজিআরসি- বাংলাদেশকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুরে তিন দিনব্যাপী স্মরণসভা ও ১৮তম বার্ষিক কাউন্সিলের আয়োজন করা হয়। এর মধ্যে ২৯ থেকে ৩০ আগস্ট ২০২৬ পর্যন্ত সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে ১৮তম বার্ষিক কাউন্সিলের আয়োজন করা হয়। ২৯ আগষ্ট সকাল ১১টা আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। আয়োজকরা জানান, দীর্ঘ ৫৫ বছর ধরে বাংলাদেশে বসবাসরত উর্দুভাষীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে আসছে এসপিজিআরসি-বাংলাদেশ। সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যেই এবারের স্মরণসভা ও কাউন্সিলের আয়োজন করা হয়েছে।

Read More »

প্রধানমন্ত্রীর উপদেষ্টা করে পরিকল্পনা মন্ত্রণালয়ের সভাপতি নির্বাচিত জহির উদ্দিন স্বপন এমপি

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে সরিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) করার পর নতুন দায়িত্ব হিসেবে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর পক্ষে জহির উদ্দিন স্বপনকে সভাপতি হিসেবে দায়িত্ব প্রদানের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। পরে তা কণ্ঠভোটে পাস হয়। ঢাকার আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী টুকু জানা গেছে, পূর্বে এ দায়িত্বে ছিলেন আবদুল মঈন খান। তিনি স্থানীয় সরকারমন্ত্রী হওয়ায় সভাপতির পদটি শূন্য হয়। এদিকে বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার পর তার নির্বাচনি এলাকার নেতাকর্মীদের মধ্যে হতাশা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। এবার নতুন দুটি দায়িত্ব প্রদান করায় নেতাকর্মীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। নতুন দায়িত্ব পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাকে (স্বপন) শুভেচ্ছা জানিয়েছেন। তথ্য সত্রে//

Read More »

নতুনভাবে বাংলাদেশকে গড়ে তুলতে বিরোধী দলের সহযোগিতা লাগবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দেশকে রক্ষা করতে হলে বিরোধীদলের আন্দোলন বন্ধ করতে হবে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের দিঘলী ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর গ্রামে এসডিএফের আয়োজনে ব্রি-স্টং প্রকল্পের উপকারভোগীদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেন, হাসিনার বিরুদ্ধে আমরা ১৭ বছর আন্দোলন করেছি। হাসিনা যখন এত অত্যাচার-নির্যাতন করেছে, তখন দেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সবাই মিলে আন্দোলন করে দেশকে রক্ষা করেছি, দেশের গণতন্ত্রকে রক্ষা করেছি। এখন আমাদের কাজ হলো এ রক্ষাকে সুরক্ষা দেওয়া এবং নতুনভাবে বাংলাদেশকে গড়ে তোলা। এজন্য তো বিরোধী দলের সহযোগিতা লাগবে। অথচ আমরা যেদিন দায়িত্ব নিলাম, সেদিন তারা (জামায়াত) আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন না। তিনি আরও বলেন, আমরা ১২ তারিখে নির্বাচিত হওয়ার পর ১৭ তারিখে শপথ নিয়েছি। দেশ পরিচালনার দায়িত্ব জনগণ বিএনপিকে দিয়েছে। আমাদের সঙ্গে আরেকটি পক্ষ নির্বাচনে অংশগ্রহণ করেছে। আমরা যেদিন শপথ নিয়েছি, তারা কিন্তু সেদিন উপস্থিত হয়নি। আমাদের সহযোগিতাও করেনি। এখন পর্যন্ত তারা বলছেন যে আন্দোলন করবেন। পানিসম্পদমন্ত্রী বলেন, ‘প্রতিনিয়ত তারা প্রোগ্রাম করে এবং এমন এমন ভাষায় কথা বলে—এখন তারা রোডমার্চ দেয়। তারা বলেন, আন্দোলন করবে। বাংলাদেশটা যদি এভাবে আন্দোলনের ওপর থাকে তাহলে কি এলাকার উন্নয়ন হবে? তাহলে আন্দোলন দেশের জন্য ক্ষতি।’ পানিসম্পদমন্ত্রী বলেন, ‘আসলে তারা আন্দোলন করছে, মনে করছে যে বিএনপিকে জিম্মি করে আন্দোলন করে হাসিনা যেভাবে ১৭২ দিন, ১৭৩ দিন টানা হরতাল দিয়ে দেশের মানুষকে জিম্মি করে একবার ক্ষমতায় এসেছে।’ বিরোধীদলের আন্দোলনের ব্যাপারে মন্ত্রী বলেন, ‘বিরোধীদল মনে করছে আন্দোলন করলে বিএনপি দুর্বল হয়ে পড়বে। তারেক জিয়া দুর্বল হয়ে পড়বে, মন্ত্রী, এমপিরা, নেতাকর্মীরা দুর্বল হয়ে পড়বে। মা-বোনেরা বাড়ি থেকে বের হয়ে তাদেরকে ভোট দিবে ক্ষমতায় আনবে। এই সুযোগ কি দেওয়া যাবে? এই সুযোগ যাতে দেওয়া না যায়, এজন্য আমাদের মা-বোনদেরকে নিয়ে, নেতা-কর্মী, যুবক-ছাত্র-তরুণ সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।’ চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব, উপজেলা বিএনপির সভাপতি বেল্লাল হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ ভূঁইয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরওয়ার, সাধারণ সম্পাদক কাজী নুরুল আমিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহের ইসলাম জাহাঙ্গীর প্রমুখ। তথ্য সুত্রে.

Read More »

রংপুর সিটি কর্পোরেশনে প্রাক বাজেট সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর সিটি কর্পোরেশনের ২০২৫-২৬ অর্থ বছরের সংশোধিত বাজেট ও ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত প্রাক বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে প্রাক বাজেট সভায় সভাপতিত্ব করেন সিটি প্রশাসক এ্যাড. মাহফুজ উন নবী ডন। রংপুর সিটি কর্পোরেশনের সভা কক্ষে আয়োজিত প্রাক বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাকিব হাসান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস, প্রধান সম্পত্তি কর্মকর্তা রুবেল রানা, তত্বাবধায়ক প্রকৌশলী আজম আলী, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা নাইম হাসান খান সহ রংপুরের বিশিষ্টজন ডাক্তার, পুলিশ প্রশাসন, বিজিবি প্রশাসন, উদ্যাক্তা, সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা। সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, ২০২৫-২৬ সালের সংশোধিত বাজেট রাজস্ব আয়-৭৩ কোটি ৮০ লক্ষ্য ৬৩ হাজার ১৫৫ টাকা। উন্নয়ন সহায়তা বরাদ্দ আয় ১৩০ কোটি ৪৮ হাজার ৫১১ টাকা। যার ২০২৫-২৬ অর্থ বছরে মোট আয় ২০৩ কোটি ৮১ লক্ষ্য ১১ হাজার ৬৬৬ টাকা। যা হতে পরিচালনা ব্যয় ৬১ কোটি ৬১ লক্ষ্য ২৭ হাজার ৯৩০ টাকা ও উন্নয়ন ব্যয় ৫৪ কোটি ৬৪ লক্ষ্য ৪৫ হাজার ৬১৮ টাকা। মোট ব্যয় ১১৬ কোটি ২৫ লক্ষ্য ৭৩ হাজার ৫৪৮ টাকা। ২০২৬-২৭ অর্থ বছরে প্রস্তাবিত প্রাক বাজেটে আছে রাজস্ব আয় ১২৯ কোটি ৯৪ লক্ষ্য ১১ হাজার ২৪৪ টাকা ও উন্নয়ন সহায়তা হতে আয় ৭৯৭ কোটি ৮৫ লক্ষ্য ১৬ হাজার ৬২১ টাকা সহ মোট আয় ৯২৭ কোটি ৭৯ লক্ষ্য ২৭ হাজার ৮৬৫ টাকা। যা হতে প্রস্তাবিত পরিচালনা ব্যয় ১১২ কোটি ৬১ লক্ষ্য ও প্রস্তাবিত উন্নয়ন ব্যয় ৭৯৭ কোটি ৮৫ লক্ষ্য ১৬ হাজার ৬২১ টাকা ও প্রস্তাবিত মোট ব্যয় ৯১০ কোটি ৪৬ লক্ষ্য ১৬ হাজার ৬২১ টাকা। এ সময় সকলে খসড়া বাজেটের উপর আলোচনা করেন পরে সভার সভাপতি বাজেটের উপর কথা বলে প্রাক বাজেট সভার কাজ শেষ করেন।

Read More »

রংপুর জিলা স্কুলে গণপতি চক্রবর্তী ও পরিবারের স্মরণে স্মরণসভা ও বিশেষ প্রার্থনা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর নগরীর মাছুয়াপাড়ায় রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী ও ছেলে আয়ুশ চক্রবর্তী প্রিয়মের স্মরণে রংপুর জিলা স্কুলে স্মরণসভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) ২০২৬ দুপুরে রংপুর জিলা স্কুল প্রাঙ্গণে এ স্মরণসভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। স্মরণসভায় বক্তব্য রাখেন রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, প্রাক্তন শিক্ষক নিরঞ্জন রায় অধিকারী, শিক্ষক দিনেশ চন্দ্র, সুদাংশু শিকদার, সাবেক শিক্ষক শফিয়ার রহমান, সালাউদ্দিন কাজী, সাবেক শিক্ষার্থী অ্যাপোল চৌধুরী, প্রয়াত গণপতি চক্রবর্তীর ভাতিজি জামাই বিশ্বজিৎ চক্রবর্তী, সাবেক প্রধান শিক্ষক আবু রায়হান মো. মিজানুর রহমান এবং প্রাক্তন শিক্ষার্থী এস.এম. সাদমান আহমেদ। বক্তারা প্রয়াত গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের সদস্যদের স্মৃতিচারণ করেন এবং তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন তাঁরা। পরে প্রয়াত গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী, মেয়ে ও ছেলের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এ সময় রংপুর জিলা স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ উপস্থিত সবাই আবেগঘন পরিবেশে তাঁদের স্মরণ করেন।

Read More »