
রংপুর জেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন
জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গৌরবের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুর জেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। ১লা সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকালে নগরীর নীলকন্ঠ এলাকায় জিয়া খাল ও কুকরুল বিলে মৎস অবমুক্তকরণ এবং গুপ্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও নূরপুর কবরস্থানে বৃক্ষের চারা রোপণ করা হয়। এরপর বিকাল ৪টায় রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালিতে নেতৃত্ব দেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর জেলা পরিষদের প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব সাবেক এমপি পরিতোষ চক্রবর্তী, রংপুর জেলা বিএনপির সদস্য এমদাদ ভরসা, ফজলার রহামন বাদল, লিটন পারভেজ, রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, ভারপ্রাপ্ত সদস্য সচিব জিল্লুর রহমান জেমস, সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, ওলামাদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। র্যালি শেষে রংপুরের বিএনপির প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বক্তারা দেশ উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। সবার আগে বাংলাদেশকে ধারণ করার পরামর্শ দেন।








