সর্বশেষ
সর্বশেষ

Day: October 9, 2026

সঞ্চয়পত্র : নিরাপদ বিনিয়োগে দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা

নিরাপদ বিনিয়োগে সঞ্চয়পত্রে ঝুঁকছেন বিনিয়োগকারীরা ব্যাংক ও শেয়ার বাজারে পুরোপুরি আস্থা না ফেরায় নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে সঞ্চয়পত্রের দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীদের একটি অংশ। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের বিক্রিতে এর প্রতিফলন দেখা গেছে। এ মাসে নতুন সঞ্চয়পত্র বিক্রি হয়েছে ২ হাজার ৫৯ কোটি ৪৭ লাখ টাকা। গত বছরের একই সময়ের তুলনায় যা প্রায় ৫৯ শতাংশ বেশি। আর ২০২৫-২৬ অর্থ বছরের পুরো সময়ের নিট বিক্রির তুলনায় জুলাইয়ের বিক্রি প্রায় পাঁচ গুণ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাইয়ে নিট সঞ্চয়পত্র বিক্রি হয়েছিল ১ হাজার ২৯৩ কোটি ৪৮ লাখ টাকা। আর গত অর্থবছরের পুরো সময়ে নিট বিক্রির পরিমাণ ছিল মাত্র ৪৩৬ কোটি টাকা। অর্থাৎ গত অর্থবছরের ১২ মাসে যে পরিমাণ নিট সঞ্চয়পত্র বিক্রি হয়েছে, নতন অর্থবছরের প্রথম মাসেই তার কয়েক গুণ বেশি বিক্রি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, জুলাইয়ে নিট বিক্রির প্রবৃদ্ধি ছিল ৫৯ দশমিক ২২ শতাংশ। একক মাস হিসেবে গত চার বছরের মধ্যে জুলাইয়ের এই নিট বিক্রি সর্বোচ্চ। এর আগে ২022 সালের ফেব্রুয়ারিতে ২ হাজার ৫২৩ কোটি টাকার নিট সঞ্চয়পত্র বিক্রি হয়েছিল। এরপর আর কোনো মাসে নিট বিক্রি ২ হাজার কোটি টাকা ছাড়ায়নি। বরং পরবর্তী সময়ে বেশির ভাগ মাসেই নিট বিক্রি ছিল ঋণাত্মক। অর্থাৎ নতুন সঞ্চয়পত্র বিক্রি থেকে যত অর্থ এসেছে, তার চেয়ে বেশি অর্থ পুরোনো সঞ্চয়পত্রের আসল ও মুনাফা পরিশোধে চলে গেছে। এর আগে টানা তিন অর্থবছরেও একই প্রবণতা দেখা যায়। বাংলাদেশ ব্যাংকের হিসাবে ২০২৩-২৪ অর্থবছরে নিট বিক্রি ছিল ঋণাত্মক ২১ হাজার ১২৪ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরে ঋণাত্মক ছিল ৬ হাজার ৬৩ কোটি টাকা। আর ২০২৫-২৬ অর্থবছরে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হলেও নিট বিক্রি দাঁড়ায় মাত্র ৪৩৬ কোটি টাকা। ফলে জুলাইয়ের বিক্রি আগের কয়েক বছরের প্রবণতা থেকে বড় ধরনের বিচ্যুতি হিসেবে দেখা যাচ্ছে। অর্থনীতিবিদেরা বলছেন, ব্যাংকে আমানতের সুদ কিছুটা বাড়লেও ব্যাংক খাতের প্রতি মানুষের আস্থা পুরোপুরি ফেরেনি। অন্যদিকে শেয়ার বাজারেও দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা রয়েছে। ফলে তুলনামূলক নিরাপদ এবং নির্দিষ্ট মুনাফার বিনিয়োগ মাধ্যম হিসেবে সঞ্চয়পত্রের প্রতি আগ্রহ বাড়তে পারে। এর সঙ্গে সঞ্চয়পত্রের মুনাফার হার কমে যেতে পারে—এমন আশঙ্কায় কেউ কেউ আগেভাগে বিনিয়োগ করে থাকতে পারেন। জানতে চাইলে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)’র চেয়ারম্যান অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ ইত্তেফাককে বলেন, ব্যাংক খাতে মানুষের আস্থার সংকট এখনো পুরোপুরি কাটেনি। মূল্যস্ফীতির চাপে সীমিত সঞ্চয়কে তুলনামূলক নিরাপদ জায়গায় রাখতে অনেকেই সঞ্চয়পত্র বেছে নিচ্ছেন। তার মতে, মূলধন সুরক্ষার নিশ্চয়তা, প্রয়োজনের সময় নগদায়নের সুযোগ এবং তুলনামূলক ভালো মুনাফার কারণে সঞ্চয়পত্র বিনিয়োগকারীদের কাছে আকর্ষণ ধরে রেখেছে। তথ্যমতে, সঞ্চয়পত্রের মুনাফার হারও আপাতত বিনিয়োগকারীদের পক্ষে স্থিতিশীল রয়েছে। সরকার চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সব ধরনের জাতীয় সঞ্চয়পত্রের বিদ্যমান মুনাফার হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে বিনিয়োগের পরিমাণভেদে সর্বোচ্চ মুনাফার হার ১১ দশমিক ৮৩ শতাংশ। তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে সর্বোচ্চ ১১ দশমিক ৮২ শতাংশ, পরিবার সঞ্চয়পত্রে ১১ দশমিক ৯৩ শতাংশ এবং পেনশনার সঞ্চয়পত্রে ১১ দশমিক ৯৮ শতাংশ পর্যন্ত মুনাফা পাওয়া যাচ্ছে। জুলাই শেষে সঞ্চয়পত্রে সরকারের ঋণস্থিতিও বেড়েছে। জুনে ৩ লাখ ৩৪ হাজার ২ কোটি ৩৫ লাখ টাকা থেকে জুলাইয়ে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩ লাখ ৩৬ হাজার ৬২ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্যেও জুলাই শেষে স্থিতি ৩ লাখ ৩৬ হাজার কোটি টাকার বেশি দেখানো হয়েছে। সুত্র. বিডি প্র //

Read More »

বরোবিতে শহীদ আবু সাঈদ গেট নির্মাণকাজের উদ্বোধন

জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : রংপুর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বহুল আকাঙ্ক্ষিত শহীদ আবু সাঈদ গেটের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ নির্মাণকাজের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু। এ সময় বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, আবু সাঈদের স্মৃতি ধরে রাখতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে আবু সাঈদ গেট নির্মাণের উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ। ভবিষ্যতে এই পথ দিয়ে চলাচলকারী মানুষ গেটটি দেখে তার আত্মত্যাগের কথা জানতে পারবেন। জুলাইয়ে আত্মদানকারীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার একটি মানবিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছে। প্রসঙ্গত, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন। তার আত্মত্যাগ আন্দোলনের অন্যতম প্রতীক হয়ে ওঠে। তার স্মৃতিকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এবার তার নামে গেট নির্মাণের কাজ শুরু হলো।

Read More »

লায়ন্স ক্লাব অব রংপুরের উদ্যোগে হুইল চেয়ার, আর্থিক অনুদান প্রদান ও কোরআন শরীফ বিতরণ

জালাল উদ্দিন / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২ বাংলাদেশ এর আওতায় ‘অক্টোবর সেবা পক্ষ ২০২৬ উপলক্ষে লায়ন্স ক্লাব অব রংপুরের উদ্যোগে রংপুরের প্যারালাইসিস রোগী সাবিত্রী রায়কে হুইলচেয়ার প্রদান ও ক্যান্সার রোগে আক্রান্ত দৈনিক প্রথম খবর পত্রিকার বার্তা সম্পাদক তানিম ইসতিয়াককে আর্থিক অনুদান প্রদান এবং জলঢাকা লায়ন্স ক্লাবের উদ্যোগে রংপুরের মহাব্বতখাঁ মধ্যপাড়া মাদ্রসার শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ , রোহেল ও বক্স বিতরণ করা হয়। (৯ অক্টোবর) শুক্রবার বাদ আছর নগরীর জিএলরায় রোডস্থ লায়ন্স স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে লায়ন্স ক্লাব অব রংপুরের উদ্যোগে প্যালাইসিস রোগিকে হুইল চেয়ার, ক্যান্সার রোগিকে আর্থিক অনুদান প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রির প্রেসিডেন্ট মোহাম্মদ গোলাম জাকারিয়া পিন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট লায়ন মনজিল মুরাদ লাভলু এমজেএফ। এ সময় উপস্থিত ছিলেন কনভেনশন কো চেয়ারম্যান, রিজিওনাল চেয়ারপার্সন হেডকোয়াটার ও লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বোডির চেয়ারম্যন লায়ন মোঃ এনামুল হক সোহেল, এমজেএফ, লায়ন্স ক্লাব অব রংপুরের সেক্রেটারী আহসানুল হাবিব মিলন, এমজেএফ, ক্লাব পরিচালক মোছাঃ জেবুন্নেছা জেবিন, ক্লাব পরিচালক আলহাজ্ব আব্দুল হালিম বুলু, ক্লাব পরিচালক মোঃ শরিফুল ইসলাম বাবু, এমজেএফ, ক্লাব পরিচালক মোঃ তানজেউর রহমান, জলঢাকা লায়ন্স ক্লাবের সভাপতি মোছাঃ সুমাইয়া চৌধুরী সার্থক, ক্লাব পরিচালক অনিন্দ আউয়াল, লিও এ্যাডভাইজার ডাঃ জেরিন। এছাড়াও উপস্থিত ছিলেন লিও ক্লাব অফ রংপুর সেন্ট্রাল এর লিও জুবায়ের (ট্রেমার ও “অক্টোবর সেবা মাস ২০২৬” কমিটির চেয়ারম্যান),লিও কুরবা (জয়েন্ট ট্রেজারার ও “অক্টোবর সেবা মাস ২০২৬” কমিটির কো-চেয়ারম্যান), লিও যাকওয়ান (”অক্টোবর সেবা মাস ২০২৬” কমিটির সেক্রেটারি), লিও লামিয়া, লিও রাফি এবং হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মনজুদার রহমান প্রমুখ ।

Read More »

রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ১১ জন নতুন ডিএমডি নিয়োগ

ঢাকা, রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১১ জন মহাব্যবস্থাপককে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির পর তাদের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পদায়ন করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব আফরোজা আক্তার রিবা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপন অনুযায়ী, রূপালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমানকে একই ব্যাংকের ডিএমডি এবং অগ্রণী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মোহাম্মদ ফজলুল করিমকে একই ব্যাংকের ডিএমডি পদে পদায়ন করা হয়েছে। বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক আবু সাঈদ মো. রওশানুল হককে একই ব্যাংকের ডিএমডি এবং জনতা ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মো. আব্দুল মতিনকে একই ব্যাংকের ডিএমডি করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান খানকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডিএমডি হিসেবে পদায়ন করা হয়েছে। রূপালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মো. ইকবাল হোসেন খাঁকে জনতা ব্যাংক পিএলসির ডিএমডি করা হয়েছে। রূপালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক শিকদার ফারুক এ আজমকে একই ব্যাংকের ডিএমডি, অগ্রণী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক শাহীনুর সুলতানাকে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির ডিএমডি এবং বেসিক ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মো. হাসান ইমামকে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ডিএমডি পদে পদায়ন করা হয়েছে। সোনালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মো. জামান মোল্লা ও মো. সাফায়াত হোসেন পাটোয়ারীকে একই ব্যাংকের ডিএমডি করা হয়েছে। সুত্র. বাসস

Read More »

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা ও রাজধানীর পরিবহন ব্যবস্থার বিদ্যমান বিশৃঙ্খলা দূর করার উপায় নিয়ে একটি বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। (৮ অক্টোবর) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে বৈঠকটি শুরু হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহিদুল হাসান, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মশিউর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং নগরীর গণপরিবহন ব্যবস্থায় বিদ্যমান বিশৃঙ্খলা দূর করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সুত্র. ইউএনবি

Read More »