সর্বশেষ
সর্বশেষ

Day: January 29, 2023

“বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের ফি নির্ধারণ ও ক্যাটেগরাইজড করা হচ্ছে”- স্বাস্থ্যমন্ত্রী

এসএম রবিন / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা: ২৯ জানুয়ারি, ২০২৩ খ্রি. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, “দেশের একেক বেসরকারি হাসপাতাল ও অন্যান্য সেবা খাতের একেক রকমের চার্জ, টেস্ট ফিস সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এজন্য প্রাইভেট স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর জন্য সরকারিভাবে একটি গাইডলাইন তৈরি করে হাসপাতালগুলোর মান অনুযায়ী ক্যাটেগরি তৈরি করে দিয়ে সেই ক্যাটেগরি মান অনুযায়ী ফি নির্ধারণ করে দেয়া হবে। এ সংক্রান্ত একটি কমিটি করে এক মাসের মধ্যেই একটি সিদ্ধান্তে উপনিত হবো আমরা। এতে বেসরকারি স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি পাবে, যত্রতত্র ফি দিয়ে দেশের জনগণের অযাচিত অর্থ ব্যয় হবে না।” আজ দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সারাদেশের বেসরকারি হাসপাতাল/ ক্লিনিক/ ডায়াগনস্টিক সেন্টারের ক্যাটেগরি নির্ধারণ বিষয়ে পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বেসরকারি হাসপাতালগুলোর ক্যাটেগরি নির্ধারণের ধরণ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান, বেসরকারি হাসপাতালের বেড সংখ্যা, যন্ত্রপাতি, অবস্থান, লোকবল, সুযোগ-সুবিধা ভেদে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোকে A, B, C, D ক্যাটেগরিতে ভাগ করে দেয়া হবে। ‘এ’ ক্যাটেগরির এক রকম সুবিধা, ‘বি’ ক্যাটেগরির এক রকম সুবিধা এবং ‘সি’ ক্যাটেগরি হাসপাতালগুলো মান ভেদে এবং সুযোগ-সুবিধা উল্লেখসহ সরকার কর্তৃক নির্দিষ্ট ফি নির্ধারণ করা থাকবে। এতে মানুষ আগে থেকেই জানতে পারবে কোন হাসপাতালে গেলে কি কি সুবিধা পাওয়া যাবে এবং কত চিকিৎসা বাবদ ব্যয় হবে। বেসরকারি হাসপাতালগুলোর সেবার মান প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, সারাদেশে বর্তমানে অলিতে-গলিতে ক্লিনিক হয়ে গেছে। কিছু ক্লিনিক মান-সম্মত সেবা দিলেও অধিকাংশেরই সেবার মান ভালো না। ‘ফি’-ও নেয়া হয় ইচ্ছে মত। স্টান্ডার্ড ও নিয়ম অনুযায়ী যন্ত্রপাতি নাই, কিন্তু মেশিন আছে যেগুলো সেগুলোও ঠিক মতো কাজ করে না। সিট অনুযায়ী অন্যান্য বিষয়গুলো অনুপস্থিত রয়েছে। মান-সম্পন্ন চিকিৎসক থাকে না, অথচ ফি নেয়া হয় অনেক বেশি। এসব অনিয়ম আর চলতে পারবে না। অন্যদিকে, দেশে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে বলে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ বছর দেশে ৮ জন ব্যক্তি নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই ৮ জনের মধ্যে ৫ জনই মারা গেছেন। এজন্য দেশবাসিকে শীতকালীন খেজুরের রস খাওয়ার ব্যাপারে আরো বেশি সচেতন হতে হবে। সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)-এর সভাপতি ডা. মোস্তাফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিব) সভাপতি অধ্যাপক ডা. জামাল উদ্দিন চৌধুরী, মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল এসোসিয়েশনের সভাপতি মুবিন খান, মহাসচিব ও সংসদ সদস্য আনোয়ার হোসেন খান, এমপি, অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) মোঃ সাইদুর রহমান, অতিরিক্ত সচিব (জনস্বাস্থ্য অনুবিভাগ) সৈয়দ মজিবুল হক, পপুলার হাসপাতালসহ অন্যান্য বেসরকারি হাসপাতালের প্রতিনিধিবর্গ।

Read More »

অবৈধ বালু উত্তোলনকারীদের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে মামলা দায়েরের ব্যবস্থা

বালুমহাল আইনের প্রস্তাবে খাদ্য নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা ও স্মার্ট ব্যবস্থাপনায় জোর এসএম রবিন / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন-২০২২’-এর খসড়ায় খাদ্য নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা এবং স্মার্ট বালুমহাল ব্যবস্থাপনায় জোর দেওয়া হয়েছে। গত ৩১ অক্টোবর তারিখে এই আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ভূমিসেবা ডিজিটালাইজেশনের সাথে সামঞ্জস্য রেখে যেন খসড়াকৃত ভূমি সম্পর্কিত আইনগুলো পাসের উদ্দেশ্যে যেন দ্রুত ও কার্যকরীভাবে সংসদে পাঠানো যায় সেই ব্যাপারে ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সুস্পষ্ট নির্দেশনা আছে। বালুমহাল ইজারা প্রদান সংক্রান্ত জটিলতা নিরসন, বালুমহাল হতে পরিকল্পিতভাবে বালু ও মাটি উত্তোলন ও বিপণন, এর নিয়ন্ত্রণ, এই সংক্রান্ত সংঘটিত অপরাধসমূহ দমনসহ এবং বালুমহাল ব্যবস্থাপনা সার্বিকভাবে যুগোপযোগী করার জন্য ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর সংশোধনীর উদ্যোগ গ্রহণ করেছে সরকার। বালুমহাল ইজারা প্রদান বাবদ রাষ্ট্রীয় কোষাগারের বছরে গড়ে প্রায় ১০০ থেকে ১৫০ কোটি টাকা আয় হয়। প্রস্তাবিত ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন-২০২২’-এর খসড়ায় সংযুক্ত প্রধান প্রধান বিষয়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে, ব্যক্তিমালিকানাধীন উর্বর কৃষি জমি রক্ষা, কৃষি জমির উপরিভাগের উর্বর মাটি সংরক্ষণের ব্যবস্থাসহ ভূগর্ভস্থ বালু বা মাটি উত্তোলনের ফলে উক্ত জমিসহ পার্শ্ববর্তী অন্য জমি বা প্রতিবেশের যাতে ক্ষতি সাধন না হয় তা বন্ধ করার বিধান। এছাড়া, পরিবেশের ক্ষতি সাধিত হয় কিংবা পার্শ্ববর্তী ভূমির ক্ষতি, চ্যুতি বা ধসের কারণ উদ্ভব হয় এমন কোনও ব্যক্তিমালিকানাধীন ভূমি হতেও কোনও বালু বা মাটি উত্তোলন না করার বিধান রাখা হয়েছে প্রস্তাবিত আইনে। ইজারা কার্যক্রম দ্রুত অনলাইনে সম্পাদন, বালু উত্তোলন কার্যক্রম ও পরিমাণ মনিটরিং করার জন্য স্যাটেলাইট ডাটা ব্যাবহার বা সিসি ক্যামেরা স্থাপন বা ৬ মাস পর পর ডিজিটাল সার্ভে করার বিধান রাখা হয়েছে প্রস্তাবিত সংশোধিত আইনে। সরকারের উন্নয়ন কার্যক্রমের প্রয়োজনে বা জনগুরুত্বপূর্ণ কাজের জন্য ইজারা বহির্ভূত বালুমহাল ও অন্য এলাকা হতে বালু বা মাটি উত্তোলন ও ব্যবস্থাপনা, নির্ধারিত নৌপথের বাইরে হাইড্রোগ্রাফিক জরিপের প্রযোজ্য না হওয়া এবং ইজারা বহির্ভূত থাকা বালুমহাল থেকে খাস আদায় পদ্ধতিতে বালু/মাটি উত্তোলনের বিধান এই প্রস্তাবিত আইনে সন্নিবেশ করা হয়েছে। অসাধু ব্যক্তিদের অপতৎপরতা রোধ করার জন্য যেসব বিধান সংযুক্ত করা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে, ইজারার শর্ত ভঙ্গকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা, অবৈধ বালু উত্তোলনকারীদের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে মামলা দায়ের, অপরাধের সরঞ্জাম বাজেয়াপ্তকরণ ও ক্ষতিপূরণ আদায় ইত্যাদি। এছাড়া, উত্তোলিত বালু পরিবহনের কারণে কোন রাস্তা ক্ষতিগ্রস্ত হলে তা বালু পরিবহনকারী কর্তৃক মেরামত করে দেওয়া বা ক্ষতিপূরণ আদায়ের বিধান এবং ইজারা বহির্ভূত থাকা বালুমহাল থেকে খাস আদায় পদ্ধতিতে বালু/মাটি উত্তোলনের বিধান এই আইনের খসড়ায় প্রস্তাব করা হয়েছে। ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন-২০২২’ মন্ত্রিপরিষদে পাস হওয়ার সাথে সাথে এই আইন প্রণয়নের প্রাথমিক কার্যক্রম শেষ হলো। এখন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাহায্য চূড়ান্ত খসড়া তৈরি করে পরবর্তী কার্যক্রমের জন্য সংসদ সচিবালয়ে জাতীয় সংসদে আইন পাসের জন্য বিল উত্থাপনের ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হবে। ভূমি মন্ত্রণালয় ডিজিটাল সেবা প্রবর্তনের পাশাপাশি আইন ও বিধি-বিধান সংশোধন করে, এবং প্রযোজ্য ক্ষেত্রে নতুন আইনের খসড়া করে টেকসই ভূমি ব্যবস্থাপনা স্থাপনে জোর দিচ্ছে। উপর্যুক্ত আইন ছাড়াও উল্লেখযোগ্য নতুন যে সব আইন নিয়ে কাজ করা হচ্ছে তারমধ্যে অন্যতম ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ভূমি সংস্কার আইন, ভূমি উন্নয়ন কর আইন, হাট ও বাজার স্থাপন ও ব্যবস্থাপনা আইন, ভূমি মালিকানা ও ব্যবহার আইন ইত্যাদি। বালুমহাল বলতে পরিবেশ অক্ষুণ্ণ রেখে আহরণযোগ্য বা উত্তোলনযোগ্য বালু (খনিজ বালু ও সিলিকা বালু ব্যতীত) বা মাটি (মটলড্ ক্লে, শেল বা ক্লে এবং চায়না ক্লে ব্যতীত) বা অন্যান্য বালু মিশ্রিত মাটি সংরক্ষিত আছে এমন কোন উন্মুক্ত স্থান, চা বাগানের ছড়া বা নদীর তলদেশ যা সংশ্লিষ্ট আইনের অধীন জেলা প্রশাসক কর্তৃক বালুমহাল হিসাবে ঘোষিত।

Read More »

সত্য ও ন্যায়ের পথে থেকে তরুণ সমাজকে জ্ঞানার্জনে আত্মনিয়োগ করতে হবে–স্পীকার

সত্য ও ন্যায়ের পথে থেকে তরুণ সমাজকে জ্ঞানার্জনে আত্মনিয়োগ করতে হবে–স্পীকার ঢাকা, বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, সত্য ও ন্যায়ের পথে থেকে তরুণ সমাজকে জ্ঞানার্জনে আত্মনিয়োগ করতে হবে। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ ডেমোগ্রাফিক ডেভিডেন্ডে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে। নবপ্রজন্ম জ্ঞানার্জনের মাধ্যমে দক্ষতা ও যোগ্যতা অর্জন করলেই কেবলমাত্র দেশ এই সুযোগের সদ্ব্যবহার করতে সক্ষম হবে। তিনি আজ মানিক মিয়া এভিনিউস্থ রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয় সংসদের সারস্বতোৎসব সমন্বয় পর্ষদ আয়োজিত ‘সারস্বতোৎসব’ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন। সারস্বতোৎসব অনুষ্ঠানে পংকজ দেবনাথ এমপি এর উপস্থাপনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা উপস্থিত হয়ে পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন। এছাড়াও অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার শামসুল হক এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি, অসীম কুমার উকিল এমপি, মনোরঞ্জন শীল গোপাল এমপি, খোদেজা নাসরিন আক্তার এমপি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম উপস্থিত ছিলেন। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর ছাত্রজীবন থেকে শিক্ষা নিয়ে বিদ্যাচর্চার মাধ্যমে আমাদের জাতিগত উৎকর্ষ সাধনে উদ্যমী হতে হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির যে মেলবন্ধন আমরা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে দেখতে পাই, সেটা অটুট রাখতে হবে। স্পীকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ডিজিটাল বাংলাদেশ আমাদের উপহার দিয়েছেন, উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে স্মার্ট বাংলাদেশ গঠনে তা সহায়ক হবে। তিনি বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে স্মার্ট গভর্ন্যান্স, স্মার্ট কমিউনিটি চর্চার মাধ্যমে জাতির পিতার ক্ষুধা-দারিদ্র‍্য ও বৈষম্যমুক্ত মানবিক বাংলাদেশ গড়ে উঠবে। ‘সারস্বতোৎসব’ উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় সংসদ ও সংসদ সচিবালয়ের হিন্দু ধর্মাবলম্বী সদস্যগণ ও তাদের পরিবারবর্গ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, হিন্দু ধর্মাবলম্বী ভক্তবৃন্দসহ আগত দর্শনার্থী এবং জাতীয় সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

গাজীপুরে অপহৃত শিশু রংপুরে উদ্ধার ; অপহরণকারী গ্রেফতার

জালাল উদ্দিন / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : রংপুর, মুক্তিপণের দাবিতে তিন বছরের এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়েছিল। শনিবার সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে এবং অপহলণকারিকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর থানা এলাকা হতে ব্যাবসায়ী সামিদুল ইসলামের তিন বছরের শিশুপুত্র মোঃ আরাফাত হোসেনকে শনিবার সকালে অপহরণ করে রংপুরে নিয়ে এসে মুক্তিপন দাবি করা হয় । এ বিষয়ে শিশুটির বাবা গাজীপুর থানায় অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে রংপুর মেট্রোপলিটন পুলিশ অপহরণকারি হারাগাছ বেনুপাড়া এলাকার আব্দুর রউফের পুত্র মোঃ রাকিব চৌধুরী মিলনকে(৩০) সন্ধ্যায় রংপুর নগরীর চিড়িয়াখানার পাশে টেনিস ক্লাবের সামনে থেকে গ্রেফতার করে এবং শিশুটিকে উদ্ধার করে। মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি (তদন্ত) হোসেন আলী জানান, শিশুটিকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়েছিল। গাজীপুর থানার অভিযোগের পরে রংপুর পুলিশ অপহরণকারিকে গ্রেফতার করে। তাকে গাজীপুর থানায় পাঠানো হবে। কারণ সেখানেই তার বিরুদ্ধে মামলা হয়েছে।

Read More »

মাঠপর্যায়ে ভূমিসেবা কার্যক্রম যথাযথ মনিটরিং করতে জেলা প্রশাসকদের প্রতি ভূমিমন্ত্রীর আহবান

মিসকেসের অংশ-ব্যতীত সম্পূর্ণ নামজারি বাতিল না করার জন্য এসিল্যান্ডদের নির্দেশ দিয়ে পরিপত্র স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম : (ঢাকা, শনিবার, ২৮ জানুয়ারি ২০২৩) মাঠ পর্যায়ে ভূমিসেবার দায়িত্বে নিয়োজিতদের ক্রমাগত উন্নয়নে জোর দিয়ে তাদের কাজের যথাযথ মনিটরিং করার জন্য জেলা প্রশাসকদের প্রতি ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী আহবান জানিয়েছেন। গত বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত ‘জেলা প্রশাসক সম্মেলন ২০২৩’-এ ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত কার্য অধিবেশনে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসকদের উদ্দেশে বক্তব্য প্রদানকালে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এই আহবান জানান। এই সময় মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন এবং ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ সহ মন্ত্রিপরিষদ বিভাগ এবং ভূমি মন্ত্রণালয় ও এর আওতাভুক্ত দপ্তরসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ভালো কাজে উৎসাহ দেওয়া ও প্রযোজ্য ক্ষেত্রে পুরস্কৃত করা, ভুল করলে সংশোধন ও প্রয়োজনে প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং ক্রমাগত ইচ্ছাপূর্বকভাবে করা অনাকাঙ্ক্ষিত ও অন্যায় কাজের যথাযথ শাস্তির উদ্যোগ গ্রহণ করার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেন ভূমিমন্ত্রী। পরে প্রেস ব্রিফিংয়ে ভূমিমন্ত্রী সাংবাদিকদের জানান কোভিড পরিস্থিতির কারণে ভূমি কর্মকর্তাদের রিফ্রেশার্স প্রশিক্ষণ বন্ধ হলেও আবার তা চালু করা হবে। প্রসঙ্গত, ভূমিসেবা নিবির মনিটরিংয়ের জন্য ড্যাশবোর্ড ও ভূমি সংশ্লিষ্ট সকলের অভিজ্ঞতা সংরক্ষণের জন্য দাপ্তরিক স্মৃতিকোষ স্থাপন, ভূমি মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ যোগাযোগের জন্য বার্তা অ্যাপ চালু এবং ভূমি সেবা গ্রাহকদের ভালো সেবা প্রদানের স্বীকৃতি হিসেবে ভূমিসেবা পুরস্কার চালু করেছে ভূমি মন্ত্রণালয়। এছাড়া, প্রযোজ্য ক্ষেত্রে ভূমি সেবায় দায়িত্বরতদের দিকনির্দেশনা দিয়ে নিয়মিত প্রয়োজনীয় পরিপত্র, প্রজ্ঞাপন এবং অফিস আদেশ জারি করছে ভূমি মন্ত্রণালয়। বিবিধ মামলা নিয়ে যেন ভূমি সেবা গ্রাহককে হয়রানির শিকার না হতে হয় সেজন্য গত ১৯ জানুয়ারি এমনই একটি পরিপত্র জারি করে ভূমি মন্ত্রণালয়। জনগণকে হয়রানিমুক্ত ভূমি সেবা দেওয়াই এই পরিপত্রের লক্ষ্য। পরিপত্রে মিসকেস/বিবিধ কেস সংশ্লিষ্ট অংশ ব্যতীত – সম্পূর্ণ নামজারি কিংবা দাগ হতে সৃষ্টি হওয়া অন্যান্য সকল নামজারি – বাতিল না করার জন্য সহকারী কমিশনার (ভূমি)দের (এসিল্যান্ড) নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, রিভিও কেসে তামাদি শুনানি গ্রহণ করার পরই কেবল সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার জন্যেও এসিল্যান্ডদের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, জেলা প্রশাসক সম্মেলন ২০২৩-এ ভূমি মন্ত্রণালয় সংশ্লিষ্ট যেসব প্রস্তাব এসেছে এর মধ্যে বেশিরভাগ (দুই-তৃতীয়াংশের বেশি) কার্যক্রম চলমান আছে কিংবা ইতোমধ্যে কার্যক্রম গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রস্তাবগুলো ‘ক’ গেজেটভুক্ত অর্পিত সম্পত্তি ও খাসজমির ডাটাবেজ, কৃষি জমির সুরক্ষা, খাসজমি সংরক্ষণ, এল.এ কন্টিনজেন্সি খাত, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ, সরকারি স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন মামলার সুষ্ঠু ব্যবস্থাপনা, সায়রাত মহাল ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা ও বিধিমালা সংস্কার ও তৈরি, ভূমি ব্যবস্থাপনায় উদ্ভাবন সংশ্লিষ্ট। এছাড়া নিয়োগ ও নতুন পদ সৃষ্টি সংশ্লিষ্ট প্রস্তাবের মধ্যে কিছু আইনি জটিলতার জন্য আংশিক কার্যক্রম চলমান। যেমন কানুনগো পদে নিয়োগের ব্যাপারে মামলার নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়া অন্যান্য পদ যেমন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (প্রাক্তন তহশীলদার), সার্ভেয়ার ইত্যাদি পদে নিয়োগের উদ্যোগ ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। অন্যান্য ধরণের জনবল যদি প্রয়োজন হয় এবং সে অনুযায়ী আনুষ্ঠানিক প্রস্তাব পাওয়া গেলে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। ভূমি মন্ত্রণালয় ডিজিটাল সেবা প্রবর্তনের পাশাপাশি আইন ও বিধি-বিধান সংশোধন, এবং প্রযোজ্য ক্ষেত্রে নতুন আইনের খসড়া করে টেকসই ভূমি ব্যবস্থাপনা স্থাপনে জোর দিচ্ছে। যুক্তিসংগত কারণে কোনও বালুমহাল নির্ধারিত সময়ে ইজারা বন্দোবস্ত প্রদান করা না গেলে উক্ত বালুমহাল বন্দোবস্ত না হওয়া পর্যন্ত খাস আদায়ের মাধ্যমে রাজস্ব আহরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন সংশোধনের খসড়া মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক নীতিগতভাবে অনুমোদিত হয়েছে যা খুব দ্রুত সংসদে পাঠানো হবে। আইন প্রণয়ন হলে বিধিমালা সংশোধন করা হবে। এতে রাজস্ব বৃদ্ধি পাবে, ইজারাবিহীন বালু মহালের উপর সরকারের নিয়ন্ত্রণ থাকবে এবং অবৈধ বালু উত্তোলন বন্ধ করা সহজ হবে। উল্লেখ করা যেতে পারে যে ইজারাবিহীন জলমহালে খাস আদায়ের মাধ্যমে রাজস্ব. আহরণ করা হয়। এছাড়া, হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) আইন, ২০২৩ ইতোমধ্যে জাতীয় সংসদে বিল আকারে উত্থাপন করা হয়েছে। হাট-বাজারের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের দায়ে পাঁচ লাখ টাকা জরিমানা এবং এক বছরের কারাদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে এই বিলটি উঠানো হয়েছে। নতুন কিংবা সংশোধিত আইন প্রণয়নের জন্য খসড়ার পাইপলাইনে আরও আছে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন’, ‘ভূমি মালিকানা ও ব্যবহার আইন’, ‘ভূমি উন্নয়ন কর আইন’, ‘স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল (সংশোধন) আইন’, ‘ভূমি সংস্কার আইন’ এবং ‘ভূমি ব্যবহারস্বত্ব গ্রহণ আইন’।

Read More »