সর্বশেষ
সর্বশেষ

Day: February 14, 2026

দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক : ধর্ম উপদেষ্টা

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খৃ. – ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি আরও বলেন, নানা প্রত্যাশা, রাজনৈতিক বিতর্ক ও চ্যালেঞ্জের মধ্যেও সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হওয়া রাষ্ট্রীয় সক্ষমতার স্বাক্ষর বহন করে। ড. আ ফ ম খালিদ হোসেন আজ দুপুরে রাজধানীর আসাদগেটে নিউ কলোনি জামে মসজিদের ৮তলা ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, নানা প্রত্যাশা ও চ্যালেঞ্জের মধ্যেও নির্বাচন সম্পন্ন করা সরকারের জন্য একটি উল্লেখযোগ্য প্রশাসনিক সাফল্য। নির্বাচন আয়োজন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা ছিল বড় চ্যালেঞ্জ। সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় ভোটগ্রহণের পরিবেশ শান্তিপূর্ণ রাখা সম্ভব হয়েছে, যা সাধারণ ভোটারদের আস্থা বৃদ্ধি করেছে। তিনি বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নির্বাচনকে প্রাণবন্ত করেছে। সব মিলিয়ে ১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রশাসনিক সমন্বয়, নিরাপত্তা ব্যবস্থা ও সাংগঠনিক দক্ষতার দিক থেকে সরকারের একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে চিহ্নিত হতে পারে। উপদেষ্টা বলেন, নানা প্রত্যাশা, রাজনৈতিক বিতর্ক ও চ্যালেঞ্জের মধ্যেও নির্বাচন আয়োজন ও সম্পন্ন হওয়া রাষ্ট্রীয় সক্ষমতার একটি ইতিবাচক দিক তুলে ধরে। সাধারণ জনগণের অংশগ্রহণ গণতন্ত্রের প্রাণশক্তিকে দৃঢ় করেছে। ভোটারদের উপস্থিতি ও আগ্রহ প্রমাণ করে, দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগে সচেতন ও বেশ আগ্রহী। তিনি আরও বলেন, গণতন্ত্র কেবল একটি ভোটের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি আস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সমন্বিত চর্চা। এ জাতীয় নির্বাচন সেই ধারাবাহিকতাকে আরও শক্তিশালী করেছে। এসময় মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ, ধর্মসচিব মো. কামাল উদ্দীন ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ মসজিদ নির্মাণে ধর্ম মন্ত্রণালয় থেকে ১৮ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

Read More »

বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খৃ. – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করেছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়ী হয়েছেন। শুক্রবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণা করে ইসি সচিব বলেন, ‘২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রামের দুটি আসনের (চট্টগ্রাম ২ ও ৪) ফলাফল ঘোষণা করা হচ্ছে না। বাকি ২৯৭টি আসনের প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, বিএনপি ২০৯টি ও জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়ী হয়েছে।’ অন্যান্য দলের ফলাফলের তথ্য তুলে ধরে তিনি জানান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি, গণঅধিকার পরিষদ ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১টি, গণসংহতি আন্দোলন ১টি এবং খেলাফত মজলিস ১টি আসনে জয়লাভ করেছে। এছাড়া ৭টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। ভোটের হার প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত ভোটের হার ৫৯ দশমিক ৪৪ শতাংশ। আর গণভোটে কাস্ট হওয়া ভোটের হার ৬০ দশমিক ২৬ শতাংশ। ’ গণভোটে ভোটের হার কিছুটা বেশি হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, আদালতের নির্দেশনায় সংসদ নির্বাচনের দুটি আসনের ফল স্থগিত থাকলেও সেখানে গণভোটের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই, তাই সেই ভোটগুলো গণভোটে যুক্ত হয়েছে। তিনি বলেন, ‘গণভোটে পরিবর্তনের পক্ষে অর্থাৎ ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি। আর বিপক্ষে বা ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।’ গেজেট প্রকাশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রিটার্নিং অফিসারদের কাছ থেকে চূড়ান্ত রেজাল্ট শিট (হার্ড কপি) আসার পর তা যাচাই-বাছাই করে যত দ্রুত সম্ভব গেজেট প্রকাশ করা হবে। আশা করছি আজ সন্ধ্যা নাগাদ হার্ড কপি আসা শুরু হবে।’ এ সময় নির্বাচনের সংবাদ প্রচারে নিরলসভাবে সহযোগিতা করার জন্য কমিশনের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ইসি সচিব।

Read More »