সর্বশেষ
সর্বশেষ

Day: April 17, 2026

৯ম রানার প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

স্পোর্টস ডেস্ক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৬ খৃ. – চার দিনব্যাপী ‘৯ম রানার প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট-২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ (১৭ এপ্রিল) ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ শেষে সেনাবাহিনী প্রধান তার বক্তব্যে এ ধরণের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। টুর্নামেন্টে দেশি-বিদেশি খেলোয়ারসহ ৮১৫ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে জাদিদ একরাম ইখওয়ান – উইনার, মো. সাকিব রহমান – রানার আপ এবং মিসেস মিয়ংহি কিম – লেডিস উইনার হওয়ার কৃতিত্ব অর্জন করেন। অনুষ্ঠানে গলফ টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়ারবৃন্দ ছাড়াও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, উর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, স্পন্সর প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।

Read More »

ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন আইএমএফ ও বিশ্বব্যাংকের, বিনিয়োগের পথ উন্মুক্ত

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৬ খৃ. – আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক জানিয়েছে, তারা ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করছে। এর ফলে দেশটির অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক স্বীকৃতি পাবে এবং আর্থিক সহায়তা ও বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে। ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ভেনেজুয়েলা সরকারও ২০১৯ সাল থেকে স্থগিত থাকা এই সম্পর্ক পুনরায় স্বীকৃতি দেওয়ার কথা নিশ্চিত করে। ওয়াশিংটন থেকে এএফপি আইএমএফ-এর এক বিবৃতির বরাতে জানায়, সদস্য দেশগুলোর সংখ্যাগরিষ্ঠ ভোটাধিকারধারীদের মতামতের ভিত্তিতে এবং দীর্ঘদিনের প্রথা অনুযায়ী সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা ঘোষণা করেছেন, আইএমএফ এখন অন্তর্র্বতী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন ভেনেজুয়েলা সরকারের সঙ্গে কাজ করবে। ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে রদ্রিগেজ বলেন, ‘সংস্থাটিতে ভেনেজুয়েলার অধিকার সংশ্লিষ্ট সব প্রক্রিয়া আমরা স্বাভাবিক করছি।’ গত কয়েক দিনে আইএমএফ সদস্য দেশগুলোর মধ্যে জরিপ চালিয়ে দেখা হয়, তারা রদ্রিগেজকে ভেনেজুয়েলার বৈধ নেতা হিসেবে স্বীকৃতি দেয় কি না। আইএমএফের পরপরই বিশ্বব্যাংকও একই সিদ্ধান্ত নেয়। এক বিবৃতিতে তারা জানায়, আইএমএফের জরিপের ফলাফলের ভিত্তিতে তারা রদ্রিগেজ প্রশাসনের সঙ্গে পুনরায় কাজ শুরু করছে। এই দুই আন্তর্জাতিক প্রতিষ্ঠানের স্বীকৃতির ফলে এখন ভেনেজুয়েলায় অর্থনৈতিক তথ্য সংগ্রহ, কারিগরি সহায়তা প্রদান এবং প্রয়োজন হলে আর্থিক সহায়তা দেওয়ার পথ খুলে গেল। ২০১৯ সালের মার্চে আইএমএফ দেশটির বিরোধী দল, যারা তখন পার্লামেন্ট নিয়ন্ত্রণ করত, তাদের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দিলে সংস্থাগুলোর সঙ্গে ভেনেজুয়েলার সম্পর্ক ভেঙে পড়ে। তবে আর্থিক সম্পর্কের বিচ্ছেদ রাজনৈতিক বিরোধের আগেই ঘটে। আইএমএফ সর্বশেষ ২০০৪ সালে ভেনেজুয়েলার অর্থনীতি মূল্যায়ন করে এবং ২০০৭ সালে দেশটি বিশ্বব্যাংকের বকেয়া পরিশোধ করে। ‘যত বেশি ইতিবাচক সংকেত, তত ভালো’ রদ্রিগেজ এ বছরের জানুয়ারির শুরু পর্যন্ত দেশটির উপ-রাষ্ট্রপতি ছিলেন। পরে যুক্তরাষ্ট্রের এক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হলে তাকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট করা হয়। এরপর থেকে ওয়াশিংটন দেশটির অর্থনীতি, বিশেষ করে জ্বালানি খাত বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত করতে চাপ বাড়িয়ে আসছে। ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশ্লেষক হেনরি জিমার বলেন, ‘ট্রাম্প প্রায়ই প্রকাশ্যে বলেন, তিনি ডেলসিকে পছন্দ করেন এবং তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। তবে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ব্যক্তিগত সম্পর্কের বাইরে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।’ তিনি বলেন, ‘এটি রদ্রিগেজের বৈধতার ধারণাকে শক্তিশালী করবে।’ আইএমএফ ও বিশ্বব্যাংকের সম্ভাব্য অর্থায়নের পাশাপাশি এই স্বীকৃতি বিদেশি বেসরকারি বিনিয়োগকারীদের আস্থাও বাড়াবে, যারা এতদিন দেশটিতে বিনিয়োগে অনিশ্চয়তায় ছিলেন। জিমার বলেন, ‘যত বেশি ইতিবাচক সংকেত পাওয়া যায়, ততই বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ প্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা বাড়ে।’ তবে তিনি সতর্ক করে বলেন, নিরাপত্তা পরিস্থিতি এখনও নাজুক। ঘোষণাটি এমন এক সময়ে এলো, যখন ওয়াশিংটনে আইএমএফ-ওয়ার্ল্ড ব্যাংকের বসন্তকালীন বৈঠক চলছে, যেখানে হাজারো সরকারি কর্মকর্তা, অর্থনীতিবিদ ও বিনিয়োগকারী অংশ নিচ্ছেন। পর্দার আড়ালে যুক্তরাষ্ট্র রদ্রিগেজ প্রশাসনের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে উৎসাহ দিয়ে আসছে। মঙ্গলবার ওয়াশিংটন ভেনেজুয়েলার কেন্দ্রীয় ব্যাংকের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট আগেই ইঙ্গিত দিয়েছিলেন, আইএমএফ ভেনেজুয়েলাকে ‘স্বাভাবিক অর্থনীতি’ হিসেবে ফিরিয়ে আনার কাজ করছে। রদ্রিগেজ জানান, সাবেক প্রেসিডেন্ট মাদুরোর শ্যালিকা কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন উপ-প্রধান লুইস পেরেজ। বামপন্থী ‘চাভিস্তা’ রাজনৈতিক ধারার অভিজ্ঞ নেতা রদ্রিগেজ ভেনেজুয়েলার প্রথম নারী সরকারপ্রধান। তবে তার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। গত সপ্তাহে দেশটির বিরোধী দল সংবিধানের দোহাই দিয়ে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের দাবি জানিয়েছে।

Read More »

উপস্থাপনে শৃঙ্খলা বজায় রাখাতে চিফ হুইপের আহ্বান

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : সংসদ ভবন, ১৬ এপ্রিল, ২০২৬ খু. – সংসদ সদস্যদের ৭১ বিধির অধীনে বক্তব্য উপস্থাপনের জন্য ফ্লোর দেওয়ার ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতে ডেপুটি স্পিকারকে অনুরোধ করেছেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম। মৌলভীবাজার-২ আসনের সরকারি দলের সদস্য মো. শওকাতুল ইসলাম আজ সংসদে ৭১ বিধির অধীনে নোটিশ উপস্থাপনে ধারাবাহিকতা ভঙ্গের বিষয় উত্থাপন করলে চিফ হুইপ এই অনুরোধ জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এ সময় সংসদে সভাপতিত্ব করছিলেন। স্পিকারকে উদ্দেশ্য করে চিফ হুইপ বলেন, ‘মন্ত্রী ছাড়া সকল সংসদ সদস্যই প্রাইভেট মেম্বার এবং আমি জানি তারা অধিবেশন শুরুর ঠিক আগে কখন নোটিশ জমা দেন। তাই সদস্যদের ফ্লোর দেওয়ার ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি।’ তিনি বলেন, সকল সংসদ সদস্যই চান তাদের নোটিশ আগে আসুক, যাতে তারা নিজ নিজ এলাকার বিষয় তুলে ধরতে পারেন। তাই ফ্লোরে নোটিশ উপস্থাপনে শৃঙ্খলা বজায় রাখা গুরুত্বপূর্ণ। চিফ হুইপের এই অনুরোধের জবাবে ডেপুটি স্পিকার সদস্যদের নোটিশ উপস্থাপনে শৃঙ্খলা বজায় রাখার আশ্বাস দেন। আজ সংসদে কার্যপ্রণালী বিধির ৭১ বিধির অধীনে মোট ৭২টি জরুরি জন-গুরুত্বসম্পন্ন নোটিশ জমা পড়ে, যার মধ্যে প্রথম ৩০ মিনিটে ১৩টি নোটিশ নিয়ে সংসদ সদস্যরা আলোচনা করেন।

Read More »

টাইম ম্যাগাজিনে প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী, সংসদে ধন্যবাদ

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম : সংসদ ভবন, টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত হওয়ায় জাতীয় সংসদে আজ তাঁকে ধন্যবাদ জানানো হয়েছে। টাইম ম্যাগাজিনে প্রধানমন্ত্রীর নাম থাকায় শুধু তিনি সম্মানিত হননি, তিনি জাতিকেও সম্মানিত করেছেন বলে অধিবেশনে জানানো হয়। আজ জাতীয় সংসদের অধিবেশন চলাকালে চিফ হুইপ মো. নুরুল ইসলাম প্রসঙ্গটি উত্থাপন করে সংসদকে অবহিত করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান। চিফ হুইপ বলেন, ‘টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে আমাদের প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান সাহেবের নাম রয়েছে এবং তিনি সম্মানিত হয়েছেন। তিনি সম্মানিত মানে দেশকে সম্মানিত করা, তিনি এই জাতিকে সম্মানিত করেছেন। সংসদের তরফ থেকে তাঁকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি।’ তিনি বলেন, ‘সংসদ নেতা ১৭ বছর নির্বাসিত ছিলেন। পরে দেশে এসে মানুষের মধ্যে আশা জাগিয়েছেন। অনুপ্রাণিত হয়ে সারা দেশের মানুষ তাঁকে বিপুল ভোটে বিজয়ী করে এই সংসদে পাঠিয়েছে। তাঁর কাছে এই দেশের মানুষের অনেক প্রত্যাশা। আঙুলের কালি মোছার আগেই তিনি তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন এবং এর মধ্যে ফ্যামিলি কার্ড অন্যতম। তিনি কৃষক কার্ডের উদ্বোধন করেছেন এই পহেলা বৈশাখে। এটা একটা বিপ্লব এবং যুগান্তকারী ঘটনা বাংলাদেশের জন্য। তিনি আমাদের ইমাম এবং মুয়াজ্জিনদের জন্য ভাতা চালু করেছেন। বিভিন্ন ধর্মের পুরোহিতদের জন্য তিনি সম্মানীর ব্যবস্থা করেছেন। ১০ হাজার টাকা কৃষি ঋণের সুদ মওকুফ করেছেন।’ চিফ হুইপ বলেন, ‘বাংলাদেশের মানুষ তাঁকে স্বীকৃতি দিয়ে সংসদে পাঠিয়েছে। বিশ্ব তাঁকে স্বীকৃতি দিয়ে আজকে টাইম ম্যাগাজিনে স্থান করে দিয়েছে।’

Read More »

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৪ বৈশাখ (১৭ এপ্রিল) ২০২৬ খৃ. – রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং কার্যক্রম পরিচালনার জন্য কমিশনিং লাইসেন্স প্রদান করেছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)। জাতীয় ও আন্তর্জাতিক নিয়ন্ত্রণকারী সংস্থাসমূহের পর্যবেক্ষণ ও পর্যালোচনার ভিত্তিতে এ লাইসেন্স প্রদান করা হয়েছে। গতকাল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান আনুষ্ঠানিকভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স এবং সংশ্লিষ্ট পার্সোনেল অথরাইজেশন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম মঈনুল ইসলামের নিকট হস্তান্তর করেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের বিদ্যুৎ খাতে একটি যুগান্তকারী সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। কেন্দ্রটির প্রথম ইউনিটে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হওয়ার মাধ্যমে দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হতে যাচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি (ফুয়েল) লোডিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন এপ্রিল মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে বলে জানানো হয়েছে। পরিকল্পনা অনুযায়ী ফুয়েল লোডিং কার্যক্রম শুরুর প্রায় তিন মাসের মধ্যেই কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে উৎপাদিত পারমাণবিক বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। পরবর্তীতে ধাপে ধাপে বিভিন্ন পরীক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম সম্পন্ন করে আগামী ডিসেম্বরের মধ্যে প্রথম ইউনিটের পূর্ণ সক্ষমতায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন শুরু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এ অগ্রগতি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (NPCBL)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Read More »

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার: আইনমন্ত্রী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : সংসদ ভবন, ১৬ এপ্রিল, ২০২৬ খৃ – কার্যক্রম নিষিদ্ধ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে বর্তমান সরকার সম্পূর্ণ সচেতন এবং এ লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ (বৃহস্পতিবার) জাতীয় সংসদে মাগুরা-১ আসনের সরকারি দলের সদস্য মো. মনোয়ার হোসেনের টেবিলে উত্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। আইনমন্ত্রী জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা রাজনৈতিকভাবে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের মামলা প্রত্যাহারের জন্য একটি কমিটি গঠন করেছিল। ওই কমিটির নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী কোনো হত্যা মামলা প্রত্যাহার করা হয়নি। তিনি জানান, চলতি বছরের ৫ মার্চ হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশের জন্য জেলা পর্যায়ে জেলা প্রশাসকের সমন্বয়ে চার সদস্যের কমিটি গঠন করা হয়। এসব কমিটির সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের ‘কেন্দ্রীয় কমিটি’ গঠন করেছে বর্তমান সরকার। কেন্দ্রীয় কমিটি জেলা কমিটিগুলো থেকে পাওয়া সুপারিশ যাচাই-বাছাই করে মামলা প্রত্যাহারের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আইনমন্ত্রী বলেন, সংসদ সদস্যসহ যেকোনো ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও হয়রানিমূলক মামলা (হত্যা মামলাসহ) প্রত্যাহারের জন্য যথাযথ প্রক্রিয়ায় আবেদন করা হলে জেলা ও কেন্দ্রীয় কমিটি তা পর্যালোচনা করবে। পর্যালোচনায় কোনো মামলা রাজনৈতিকভাবে হয়রানিমূলক বলে প্রতীয়মান হলে সে অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, সরকার রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলার ভুক্তভোগীদের প্রতিকার দিতে আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

Read More »

মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’ – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : বান্দরবান, ৩ বৈশাখ (১৬ এপ্রিল) ২০২৬ খৃ. – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের অবস্থান অত্যন্ত কঠোর ও আপসহীন। রাষ্ট্র ও সমাজের স্থিতিশীলতা রক্ষায় এসব অপরাধের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি মাঠ পর্যায়ে শতভাগ বাস্তবায়ন করা হবে। মন্ত্রী গতকাল বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, মাদক, সন্ত্রাস বা চাঁদাবাজিতে অভিযুক্ত ব্যক্তি যেই হোক না কেন, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অপরাধীর কোনো দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। যদি আমাদের দলের কোনো ব্যক্তিও এসব অপকর্মে লিপ্ত থাকে, তবে তাকেও আইনের আওতায় আসতে হবে। জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজ সরকার মেনে নেবে না। দীর্ঘদিন পর অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠিত হয়েছে উল্লেখ করে দীপেন দেওয়ান বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের মূল লক্ষ্যই হলো উন্নয়ন। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ায় উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হয়েছে। পর্যায়ক্রমে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরো শক্তিশালী ও গতিশীল করা হবে। মন্ত্রী সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, পার্বত্য অঞ্চলের জীবনমান ও অবকাঠামোগত উন্নয়ন অনেকাংশেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওপর নির্ভরশীল। তাই প্রতিটি কর্মীকে আরো দায়িত্বশীল ও জনবান্ধব হতে হবে। মন্ত্রী প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বাস্তব পরিস্থিতি ও সমস্যার কথা শোনেন এবং আশ্বস্ত করে বলেন, তাৎক্ষণিক সমাধান সম্ভব না হলে সেগুলো গুরুত্বের সাথে ঊর্ধ্বতন পর্যায়ে নিয়ে যাওয়া হবে। মতবিনিময় সভায় বান্দরবান পার্বত্য জেলায় কর্মরত পদস্থ সরকারি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে মন্ত্রী বান্দরবান জেলা সদরে রাজার মাঠে মারমা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব ‘মাহা সাংগ্রাই পোয়ে ২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত মৈত্রী পানি বর্ষণ (জলকেলি) অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় তিনি পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি ও কৃষ্টি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Read More »

পবিত্র হজ্জ পালনে যাওয়ায় বাজুস রংপুর জেলা শাখার ২ সদস্যকে বিদায় সংবর্ধনা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: পবিত্র হজ্জ পালনের উদ্যেশ্যে মক্কার পথে রওনা করায় বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখার ২ জন সদস্যকে বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার রাতে নগরীর দেওয়ানবাড়ী রোডস্থ বাজুস রংপুর জেলা শাখার কার্যালয়ে পবিত্র হজ্জ পালনের উদ্যেশ্যে মক্কার পথে রওনা করায় বাজুস রংপুর জেলা শাখার ২ জন সাধারণ সদস্য মোঃ এমএম জামাল লিপন ও মোঃ মসিয়ার রহমানকে (ব্যাগ ও ছাতা) দিয়ে বিদায় সংবর্ধনা জানান বাজুস রংপুর জেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক সোহেল । এ সময় উপস্থিত ছিলেন বাজুস রংপুর জেলা শাখার সহ সভাপতি আলহাজ্ব আব্দুল হালিম বুলু, সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রাজু, সহ সাধারণ সম্পাদক মোঃ আরেফুল হক লাইজু, কার্য নির্বাহী সদস্য মোঃ নুরুল ইসলাম বাবু, এমএ হান্নান প্রমুখ। সংবর্ধনা শেষে ২ হজ্জ পালনকারীদের নেক উদ্যেশ্য সফল করার লক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Read More »

রংপুরে অবসর প্রাপ্ত প্রাথমিক শিক্ষক রাজু মাস্টার কঠিন রোগে আক্রান্ত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে দক্ষিন মুলাটোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক মোঃ রফিকুল ইসলাম রাজু ( রাজু মাস্টার) কঠিন রোগে আক্রান্ত হয়ে মুলাটোল বাসভবনে সজ্জাসায়ী হয়ে পরেছেন। তিনি দির্ঘদিন থেকে হার্ডের সমস্যায় ভুগছেন, তার হাতে, কমড়ে, গলায় স্টোক করেছেন এবং তিনি ঠিকমতো চোখে দেখতে পারছেন না। অর্থের অভাবে তিনি উন্নত চিকিৎসা করাতে পারছেনা। ঠিকমতো কথা বলতে পারেন না। সে কারনে তিনি দিন দিন মৃত্যুর কোলে ঢুলে পরছেন। ১৯৯২ সালে স্থানী সরকার পল্লী উন্নয়ন ও সমাবায় মন্ত্রনালয় কতৃক সরকারী প্রাথমিক শিক্ষক কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রাজু ( রাজু মাস্টার) জাতীয় শ্রেষ্ঠ সমবায়ী পুরস্কার প্রাপ্ত হন। তিনি দির্ঘদিন নগরীর দক্ষিন মুলাটোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার হাতে তৈরি অনেক ছাত্র-ছাত্রী আজ সমাজে প্রতিষ্ঠিত হয়ে দেশে বিদেশে বিভিন্ন সারকারি -বে সরকারী প্রতিষ্ঠানে চাকুরী করছেন। কিন্তু আজ তাকে দেখার কেউ নেই । তাই তিনি রংপুর জেলা প্রশাসক, রংপুর সিটি কর্পোরেশন প্রশাসক এবং শিক্ষক, ছাত্র ও সমাজের বিত্তবানদের কাছে উন্নত চিকিৎসার জন্য সহযোগিতা কামনা করেছেন। তার বিকাশ নম্বর ০১৭২৩৬৩২৩২০। এছাড়া তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।

Read More »

রংপুরে শ্রমিকদের ওপর হাম/লার প্রতি/বাদে সড়ক অব/রোধ ও মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে নির্মাণ শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে ঘণ্টাব্যাপী নগরীর প্রধান সড়ক অবরোধ করে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর সিটি বাজার এলাকার সামনে এ কর্মসূচি পালন করে নির্মাণ শ্রমিকরা। নগর ইমারত শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সঞ্চালনায় খোকনুজ্জামান জুয়েল, এর কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ঈসমাঈল হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় শ্রমিক নেতা ও বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের বিভাগীয় সদস্য সচিব আল আমিন। প্রধান অতিথির বক্তব্যে আল আমিন বলেন, “রংপুরে নির্মাণ শ্রমিকদের ওপর ধারাবাহিকভাবে হামলা ও চাঁদাবাজির ঘটনা বেড়েই চলেছে। শ্রমিকরা আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই—দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেফতার করা না হলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা শহিদুল ইসলাম বাবু, তাজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আরিফ হোসেন, মশিউর রহমান, রায়হান ইসলাম, ইলিয়াস ইলি, হেলাল মিয়া, কদম আলী, রিপন সরকার, সুমন মিয়া, সাইদুল ইসলাম, ফজলুর রহমান, সাইফুল ইসলাম, মমিনুল ইসলামসহ বিভিন্ন জেলার নেতাকর্মীরা। এ কর্মসূচিতে রংপুর বিভাগের আট জেলার নির্মাণ শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন, যা শ্রমিকদের মধ্যে ব্যাপক সংহতির বহিঃপ্রকাশ হিসেবে দেখা যাচ্ছে। শ্রমিকদের দাবি, দ্রুত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Read More »