সর্বশেষ
সর্বশেষ

Day: July 9, 2026

আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ আজ সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান-এর সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নেতৃবৃন্দ সুপ্রীম কোর্টে কর্মরত আইনজীবীদের জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থা নিশ্চিত করতে একটি আধুনিক নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয়তা আইনমন্ত্রীর কাছে তুলে ধরেন। এ সময় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আইনজীবীদের দাবির যৌক্তিকতার প্রতি একমত পোষণ করেন। তিনি বলেন, বিচার বিভাগের অবকাঠামোগত উন্নয়ন এবং আইনজীবীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলোর একটি। এ লক্ষ্যে সুপ্রীম কোর্টের আইনজীবীদের জন্য নতুন ভবন নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি। সাক্ষাৎকালে বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি এ.এম. মাহবুব উদ্দিন খোকন, সহ-সভাপতি মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান, সম্পাদক মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ মো. জিয়াউর রহমান, সহ-সম্পাদক মোহাম্মদ সামসুল ইসলাম (মুকুল) ও মাকসুদ উল্লাহ এবং কার্যনির্বাহী সদস্য এইচ.এম. সানজিদ সিদ্দিক, এ.কে.এম. আজাদ হোসেন, ওয়াহিদা আফরোজ চৌধুরী, মো. কবির হোসাইন, মো. জিয়া উদ্দিন মিয়া, মো. টিপু সুলতান এবং আজিজ উদ্দিন পাটোয়ারী উপস্থিত ছিলেন। এ সময় বিচার বিভাগের অবকাঠামোগত উন্নয়ন, আইনজীবীদের পেশাগত পরিবেশের উন্নয়ন এবং বিচারপ্রার্থীদের আরো উন্নত সেবা নিশ্চিত করতে সরকার ও আইনজীবী সমাজের মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

Read More »

রংপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’—এই প্রতিপাদ্যে রংপুরে ‘বিশ্ব পরিবেশ দিবস, ২০২৬’ উদ্‌যাপিত হয়েছে। বৃহস্পতিবার (৯ই জুলাই) সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিশ্ব পরিবেশ দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম। রংপুর জেলাপ্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে। প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, সীমিত প্রাকৃতিক সম্পদের সঠিক ও টেকসই ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়া যায়। তিনি আরো বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছপালা ও বনভূমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্য পরিবেশ রক্ষায় সকলকে সচেতন হওয়ার পাশাপাশি বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে। বিভাগীয় কমিশনার বলেন, উন্নত দেশগুলোর শিল্পায়ন ও অতিরিক্ত গ্রিনহাউস গ্যাস নিঃসরণ পরিবেশ দূষণের জন্য তুলনামূলকভাবে বেশি দায়ী। এর ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব বিশ্বজুড়ে ক্রমেই বাড়ছে। অবৈধ ইটভাটা বন্ধ প্রসঙ্গে তিনি বলেন, এটি পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক হুমকি। কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি কেটে নেওয়ায় জমির উৎপাদন ক্ষমতা হ্রাস পাচ্ছে। এজন্য অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনকে নিয়মিত অভিযান পরিচালনা করে যথাযথ ব্যবস্থা নিতে হবে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান । অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, পরিবেশ অধিদপ্তরের পরিচালক নুর আলম প্রমুখ। অনুষ্ঠান শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সভায় সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।  আলোচনাসভার পূর্বে দিবসটি উপলক্ষ্যে রংপুর জেলাপশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

Read More »