সর্বশেষ
সর্বশেষ

Day: August 20, 2026

শিক্ষার্থী রওনক হাসান এসএসসিতে যশোর বোর্ডে দ্বিতীয় চালান না ফেসবুক

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ২৫০ নম্বরের মধ্যে ১ হাজার ২২১ নম্বর পেয়ে যশোর বোর্ডের মেধাতালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছে রওনক হাসান। অবিশ্বাস্য মনে হলেও সত্য—এই ডিজিটাল যুগে এসেও রওনকের নেই কোনো স্মার্টফোন, নেই ফেসবুক অ্যাকাউন্টও। অবসর সময়টা কাটায় সে বই আর খাতার সঙ্গে। কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম রমনাথপুর। গ্রামটি থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে, গড়াই নদীর ওপারে উপজেলা শহর। সেখানেই অবস্থিত উপজেলার একমাত্র সরকারি বিদ্যালয়—খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়। প্রতিদিন বাইসাইকেলে এই পথই পাড়ি দিতেন রওনক হাসান। রোদ-বৃষ্টি-ঝড় কোনো কিছুই তাকে থামাতে পারেনি। আর সেই অদম্য ইচ্ছাশক্তির পুরস্কারই পেয়েছে সে। রওনক রমনাথপুর গ্রামের শিক্ষক দম্পতি হাসানুল হাবীব ও রূপালী খাতুনের প্রথম সন্তান। রওনক বলে, ‘আমার কোনো স্মার্টফোন নেই, ফেসবুক অ্যাকাউন্টও নেই। অবসর সময়ে বই পড়তাম। গান গাইতেও ভালো লাগে। শিক্ষকরা এবং বাবা-মা সবসময় পাশে ছিলেন।’ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জিন প্রকৌশল (জেনেটিক ইঞ্জিনিয়ারিং) নিয়ে পড়াশোনা করা তার স্বপ্ন। ছেলেটির ভাষ্য, সে নিয়মিত ৫-৬ ঘণ্টা পড়াশোনা করত। প্রাইভেট-কোচিংয়েও খুব একটা পড়েনি। তবে স্কুল কামাই করত না সাধারণত। রওনকের সফলতায় গর্বিত বাবা-মা রওনকের মা রূপালী খাতুন রমনাথপুর মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। বাবা হাসানুল হাবীব কুমারখালীর ডাঁসা মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক। সন্তানের সাফল্যে তারা আজ গর্বিত। বাবা বলেন, ‘সে ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী। মোবাইল-ফেসবুকের দিকে ঝোঁক ছিল না। আমরা শুধু পাশে থেকে সাহস দিয়েছি। ওর এই সাফল্য আমাদের এলাকার জন্য গর্বের।’ মা বলেন, ‘রওনক খুবই অনুগত। তাকে কখনও পড়ার কথা বলা লাগে না। প্রতিদিন নিজের ইচ্ছামতো ৫-৬ ঘণ্টা নিয়মিত পড়াশোনা করত সে।’ ‘ভেবেছিলাম সে পরীক্ষায় ভালো করবে। তবে বোর্ডের দ্বিতীয় হবে তা কল্পনার বাইরে ছিল,’ বলেন রূপালী খাতুন। সেই সঙ্গে ছেলেও ভবিষ্যত সাফল্য কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন। এসএসসিতে যশোর বোর্ডে দ্বিতীয় খোকসার রওনক, চালান না ফেসবুক সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছে রওনক। ছবি: ইউএনবি স্কুলের গর্ব রওনক ১৯০০ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়। প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো কোনো শিক্ষার্থী বোর্ডের মেধাতালিকায় স্থান করে নিল। এতে গর্বিত স্কুলের শিক্ষকরাও। চলতি বছর ১৭৭ জনের মধ্যে ১৬৫ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে জিপিএ-৫ অর্জন করেছে ২০ জন। গত রবিবার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন খোকসা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. রিপন হোসেন। সহকারী শিক্ষক শরিফুল ইসলাম বলেন, ‘রওনক খুবই মেধাবী ও পরিশ্রমী। ক্লাসে নিয়মিত ছিল। কোনোদিন পড়া ফাঁকি দেয়নি। গড়াই নদীর ওপারের প্রত্যন্ত গ্রাম থেকে নিয়মিত বিদ্যালয়ে আসত। ওর সাফল্য আমাদের স্কুলের জন্য মাইলফলক।’ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম বলেন, ‘১২৫০ নম্বরের মধ্যে ১২২১ নম্বর পেয়ে যশোর বোর্ডে দ্বিতীয় হয়েছে রওনক। তার এই সাফল্য আমাদের অন্যান্য শিক্ষার্থীদের জন্য বড় অনুপ্রেরণা। আমরা চাই রওনকের মতো আরও অনেকে এগিয়ে আসুক।’ প্রতিকূলতা জয়ের গল্প খোকসা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. রিপন হোসেন বলেন, ‘প্রতিকূলতাকে জয় করার গল্পের নাম রওনক হাসান। প্রযুক্তির বাড়াবাড়ি নেই, আছে শুধু স্বপ্ন। বিলাসিতা নেই, আছে শুধু কঠোর পরিশ্রম। এমনসব ছেলেমেয়েদের উৎসাহ দিতেই রওনকসহ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।’ যশোর বোর্ড ও জেলায় দ্বিতীয় এবং খোকসায় প্রথম স্থান অর্জন করেছে রওনক হাসান। এ তথ্য জানিয়ে খোকসা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘৫ কিলোমিটার সাইকেল চালানো সেই ছেলেটি আজ প্রমাণ করলো যে ইচ্ছা থাকলে উপায় হয়। খোকসার রওনক এখন শুধু একটি নাম নয়, সে অনুপ্রেরণা। সে প্রমাণ করেছে—গ্রাম থেকেও আকাশ ছোঁয়া যায়।’ সুত্র. ইউএনবি / এলভি

Read More »

খেলাধুলা, বিজ্ঞান-প্রযুক্তি ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের নেতৃত্ব দিতে হবে – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৫ ভাদ্র (২০ আগস্ট) ২০২৬ খৃ. – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, বিজ্ঞান, প্রযুক্তি, রোবটিক্স, স্কাউটিং ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে নেতৃত্ব দিতে হবে। মন্ত্রী আজ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে স্বেচ্ছায় রক্তদান এবং রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রাক্তন ছাত্র গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেন, প্রায় দশ বছর পর এই স্কুল প্রাঙ্গণে দাঁড়িয়ে আজ পুরোনো অনেক স্মৃতি মনে পড়ছে। এই স্কুলের প্রতিটি জায়গার সঙ্গে আমাদের শৈশব-কৈশোরের অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে। তিনি বলেন, আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা হলো—মডেল স্কুলের সেই পুরোনো ঐতিহ্য, গৌরব ও শ্রেষ্ঠত্ব যেন আবার ফিরে আসে। একসময় এই স্কুল দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ছিল। আমরা চাই, আবারও এটি বাংলাদেশের অন্যতম সেরা স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হোক। মন্ত্রী বলেন, শহরের মধ্যে অবস্থিত হয়েও আমাদের স্কুলের এই অনন্য পরিবেশ ও বৈশিষ্ট্য ছিল সত্যিই ব্যতিক্রমী। আমাদের একজন শিক্ষার্থী রোবটিক্স নিয়ে অসাধারণ কাজ করে দেশে-বিদেশে সুনাম অর্জন করেছে। ওল্ড রিমেইন ওয়েল ফেয়ার এসোসিয়েশনের প্রেসিডেন্ট মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান সেলিম। কলেজের বাস্কেটবল গ্রাউন্ডে আয়োজিত এই রক্তদান কর্মসূচিতে বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাবের হোসেন। রক্তদান কর্মসূচিতে ওল্ড রিমেইন ওয়েল ফেয়ার এসোসিয়েশন সদস্যবৃন্দ ও কলেজের সাবেক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত : ইসির প্রজ্ঞাপন জারি

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২০ আগস্ট, ২০২৬ খৃ. – – মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ১১ ধারা অনুসারে নির্বাচনী কর্তা ও নির্বাচন কমিশনারের ঘোষণা মোতাবেক এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর ১২(৬) বিধি অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পিতা- মির্জা রুহুল আমিন, গ্রাম-কালিবাড়ী, ডাকঘর-ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও পৌরসভা, ঠাকুরগাঁও-কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হলো।’ এর আগে দুপুরে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। সুত্র. এলভি / বাসস

Read More »

রংপুর নগরীতে ঢাকা বিরানী হাউজের দ্বিতীয় শাখার উন্মোচন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর নগরীতে জনপ্রিয় খাবারের প্রতিষ্ঠান ‘ঢাকা বিরানী হাউজ’-এর দ্বিতীয় শাখার আনুষ্ঠানিক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে নগরীর জেলা পুলিশ লাইন্স-সংলগ্ন প্রধান সড়কের পাশে নতুন শাখাটির উন্মোচন করেন প্রধান অতিথি রংপুর জেলার পুলিশ সুপার. মোহাম্মাদ মোজাম্মেল হক । এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মো. নুরুল হক মুন্না, সহ-সভাপতি আসলাম হোসেন, ডেপুটি সেক্রেটারি আব্দুল কাভি ইউ, খালেক হোটেলের স্বত্ত্বাধিকারী আব্দুল খালেক, রংপুরস্থ বরিশাল বিভাগীয় সমিতির সভাপতি মো. আকতারুজ জামান, ঢাকা বিরানী হাউজের স্বত্বাধিকারী হাজী মো. জালাল শরিফ, হাজী মো. হাসান আল মামুন শরিফ ও হাজী মো. মাসুম শরিফসহ স্থনীয় ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে অতিথিরা নতুন শাখাটি ঘুরে দেখেন এবং এর সার্বিক সাফল্য কামনা করেন। তারা বলেন, নগরবাসীর চাহিদা অনুযায়ী মানসম্মত খাবার, পরিচ্ছন্নতা ও মনোরম পরিবেশ নিশ্চিত করতে পারলে প্রতিষ্ঠানটি রংপুরের খাদ্যপ্রেমীদের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠবে। ঢাকা বিরানী হাউজ কর্তৃপক্ষ জানায়, নতুন শাখায় গ্রাহকদের জন্য মানসম্মত খাবারের পাশাপাশি সুন্দর ও আরামদায়ক পরিবেশে সেবা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে।

Read More »

রংপুরে ব্যবসায়ীর ১৪ বছরের সশ্রম কারা-দ-ণ্ড কালো-বাজা-রির উদ্দেশ্যে টিসিবির পণ্য মজুদ:

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে কালোবাজারির মাধ্যমে অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে টিসিবির পণ্য মজুদ রাখার মামলায় মো. আলী হাসান মুন্না (৩৫) নামে এক ব্যক্তিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. মশিউর রহমান খান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মো. আলী হাসান মুন্না রংপুর মহানগরীর কোতয়ালী থানার আলমনগর কলোনি এলাকার বাসিন্দা। তিনি মৃত এখলাক হাজীর ছেলে। আদালত সূত্রে জানা যায়, কোতয়ালী থানার মামলা নম্বর-৬৩, তারিখ ২৫ ডিসেম্বর ২০২০ এবং জিআর নম্বর-৭২৩/২০ (কোতয়ালী) মামলাটি পরবর্তীতে স্পেশাল ট্রাইব্যুনাল মামলা নম্বর-১০৩/২৫ হিসেবে বিচারাধীন ছিল। মামলায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১) ধারায় অভিযোগ আনা হয়। মামলার অভিযোগে বলা হয়, কালোবাজারির মাধ্যমে অসাধুভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে টিসিবির পণ্য মজুদ করার অপরাধে আলী হাসান মুন্নার কাছ থেকে ৪০০ কেজি চিনি, ৫৪ লিটার সয়াবিন তেল এবং ২৮৮ কেজি পেঁয়াজ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়। মামলার দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন মো. আব্দুল হাদী বেলালের উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে সিদ্ধান্ত দেন। এরপর আদালত ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১) ধারায় আলী হাসান মুন্নাকে দোষী সাব্যস্ত করে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।

Read More »

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে স্তব্ধ রংপুর কর্মসূচি সফল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জনস্বার্থবিরোধী প্রিপেইড মিটার বাতিল এবং পূর্বের ডিজিটাল পোস্টপেইড মিটার পুনঃস্থাপনের দাবিতে রংপুরে ‘স্তব্ধ রংপুর’ কর্মসূচি সফলভাবে পালিত হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে শাপলা চত্বর ও জাহাজ কোম্পানি মোড়ে পৃথক দুটি সমাবেশ অনুষ্ঠিত হয়। শাপলা চত্বরের সমাবেশে বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুর জেলার আহ্বায়ক অধ্যাপক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সদস্যসচিব আহসানুল আরেফিন তিতুর সঞ্চালনায় বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা মির্জা বাবর বাবুল, আবু ছালেক, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান সোহেল, সদস্য শাহিদুল ইসলাম সুমন এবং প্রিপেইড মিটারের ভুক্তভোগী কেয়া বেগম, ময়না আক্তার, হাসিবুর রহমান ও সোলায়মান আলী প্রমুখ। অন্যদিকে, জাহাজ কোম্পানি মোড়ের সমাবেশে বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুরের উপদেষ্টা আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে ‘স্তব্ধ রংপুর’ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাসদ রংপুর জেলার সদস্যসচিব মমিনুল ইসলাম এবং সিপিবি রংপুর মহানগর কমিটির সভাপতি সাজেদুল ইসলাম সাজুসহ অন্যান্যরা। কর্মসূচি চলাকালে সকাল সাড়ে ১১টায় শাপলা চত্বর থেকে জাহাজ কোম্পানি মোড় পর্যন্ত যানবাহন চলাচল স্বতঃস্ফূর্তভাবে বন্ধ হয়ে যায়। পথচারীরাও বিভিন্ন স্থানে দাঁড়িয়ে কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন। দোকান মালিক ও ব্যবসায়ীরা দোকান ছেড়ে রাস্তায় এসে কর্মসূচিতে অংশ নেন বলে আয়োজকদের দাবি। সমাবেশে বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুর জেলার আহ্বায়ক অধ্যাপক মো. দেলোয়ার হোসেন বলেন, জনগণ যে প্রিপেইড মিটার চায় না, আজকের সফল ‘স্তব্ধ রংপুর’ কর্মসূচির মধ্য দিয়ে তা প্রমাণিত হয়েছে। তিনি অবিলম্বে প্রিপেইড মিটার খুলে নিয়ে পূর্বের ডিজিটাল পোস্টপেইড মিটার পুনঃস্থাপনের দাবি জানান। সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু বলেন, জনগণের ইচ্ছার বিরুদ্ধে প্রতারণামূলকভাবে প্রিপেইড মিটার স্থাপন করা হয়েছে বলে ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ রয়েছে। তাদের দাবি, বিদ্যুতের ব্যবহার না বাড়লেও প্রিপেইড মিটার স্থাপনের পর দ্বিগুণ-তিনগুণ বিদ্যুৎ বিল পরিশোধ করতে হচ্ছে। তিনি এ ত্রুটিপূর্ণ ও জনস্বার্থবিরোধী মিটার অবিলম্বে বাতিলের দাবি জানান।জাহাজ কোম্পানি মোড়ের সমাবেশে কমিটির উপদেষ্টা আনোয়ার হোসেন বাবলু বলেন, প্রিপেইড মিটারে টাকা রিচার্জ করলেই ডিমান্ড চার্জ, মিটার ভাড়া ও সার্ভিস চার্জসহ বিভিন্ন খাতে ২০০ থেকে ৩০০ টাকা কেটে নেওয়া হয় বলে গ্রাহকদের অভিযোগ রয়েছে। তিনি এ ব্যবস্থাকে অন্যায় উল্লেখ করে অবিলম্বে প্রিপেইড মিটার বাতিলের দাবি জানান।সমাবেশ থেকে নেতৃবৃন্দ ঘোষণা দেন, অবিলম্বে প্রিপেইড মিটার প্রকল্প বাতিল না করা হলে আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬ ডিজিটাল পোস্টপেইড মিটার পুনঃস্থাপনের হাজার হাজার দরখাস্তসহ নেসকো রংপুর অফিস ঘেরাও কর্মসূচি পালন করা হবে।

Read More »

২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২০ আগস্ট, ২০২৬ খৃ. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মোট ৩৪৯টি ভোটের মধ্যে তিনি ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। ভোট পড়েছে মোট ৩৪৩টি। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। তিনি পেয়েছেন ৮৮ ভোট। আজ (বৃহস্পতিবার) রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ভোট গণনা শেষে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেন। এর আগে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষ্যে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টায় ভোট গণনা শেষে ঐতিহাসিক এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ভোটগ্রহণের শুরুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দেন। এরপর ভোট দেন সংসদ সদস্যরা। সিইসি জানান, এ বিষয়ে দ্রুত গেজেট প্রকাশ করা হবে। সুত্র. এলভি/বাসস

Read More »

জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন সংক্রান্ত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা বাস্তবায়ন, শহিদ পরিবারগুলোর উপযুক্ত পুনর্বাসন এবং আহত জুলাই যোদ্ধাদের সুচিকিৎসা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে সরকার পূর্ণ আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান। আজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন সংক্রান্ত কেন্দ্রীয় কমিটি’র সভায় সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, এই মন্ত্রণালয় এবং নবগঠিত জুলাই অধিদপ্তরের মাধ্যমে প্রতিটি শহিদ পরিবার ও আহত যোদ্ধার কল্যাণে কাজ করা হবে এবং এই প্রক্রিয়ায় কোনো ধরনের গাফিলতির সুযোগ থাকবে না। জুলাই’২৪ এর সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবার ও আহতদের সেবায় সরকারের অঙ্গীকার ব্যক্ত করে মন্ত্রী আরো বলেন, আমাদের সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার—জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বাংলাদেশ গড়বে, সেজন্য আমরা অঙ্গীকারবদ্ধ। আর সেই অঙ্গীকার থেকেই আমরা জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরকে সক্রিয় করে এর মাধ্যমে আহত জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের জন্য কাজ করব। এই জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব কোনো একক দলের নয়, এটি পুরো জাতির। সকল শহিদ পরিবার ও আহতদের পরিচর্যা ও সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। সভায় উপস্থিত মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন আহতদের চিকিৎসাসেবা ও পুনর্বাসনের ওপর বিশেষ জোর দিয়ে বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে জুলাই আহতদের ও শহিদ পরিবারদের পুনর্বাসন এবং তাদের চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে নিশ্চিত করা। দল-মতের ঊর্ধ্বে উঠে যাদের প্রয়োজন সবচেয়ে বেশি, তাদের কাছে সেবা পৌঁছে দিতে আমরা কাজ করছি। আহত জুলাই যোদ্ধারা যেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন এবং তাদের জীবনযাত্রার মান সহনীয় পর্যায়ে থাকে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক ও তৎপর রয়েছি। অন্যদিকে, তালিকার নির্ভুলতা ও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে আলোকপাত করে মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ আশরাফুল ইসলাম উল্লেখ করেন, জুলাই যোদ্ধাদের এবং শহিদদের তালিকায় যে সকল ভুলত্রুটি বা অভিযোগ আসছে, সেগুলো তদন্ত সাপেক্ষে অত্যন্ত স্বচ্ছতার সাথে সংশোধন করা হচ্ছে। জুলাই শহিদ ও জুলাই যোদ্ধাদের আবেদনের ভিত্তিতে ডাক্তারি সনদসহ জেলা পর্যায়ে সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করা হয়। প্রযোজ্য ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় যাচাই-বাছাই অন্তে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের সুপারিশের ভিত্তিতে মন্ত্রণালয়ের প্রয়োজনীয় অনুমোদনপূর্বক গেজেটভুক্ত করা হয়। আমাদের লক্ষ্য একটি সম্পূর্ণ নির্ভুল ও স্বচ্ছ তালিকা উপহার দেওয়া, যাতে কোনো অযোগ্য ব্যক্তি এতে সুযোগ না পায় এবং প্রকৃত কোনো জুলাই যোদ্ধা বা শহিদ পরিবার বাদ না পড়েন। বিশেষ আমন্ত্রণে সভায় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-৩৪৫ এর সংসদ সদস্য ও জুলাই শহিদ জাবিরের মাতা রোকেয়া বেগম। এছাড়া সভায় অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা; স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক; মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগ, জননিরাপত্তা বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, পরিকল্পনা বিভাগ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট কর্মকর্তা; সরকার কর্তৃক মনোনীত জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের একজন প্রতিনিধি এবং জুলাই যোদ্ধাদের একজন প্রতিনিধি। সভায় জুলাই শহিদ ও জুলাই যোদ্ধাদের প্রকৃত তালিকা এবং তাদের কল্যাণ ও পুনর্বাসনের লক্ষ্যে আলোচ্যসূচি অনুযায়ী আলোচনা করা হয় ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়।

Read More »

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬, মামলা ৫৫

ডেস্ক রিপোর্ট / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২০ আগস্ট, ২০২৬ খৃ. – ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫৫ টি মামলা দায়ের করা হয়েছে। আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে রমনা বিভাগে ২৫ জন, লালবাগ বিভাগে ৪৫ জন, ওয়ারী বিভাগে ৬৫ জন, মতিঝিল বিভাগে ৪৭ জন, তেজগাঁও বিভাগে ৪১ জন, মিরপুর বিভাগে ১২০ জন, গুলশান বিভাগে ৯৩ জন, উত্তরা বিভাগে ৬৩ জন ও গোয়েন্দা বিভাগে ৭ জন। অভিযানকালে ২টি সুইচ গিয়ার, ২৭ কেজি ৫১০ গ্রাম গাঁজা, ২৩১ পিস ইয়াবা, ৫ গ্রাম হেরোইন, ১টি এনা বাস, ১টি ট্রাক, ১৭টি মোটরসাইকেল, ৮টি মোবাইল ফোন, ৫৯৭.৭৩ গ্রাম স্বর্ণালংকার, ২ লাখ ৬৭ হাজার চোরাই টাকা, ৪ ভরি ১৫ আনা ৫ রতি চোরাই স্বর্ণালংকার ও দু’জন ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। সুত্র. বাসস

Read More »