স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৪তম বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ৬ মার্চ, ২০২৩ খৃ.
একাদশ জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ১৪তম বৈঠক কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ এমপি এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটি সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, স্বপন ভট্টাচার্য্য, মোঃ শাহে আলম, মোঃ ছানোয়ার হোসেন এবং আব্দুস সালাম মূর্শেদী উপস্থিত ছিলেন।
সভার শুরুতে ১৩তম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন করা হয়।
কমিটি দেশের সকল ঠিকাদারদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের আওতায় আনার সুপারিশ করে সেইসাথে দেশের গ্রামীণ রাস্তার মান বজায় রাখতে ও রাস্তার যত্ন নিশ্চিতে জনসাধারণকে সচেতন করার সুপারিশ করে।
কমিটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে বর্ষার মৌসুম আসার পূর্বেই প্রকল্পের কাজগুলো দ্রুত শেষ করার সুপারিশ করে। সেইসাথে রাস্তার পাশে মাছের ঘের করায় গ্রামীণ রাস্তা যে ক্ষতির সম্মুখীন হচ্ছে সেই বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে মৎস্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা সাপেক্ষে রাস্তা থেকে ৩-৫ ফুট দূরুত্বে মাছের ঘের করার নির্দেশনামালা তৈরীর সুপারিশ করে।
এছাড়াও বৈঠকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও সমবায় অধিদপ্তরের চলমান উন্নয়ন প্রকল্পসমূহের সার্বিক অগ্রগতি ও কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকতাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।














