জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে রিপোর্টার্স ক্লাব রংপুর। বুধবার (১৬ আগষ্ট) বিকেলে রিপোর্টার্স ক্লাব হলরুমে ক্লাবের সভাপতি হালিম আনছারীর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহ বায়েজিদ আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাহাদাত বার্ষিকী উপলক্ষে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও ক্লাবের আজীবন সদস্য আবুল কাসেম।
আবুল কাসেম তার বক্তব্যে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যদের আত্মতার মাগফেরাত কামনা করে বলেন, জাতির পিতার জন্ম না হলে আমরা স্বাধীন ভূখণ্ড পেতাম না। যার মুক্তির ডাকে বাঙালিরা ঝাপিয়ে পড়েছিল সশস্ত্র সংগ্রামে। যার দেখানাে পথ ধরে অন্ধকার থেকে বাঙালি আলাের পথে এসেছে। আমরা পেয়েছি এক স্বাধীন রাষ্ট্র। তিনিই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
স্বাধীনতা বিরোধী কুচক্রীয় মহল সেই বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের ১৫ ই আগষ্ট নির্মমভাবে হত্যা করেছিলো। তারা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি, সদ্য স্বাধীন দেশটির মেরুদণ্ড ভেঙে দিতে চেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ, চেতনা ও স্বপ্নকে আকঁড়ে ধরে তারই সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আজ বিশ্ব দরবারে দেশকে মর্যাদার আসনে নিয়ে গেছেন।
এসময় আরও বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট সুমন, রিপোর্টার্স ক্লাব রংপুরের সহ সভাপতি দৈনিক বায়ান্নর আলোর সম্পাদক তাজিদুল ইসলাম লাল, যুগ্ম সাধারণ সম্পাদক আজম পারভেজ, কোষাধ্যক্ষ আমিরুল ইসলাম, কার্যকরী সদস্য তৌহিদুল ইসলাম বাবলা, আব্দুর রশিদ জীবন, সদস্য জিএম জয়, আহসান হাবীব মিলন, আসাদুজ্জামান আফজালসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এসময় সাংবাদিক নেতারা বলেন, বাংলা ভাষা ও বাঙালি জাতির অন্য সকল অর্জনের মতো সংবাদপত্র জগতের অর্জনও বঙ্গবন্ধুর রক্তের কাছে চিরঋণী। বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দিয়েছিলেন বলেই এদেশের সংবাদপত্র তথা গণমাধ্যম জগত আজকের অবস্থানে পৌঁছুতে সক্ষম হয়েছে। তাই ৭৫ এর ১৫ ই আগষ্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকেসহ তার পরিবারের হত্যাকারী পলাতক আসামীদের বাংলার জমিনে এনে বিচারের দাবিও করেন তারা। আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শাহাদাত বরণকারী সকলের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
















