জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরের ছয় আসনে ৪৫ প্রার্থীর প্রতীক বরাদ্দ । ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুরের ছয়টি সংসদীয় আসনের চূড়ান্ত ৪৫ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের হাতে বরাদ্দকৃত প্রতীক তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা এনামুল আহসান। তিস্তাবেষ্টিত রংপুর-১ গঙ্গাচড়া আসন দিয়ে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়।
এরপর পর্যায়ক্রমে জেলার ছয়টি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক দেওয়া হয়। প্রতীক পেয়ে প্রার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। দীর্ঘ দেড় যুগ পর নানা লড়াই-সংগ্রামের পর প্রতীক পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন জামায়াতের প্রার্থীরা। অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থীরা নির্বাচন কমিশনের সমান আইনি অধিকার নিশ্চিতের দাবি তোলেন। বিএনপির প্রার্থীরা বিজয় নিয়ে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন। ঘোষিত তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দ পাওয়ার পর আগামীকাল থেকে সব প্রার্থীই নির্বাচনী মাঠে প্রচারণা শুরু করবেন বলে জানান।
















