দিনাজপুর, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সরকারের লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা। তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়ন, অসহায় ও সুবিধা-বঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়াতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আজ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ৩ দিনব্যাপী বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
মন্ত্রী বলেন, আমরা জনগণের কল্যাণে কাজ করছি এবং সেই কাজের ধারাবাহিকতা বজায় থাকবে। সরকার জনগণের উন্নয়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সমালোচনা কিংবা রাজনৈতিক বক্তব্যে বিভ্রান্ত না হয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে আরো বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন।
মন্ত্রী আরো বলেন, দেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নেই। এজন্য দেশের প্রত্যেকটি উপজেলার জনসাধারণকে বৃক্ষ রোপণে উৎসাহ দিতে বৃক্ষ মেলার আয়োজন করা হচ্ছে। দেশের প্রত্যেক নাগরিক তাদের পছন্দমত ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বাড়ির আশপাশে পতিত জায়গাতে রোপণ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
পরে মন্ত্রী নবাবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়াম মেরামত ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে মন্ত্রী উপকারভোগীদের মাঝে ২৩’টি সেলাই মেশিন, ৩৬ জন দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের ৫২ জন ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেন।














