জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে আলোচিত গণপতি চক্রবর্তী পরিবার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রংপুর মহানগর নাগরিক কমিটির উদ্যোগে রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন। বক্তারা বলেন, দীর্ঘদিন পেরিয়ে গেলেও গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের সদস্যদের নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য এখনো উদঘাটিত হয়নি, যা জনমনে উদ্বেগ ও ক্ষোভ তৈরি করেছে। দ্রুত সময়ের মধ্যে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, এই হত্যাকাণ্ডের ঘটনায় নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত গঠন করতে হবে এবং তদন্তের অগ্রগতি নিয়মিত জনসম্মুখে প্রকাশ করতে হবে। পাশাপাশি ভুক্তভোগী পরিবারের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত কার্যকর উদ্যোগ নেবে।এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব এডভোকেট পলাশ কান্তি নাগ, সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, মাহফুজ হোসেন, বীথি দাস নন্দিনী, বিজয় প্রসাদ তপু প্রমুখ।
















