সর্বশেষ
সর্বশেষ

Day: May 25, 2025

শিক্ষক নিয়োগে বয়সসীমা থাকছে না বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান

ডেস্ক রিপোর্ট / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগের সুপারিশ করে বেসরকারি শিক্ষক নিববন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বয়সসীমার জটিলতায় অনেক প্রার্থী নিয়োগবঞ্চিত হন। বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তিতে প্রার্থীর কোনো বয়সসীমা না রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। রোববার (২৫ মে) শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ‘বেসরকারি শিক্ষক নিয়োগ বিধিমালা’ সংশোধনে এ সভা ডাকা হয়েছিল। সভার সিদ্ধান্ত অনুযায়ী-এখন থেকে শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিতে প্রার্থীর বয়স গণনা করা হবে। গণবিজ্ঞপ্তির সময় কারও বয়সসীমা বিবেচনা করা হবে না। যারা নিবন্ধন পরীক্ষায় অংশ নিয়ে সনদ অর্জন করতে পারবেন, তারা সবাই গণবিজ্ঞপ্তিতেও আবেদন করতে পারবেন। শিক্ষা মন্ত্রণালয়ের সভায় অংশ নেওয়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। সভা শেষে একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জাগো নিউজকে বলেন, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগে নিবন্ধন পরীক্ষা ও গণবিজ্ঞপ্তি-উভয় ক্ষেত্রে বয়সসীমা দেখা হয়। এটি গ্রহণযোগ্য নয়। কারণ নিবন্ধন সনদ অর্জনের সময় যার বয়স ছিল, তিনি কেন সনদ অর্জনের পর বয়সসীমা অতিক্রম হওয়ায় গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না? তাহলে তার সনদ অর্জনের প্রয়োজনটা কী?’ তিনি আরও বলেন, ‘বিষয়টি নিয়ে আলোচনার পর দেখা যায়, দুই ক্ষেত্রে বয়সসীমা দেখা অযৌক্তিক। সেজন্য শুধুমাত্র নিবন্ধন পরীক্ষায় আবেদনের সময় প্রার্থীর বয়স দেখা হবে। আর গণবিজ্ঞপ্তিতে বয়সসীমার কোনো বাধা থাকবে না। যারা নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তারা সবাই গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন।’ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের বিধিমালা সংশোধন প্রসঙ্গে মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, বিধিমালা সংশোধনের সুপারিশ করে তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়া হবে। দুই মন্ত্রণালয় থেকে ছাড় পাওয়ার পর বিধিমালাটি প্রকাশ করা হবে। তবে তার আগেই যদি কোনো গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, তাহলে তা নতুন সংশোধিত বিধিমালার আওতায় পড়বে না বলেও জানান তিনি। তথ্য সুত্র.

Read More »

নেতানিয়াহুর প্রতি জিম্মিদের স্বজনদের প্রশ্ন : ‘আপনি ঘুমান কীভাবে’

আন্তর্জাতিক ডেস্ক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :   ঢাকা, ২৫ মে, ২০২৫ খৃ. – গাজায় ফিলিস্তিনের হামাস যোদ্ধাদের হাতে আটক জিম্মিদের মুক্তির বিষয়টি উপেক্ষিত হওয়ায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি ক্ষোভ আরো প্রবল হয়ে উঠেছে। জিম্মিদের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, যুদ্ধকেই অগ্রাধিকার দিচ্ছে নেতানিয়াহুর সরকার। ফলে তাদের প্রিয়জনদের মুক্তি চরম অনিশ্চয়তায় পড়েছে।  তেল আবিব থেকে এএফপি এওই খবর জানায়। গতকাল শনিবার তেল আবিব, কিরইয়াত গাত, জেরুজালেম ও শার হানেগেভ জংশনে বিক্ষোভে নেমে আসে হাজারো মানুষ। ‘হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম’-এর ব্যানারে আয়োজিত এসব বিক্ষোভে সরকারের নীতির তীব্র সমালোচনা করা হয়। ফোরামের সদস্যরা দাবি করেছেন, সরকার আলোচনার মাধ্যমে দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর পদক্ষেপ না নেওয়ায় জিম্মিদের জীবনের ঝুঁকি বাড়ছে। ফোরামের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, যেন তারা অবিলম্বে আলোচনা শুরু করে এবং একটি চুক্তি না হওয়া পর্যন্ত তা চালিয়ে যায়। আমরা আমাদের প্রিয়জনদের জীবিত ফিরে পেতে চাই।’ বিক্ষোভে অংশ নিয়ে গাজায় জিম্মি হওয়া মতান জাংগাউকারের মা আইনাভ জাংগাউকার বলেছেন, ‘বলুন তো, প্রধানমন্ত্রী, আপনি কীভাবে রাতে ঘুমাতে পারেন? ৫৮ জন জিম্মিকে অবহেলায় ফেলে রেখেছেন,এটা জেনেও কীভাবে আয়নায় নিজেকে দেখেন?’ তিনি নেতানিয়াহুকে উদ্দেশ করে প্রশ্ন তোলেন, ‘আপনার বিবেক কী একবারও সাড়া দেয় না? সমাবেশে অংশ নেওয়া অনেকেই হাতে ব্যানার নিয়ে এসেছিলেন, যেখানে লেখা ছিল, ‘এই যুদ্ধ জিম্মিদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে।’ এই ক্ষোভের পেছনে আরেকটি কারণ হলো, নেতানিয়াহু সম্প্রতি অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত- এর প্রধান হিসেবে মেজর জেনারেল ডেভিড জিনিকে মনোনীত করেছেন। চ্যানেল টুয়েলভের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ডেভিড জিনি জিম্মিমুক্তির চুক্তির বিরোধিতা করে বলেছেন, ‘এই যুদ্ধ চিরস্থায়ী এবং জিম্মি বিনিময় সংক্রান্ত চুক্তির আমি বিরোধী।’ ফোরাম এই বক্তব্যকে ‘গভীর উদ্বেগজনক’ ও ‘নিন্দনীয় বলে আখ্যায়িত করেছে। তাদের ভাষায়, ‘একজন এমন একজন ব্যক্তি, যিনি জিম্মিদের ভাগ্য নির্ধারণ করবেন, যদি যুদ্ধকেই প্রাধান্য দেন, তবে তা গোটা জাতির সঙ্গে অন্যায় ও অপরাধের শামিল।’ জর্ডানের রাজধানী আম্মান থেকে এএফপি’র প্রতিবেদক হামদা সালহুত জানান, ‘নেতানিয়াহুর নিযুক্ত নতুন গোয়েন্দা প্রধান গাজায় সামরিক চাপ আরো বাড়াতে চান এবং এই মনোভাবের কারণেই তাঁকে বেছে নেওয়া হয়েছে।’ সালহুত আরো বলেছেন, ইসরাইলের ওপর আন্তর্জাতিক মহল থেকে চাপ আসছে যেন গাজা যুদ্ধ বন্ধ করে ও অবরোধ তুলে নেয়। তবে এরই মধ্যে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ডাকা ব্রিগেডগুলো গাজার ভেতরে অভিযান চালাচ্ছে। জিম্মিদের পরিবারের আশঙ্কা, এই হামলা অব্যাহত থাকলে যারা এখনো জীবিত, তারাও মারা যাবেন। অথচ নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার, যা ইসরাইলের ইতিহাসে সবচেয়ে ডানপন্থী হিসেবে বিবেচিত, যুদ্ধবিরতির চেয়ে যুদ্ধ চালিয়ে যাওয়া নিয়েই বেশি আগ্রহী। এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে নতুন করে সমালোচনার ঝড় ওঠে, যখন তিনি বিদায়ী শিন বেত প্রধান রোনেন বারকে সরিয়ে দিয়ে নতুন প্রধান হিসেবে জিনিকে নিযুক্ত করেন, যদিও ইসরাইলের সর্বোচ্চ আদালত রোনেন বারকে বরখাস্তের সিদ্ধান্তকে ‘অবৈধ’ বলে রায় দিয়েছিল। আদালত জানিয়েছিল, দুর্নীতির মামলায় জড়িত থাকার কারণে নেতানিয়াহুর এই পদক্ষেপে স্বার্থের সংঘাত তৈরি হয়েছে। তবুও আদালতের রায় উপেক্ষা করে নেতানিয়াহু জিনিকেই শিন বেতের নতুন প্রধান হিসেবে নিয়োগ দেন। এর জবাবে অ্যাটর্নি জেনারেল সতর্ক করে বলেছেন, প্রধানমন্ত্রী আইনগত পরামর্শ উপেক্ষা করে গোটা নিয়োগ প্রক্রিয়াকেই কলুষিত করেছেন। এই বিতর্কের মাঝেই জিম্মিদের পরিবারের আহ্বান, যুদ্ধ নয়—মানবিকতার পথে ফিরে আসুক নেতানিয়াহু সরকার। সুত্র. বাসস

Read More »

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ জারি করেছে সরকার  

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৫ মে, ২০২৫ খৃ. – ‘রকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’  জারি করেছে সরকার। আজ সোমবার সন্ধ্যায় এ অধ্যাদেশ জারি করা হয়। গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ -এর খসড়া অনুমোদন দেয়া হয়। আজ তা অধ্যাদেশ আকারে জারি করা হয়েছে। অধ্যাদেশে অনুযায়ী, সরকারি কর্মচারীদের চারটি বিষয়কে অপরাধের আওতাভুক্ত করা হয়। সেগুলো হলো- সরকারি কর্মচারী যদি এমন কোনো কাজে লিপ্ত হন, যা অনানুগত্যের শামিল বা যা অন্য যেকোনো সরকারি কর্মচারির মধ্যে অনানুগত্য সৃষ্টি করে বা শৃঙ্খলা বিঘ্নিত করে বা কর্তব্য সম্পাদনে বাধার সৃষ্টি করে; অন্যান্য কর্মচারির সঙ্গে সমবেতভাবে বা এককভাবে ছুটি ছাড়া বা কোনো যুক্তিসংগত কারণ ছাড়া নিজ কর্ম থেকে অনুপস্থিত থাকেন বা বিরত থাকেন বা কর্তব্য সম্পাদনে ব্যর্থ হন; অন্য যেকোনো কর্মচারীকে তার কর্ম থেকে অনুপস্থিত থাকতে বা বিরত থাকতে বা তার কর্তব্য পালন না করার জন্য উসকানি দেন বা প্ররোচিত করেন এবং যেকোনো সরকারি কর্মচারীকে তার কর্মে উপস্থিত হতে বা কর্তব্য সম্পাদনে বাধাগ্রস্ত করেন, তাহলে তিনি অসদাচরণের দায়ে দণ্ডিত হবেন। এসব অপরাধের শাস্তি হিসেবে বলা হয়েছে, দোষী কর্মচারীকে নিম্নপদ বা নিম্ন বেতন গ্রেডে অবনমিতকরণ বা চাকরি থেকে অপসারণ বা চাকরি থেকে বরখাস্ত দণ্ড প্রদান করা যাবে। এতে বলা হয়, সরকারি কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ গঠনের সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে। আর অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হলে তাকে কেন দণ্ড আরোপ করা হবে না, সে বিষয়ে আরও সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে। তার ভিত্তিতে দণ্ড আরোপ করা যাবে। এভাবে দণ্ড আরোপ করা হলে দোষী কর্মচারী ৩০ কর্মদিবসের মধ্যে সেই আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন। তবে, রাষ্ট্রপতির দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। যদিও আদেশ পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্মচারী রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারবেন।

Read More »

শাল গাছ লাগানো, সীমানা চিহ্নিতকরণ কাজের উদ্বোধন করলেন পরিবেশ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : টাঙ্গাইল, ১১ জ্যৈষ্ঠ (২৫ মে) ২০২৫ খৃ. – পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, মধুপুরের অবক্ষয়িত শালবন পুনরুদ্ধারে সরকার বদ্ধপরিকর। এবার ৭৫০ একর এবং আগামী তিন বছরে ৬ হাজার ৬১০ একর জায়গায় শাল রোপণ করা হবে। তিনি বলেন, শালের পাশাপাশি সহযোগী বৃক্ষরোপণ চলছে, যাতে স্থানীয় জনগণকেও সম্পৃক্ত করা হচ্ছে। টাঙ্গাইল বন বিভাগের মধুপুর জাতীয় উদ্যানের দোখলায় আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, শালবনের সীমা চিহ্নিতকরণের কাজ চলছে এবং ‘রাজাবাড়ী’ এলাকায় সীমানা পিলার স্থাপন করা হয়েছে। তিনি বলেন, শালবনে শুধু শালগাছই থাকবে। ১০০ টি গাছের মধ্যে ৭০ টি শাল এবং ৩০ টি সহযোগী গাছ থাকবে কিন্তু কোনো বিদেশি গাছ থাকবে না। উপদেষ্টা আরো বলেন, ১২৯টি মামলা প্রত্যাহার করা হবে, তবে বনজমি দখলের মামলা এবং যেসমস্ত মামলায় বন বিভাগের লোকজনের গায়ে হাত তোলা হয়েছে সেই মামলাগুলো প্রত্যাহার সম্ভব হচ্ছে না। তিনি বলেন, কোনোভাবে এখানের জনগোষ্ঠীদের হয়রানি করা যাবে না। আমি বনবিভাগের লোকজনকে নির্দেশনা দিচ্ছি। তিনি বলেন, এটি কোনো প্রতিশ্রুতি নয়, একটি ঘোষণা। বনবিনাশ রোধে বনবান্ধব কর্মসূচি গ্রহণ এবং প্রথাগত বনবাসীদের অধিকার নিশ্চিত করার কথাও জানান তিনি। গারো জনগোষ্ঠীর উদ্দেশ্যে তিনি বলেন, তবে শত শত একর জমিতে আনারস, কলা চাষ করতে পারবেন না। শত শত একর জায়গায় হরমোন ও পেস্টিসাইড দিয়ে শালবন নষ্ট করার সুযোগ পাবেন না। রিজওয়ানা হাসান বলেন, বন বিভাগের প্লট কেউ পাবে না – না ধনী, না দরিদ্র। নদীভাঙা বা দরিদ্রদের জন্য বন্দোবস্ত হবে খাসজমিতে, বনভূমিতে নয়। আলোচনার আগে উপদেষ্টা স্থানীয় শিক্ষার্থীদের নিয়ে এক হাজার শালগাছের চারা রোপণের মাধ্যমে শালবন পুনঃপ্রতিষ্ঠার কার্যক্রম শুরু করেন। পরে তিনি রাজাবাড়ী এলাকায় ‘স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে মধুপুর শালবন পুনঃপ্রতিষ্ঠা’ প্রকল্পের উদ্বোধন করেন এবং শালবনে ময়ূর ও পুকুরে কাইট্টা মাছ অবমুক্ত করেন। সকালে পরিবেশ উপদেষ্টা টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ভূমি মেলা এবং ৫ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বন্যপ্রাণী বিশেষজ্ঞ অধ্যাপক ড. মোহাম্মদ আলী রেজা খান। এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোঃ নাভিদ শফিউল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফিরোজ জামান, মধুপুরের জয়েনশাহী আদিবাসী পরিষদের সাবেক সভাপতি অজয় মৃ এবং সভাপতি ইউজেন নকরেক।

Read More »

কোরবানির পশুর লবণযুক্ত প্রতি পিস চামড়ার সর্বনিম্ন দাম ১ হাজার ১৫০ টাকা নির্ধারণ

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১১ জ্যৈষ্ঠ (২৫ মে) ২০২৫ খৃ. – কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এ বছর গরুর লবণযুক্ত প্রতি পিস চামড়ার সর্বনিম্ন দাম ১ হাজার ১৫০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে ঢাকায় এই দাম হবে ১ হাজার ৩৫০ টাকা। এ বছর প্রতি বর্গফুট চামড়ার দামের পাশাপাশি ছোট গরুর আকার হিসেবে সর্বনিম্ন দাম নির্ধারণ করেছে সরকার। আজ বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপদেষ্টা বলেন, ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া খাসির চামড়ার ক্রয়মূল্য প্রতি বর্গফুট ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়ার দাম ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশে কাঁচা চামড়ার চাহিদা না থাকলে প্রয়োজনে চামড়া রফতানি করা যাবে জানিয়ে উপদেষ্টা বলেন, চামড়া রফতানি সংক্রান্ত যে বিধিনিষেধ ছিল, সেটি তিন মাসের জন্য শিথিল করা হবে। কোরবানির ঈদের ১০ দিন ঢাকাতে চামড়া প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়ে শেখ বশিরউদ্দিন বলেন, স্থানীয় পর্যায়ে চামড়া সংরক্ষণ উপযোগী করার জন্যই সারা দেশে বিনামূল্যে লবণ সরবরাহ করা হবে। উপদেষ্টা বলেন, দুইটা তথ্যচিত্র তৈরি করা হয়েছে, যেটা সারা দেশেই প্রদর্শন করা হবে। তথ্যচিত্রে কিভাবে চামড়া সংরক্ষণ ও প্রসেস করতে হয় সেটা জানানোর চেষ্টা করা হয়েছে। এছাড়া ৮৬ হাজার কসাইকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এক্ষেত্রে পরিবেশ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সহযোগিতা করেছে। শেখ বশিরউদ্দীন বলেন, যেহেতু বিনামূল্যে লবণ দিচ্ছি, প্রশিক্ষণ দিয়েছি এবং চামড়ায় লবণ লাগাতে যে শ্রম ব্যয় হয় সে সব কিছু বিবেচনায় নিয়েই এবার চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে। এবার যে মূল্য নির্ধারণ করা হয়েছে সেটা যৌক্তিক। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহমান খান এসময় উপস্থিত ছিলেন।

Read More »

বাণিজ্য উপদেষ্টার সাথে মালদ্বীপের হাইকমিশনারের বৈঠক

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১১ জ্যৈষ্ঠ (২৫ মে) ২০২৫ খৃ.- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সাথে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশিদ বৈঠক করেছেন। আজ সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন ও বাণিজ্য বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, বাংলাদেশে হাইকোয়ালিটি নির্মাণসামগ্রী তৈরি করছে। প্লাইউড, পাইপ, টাইলস ও উন্নতমানের গ্লাস তৈরির ফলে বাংলাদেশ এখন এসব পণ্যের অন্যতম উৎস হয়ে উঠেছে। মালদ্বীপ এসব পণ্য তাদের অবকাঠামো নির্মাণে ব্যবহার করতে পারে। এসময় তিনি বাংলাদেশে মালদ্বীপের বিনিয়োগ বাড়ানোরও আহবান জানান। দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি দু’দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, এদেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রশিক্ষণ দানের মাধ্যমে মালদ্বীপ ভূমিকা রাখতে পারে। এসময় তিনি মালদ্বীপে শ্রমিক পাঠানোর খরচ কমিয়ে আনার আহ্বান জানান। মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশিদ বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি দু’দেশের সম্পর্ককে আরো এগিয়ে নেবে। এসময় তিনি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে মালদ্বীপের বিনিয়োগ বাড়ানোর কথা উল্লেখ করেন। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার ও মালদ্বীপ হাইকমিশনের দ্বিতীয় সচিব আহমেদ মাইশান উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে ১ কেজি গাজা সহ মাদক কারবারী রিনা গ্রেফতার

জাালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ১ কেজি গাজা সহ একজন মহিলা মাদক কারবারী রিনা বেগম গ্রেফতার। গতকাল (২৫ মে) বেলা ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর বিভাগীয় স্টাফ সহকারী উপ পরদর্শক মোঃ আতাউর রহমানের নেতৃত্বে সিপাহ মোঃ জুলফিকার আলী ভুট্টু, সাজেদল ইসলাম সোহাগ, ইদ্রিস আলী, আশরাফুল ইসলাম হিমেল, ষাহাব উদ্দিন, আখতারজ্জামান , ডিটল চন্দ্র, রুমাইয়া খাতুন এর সমন্বয়ে একটি বেইডিং পার্টি নিয়ে রংপুর জেলার হাজিরহাট আরপি.এমপি থানাধীন পুর্ব গোয়ালু এলাকায় মাদক কারবারী মোছাঃ রিনা বেগম (৪০), পিতা বাদশা মিয়া @ টাইগার, স্বামী মোঃ জাহিদুল ইসলাম এর বাড়িতে অভিযান চালিয়ে তার বসতবাড়ীর শয়নকক্ষে কাঠের আলমারীর নিচের ডয়ার হতে পলিথিনে মোড়ানো ১ কেজি গাজা উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারী মোছাঃ রিনা বেগম (৪০)কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইন ২০১৮ এর ৩৬ (১) এর সারণির ১৯ (ক) ধারায় মামলা দায়ের করা হয়।

Read More »

রংপুরে ৩ দিন ব্যাপী ভূমি মেলা উদ্বোধন

জাালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর বিভাগীয় প্রশাসন ও রংপুর জেলা প্রশাসনের আয়োজনে রংপুরে ৩ দিন ব্যাপী ভূমি মেলা উদ্বোধন ও ভূমি সেবা সম্পর্কিত জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়। গতকাল (২৫ মে) রবিবার সকাল সাড়ে ১০টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ৩ দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি । অনুষ্ঠানে ভূমি সেবা সম্পর্কিত জনসচেতনতা মুলক সভায় রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর রেঞ্জ ডিআইজি মোঃ আমিনুল ইসলাম, রংপুর মেট্রাপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী বিপিএম। এ সময় সকল ভূমি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।

Read More »

রংপুরে ধর্মঘটে অচল পেট্রোলপাম্প, দুর্ভোগে সাধারণ মানুষ

জাালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: কমিশন বাড়ানো, বৈধ লাইসেন্স নবায়নে জটিলতা দূর করা, এবং নিরাপত্তা নিশ্চিত করাসহ ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সারাদেশের মতো রংপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় আজ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি ডিপো বন্ধ রেখে ধর্মঘট পালন করেছেন মালিকরা। বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদের ডাকে এই ধর্মঘট সকাল ৬টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত বলবত ছিলো। ধর্মঘট চলাকালে রংপুরের প্রায় সব পেট্রোল পাম্প বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালক, পরিবহন শ্রমিক এবং সাধারণ মানুষ। অনেকে বলেন, পাম্পে তেল না পেয়ে রাস্তার মাঝেই গাড়ি থামিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে ঘণ্টার পর ঘণ্টা। দূরপাল্লার গাড়ি ও জরুরি সেবার যানবাহনেও এর প্রভাব পড়ে। পেট্রোল পাম্প মালিকরা জানান, দীর্ঘদিন ধরে তারা ন্যায্য দাবি জানিয়ে আসলেও তা কার্যকর না হওয়ায় বাধ্য হয়েই তারা এই ধর্মঘটে অংশ নিয়েছেন। দাবি পূরণ না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বিষয়টি জানানো হয়েছে এবং আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে। এদিকে, এ ধরনের আকস্মিক ধর্মঘটে জনভোগান্তি কমাতে আগাম সতর্কতা ও বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।

Read More »

রংপুরে ইয়ং টাইগার্স অনুর্ধ্ব ১৬ জাতীয় ক্রিকেট টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পৃষ্ঠপোষকতায় ও রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে রংপুরে ইয়ং টাইগার্স অনুর্ধ্ব ১৬ জাতীয় ক্রিকেট টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল (২৫ মে) রবিবার বিকালে রংপুর কালেক্টরেট ক্রিকেট গার্ডেন মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ঢাকা মেট্রো দলের হাতে পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি। খেলায় রানারআপ হয় চট্রাগ্রাম ডিভিশন । অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ও রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ আব্দুল ফারুখের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি ছিলেন রংপুর মহানগর বিএনপির আহবায়ক মোঃ সামসুজ্জামান সামু, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী বিপিএম, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রমিজ আলম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিনিয়র এক্সিকিউটিভ গেইম ডেভেলপমেন্ট জাবেদ ইসলাম তাস, খেলার ভেনু ম্যানেজার মোঃ রুবায়েত হোসন খান, সিলেক্টর হাবিরুল হাসান শান্ত, নাদিফ চৌধুরী, রংপুর বিভাগীয় কোচ মাসুদ পারভেজ রাজন সহ ৮ জেলার কোচগণ।

Read More »