সর্বশেষ
সর্বশেষ

Day: December 28, 2024

মানুষের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসতে ধর্ম উপদেষ্টার আহ্বান

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : চট্টগ্রাম, ১৩ পৌষ ২৮ ডিসেম্বর ২০২৪ খৃ. – মানুষের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। আজ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের বাবুনগর জামে মসজিদ প্রাঙ্গণে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন। নুরে হাবীব ওয়েলফেয়ার ফাউন্ডেশন এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। ধর্ম উপদেষ্টা বলেন, রাজনৈতিক কোনো অভিলাষ আমার নেই। জনগণের সেবা করাই একমাত্র লক্ষ্য। সুদীর্ঘ কর্মজীবন শেষ করেছি। এখন জীবনের বাকি সময়টুকু মানুষের সেবায় কাটিয়ে দিতে চাই। তিনি সাতকানিয়া উপজেলাবাসীর কল্যাণে সম্ভাব্য সকল ধরনের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। নুরে হাবীব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক সাঈদ আহসান খালিদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তাকওয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান গাজী ইয়াকুব, অঙ্গীকার এসও বাংলাদেশ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ক্যাপ্টেন আতিক ইউ.এ. খান, আস-সিরাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর সিরাজ, আন-নাদিল ইমদাদী আল-ইসলামীর প্রতিনিধি মতিউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এসময় সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস ও অফিসার ইনচার্জ মোস্তাফা কামাল উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী ৫টি সংগঠনের সহায়তায় ১ হাজার ৬০০ জন শীতার্ত গরিব-অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন ধর্ম উপদেষ্টা। এর আগে ধর্ম উপদেষ্টা একই উপজেলার মাদরাসা-ই-আবু হুরাইরা (রা.) মাঠে মাদার্শা যুব উন্নয়ন পরিষদের ব্যবস্থাপনায় ১ হাজার ৩০০ জন গরিব-অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন। সেখানে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির আলহাজ্ব শাহজাহান চৌধুরী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমির আনোয়ারুল আলম চৌধুরী-সহ মাদার্শা যুব উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

উচ্চ আদালতের বিচারক নিয়োগবিধি সংস্কার খুবই গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :   ঢাকা, ২৮ ডিসেম্বর, ২০২৪ খৃ. – অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, উচ্চ আদালতে ভালো বিচারক নিয়োগ দিতে হবে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার বিধায়  অবিলম্বে নিয়োগ-বিধির সংস্কার করা প্রয়োজন। আজ রাজধানীর কলেজ রোডের বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউশনের মিলনায়তনে উচ্চ আদালতে বিচারক নিয়োগ পদ্ধতি সংস্কার নিয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। তিনি বলেন, ‘বর্তমান নিয়োগ বিধি পদ্ধতি যথাযথভাবে কাজ করছে না। আদালতের মাধ্যমে নিপীড়ন-নির্যাতনের ক্ষেত্রে বিগত সময়ে উচ্চ আদালতের বিচারক নিয়োগের বিধান সহায়তা করেছে।’ তিনি বলেন, ‘দেশের সকল নাগরিকদের মৌলিক অধিকার সংক্রান্ত মামলা উচ্চ আদালতের বিচারকরা শোনেন। অধিকাংশ ক্ষেত্রে তারা ফাইনাল এ্যাপিলেট কোর্ট হিসাবে কাজ করেন, নন ফান্ডামেন্টাল বিষয়ে চাইলে তারা ব্যাখ্যা দিতে পারেন এমনকি নিম্ন আদালতের তদারকি ক্ষমতা তাদের। এই প্রতিষ্ঠানটা যদি নষ্ট করা যায়, তাহলে বাংলাদেশে যেকোন দমনাত্মক সরকার এসে সকল ধরনের মানবাধিকার দমন করার একটা অবাধ সুযোগ পেয়ে যায়। এবং ঠিক এই কাজটাই গত ১৫ বছরে করা হয়েছে। উচ্চ আদালত মানবাধিকার হরণ করার এবং মানুষকে নির্যাতন করার একটি হাতিয়ারে পরিণত হয়েছিল। দিনের পর দিন বিচার ছাড়াই জেলে আটকে রাখতে আপিল বিভাগ জামিনের শুনানি পিছিয়েছে।’ ড. আসিফ নজরুল বলেন, ‘শুধুমাত্র উচ্চ আদালতে বিচারক নিয়োগের ক্ষেত্রে অনাচার হয় না, আপিল বিভাগে নিয়োগের ক্ষেত্রে অথবা প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে, কিংবা বেঞ্চ গঠনের ক্ষেত্রে অনাচার হয় এটা আমরা আগে দেখেছি। প্রত্যেকটা বিষয়কে আমরা নিয়ে আসতে চেষ্টা করব।’ এ সময় উচ্চ আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রে নিয়োগ বিধির সংস্কার বিষয়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের আগ্রহের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, আমরা খুবই ভাগ্যবান যে আমরা উদারমনস্ক একজন প্রধান বিচারপতি হিসেবে পেয়েছি যিনি এই সমস্যাগুলোর সমাধান করার জন্য আমাদের মতই সমান ভাবে আগ্রহী। একই সাথে ২৩ জন বিচারপতি নিয়োগের ঘটনাকে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের কাছে বারবার অভিযোগ আসছিল যে যারা বিচারকের পদে তখনও আসীন ছিলেন তারা একটি সুনির্দিষ্ট দলের প্রতি প্রচন্ড ভাবে অনুগত ছিলেন এবং তাদের অনেকেই অনেক অনাচার করেছেন। এমনকি জুডিশিয়াল ক্যু হওয়ারও আশঙ্কা ছিল, এ কারণে দ্রুততম সময়ে কাজ করতে আইনের জন্য আমরা অপেক্ষা করতে পারছিলাম না। হাতে সময় ছিল না কিন্তু করার ছিল অনেক কিছু তাই তাদেরকে সেখানে নিয়োগ দেয়া হয়েছে।’ উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আইন উপদেষ্টা যথাযথভাবে দ্রুততম সময়ের মধ্যে আদালতের বিচারক নিয়োগের পদ্ধতি সংস্কার করে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহত, নিহত এবং রাজপথে নেমে আসা মানুষদের দাবি সফল করার আশাবাদ ব্যক্ত করেন। বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ভার্চুয়াল মাধ্যমে সভায় যোগ দিয়ে বলেন, ‘বিচারপতি ও উচ্চ আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রে রাজনীতির ব্যাপারে আমাদের কোন সমস্যা নেই তবে, ‘দলীয় রাজনীতির মুখপাত্র’রা যেন বিচারক হিসেবে নিয়োগ না পান সেটা নিশ্চিত করতে হবে। কাউন্সিল গঠনের সময় এ বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে।’ এ সময় উপস্থিত বক্তারা সকলেই উচ্চ আদালতে বিচারক নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতা বয়সসহ যোগ্যতা এবং স্বচ্ছতার ব্যাপারে জোর দেন। দলীয়করণ কিংবা অসততার বিরুদ্ধে গিয়ে আইনগতভাবে বিচারক নিয়োগের প্রক্রিয়াকে তারা স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি শামীম হাসনাইন ও বিচারপতি শেখ মিফতাহ উদ্দিন চৌধুরী। আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, সিনিয়র আইনজীবী ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক সিনিয়র এডভোকেট ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, বিশিষ্ট আইনজীবী এহসানুল হক সমাজি, সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন আহমেদ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রিজওয়ানুল ইসলাম প্রমুখ।

Read More »

২০২৬ সালের এসএসসির সিলেবাস ও মানবণ্টন প্রকাশ

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, নবম-দশম শ্রেণিতে বিভাগ বিভাজন ফিরিয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস, প্রশ্নকাঠামো বা নমুনা প্রশ্ন ও মানবণ্টন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। শনিবার (২৮ ডিসেম্বর) বোর্ডের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।   বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ব্যবহারিক না থাকা বিষয়গুলোতে ৭০ নম্বর রচনামূলক ও ৩০ নম্বর বহুনির্বাচনি অংশ থেকে প্রশ্ন থাকবে। রচনামূলক প্রশ্নে সৃজনশীল অংশের জন্য ৫০ ও সংক্ষিপ্ত উত্তরে জন্য ২০ নম্বর বরাদ্দ থাকবে।   আর ব্যবহারিকসহ বিষয়গুলোতে তত্ত্বীয় অংশে ৭৫ ও ব্যবহারিক অংশে ২৫ নম্বর থাকবে। তত্ত্বীয় অংশে সৃজনশীল প্রশ্নের জন্য ৪০ নম্বর, সংক্ষিপ্ত উত্তরের জন্য ১০ নম্বর ও বহুনির্বাচনি অংশে ২৫ নম্বর থাকবে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর ১০, প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর ২ ও প্রতিটি বহুনির্বাচনি ১ নম্বর করে থাকবে।   প্রসঙ্গত, এর আগে গত ১ সেপ্টেম্বর আওয়ামী লীগ সরকারের সময়ে প্রণীত ‘নতুন শিক্ষাক্রম বা জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১’ থেকে আনুষ্ঠানিকভাবে বাতিল করে শিক্ষা মন্ত্রণালয়। সিলেবাস, প্রশ্নকাঠামো বা নমুনা প্রশ্ন ও মান বণ্টন দেখতে ওয়েবসাইটে ক্লিক করুন।

Read More »

গাজীপুরে ১৬ একর বনভূমি উদ্ধার বনভূমির অবৈধ দখলকারীরা যত প্রভাবশালীই হোক, কঠোর ব্যবস্থা নেওয়া হবে

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : গাজীপুর, ১৩ পৌষ (২৮ ডিসেম্বর): পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বনভূমি ও পরিবেশ সুরক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে। অবৈধ দখলদাররা যত প্রভাবশালীই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ৫ আগস্টের পরে গাজীপুরে অবৈধভাবে দখল হওয়া ৯০ একর বনভূমির মধ্যে ১৬ একর ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। উপদেষ্টা আজ গাজীপুরে জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে বন ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, বন দখলকারীদের প্রতিরোধ করতে কীভাবে কাজ করতে হয় তা আমরা জানি। আগামী তিন মাসের মধ্যে দখল হওয়া জমি উদ্ধারের পরিকল্পনা করা হয়েছে। জেলাপ্রশাসকদের বনের সীমানা নির্ধারণের কাজ দ্রুত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, বৃক্ষনিধন ও শিল্পকারখানার দূষণ বন্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ অধিদপ্তরকে ছাড়পত্র দেওয়ার আগে সব দিক পর্যবেক্ষণ করতে হবে এবং নবায়নের সময় জনগণের মতামত নিতে হবে। স্থানীয় পরিবেশ সমস্যা, বনভূমি দখল ও দূষণ নিয়ে মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা মতামত দেন। উপদেষ্টা এসব সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি পরিবেশ রক্ষায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি নাগরিকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে গাজীপুরের জেলাপ্রশাসক নাফিসা আরেফিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার, আর্মি সিকিউরিটি ইউনিটের অধিনায়ক, ৬৩ বিজিবির অধিনায়ক, গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব, বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাগণ, সরকারি-বেসরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ।

Read More »

পার্বত্য এলাকার মানুষের সমস্যা সমাধানে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : বান্দরবান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য এলাকার মানুষ নিজেদের সমস্যার কথা গুছিয়ে বলতে জানে না। তাই এ এলাকার সহজ সরল মানুষের সমস্যা অনুভব করে তা দ্রুত সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। উপদেষ্টা আজ বান্দরবান সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সের সম্প্রসারিত প্রশাসনিক ভবন উদ্বোধন শেষে প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মতবিনিময় সভায় পার্বত্য উপদেষ্টা পাহাড়ের সকল সম্প্রদায়ের জন্য সরকারি সুযোগ-সুবিধা ন্যায্যতার ভিত্তিতে প্রদান এবং মানসম্মত শিক্ষা ও উন্নয়ন নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি জোর দিয়ে বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা সবার আগে নিশ্চিত করতে হবে। এর আগে বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিককের সাথে মতবিনিময়কালে উপদেষ্টা বলেন, সারাদেশের মতো পার্বত্য এলাকার ভূমি সমস্যা নিরসনে সরকার কাজ করছে। তিন পার্বত্য জেলার মানুষের একটাই দাবি ভূমি কমিশনকে কার্যকর করা। এ লক্ষ্যে পার্বত্য এলাকার ভূমি সমস্যা নিরসনের জন্য ইতোমধ্যে ভূমি মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের মাধ্যমে ভূমি কমিশন নিয়োগের কাজ চলছে।  এছাড়া, উপদেষ্টা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে এক কোটি টাকা ব্যয়ে বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত ভবন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে ৫ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স উদ্বোধন করেন। এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলাপ্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান রিপন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার হোছাইন মোহাম্মদ রায়হান কাজেমী, অতিরিক্ত জেলাপ্রশাসক মো. আবু তালেব, ভারপ্রাপ্ত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল উদ্দিন, র্পাবত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাতসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Read More »

বাংলা একাডেমির সাম্মানিক ফেলোশিপ ও পুরস্কার প্রদান

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, বাংলা একাডেমির ৪৭তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে আজ। বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সাতজনকে বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ-২০২৪ ও ছয়জনকে বাংলা একাডেমি পরিচালিত ছয়টি পুরস্কার দেওয়া হয়। শনিবার বাংলা একাডেমি প্রাঙ্গণে শিল্পী ফেরদৌস আরার নেতৃত্বে সাংস্কৃতিক সংগঠন ‘সুরসপ্তক’-এর পরিবেশনায় জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা ও বাংলা একাডেমির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ-২০২৪ এবং বাংলা একাডেমি পরিচালিত ছয়টি পুরস্কার হলো- সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০২৪, সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার ২০২৪, কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার ২০২৪, অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার ২০২৪, আবু রুশ্দ সাহিত্য পুরস্কার ২০২৪ এবং রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৪ প্রদান করা হয়। বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ-২০২৪ প্রাপ্তরা হচ্ছেন- মঈদুল হাসান (মুক্তিযুদ্ধ), রিচার্ড এম ইটন (ইতিহাস), অধ্যাপক ডা. সায়েবা আখ্তার (চিকিৎসাবিজ্ঞান), ড. ফেরদৌসী কাদরী (বিজ্ঞান), সুগত চাকমা (ভাষা গবেষণা),  শহিদুল আলম (শিল্পকলা) ও শম্ভু আচার্য (শিল্পকলা)। সদ্য প্রয়াত অনুবাদক ও গবেষক মোহাম্মদ হারুন-উর-রশিদ ‘সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার-২০২৪’, প্রাবন্ধিক-গবেষক ড. ওয়াকিল আহমদ ‘সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার-২০২৪’, শিশুসাহিত্যিক আবু সালেহ ‘কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার-২০২৪’, নাট্যজন নায়লা আজাদ ‘অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার-২০২৪’, কথাসাহিত্যিক নাসিমা আনিস ‘আবু রুশ্দ সাহিত্য পুরস্কার-২০২৪’, কথাসাহিত্যিক সুশান্ত মজুমদার (সামগ্রিক অবদানের জন্য) ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার-২০২৪’ এবং কথাসাহিত্যিক সুমন মজুমদার অনূর্ধ্ব ৪৯ বছর বয়সী লেখকদের মধ্যে ২০২৩ সালে প্রকাশিত ‘রাইমঙ্গল’ উপন্যাসের জন্য ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার-২০২৪’-এ ভূষিত হয়েছেন। পুরস্কার ও ফেলোশিপপ্রাপ্ত গুণীজণদের হাতে পুরস্কারের অর্থমূল্য, সম্মাননাপত্র, সম্মাননা-স্মারক ও ফুলেল শুভেচ্ছা তুলে দেন একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এবং মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।   সভায় বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং একাডেমির সচিব মোহা. নায়েব আলী ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট অবহিত করেন। বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের সভাপতিত্বে একাডেমির সদস্যবৃন্দ বার্ষিক প্রতিবেদন ও বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় অংশ নেন। সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং উত্থাপিত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মহাপরিচালক বক্তৃতা করেন। সারাদেশ থেকে আগত একাডেমির ফেলো, জীবনসদস্য ও সাধারণ সদস্যদের সম্মতিক্রমে ২৫ নভেম্বর ২০২৩ তারিখে অনুষ্ঠিত ৪৬তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন ঘোষণা করা হয়। বাংলা একাডেমির ৪৭তম সাধারণ পরিষদের বার্ষিক সভার কার্যক্রম পরিচালনা করেন একাডেমির উপ-পরিচালক সায়েরা হাবীব, কাজী রুমানা আহমেদ সোমা, ড. সাহেদ মন্তাজ, রোকসানা পারভীন স্মৃতি এবং সহপরিচালক (চলতি দায়িত্ব) ড. মাহবুবা রহমান।

Read More »

সচিবালয়ে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা সাময়িক : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার সংক্রান্ত সিদ্ধান্তটি সাময়িক। তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে দ্রুতই এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসানের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। ওই বার্তায় বলা হয়, ‘সুপ্রিয় সাংবাদিক ভাইবোন, আসসালামু আলাইকুম। শুভ সকাল। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত চলমান থাকার প্রেক্ষিতে সাংবাদিকদের প্রবেশাধিকারের বিষয়ে উপরিউক্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি সাময়িক। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে সভা করে, দ্রুত এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’ এর আগে, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী  খোদা বখস চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে বেসরকারি ব্যক্তিদের অনুকূলে ইস্যুকৃত সচিবালয় প্রবেশের অস্থায়ী কার্ড বাতিল করা হয়। পাশাপাশি, সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়।

Read More »

সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড শিগগিরই পর্যালোচনা করা হবে: প্রধান উপদেষ্টার প্রেস উইং

ডেস্ক রিপোর্ট / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :   ঢাকা, ২৮ ডিসেম্বর, ২০২৪ খৃ. – সচিবালয়ে প্রবেশের সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের বিষয়টি শিগগিরই পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে সরকার। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। প্রেস উইং আরও জানায়, চলতি সপ্তাহে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা তথা কী পয়েন্ট ইনস্টলেশন (কেপিআই) সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের নিরাপত্তা বিবেচনায় অন্যান্য সকল বেসরকারি পাসের পাশাপাশি বর্তমান অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে সাংবাদিকদের প্রবেশও সীমিত করা হয়েছে। সরকার শিগগিরই বিদ্যমান প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডগুলো পর্যালোচনা করবে এবং নতুন অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করার জন্য তথ্য অধিদপ্তরের (পিআইডি) মাধ্যমে সকল স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাছ থেকে নতুন অ্যাক্রিডিটেশন কার্ডের আবেদন আহ্বান করবে। এই সময়ে, যেকোনো ইভেন্টের জন্য সাংবাদিকরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নিয়মিত অস্থায়ী অ্যাক্সেস কার্ড পাবেন। সাময়িক এই অসুবিধার জন্য সরকার আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে  সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন ।

Read More »