সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :
ঢাকা, বাংলা একাডেমির ৪৭তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে আজ। বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সাতজনকে বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ-২০২৪ ও ছয়জনকে বাংলা একাডেমি পরিচালিত ছয়টি পুরস্কার দেওয়া হয়।
শনিবার বাংলা একাডেমি প্রাঙ্গণে শিল্পী ফেরদৌস আরার নেতৃত্বে সাংস্কৃতিক সংগঠন ‘সুরসপ্তক’-এর পরিবেশনায় জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা ও বাংলা একাডেমির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।
বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ-২০২৪ এবং বাংলা একাডেমি পরিচালিত ছয়টি পুরস্কার হলো- সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০২৪, সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার ২০২৪, কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার ২০২৪, অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার ২০২৪, আবু রুশ্দ সাহিত্য পুরস্কার ২০২৪ এবং রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৪ প্রদান করা হয়।
বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ-২০২৪ প্রাপ্তরা হচ্ছেন- মঈদুল হাসান (মুক্তিযুদ্ধ), রিচার্ড এম ইটন (ইতিহাস), অধ্যাপক ডা. সায়েবা আখ্তার (চিকিৎসাবিজ্ঞান), ড. ফেরদৌসী কাদরী (বিজ্ঞান), সুগত চাকমা (ভাষা গবেষণা), শহিদুল আলম (শিল্পকলা) ও শম্ভু আচার্য (শিল্পকলা)।
সদ্য প্রয়াত অনুবাদক ও গবেষক মোহাম্মদ হারুন-উর-রশিদ ‘সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার-২০২৪’, প্রাবন্ধিক-গবেষক ড. ওয়াকিল আহমদ ‘সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার-২০২৪’, শিশুসাহিত্যিক আবু সালেহ ‘কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার-২০২৪’, নাট্যজন নায়লা আজাদ ‘অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার-২০২৪’, কথাসাহিত্যিক নাসিমা আনিস ‘আবু রুশ্দ সাহিত্য পুরস্কার-২০২৪’, কথাসাহিত্যিক সুশান্ত মজুমদার (সামগ্রিক অবদানের জন্য) ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার-২০২৪’ এবং কথাসাহিত্যিক সুমন মজুমদার অনূর্ধ্ব ৪৯ বছর বয়সী লেখকদের মধ্যে ২০২৩ সালে প্রকাশিত ‘রাইমঙ্গল’ উপন্যাসের জন্য ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার-২০২৪’-এ ভূষিত হয়েছেন।
পুরস্কার ও ফেলোশিপপ্রাপ্ত গুণীজণদের হাতে পুরস্কারের অর্থমূল্য, সম্মাননাপত্র, সম্মাননা-স্মারক ও ফুলেল শুভেচ্ছা তুলে দেন একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এবং মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
সভায় বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং একাডেমির সচিব মোহা. নায়েব আলী ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট অবহিত করেন।
বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের সভাপতিত্বে একাডেমির সদস্যবৃন্দ বার্ষিক প্রতিবেদন ও বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় অংশ নেন। সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং উত্থাপিত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মহাপরিচালক বক্তৃতা করেন।
সারাদেশ থেকে আগত একাডেমির ফেলো, জীবনসদস্য ও সাধারণ সদস্যদের সম্মতিক্রমে ২৫ নভেম্বর ২০২৩ তারিখে অনুষ্ঠিত ৪৬তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন ঘোষণা করা হয়।
বাংলা একাডেমির ৪৭তম সাধারণ পরিষদের বার্ষিক সভার কার্যক্রম পরিচালনা করেন একাডেমির উপ-পরিচালক সায়েরা হাবীব, কাজী রুমানা আহমেদ সোমা, ড. সাহেদ মন্তাজ, রোকসানা পারভীন স্মৃতি এবং সহপরিচালক (চলতি দায়িত্ব) ড. মাহবুবা রহমান।
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-22_19-29-03-800.jpg)







![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-20_16-57-03-818.jpg)







