সর্বশেষ
সর্বশেষ

Day: October 8, 2026

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে ইউনিয়নভিত্তিক খেলার মাঠ স্থাপন ও ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণসংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : পিএমও ঢাকা, ৮ অক্টোবর, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তুলে শিশু-কিশোর ও তরুণদের জন্য সুস্থ, সুন্দর ও ক্রীড়াবান্ধব পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে সারাদেশে কমপক্ষে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশনা দিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে ইউনিয়নভিত্তিক খেলার মাঠ স্থাপন ও ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণসংক্রান্ত এক বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য জানান। তিনি জানান, বৈঠকে প্রধানমন্ত্রী ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতি দুই থেকে তিনটি ওয়ার্ডের জন্য অন্তত একটি করে খেলার মাঠ নিশ্চিত করার নির্দেশ দেন। এরই অংশ হিসেবে আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ৪০টি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ৯০টি মাঠ খেলাধুলার উপযোগী করে নিয়মিত ক্রীড়া কার্যক্রম চালুর আলোচনা হয়। উপ-প্রেস সচিব জানান, নির্বাচনী ইশতেহারে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী প্রতিটি ইউনিয়নে অন্তত একটি করে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ দেন। আগামী প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার সুযোগ সম্প্রসারণ এবং মাঠগুলো সবার জন্য উন্মুক্ত রাখার ওপরও গুরুত্ব দেন তিনি। বৈঠকে জানানো হয়, দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে পর্যায়ক্রমে খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ২৭টি জেলায় খেলার মাঠের জন্য ৪০৩টি খাসজমি চিহ্নিত করা হয়েছে। এমনকি প্রতিটি মাঠের আয়তন সর্বনিম্ন তিন থেকে সর্বোচ্চ আট বিঘা নির্ধারণের পরিকল্পনা রয়েছে। মাঠগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ ও নিয়মিত ক্রীড়া কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রতিটি উপজেলায় একজন করে ক্রীড়া কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, ভলিবল ও ব্যাডমিন্টনসহ ১০টি ক্রীড়া ইভেন্টে প্রায় ১৪ লাখ কিশোর-কিশোরীকে সম্পৃক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী খুলনা থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় এ ক্রীড়া কর্মসূচির উদ্বোধন করবেন। বৈঠকে বিদ্যমান উপজেলা স্টেডিয়ামগুলো সচল ও খেলাধুলার উপযোগী করা, দখল হয়ে যাওয়া খেলার মাঠ উদ্ধার এবং প্রতিটি বিদ্যালয়ে নিয়মিত খেলাধুলা ও ক্রীড়া ক্লাব কার্যক্রম চালুর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। প্রধানমন্ত্রী দেশের সব খেলার মাঠ সংরক্ষণ, সারা বছর খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রাখা এবং আগামী পাঁচ বছরের মধ্যে একটি সুস্থ, সুন্দর ও ক্রীড়াবান্ধব প্রজন্ম গড়ে তুলতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন বলেও জানান সুজন মাহমুদ। বৈঠকে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আসাদুল হাবীব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন উপস্থিত ছিলেন। সুত্র. বাসস

Read More »

রংপুরে সাঁড়াশি অভিযানে ৯টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : রংপুরে সাঁড়াশি অভিযান চালিয়ে ৯টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কোতয়ালী থানা পুলিশ। এ ঘটনায় মোটরসাইকেল চোরচক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় বুধবার (৭ অক্টোবর) কোতয়ালী থানাধীন কাচারী বাজারসহ রংপুর জেলার পীরগঞ্জ, মিঠাপুকুর ও বদরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে মোট ৯টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। একই সঙ্গে মোটরসাইকেল চুরি মামলায় জড়িত থাকার অভিযোগে মোস্তাফিজুর রহমান (২৮), হুমায়ুন কবীর ওরফে রাব্বী (১৯), ওবায়দুল হক (৩৪) ও রমজান আলী (১৯)-কে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মোটরসাইকেল চুরির ঘটনায় দায়ের করা মামলায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের বিধি অনুযায়ী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। আরপিএমপি জানিয়েছে, অপরাধ দমন, চোরাই মালামাল উদ্ধার এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Read More »

লায়ন্স ক্লাব অব রংপুরের উদ্যোগে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম শিক্ষার্থীদের খাদ্য সামগ্রী বিতরণ

জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২ বাংলাদেশ এর উদ্যোগে ‘অক্টোবর সেবা পক্ষ ২০২৬ উপলক্ষে লায়ন্স ক্লাব অব রংপুরের উদ্যোগে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় রংপুর এর শিক্ষার্থীদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গতকাল (৮ অক্টোবর) বৃহস্পতিবার বেলা ১২টায় লায়ন্স স্কুল এন্ড কলেজ হলরুমে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম শিক্ষার্থীদের খাদ্য সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোছাঃ শাহানাজ পারভীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট লায়ন মনজিল মুরাদ লাভলু এমজেএফ। এ সময় উপস্থিত ছিলেন কনভেনশন কো চেয়ারম্যান, রিজিওনাল চেয়ারপার্সন হেডকোয়াটার ও লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বোডির চেয়ারম্যন লায়ন মোঃ এনামুল হক সোহেল, এমজেএফ, আইপিপি লায়ন নাসরিন হক ববি এমজেএফ, ক্লাব পরিচালক মোঃ সফিকুল ইসলাম মিঠু, ক্লাব পরিচালক মোছাঃ জেবুন্নেছা জেবিন, ক্লাব পরিচালক মাহামুদ এলাহী বিপ্লব, ক্লাব পরিচালক আলহাজ্ব আব্দুল হালিম বুলু, ক্লাব পরিচালক মোঃ জাকারিয়া ইসলাম, লায়ন জেসমিন আক্তার, জলঢাকা লায়ন্স ক্লাবের সভাপতি মোছাঃ সুমাইয়া সার্থক, লায়ন্ম স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইনামুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন লিও ক্লাব অফ রংপুর সেন্ট্রাল এর লিও নেতৃবৃন্দ।

Read More »

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ০৭ অক্টোবর ২০২৬ খৃ. – ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি মোঃ আবুল খায়ের ভুঁইয়া, এমপি, বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটির সদস্য মোরশেদ মিলটন, অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দীন, মোহাম্মদ আবু সুফিয়ান, মোঃ ফজলে হুদা, কামরুজ্জামান কামরুল, আলফারুক আব্দুল লতীফ, শেখ মনজুরুল হক (রাহাদ) এবং মোঃ আতাউর রহমান অংশগ্রহণ করেন। কমিটির সভাপতির বিশেষ আমন্ত্রণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর কমিটির সদস্যদের পরিচিতি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর/সংস্থাসমূহের প্রধানদের সঙ্গে কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর/সংস্থাসমূহের কার্যক্রম সম্পর্কে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এ সময় সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও কমিটিকে অবহিত করা হয়। কমিটির সভাপতি তাঁর স্বাগত বক্তব্যের শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের রুহের মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে তিনি ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত ছাত্র-জনতাকেও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আন্দোলনে আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বৈঠকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে ব্যাপক প্রচারের যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে। যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং তাদের ক্রীড়া ও কর্মমুখী কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে বেকার যুবক-যুবতীদের বিভিন্ন প্রশিক্ষণের আওতায় আনা এবং সারা দেশে উপজেলা পর্যায়ে প্রতিবছর নিয়মিত খেলাধুলার আয়োজন করার জন্য কমিটি সুপারিশ করে। বৈঠকে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রকল্প কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বিভিন্ন নির্মাণকাজে ঠিকাদাররা যাতে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করতে না পারে, সে বিষয়ে যথাযথ নজরদারি ও মাননিয়ন্ত্রণ নিশ্চিত করার জন্য কমিটি সুপারিশ করে। প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণ এবং সারা দেশে পর্যায়ক্রমে বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে। বৈঠকে নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের হয়রানি প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়। এ ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের জন্য কমিটি সুপারিশ করে। বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবগণ, বিভিন্ন সংস্থা ও অধিদপ্তরের প্রধানগণ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাগণ এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Read More »

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ত্রয়োদশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক আজ সংসদ ভবনে কমিটির সভাপতি মুন্সী রফিকুল আলম, এমপি, বৈঠকে সভাপতিত্ব অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, এস এ জিন্নাহ কবীর, নাদিয়া পাঠান পাপন, মোসাম্মৎ শাম্মী আক্তার, এ টি এম আজহারুল ইসলাম এবং মুহাম্মদ আলী আছগার অংশগ্রহণ করেন। বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয় এবং সভাপতির পক্ষ থেকে তাঁদের ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়। পরবর্তীতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর/সংস্থাসমূহের প্রধানদের সঙ্গে কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। বৈঠকে মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর/সংস্থাসমূহের কার্যক্রম সম্পর্কে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। একই সঙ্গে সরকারের বিগত ছয় মাসে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়। কমিটির সভাপতি তাঁর স্বাগত বক্তব্যের শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের রুহের মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে তিনি ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত ছাত্র-জনতাকেও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আন্দোলনে আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বৈঠকে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে ভূমিকম্প মোকাবিলায় বিদ্যমান প্রস্তুতি সম্পর্কে পরবর্তী সভায় কমিটিকে অবহিত করার জন্য সুপারিশ করা হয়। এছাড়া, দুর্যোগ প্রবণ এলাকায় দ্রুত আগাম বার্তা পৌঁছানোর কার্যকর ব্যবস্থা গ্রহণ, জেলাভিত্তিক আশ্রয়কেন্দ্র ও স্বেচ্ছাসেবকদের তালিকা পরবর্তী সভায় উপস্থাপন এবং তা স্থানীয় সংসদ সদস্যদের নিকট প্রেরণের জন্য কমিটি সুপারিশ করে। বৈঠকে প্রকল্প কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বিভিন্ন সাহায্য-সহযোগিতা ও বরাদ্দ যথাযথভাবে বিতরণ, আশ্রয় কেন্দ্রগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন ও ব্যবহারোপযোগী রাখা এবং নির্মাণ কাজে ঠিকাদাররা যাতে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করতে না পারে, সে বিষয়ে যথাযথ নজরদারি নিশ্চিত করার জন্য কমিটি সুপারিশ করে। বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব/যুগ্ম সচিবগণ, বিভিন্ন সংস্থা ও অধিদপ্তরের প্রধানগণ এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Read More »