সর্বশেষ
সর্বশেষ

Day: November 13, 2026

ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত ঢাকা, ১২ নভেম্বর ২০২৬ – ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কমিটির সভাপতি জহির উদ্দিন স্বপন এমপির অনুপস্থিতিতে কমিটির সদস্যদের সমর্থনে কাজী রফিকুল ইসলাম এমপি সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটির সদস্য প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি, মঈনুল ইসলাম খান, মোহাম্মদ ফখরুল ইসলাম, মোঃ শওকতুল ইসলাম, মোসা: ফরিদা ইয়াসমিন, মোঃ সাইফুল আলম এবং মোঃ রাশেদুল ইসলাম রাশেদ উপস্থিত ছিলেন। বৈঠকে পাবলিক প্রকিউরমেন্ট বিল, ২০২৬ পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন প্রণয়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় বিলটি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা, পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও পরিমার্জনের পর সংসদে প্রতিবেদন উপস্থাপনের বিষয়ে কমিটি সিদ্ধান্ত গ্রহণ করে। বৈঠকে সংসদ সচিবালয়ের সচিব, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের যুগ্ম সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Read More »

নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন নয়: অপতথ্যের বিরুদ্ধেও কঠোর অবস্থান- ডেপুটি স্পীকার

ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ – জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়সার কামাল বলেছেন, আমরা নিরাপত্তার নামে বাকস্বাধীনতা কখনো দমন করব না, কিংবা কারো মর্যাদাহানির উদ্দেশ্যে বাকস্বাধীনতার ছদ্মবেশে অপতথ্য ছড়াতেও দেব না। তিনি আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর নিরাপত্তা ও কৌশলগত অধ্যয়ন অনুষদ (FSSS) কর্তৃক আয়োজিত “ডিজিটাল যুগে নিরাপত্তা ও মানবাধিকারের প্রতি চ্যালেঞ্জ: বাংলাদেশ প্রেক্ষাপটে ভুল তথ্য ও অপতথ্য মোকাবেলা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি বলেন, এক দশকেরও বেশি সময় ধরে পূর্ববর্তী সরকার আইসিটি আইন, ডিএসএ আইন এবং সাইবার নিরাপত্তা আইনের মতন কঠোর ডিজিটাল নিরাপত্তা আইনগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল। গুজব বন্ধ করার অজুহাতে সেই আইনগুলো ছাত্রদের কারারুদ্ধ করতে, সাংবাদিকদের মুখ বন্ধ করতে এবং ভিন্নমত দমন করতে প্রয়োগ করা হয়েছিল। তিনি বলেন, সেই অন্ধকার ইতিহাসের পুনরাবৃত্তি যাতে আর না ঘটে তার জন্য বর্তমান সরকার দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। সেমিনারে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডেপুটি স্পীকার বলেন, তরুণদের কেবল ডিজিটাল কনটেন্টের ভোক্তা হয়ে থাকলে চলবে না; বরং দায়িত্বশীলতা ও বিচারবুদ্ধিসম্পন্ন চিন্তাশক্তির মাধ্যমে তাদের সত্যের দূত হয়ে উঠতে হবে এবং ডিজিটাল জনপ্রিয়তার চেয়ে মানবিক মর্যাদাকে অধিক গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, ডিজিটাল সাক্ষরতার এই অগ্রযাত্রায় তোমরা নেতৃত্ব দাও। কোনো চাঞ্চল্যকর পোস্ট শেয়ার করার আগে বা কোনো ক্ষোভ সৃষ্টিকারী ভিডিওতে প্রতিক্রিয়া জানানোর আগে থামো, উৎস যাচাই করো, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলো, যারা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়, তাদের হাতিয়ার হতে নিজের আঙুলকে প্রত্যাখ্যান করো। ডেপুটি স্পীকার বিইউপির সাবেক শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ জুলাই গণঅভ্যুত্থানে শহিদ সকলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের দিকে তাকালে আমি কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরই দেখি না, বরং আমি দেখতে পাই ‘জুলাই বিপ্লব’ এর অগ্রপথিকদের। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে তোমরাই পনেরো বছরের এক স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসনের মুখোমুখি দাঁড়িয়েছিলে। যখন ক্ষমতাচ্যুত সরকার তাদের নৃশংসতা আড়াল করতে ইন্টারনেট ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন করে দিয়েছিল, তখন এই বাংলাদেশে তোমারাই সত্যকে বাঁচিয়ে রেখেছিলে। তোমরাই প্রমাণ করেছ যে, কোনো স্বৈরশাসকই একটি সচেতন ও নির্ভীক প্রজন্মকে চিরতরে স্তব্ধ করে রাখতে পারে না। তোমরাই সেই প্রজন্ম যারা আমাদের ভোটাধিকার পুনরুদ্ধার করেছ এবং আমাদের গণতন্ত্র উপহার দিয়েছ। কায়সার কামাল বলেন, আজ আমাদের মুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশে আমাদের নিরাপত্তা ও মানবিক মর্যাদার প্রতি এক নতুন ও গভীর ষড়যন্ত্রমূলক হুমকী হল ভুল তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত অপতথ্যের সুপরিকল্পিত ব্যবহার। তিনি বলেন, আমরা এমন এক যুগে বাস করছি যেখানে একটি মাত্র ক্লিকে লক্ষ লক্ষ মানুষকে সংযুক্ত করা সম্ভব; আবার একটি মাত্র মিথ্যা বার্তা আতঙ্ক, ঘৃণা, বিভ্রান্তি, এমনকি সহিংসতারও জন্ম দিতে পারে। ডিজিটাল প্রযুক্তি শিক্ষা, স্বাস্থ্যসেবা, আর্থিক পরিষেবা, জনতথ্য এবং অর্থনৈতিক সুযোগের পরিধিকে প্রসারিত করার মাধ্যমে আমাদের সমাজব্যবস্থাকে আমূলে বদলে দিয়েছে। তিনি বলেন, এই সুযোগগুলোর পাশাপাশি প্রযুক্তি কিছু গুরুতর চ্যালেঞ্জও নিয়ে এসেছে। ভুল তথ্য, উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা তথ্য, অনলাইন হয়রানি, পরিচয় চুরি, সাইবার অপরাধ, বিদ্বেষমূলক বক্তব্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার আমাদের সমাজ, ব্যক্তিগত নিরাপত্তা ও মানবিক মর্যাদার জন্য ক্রমবর্ধমান হুমকি হয়ে দাঁড়িয়েছে। ভুল তথ্য এবং অপতথ্যের পার্থক্য উল্লেখ করে তিনি বলেন, উভয়ই ব্যক্তি, সম্প্রদায় এবং রাষ্ট্রের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে এই চ্যালেঞ্জগুলো বিশেষ মনোযোগের দাবি রাখে। প্রতিনিয়ত পরিবর্তনশীল ডিজিটাল পরিমণ্ডলে বাংলাদেশের সংবিধানে প্রদত্ত মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রেখে কীভাবে এই চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করা যায় সেই প্রসঙ্গ সামনে এনে তিনি বলেন, আমাদের সমালোচনামূলক চিন্তাভাবনার সংস্কৃতি গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও স্কুলগুলোর পাঠ্যক্রমে ডিজিটাল সাক্ষরতা, তথ্য যাচাইকরণ এবং দায়িত্বশীল অনলাইন আচরণের বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে। গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি বলেন, সঠিকতা, নিরপেক্ষতা ও পেশাগত নৈতিকতা বজায় রাখার ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, তাদের উচিত স্বচ্ছতা বৃদ্ধি করা এবং ক্ষতিকর মিথ্যা তথ্য রিপোর্ট করার কার্যকর ব্যবস্থা রাখা। ভুল তথ্য এবং অপতথ্য রোধে বাংলাদেশের সরকারি সংস্থা, আইন প্রয়োগকারী বাহিনী, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সুশীল সমাজের মধ্যে কার্যকর প্রাতিষ্ঠানিক সমন্বয় প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন, এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে সরকারের পাশাপাশি শিক্ষাবিদ, সাংবাদিক, সুশীল সমাজ, ধর্মীয় নেতা, তরুণ এবং সাধারণ নাগরিকসহ দেশের সকলের সহযোগিতা প্রয়োজন। সেমিনারে প্যানেল আলোচক হিসেবে আলোচনা করেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্রাটেজি, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত উপদেষ্টা ডাঃ জাহেদ উর রহমান, ওসমানী শান্তি ও নিরাপত্তা অধ্যয়ন কেন্দ্র (OCPASS) এর চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ মাহফুজুর রহমান, বিইউপির আইন বিভাগের সহকারী অধ্যাপক প্রীতি কণা শিকদার এবং ওয়াকিলা হোসাইন। সেমিনারে বিইউপির উপাচার্য, উপ-উপাচার্যসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

‘গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র তৃতীয় বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / ঢাকা, বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ – ত্রয়োদশ জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা এমপি’র সভাপতিত্বে আজ (বুধবার) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটি বৈঠকে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২৬’ নিয়ে বিস্তারিত আলোচনা করে। কমিটির সদস্যবৃন্দ বিলটির প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা ও যাচাই বাছাই করে জাতীয় সংসদের অধিবেশনে রিপোর্ট আকারে উপস্থাপনের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করে। বৈঠকে কমিটির অন্যান্য সদস্যবৃন্দ; গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের এমপি, মোঃ মোশারফ হোসেন এমপি, শেখ মজিবুর রহমান ইকবাল এমপি, মোঃ রুহুল আমিন এমপি এবং মোঃ তাজউদ্দীন খান এমপি অংশগ্রহণ করেন। বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »