সর্বশেষ
সর্বশেষ

Day: March 6, 2023

আমাদের উদ্দেশ্য স্মার্ট এবং টেকসই ভূমি ব্যবস্থাপনা স্থাপন – ভূমিমন্ত্রী

ভূমি খাতে সুশাসন নিশ্চিত করতে হবে – ভূমিমন্ত্রী জিল্লুর রহমান / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : (ঢাকা, রবিবার, ৫ মার্চ, ২০২৩) ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন জনবান্ধব ভূমি সেবা প্রদান করতে ভূমি খাতে সুশাসন নিশ্চিত করতে হবে। আজ রবিবার রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ভূমি ভবনের কেন্দ্রীয় সেমিনার হলে আয়োজিত ১৩৩তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এ কথা বলেন। ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ সিভিল সার্ভিস এর প্রশাসন ও পুলিশ ক্যাডার এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের – ৭০ জন কর্মকর্তা নিয়ে আয়োজিত ৬ সপ্তাহের এই প্রশিক্ষণ কোর্সটি আজ শেষ হলো। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (ডিএলআরএস) সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ প্রদান করে থাকে। উপস্থিত প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের থেকে ভূমিমন্ত্রীর কি আশা, তা জানাতে গিয়ে ভূমিমন্ত্রী বলেন, “মানুষকে কষ্ট দিবেন না, আপনার আউট অফ দ্যা বক্স চিন্তা করতে হবে এবং মানসিকতা বদলাতে হবে, আপনার কর্তব্য সচেতন হতে হবে এবং মানুষকে কিভাবে সেবা দেওয়া যায় সেটা আপনার চিন্তা-ভাবনায় থাকতে হবে”। ভূমিমন্ত্রী এ সময় প্রশিক্ষণ শেষ করা কর্মকর্তাদের ভূমি খাতে সুশাসন নিশ্চিত করতে কাজ করে যাওয়ার আহবান জানান। ভূমিমন্ত্রী এ সময় আরও বলেন, ‘হাতের মুঠোয় ভূমিসেবা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমিসেবা ডিজিটালাইজেশনের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় শুরু হওয়া ভূমি সংস্কার কার্যক্রম আজ কেবল স্লোগানে সীমাবদ্ধ নয় – আজ তা বাস্তবতা। তিনি বলেন, সিভিল সোসাইটির প্রতিনিধিবৃন্দ, যারা সমাজে ওয়াচডগ হিসেবে ভূমিকা রেখে থাকেন, তারাও বর্তমান সরকারের ভূমি সংস্কার কার্যক্রমকে অনুপ্রেরণামূলক উদ্যোগ বলে বর্ণনা করছেন। ভূমি মন্ত্রণালয়কে সরকারের ‘টপ-ফাইভ পারফর্মিং মিনিস্ট্রি’ বর্ণনা করে সাইফুজ্জামান চৌধুরী বলেন, এ জন্য আমাদের আত্মতুষ্টিতে ভুগলে চলবেনা। আমরা আরও ভালোভাবে কাজ করে যাওয়ার প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। আমরা ভালো কাজ করে ভবিষ্যতের জন্য উদাহরণ তৈরি করে দিতে চাই। আমাদের উদ্দেশ্য স্মার্ট এবং টেকসই ভূমি ব্যবস্থাপনা স্থাপন। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুল বারিক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ আবু বকর ছিদ্দিক এবং ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক ছিদ্দিকী। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় ও ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের এর কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এই কোর্সটির পরিচালক এবং ডিএলআরএস-এর পরিচালক এজাজ আহমেদ জাবের। প্রশিক্ষণ গ্রহণকারী তিনজন কর্মকর্তা প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন। পরে ভূমিমন্ত্রী কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

Read More »

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৪তম বৈঠক অনুষ্ঠিত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৪তম বৈঠক অনুষ্ঠিত ঢাকা, ৬ মার্চ, ২০২৩ খৃ. একাদশ জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ১৪তম বৈঠক কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ এমপি এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটি সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, স্বপন ভট্টাচার্য্য, মোঃ শাহে আলম, মোঃ ছানোয়ার হোসেন এবং আব্দুস সালাম মূর্শেদী উপস্থিত ছিলেন।      সভার শুরুতে ১৩তম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন করা হয়।      কমিটি দেশের সকল ঠিকাদারদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের আওতায় আনার সুপারিশ করে সেইসাথে দেশের গ্রামীণ রাস্তার মান বজায় রাখতে ও রাস্তার যত্ন নিশ্চিতে জনসাধারণকে সচেতন করার সুপারিশ করে।      কমিটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে বর্ষার মৌসুম আসার পূর্বেই প্রকল্পের কাজগুলো দ্রুত শেষ করার সুপারিশ করে। সেইসাথে রাস্তার পাশে মাছের ঘের করায় গ্রামীণ রাস্তা যে ক্ষতির সম্মুখীন হচ্ছে সেই বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে মৎস্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা সাপেক্ষে রাস্তা থেকে ৩-৫ ফুট দূরুত্বে মাছের ঘের করার নির্দেশনামালা তৈরীর সুপারিশ করে।      এছাড়াও বৈঠকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও সমবায় অধিদপ্তরের চলমান উন্নয়ন প্রকল্পসমূহের সার্বিক অগ্রগতি ও কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।      বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকতাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

Read More »

স্পীকারের সাথে আইএফপিআরআই মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

স্পীকারের সাথে আইএফপিআরআই মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ঢাকা, ০৬ মার্চ ২০২৩খৃ. বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-এর সাথে আজ তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (আইএফপিআরআই) মহাপরিচালক জোহান সুইনেন সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে তারা বর্তমান সরকারের অধীনে বাংলাদেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, কৃষিক্ষেত্রে নারীদের অংশগ্রহণ, কৃষি ও খাদ্যখাতের অধিকতর বিকাশ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন। স্পীকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কোভিডকালীন সময়ে খাদ্য সহায়তাসহ নানামুখী কার্যক্রম বাস্তবায়নে সরকার জনজীবনের সুরক্ষা প্রদান করেছে। কৃষি ও খাদ্যখাতে ভর্তুকি প্রদানসহ সরকারের জনমুখী পদক্ষেপ গ্রহণের কারণে কৃষিক্ষেত্রে নারীর অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ১৭ধরণের কৃষি কার্যক্রমে নারীরা সরাসরি সম্পৃক্ত। প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে কৃষিকাজে নিয়োজিত নারীদের অধিকতর দক্ষ করে তুলতে আইএফপিআরআই-এর সহযোগিতা কামনা করেন স্পীকার। বাংলাদেশের কৃষিখাতের অভূতপূর্ব অগ্রগতির প্রশংসা করে মহাপরিচালক বলেন, আইএফপিআরআই বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের কৃষিখাতের উন্নয়ন, উন্নতমানের খাদ্যশস্য উদ্ভাবন, পুষ্টিমান সংরক্ষণ ও খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করছে। জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবের সাথে সামঞ্জস্য রেখে কৃষিখাতের টেকসই উন্নয়ন ও কৃষিজাত পণ্যের রপ্তানি বৃদ্ধিতে আইএফপিআরআই গবেষণা পরিচালনা করছে। এসময়, প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে কৃষিকাজে নিয়োজিত নারীদের দক্ষতা বৃদ্ধিতে পরিকল্পনা গ্রহণের আশ্বাস দেন তিনি। স্পীকার বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। খাদ্য নিরাপত্তার বিষয়টি কৃষির সাথে জড়িত। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বাংলাদেশ খাদ্য রপ্তানিও করছে। খাদ্য বৈচিত্র্য ও কৃষিখাতের অধিকতর উন্নয়নে খাদ্য এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাথে আইএফপিআরআই-এর বৈঠকের পরামর্শ দেন স্পীকার। এসময়, আইএফপিআরআই-এর চিফ স্টাফ তিউনিস ভান রিনেন, আইএফপিআরআই দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক শহীদুর রশিদ ও অন্যান্য কর্মকর্তাগণ এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

জ্বালানি চাহিদা মেটাতে বাংলাদেশের পাশে থাকবে কাতার

জ্বালানি চাহিদা মেটাতে বাংলাদেশের পাশে থাকবে কাতার সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : কাতারের কাছে আরও এক মিলিয়ন টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দোহাও আশ্বাস দিয়েছে, জ্বালানি সংকট মেটাতে তারা ঢাকার পাশেই থাকবে। স্থানীয় সময় রোববার (৫ মার্চ) কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পর এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৈঠক শেষে কাতারের আমিরকে উদ্ধৃত করে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাতারের আমির বলেছেন, ‘আমি আপনাকে সাহায্য করতে চাই। কাতার সবসময় বাংলাদেশকে সাহায্য করতে এগিয়ে আসবে।’ প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে মোমেন জানান, প্রধানমন্ত্রী বৈঠকে বলেছেন, ‘আমরা কাতারের সাহায্য চাই। ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশ জ্বালানি সমস্যার সম্মুখীন হচ্ছে। আমি চুক্তি নবায়ন করতে চাই। আমি আরও এলএনজি চাই। জবাবে কাতারের আমির জানতে চান বাংলাদেশ কতটা জ্বালানি চায়।’ তাকে বলা হয়, বাংলাদেশ আরেকটি এমটিএ অর্থাৎ ১৬-১৭ কনটেইনার জ্বালানি চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে আমির বলেন, ‘আপনার কাতার ছাড়ার আগে জ্বালানি মন্ত্রী এ বিষয়ে আপনার সঙ্গে আলোচনা করবেন।’ ড. এ কে আব্দুল মোমেন আরও জানান, কাতারের আমির এ বছরই বঙ্গবন্ধুকন্যার আমন্ত্রণে বাংলাদেশ সফর করবেন বলে সম্মতি দিয়েছেন। বর্তমানে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় বাংলাদেশ কাতার থেকে বছরে প্রায় ৪০ কনটেইনার, অর্থাৎ আড়াই মিলিয়ন মেট্রিক টন এলএনজি আমদানি করছে। যুদ্ধের প্রেক্ষাপটে জ্বালানির বাজারে এমনিতেই দাম ঊর্ধ্বমুখী; তার মধ্যে জ্বালানি পণ্যের প্রাপ্যতার প্রশ্নেও জটিল পরিস্থিতি বিশ্বজুড়ে। এমন অবস্থায় জ্বালানি সংকট মেটাতে কাতারের সঙ্গে লেনদেনের মাত্রা আরও বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এলডিসি সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীর দোহা সফরে জ্বালানি পণ্য, বিশেষত আরও বেশি পরিমাণ এলএনজি পাওয়ার পথ সুগম হলো। এ সফরে সম্মেলনের পাশাপাশি আমিরের সঙ্গে শেখ হাসিনার এ বৈঠককে বেশ ফলপ্রসূ বলছেন নীতিনির্ধারকরা। জ্বালানি সংকট সমাধান ও বাংলাদেশে বিনিয়োগেও দেশটির ইতিবাচক ভূমিকা থাকবে বলে আশা করা হচ্ছে।

Read More »