সর্বশেষ
সর্বশেষ

Day: April 24, 2024

থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ব্যাংকক, ২৪ এপ্রিল, ২০২৪ খৃ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের আমন্ত্রণে থাইল্যান্ডে ছয় দিনের সরকারি সফরে আজ ব্যাংকক পৌঁছালে তাঁকে লাল গালিচা উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়। প্রধানমন্ত্রী স্থানীয় সময় দুপুর ১টা ৮মিনিটে ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সংযুক্ত মন্ত্রী পুয়াংপেট চুনলাইদ অভ্যর্থনা জানান। বিমানবন্দরে তাঁকে গার্ড অব অনার প্রদান এবং ১৯ রাউন্ড গান স্যালুট দেওয়া হয়। এর আগে, দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী ছয় দিনের সরকারি সফরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ সকাল ১০টা ১৩ মিনিটে ঢাকা ত্যাগ করেন। ২৪ থেকে ২৯ এপ্রিল তাঁর সফরের সময় শেখ হাসিনা থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাভিসিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনএসক্যাপ) ৮০তম অধিবেশনে যোগ দেবেন। বাংলাদেশ ও থাইল্যান্ড দুই দেশের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তির জন্য আলোচনার আগ্রহপত্রসহ বেশ কিছু সহযোগিতার নথিতে সই করবে। প্রধানমন্ত্রীর এই সফর উপলক্ষে সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে সরকারী পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি, জ্বালানি সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) ও সম্পর্ক সম্প্রসারণের লক্ষে পর্যটন খাতে সহযোগিতা এবং শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতার বিষয়ে আরও দু’টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন ২৬ এপ্রিল আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে স্বাগত জানাবেন এবং তাঁকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হবে। একই দিন শেখ হাসিনা থাই প্রধানমন্ত্রী থাভিসিনের সঙ্গে গভর্নমেন্ট হাউসে (প্রধানমন্ত্রীর কার্যালয়) একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এই সময় দু’নেতা নথি স্বাক্ষরের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং যৌথ সংবাদ সম্মেলন করবেন। পরে,বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে থাই প্রধানমন্ত্রী আয়োজিত রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজে অংশ নেবেন শেখ হাসিনা। সফরকালে, প্রধানমন্ত্রী রাজপ্রাসাদে থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন ফ্রা ভাজিরা-ক্লাওচা-উয়ুয়া এবং রানী সুথিদা বজ্রসুধা-বিমল-লক্ষণের রাজকীয় দর্শকদের সাথে থাকবেন। ব্যাপক ব্যস্ততার মধ্যে প্রধানমন্ত্রী ২৫ এপ্রিল ইউএনএসক্যাপ-এর ৮০তম অধিবেশনে যোগদান করবেন এবং ভাষণ দেবেন। একই দিনে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি-জেনারেল এবং এসক্যাপের নির্বাহী সচিব আরমিদা সালসিয়াহ আলিসজাবানা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। আগামী ২৯ এপ্রিল প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

Read More »

দ্বাদশ জাতীয় সংসদের সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : কমিটির সদস্য মোঃ মুজিবুল হক, রফিকুল ইসলাম, কামাল আহমেদ মজুমদার, মুহম্মদ শফিকুর রহমান, এ.কে.এম মোস্তাফিজুর রহমান এবং ফজিলাতুন নেসা বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকের শুরুতেই পরিচিতি পর্ব শেষে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন হতে শেষ অধিবেশন পর্যন্ত এবং দ্বাদশ জাতীয় সংসদের সম্প্রতি সমাপ্ত অধিবেশন পর্যন্ত সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী কর্তৃক প্রদত্ত প্রতিশ্রুতির বিবরণ, প্রতিশ্রুতি বাস্তবায়নের সর্বশেষ হালনাগাদ অবস্থা এবং গৃহীত প্রকল্পসমূহের বিবরণ উপস্থাপন এবং তৎসম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী ৪৮টি প্রতিশ্রুতির মধ্যে ১১টি বাস্তবায়িত হয়েছে, ৩৫ বাস্তবায়নাধীন রয়েছে এবং দুইটি স্থগিত রয়েছে মর্মে জানানো হয়। বাস্তবায়নাধীন ও প্রক্রিয়াধীন প্রতিশ্রুতিসমূহের বিপরীতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক গৃহীত কার্যক্রমগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সম্পন্ন করার জন্য কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হয়। দেশের বিভিন্ন শহর পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম গ্রহণ ও সুপেয় পানির ব্যবস্থা করণের প্রতি গুরুত্বারোপ করা হয়। মন্ত্রণালয় কর্তৃক গৃহিত প্রকল্পের কাজের গুণগতমান ও বাস্তবায়ন অগ্রগতি সরেজমিনে পরিদর্শনপূর্বক পর্যবেক্ষণ ও মতামত প্রদানের জন্য বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) কে জোর সুপারিশ করা হয়। বৈঠকে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রিতে শহীদ এবং ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ শহীদ পরিবারের সদস্যবৃন্দ, মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ, দুই লক্ষ মা-বোন, জাতীয় চার নেতা এবং ভাষা আন্দোলনে সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, প্রধান প্রকৌশলী, অতিরিক্ত সচিবগণ, সংশ্লিষ্ট অধিদপ্তর প্রধানগণ, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এর অতিরিক্ত সচিব, মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তাসহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

Read More »

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৪ খ্রিঃ দ্বাদশ জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটি সদস্য জাহিদ মালেক, সৈয়দা জাকিয়া নূর, ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল, মোঃ আব্দুল আজিজ, মোঃ তৌহিদুজ্জামান, মোঃ হামিদুল হক খন্দকার ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা অংশগ্রহণ করেন। বিশেষ আমন্ত্রণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন বৈঠকে যোগদান করেন। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে বৈঠক শুরু করা হয়। বৈঠকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ শহীদ পরিবারের সদস্যবৃন্দ, মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ, জাতীয় চার নেতা এবং ভাষা আন্দোলনে সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম কমিটিতে উপস্থাপন করা হয় এবং সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সুপারিশ করা হয়। বৈঠকে গোপালগঞ্জ এসেন্সিয়াল ড্রাগস কোম্পানী লি: প্রকল্পের কাজ দ্রুত সমাপ্ত করতে তাগিদ দেয়া হয়। এছাড়াও এসেন্সিয়াল ড্রাগস কোম্পানী লি: কর্তৃক ভ্যাকসিন প্রস্তুত এর কার্যক্রম আরও দ্রুত সম্পন্ন করতে সুপারিশ করা হয়। বৈঠকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

ডেপুটি স্পীকারের সাথে চীনের প্রাদেশিক কংগ্রেসের ভাইস চেয়ারম্যান ওয়েই ঝিয়াওমিং (Wei Xiaoming) এর সৌজন্য সাক্ষাৎ

ডেপুটি স্পীকারের সাথে চীনের প্রাদেশিক কংগ্রেসের ভাইস চেয়ারম্যান ওয়েই ঝিয়াওমিং (Wei Xiaoming) এর সৌজন্য সাক্ষাৎ ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৪ বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি এর সাথে চীনের আনহুই প্রাদেশিক পিপল’স কংগ্রেসের ভাইস চেয়ারম্যান ওয়েই ঝিয়াওমিং (Wei Xiaoming) আজ তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। ডেপুটি স্পীকার বলেন, বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার চীন। বাংলাদেশে বৈদ্যুতিক প্লান্ট, সড়ক ও যোগাযোগ, সেতু ও রেলপথ নির্মানসহ অবকাঠামোগত উন্নয়নে চীনের ভূমিকা প্রশংসাযোগ্য। নবায়নযোগ্য জ্বালানীতে চীন দক্ষতা অর্জন করেছে, বাংলাদেশে সোলার ও কৃষি প্রযুক্তিতে আরও বেশি বিনিয়োগে চীনের সহযোগিতা কামনা করছি। তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাকসহ অনেক পন্যের সারাবিশ্বে সুনাম রয়েছে, চীন সেসকল পন্য বাংলাদেশ থেকে আমদানী করতে পারে। দুদেশের বাণিজ্যের ক্ষেত্রে ভারসাম্য আনতে চীনা বাজারে আরও বেশি বাংলাদেশী পণ্যের শূল্কমুক্ত প্রবেশাধিকার প্রয়োজন। রোহিঙ্গা ইস্যুতে মোঃ শামসুল হক টুকু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি হচ্ছে ‘সবার সাথে বন্ধুত্ব, কারও সাথে বৈরিতা নয়।’ তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত রোহিঙ্গা সম্প্রদায়ের বড় অংশকে বাংলাদেশে বাসস্থানের সুযোগ দিয়ে মানবতার অনন্য নজির স্থাপন করেছেন। রোহিঙ্গা সম্প্রদায়কে তাদের নিজ ভূমিতে শান্তিপূর্ণ প্রত্যাবাসনে চীনের জোরালো ভূমিকা প্রয়োজন। চীনের ভাইস চেয়ারম্যান বাংলাদেশকে অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধুপ্রতীম দেশ হিসেবে উল্লেখ করে বলেন, পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অধীনে বাংলাদেশে বিনিয়োগের সুন্দর পরিবেশ রয়েছে। আমরা আরও বেশি বিনিয়োগ করতে আগ্রহী। বন্ধুপ্রতীম বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনের ভূমিকা সবসময়ই ইতিবাচক। এসময় বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, চীনা দূতাবাস, সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

Read More »

বাংলাদেশ ও কাতারের মধ্যে ৫টি চুক্তি এবং ৫টি সমঝোতা স্মারক সই

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৪ খৃ : বাংলাদেশ ও কাতার দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে আজ পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। চুক্তিগুলো হচ্ছে: বাংলাদেশ ও কাতারের মধ্যে আয়ের ক্ষেত্রে দ্বৈত কর পরিহার এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধ, বাংলাদেশ সরকার এবং কাতার রাষ্ট্রের মধ্যে আইনি ক্ষেত্রে সহযোগিতা, কাতার এবং বাংলাদেশের মধ্যে সমুদ্র পরিবহন, বাংলাদেশ ও কাতারের মধ্যে পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা এবং বাংলাদেশ-কাতার যৌথ ব্যবসায়িক পরিষদ প্রতিষ্ঠা। চুক্তি ছাড়াও পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। যার মধ্যে রয়েছে জনশক্তি কর্মসংস্থান (শ্রম), বন্দর (এমব্লিউএএনআই কাতার এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ), বাংলাদেশ ও কাতারের মধ্যে শিক্ষা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, যুব ও ক্রীড়া ক্ষেত্রে এবং বাংলাদেশ ও কাতারের মধ্যে কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতার স্মারকও স্বাক্ষরিত হয়। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। এর আগে কাতারের আমির প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমিরকে টাইগার গেটে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। তাঁরা সেখানে একান্ত বৈঠকেও মিলিত হন। পরে দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন। পিএমও ত্যাগের আগে আমির টাইগার গেটে রক্ষিত দর্শণার্থী বইয়েও স্বাক্ষর করেন। এরপর তিনি পিএমও ত্যাগ করে বঙ্গভবনে যান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কাতারের আমিরের সম্মানে বঙ্গভবনে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। আজ সন্ধ্যায় আমির একটি বিশেষ বিমানে কাতারের উদ্দেশ্যে যাত্রা করবেন। বাংলাদেশের রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আমন্ত্রণে কাতারের আমির গতকাল দু’দনের রাষ্ট্রীয় সফরে ঢাকা সফরে আসেন। চুক্তিগুলো স্বাক্ষর করেন: বাংলাদেশের পক্ষে শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রী শেখ মোহাম্মদ বিন হামাদ আল থানি বাংলাদেশ ও কাতারের মধ্যে পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন। পাশাপাশি বাংলাদেশ ও কাতারের মধ্যে আয়ের ক্ষেত্রে দ্বৈত কর পরিহার এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধ চুক্তিটি স্বাক্ষর করেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি এবং বাংলাদেশের অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি বাংলাদেশ সরকার ও কাতার রাষ্ট্রের মধ্যে আইনি ক্ষেত্রে সহযোগিতার চুক্তিতে স্বাক্ষর করেন। কাতার ও বাংলাদেশের মধ্যে সামুদ্রিক পরিবহন সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি এবং নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। কাতার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (কিউসিসিআই) চেয়ারম্যান শেখ খলিফা বিন জসিম আল থানি এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম বাংলাদেশ কাতার জয়েন্ট বিজনেস কাউন্সিল প্রতিষ্ঠা সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন। সমঝোতা স্মারকগুলো স্বাক্ষর করেন: বাংলাদেশ ও কাতারের মধ্যে কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারকে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি স্বাক্ষর করেন। পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি বাংলাদেশ ও কাতারের মধ্যে শিক্ষা, উচ্চ শিক্ষা এবং বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারকেও স্বাক্ষর করেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি জনশক্তি কর্মসংস্থান (শ্রম) ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারকে সই করেন। বন্দরের ক্ষেত্রে সহযোগিতায় (এমডব্লিউএএনআই কাতার এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ) কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি এবং নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী স্বাক্ষর করেছেন। অনুষ্ঠানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির নামে রাজধানী ঢাকার একটি সড়ক ও একটি পার্কের নামকরণ করা হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীনে মিরপুরের কালসি এলাকার বালুর মাঠে পার্কটি নির্মাণ করা হচ্ছে। মিরপুর ইসিবি চত্তর থেকে কালসি ফ্লাই ওভার পর্যন্ত সড়কটির নামকরণ করা হয়েছে কাতারের আমিরের নামে। এখন থেকে রাস্তা ও পার্কটি শেখ তামিম বিন হামাদ আল থানি এভিনিউ এবং শেখ তামিম বিন হামাদ আল থানি পার্ক নামে পরিচিত হবে।

Read More »