সর্বশেষ
সর্বশেষ

Day: September 2, 2024

শিরীন শারমিনের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ সোমবার (২ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির কার্যালয় থেকে তার পরত্যাগপত্র গ্রহণের পর প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিরীন শারমিন চৌধুরী পত্রযোগে স্পিকার পদ থেকে পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্রটি গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। সোমবার থেকেই তার পদত্যাগ কার্যকর হয়েছে। এর আগে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়েন। এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। সরকার ভাঙার ২৭ দিনের মাথায় পদত্যাগ করলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এর আগে, ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। এরপর থেকে টানা তিনি এ দায়িত্ব পালন করছিলেন। গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর শিরীন শারমিন চৌধুরীকে আবারও স্পিকার নির্বাচিত করা হয়।

Read More »

ডিজিটাল বাংলাদেশের নামে ব্যাপক অনিয়ম হয়েছে: নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২০১০ সাল থেকে আগস্ট ২০২৪ পর্যন্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ডাক ও টেলিযোগাযোগ খাতে ৬৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে, কিন্তু সেই অনুযায়ী আশানুরূপ অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। আজ সোমবার (২ সেপ্টেম্বর) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ২০২৪-২৫ অর্থবছরের এডিপি পর্যালোচনা সভায় তিনি এ কথ জানান।   ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে সচিব ডা. মো. মুশফিকুর রহমানের  সভাপতিত্বে অনুষ্ঠিত এডিপি বাস্তবায়ন অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।   উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘২০১০ সাল থেকে ডিজিটাল বাংলাদেশের নামে প্রচুর অর্থ ব্যয় করে অনেক প্রকল্প নেওয়া হয়েছে, কিন্তু এর ফল পাইনি দেশের মানুষ। ’  এ সময় জানানো হয়, টেলিযোগাযোগ এবং আইসিটি খাতে ২০২৪-২৫ অর্থবছরে ৬৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করে যার মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ২৫ হাজার কোটি টাকা এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগ নিয়েছে ৪০ হাজার কোটি টাকার প্রকল্প। এর পরও জাতিসংঘের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন এর আইসিটি ডেভেলপমেন্ট ইনডেক্স-এর জুন, ২০২৪ অনুযায়ী বাংলাদেশ ১০০ মধ্যে ৬২ স্কোর করেছে। এ ক্ষেত্রে মিয়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভিয়েতনাম ও ভুটানের পরে বাংলাদেশের অবস্থান। ওকলা স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স মে, ২০২৪ এর ইন্টারনেট গতির তালিকায় ১৪৭ দেশের মধ্যে ইন্টারনেট সূচকে বাংলাদেশের অবস্থান ১০৯তম। এ ক্ষেত্রে কেনিয়াও বাংলাদেশের চেয়ে এগিয়ে, পাশাপাশি ব্রডব্যান্ড ইন্টারনেট সূচকেও বাংলাদেশের অবস্থান ১০৮, তালিকায় থাকা দেশগুলোর মধ্যে ভারত, শ্রীলঙ্কা, ভুটান, রুয়ান্ডা, ঘানাও বাংলাদেশের উপরে। আইএমএফ এর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রস্তুতি সূচকে জুন, ২০২৪ এ ১৭৪ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৩ তম, তালিকায় থাকা দেশগুলোর মধ্যে ভারত, শ্রীলঙ্কা, ভুটান, রুয়ান্ডা, ঘানাও বাংলাদেশের চেয়ে এগিয়ে। ’  সভায় বলা হয়, ‘সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সার্ফশার্ক ডিজিটাল কোয়ালিটি অব লাইফ ইনডেক্স ২০২৩ এর ডিজিটাল জীবনমান সূচকে বিশ্বের ১২১ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ৮২তম। এ ক্ষেত্রে আগের বছরের চেয়ে বাংলাদেশ পিছিয়েছে পাঁচ ধাপ। সূচক অনুযায়ী, বাংলাদেশে ইন্টারনেটের গতি বৈশ্বিক গড়ের চেয়ে ৫ শতাংশ কম। কী গভর্মেন্ট সূচকে বাংলাদেশ তালিকার ৭৩ এ যা বৈশ্বিক গড়মানের নিচে, ই সিকিউরিটি রেংকিংয়ে  ৮৫তম স্থানে এবং ইন্টারনেট ক্রয় ক্ষমতার হিসেবে ৭৭ তম অবস্থানে। আরও জানানো হয়, মার্কিন সাময়িকী সিইও ওয়ার্ল্ড এর এপ্রিল ২০২৪ এর প্রতিবেদন অনুযায়ী ফ্রিল্যান্সিংয়েও পিছিয়ে বাংলাদেশ। সেখানে সেরা গন্তব্যের ৩০ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ২৯ নম্বরে। তালিকায় ভারত ও পাকিস্তানের পর বাংলাদেশের অবস্থান। নাহিদ ইসলাম বলেন, এই সব সূচক দেখলে ঠিকভাবে প্রতিয়মান হয় ডিজিটাল বাংলাদেশের প্রকৃত সুযোগ সুবিধা দেশের জনগণ পায়নি; বরং এ ক্ষেত্রে ব্যাপক অনিয়ম করা হয়েছে।   নাহিদ ইসলাম বলেন, ‘প্রায় সব জায়গায় দেখা যায় নির্ধারিত সময়ে প্রকল্প শেষ হয় না; এক দু বার সময় বাড়ানোর পরে আবারও সময় বাড়ানোর প্রয়োজন হয়। তাই এখন যে কয়েকটি প্রকল্পের সময় বাড়ানোর কথা বলা হচ্ছে, তা যেন বুঝে শুনে বাড়ানো হয়। ’ তিনি বলেন, প্রকল্পগুলো ঠিকমতো শেষ করতে পারলে বাংলাদেশে ইন্টারনেট এবং টেলিযোগাযোগ খাতে অনেক অগ্রগতি হবে। যার সুফল দেশবাসী ভোগ করবে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। প্রকল্পের ব্যয় কমানো, দীর্ঘসূত্রিতা পরিহার, সফটওয়্যারে সবসময় প্রকল্পের আপডেট দেওয়ার এবং সময়মতো প্রকল্প শেষ করার বিষয়েও মন্তব্য করেন উপদেষ্টা। সভায় জানানো হয়,  ডাক ও টেলিযোগাযোগ বিভাগের  চারটি দপ্তরে ২০২৪-২৫ অর্থবছরে মোট ৯টি প্রকল্প নেওয়া হয়েছে, তার মধ্যে বিটিসিএল পাঁচটি, টেলিটক বাংলাদেশ লিমিটেড একটি, ডাক অধিদপ্তর দুটি এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবল পিএলসি একটি প্রকল্প গ্রহণ করে।   সার্বিকভাবে প্রকল্প পর্যালোচনায় দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরে আগস্ট ২০২৪ পর্যন্ত জাতীয় অগ্রগতি ১.০২ শতাংশ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অগ্রগতি ৩.৮৪ শতাংশ। সভায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দপ্তর ও সংস্থার প্রধান এবং প্রকল্প পরিচালকরা নিজ নিজ প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা ও  সর্বশেষ অগ্রগতি তুলে ধরেন।

Read More »

রংপুরে দাফনের ৪৪ দিন পর সাজ্জাদের মরদেহ উত্তোলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেনের মরদেহ দাফনের ৪৪ দিন পর উত্তোলন করা হয়েছে। তদন্তের স্বার্থে সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে কবর থেকে মরদেহ তোলা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার এটিএম আরিফ হোসেন ও মামলার তদন্ত কর্মকর্তা রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) তালেব উদ্দিন মরদেহ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন। মামলার তদন্ত কর্মকর্তা রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশের এসআই তালেব উদ্দিন বলেন, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতের আদেশক্রমে সাজ্জাদ হোসেনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য তার মরদেহ পাঠানো হয়। মরদেহ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম আরিফ হোসেন বলেন, আদালতের নির্দেশে সাজ্জাদ হোসেনের মরদেহ কবর থেকে উত্তোলনের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে মরদেহের ময়নাতদন্ত শেষ করে আবারও দাফন করা হয়েছে। প্রসঙ্গত, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নগরীর সিটি বাজার সংলগ্ন রাজা রাম মোহন মার্কেটের সামনে গুলিতে নিহত হন সাজ্জাদ হোসেন। এ ঘটনায় গত ২০ আগস্ট সাজ্জাদ হোসেনের স্ত্রী জিতু বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী হাছানুল হক ইনু, রাশেদ খান মেনন, সাংবাদিক সুভাষ সিংহ রায়, সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও আওয়ামী লীগ নেত্রী অপু উকিলকে হুকুমের আসামি করা হয়েছে। এ ছাড়া মামলায় ৫১ জন নামীয় ও অজ্ঞাত আসামি করা হয়েছে ৩০০ জনকে। নামীয় অন্য আসামিদের মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার (বাধ্যতামূলক অবসর) মো. মনিরুজ্জামানসহ পুলিশ কর্মকর্তা, আইনজীবী, সাবেক জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন। মামলার আবেদনে বলা হয়, নিহত সাজ্জাদ হোসেন একজন ব্যবসায়ী। গত ১৯ জুলাই (শুক্রবার) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুর নগরীর রাজা রাম মোহন মার্কেটের সামনে ১ থেকে ১০নং আসামির নির্দেশে অন্য নামীয় ও অজ্ঞাত আসামিদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ হয়। এ সময় সাজ্জাদ হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে তার মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার পথে আসামিদের বাধার মুখে পড়েন বাদী। পরে বাধ্য হয়ে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ দাফন করা হয়। এদিকে নিহত সাজ্জাদ হোসেনের পরিবারের দাবি, ২০ আগস্ট হত্যা মামলা দায়ের করার পর থেকে আসামিরা বিভিন্নভাবে মামলা তুলে নিতে হুমকি-ধমকি দিচ্ছেন। এতে পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। এ নিয়ে আরও একটি মামলা থানায় করবেন বলে জানিয়েছে ওই পরিবার। মামলা তুলে নিতে হুমকির অভিযোগ উল্লেখ করে সাজ্জাদের মা ময়না বেগম বলেন, ছেলের বউ মামলা করার পর বিভিন্ন মহল থেকে মামলা তুলে নিতে হুমকি দেওয়া হচ্ছে। তাজহাট এলাকার লোকজন বেশি করে হুমকি দিচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এ কারণে আমি বাদী হয়ে আরেকটি মামলা করব। আমি চাই আমার সন্তানকে যারা হত্যা করেছে তাদের বিচার হোক। সাজ্জাদ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন বলে জানিয়ে তিনি সাংবাদিকদের বলেন, আন্দোলনে আমার ছেলে নিহত হয়েছে। ঢাকায় থাকার কারণে ছেলের মরদেহটাও আমি দেখতে পারিনি। শেখ হাসিনার নির্দেশে আমার ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে। আমার ছেলে ছাড়া পুরো সংসার অসহায়। ছেলেই ছিল সংসারের একমাত্র উপার্জনক্ষম। এই সরকারের কাছে আমাদের চাওয়া, আমরা যেন বিচার পাই। সংসার চালানোর জন্য সরকার যেন একটা ব্যবস্থা করে দেন।

Read More »

রংপুরে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের নির্দেশ, সারাদেশে বিএনপির জনপ্রিয়তা নষ্ট করা যাবে না । নির্বাচন না হওয়া পর্যন্ত সকল নেতা কর্মিদের মাঠে থাকতে হবে। সাধারণ মানুষের উপর নির্যাতন করা যাবে না। নিরীহ মানুষের জমি দখল, চাঁদাবাজী, মামলা দিয়ে হয়রানী করা যাবে না। যদি কোন নেতা কর্মিরা দলের নির্দেশ আমান্য করে সংগঠনের বিরুদ্ধে কাজ করে তাহলে আমরা তাদেরকে কোন ছাড় দিব না। বিএনপির দুঃস্বময় যে সকল নেতা কর্মিরা মাঠে থেকে মিছিল- মিটিং করেছে সেই সকল নেতা কর্মিদের মুল্যায়ন করা হবে। গতকাল (০২ সেপোটম্বর ) সোমবার বিকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে রংপুর জেলা ও মহানগর যুবদলের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজুর সভাপতিত্বে ও রংপুর মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন রংপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান জেমস, সহ সভাপতি রাকিব হোসেন, রংপুর মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সিঃ যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন সহ রংপুর বিভাগের সকল জেলা যুবদলের নেতৃবৃন্দ।

Read More »

“স্থানীয় সরকার উপদেষ্টার সাথে সিরডাপ মহাপরিচালকের বৈঠক অনুষ্ঠিত”

এসএম রবিন / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফের সাথে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্র (সিরডাপ)-এর বিদায়ী মহাপরিচালক ড. চার্দসক ভিরাপাত এবং নবনিযুক্ত মহাপরিচালক ড. পুত্তে গৌদা চন্দ্র শেখরের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ ০২ সেপ্টেম্বর সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে স্থানীয় সরকার উপদেষ্টা সিরডাপ মহাপরিচালকগণের সাথে বৈঠক করেন। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্র (সিরডাপ) বাংলাদেশ কেন্দ্রিক আন্ত-রাষ্ট্রীয় সংস্থা এবং এর লক্ষ্য হল পল্লী উন্নয়ন ও দারিদ্র বিমোচন। গত ৪-৬ জুন ২০২৪ তারিখে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত গভর্নিং কাউন্সিলের সভায় পরবর্তী দুই বছরের জন্য বাংলাদেশকে চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ পদাধিকারবলে সিরডাপের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করবেন। আগামী ২০২৬ সালে অনুষ্ঠিতব্য প্রতিষ্ঠানটির পরবর্তী কাউন্সিল সভার আয়োজক বাংলাদেশ। বৈঠকে হাসান আরিফ বলেন, বাংলাদেশ ক্ষুদ্রঋণ, দারিদ্র বিমোচন, সামাজিক নিরাপত্তা বেস্টনি, দুর্যোগ ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তা, প্রাথমিক শিক্ষা, টিকাদান এবং সংক্রামক রোগ মোকাবেলায় আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। যেহেতু গ্রামীণ উন্নয়ন আমাদের একটি অগ্রাধিকার এজেন্ডা সেহেতু আমরা সিরডাপভুক্ত সদস্য রাষ্ট্র এবং অন্যান্য আঞ্চলিক ও বৈশ্বিক সংস্থার সাথে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে চাই। বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, বাংলাদেশ চিংড়ি এবং ফিশ ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক, সিরডাপ মহাপরিচালকের বিশেষ সহকারি মিজ্ পংসিরিসহ প্রমুখ।

Read More »