সর্বশেষ
সর্বশেষ

Day: November 20, 2024

অধ্যাদেশের খসড়া অনুমোদন : রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তির বিধান রাখা হয়নি

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২০ নভেম্বর, ২০২৪ খৃ. – ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) সংশোধন অধ্যাদেশ ২০২৪’এর খসড়ায় সংগঠন বা রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশের যে বিধান প্রস্তাব করা হয়েছিল, তা বাদ দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। তবে আরও কিছু সংশোধনী এনে করা অধ্যাদেশের খসড়াটি অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ বুধবার সচিবালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে খসড়াটি অনুমোদন দেওয়া হয়। আজই প্রথমবারের মতো সচিবালয়ে অফিস করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উপদেষ্টা মো. মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রমুখ। আইন উপদেষ্টা বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) সংশোধন অধ্যাদেশ ২০২৪’-এর খসড়াটি উপদেষ্টা পরিষদের বেঠকে উপস্থাপন করা হয়েছিল এবং এটি গৃহীত হয়েছে। তিনি বলেন, ‘তবে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে উপদেষ্টা পরিষদে। উপদেষ্টা পরিষদ মনে করেছে আমরা যে অধ্যাদেশের সংশোধনী করেছিলাম, সেখানে সংগঠনকে শাস্তি দেওয়ার বিধান ছিল। প্রস্তাবিত সংশোধনীতে বলা হয়েছিল, কোনো সংগঠনকে শাস্তি দেওয়ার যদি প্রয়োজন মনে করে, যদি মনে করে শাস্তি দেওয়া দরকার, তাহলে ট্রাইব্যুনাল শাস্তি দেওয়ার সুপারিশ করতে পারবে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে’। ‘আজকে উপদেষ্টা পরিষদের আলোচনায় বলা হয়েছে, ‘আমরা এই বিচারকে অন্য কোনো বিষয়ের সঙ্গে সম্পর্কিত করতে চাই না। রাজনৈতিক দল বা কোনো সংগঠনকে নিষিদ্ধ করার প্রশ্ন এলে এই আইনকে অযথা প্রশ্নবিদ্ধ করার সুযোগ সৃষ্টি হবে। আমরা সেই সুযোগ দিতে চাই না। আমরা একদম স্বচ্ছতার সঙ্গে বিচারটি করতে চাই। সে জন্য এই বিধান বাতিল করা হয়েছে’। আসিফ নজরুল বলেন, তাঁরা অনুভব করেছেন, কোনো রাজনৈতিক দল বা সংগঠনের বিরুদ্ধে যদি অপরাধমূলক কার্যক্রমের জন্য নিষিদ্ধ করার প্রয়োজন হয়, যদি নিষিদ্ধ করার দাবি ওঠে সমাজে, তাহলে অন্যান্য আইন রয়েছে। সেসব আইনে নিষিদ্ধ করার বিধান আছে। সন্ত্রাস দমন আইনে রয়েছে, নির্বাচনী আইনে রয়েছে, ‘দ্য পলিটিক্যাল পার্টিস অর্ডিন্যান্স, ১৯৭৮’-এ রয়েছে। কাজেই এখানে [‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) সংশোধন অধ্যাদেশ] এই বিধানটি নেই দেখে জনমতের প্রতি, জনদাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকল না এটা নয়, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনে থাকল না, কিন্তু দেশে প্রচলিত অন্যান্য আইন রয়েছে। রাজনৈতিক ঐকমত্য হলে… সেটা পরে বিবেচনা করা হবে। এর আগে বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, আন্তর্জাতিক অপরাধগুলোর সংজ্ঞা যুগোপযোগীকরণ, অপরাধের দায় নির্ধারণ, অডিও ও ভিডিওর মাধ্যমে বিচারকাজ ধারণ ও সম্প্রচার, বিদেশি কাউন্সেলের বিধান, বিচারকালে অভিযুক্তের অধিকার, অন্তর্বর্তীকালীন আপিল, সাক্ষ্যে গ্রহণযোগ্যতা ও প্রাসঙ্গিকতা-সংক্রান্ত বিধান, তদন্তকারী কর্মকর্তার তল্লাশি ও জব্দ করার বিধান, পর্যবেক্ষক, সাক্ষীর সুরক্ষা, ভিকটিমের অংশগ্রহণ ও সুরক্ষার বিধান সংযোজন করে সংশোধনীর খসড়াটি করা হয়েছে। গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক আইনের আওতাধীন অন্যান্য অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের লক্ষ্যে ১৯৭৩ সালে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন প্রণয়ণ করা হয়েছিল। এখন ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে যেসব হত্যাকান্ড হয়েছে, তার বিচারপ্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

Read More »

ট্রাইব্যুনাল চাইলে বিচারকার্য অডিও ভিজ্যুয়াল প্রচার করতে পারবে : আসিফ নজরুল

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :   ঢাকা, ২০ নভেম্বর, ২০২৪ খৃ. – আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকার্য সরাসরি সম্প্রচার নয়, রেকর্ড করে প্রচার করা যাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তবে বিচারের পক্ষগুলো যারা আছে তাদের ডিগনিটি, প্রাইভেসি ও যেসব অধিকার রয়েছে সেগুলো নজর রেখে সেটা করা হবে। আজ বুধবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রেফিং এ কথা জানান তিনি। এর আগে সকালে সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ত্রয়োদশ বৈঠকে ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধনী) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আজ ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধনী) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। নতুন আইনে ট্রাইব্যুনাল ইচ্ছে করলে (বাধ্যতামূলক না) বিচারকার্য অডিও ভিজ্যুয়াল রেকর্ড করে প্রচার করতে পারবে। ওনারা যদি মনে করে এটা প্রচার করা দরকার তাহলে সেই অংশ প্রচার করতে পারবেন। তিনি বলেন, এ বিচারটি যেন আন্তর্জাতিক মানের  হয় সেজন্য দেশি-বিদেশি আইনজ্ঞ ও সাধারণ মানুষের মতামত নিয়েই সংশোধন করা হয়েছে। এ্ই আইনের গুরুত্বপূর্ণ বিষয় হল সবার সমান সুযোগ থাকবে। ১৯৭৩ সালের আইনের সাথে মিলিয়ে দেখবেন, নতুন আইনের অভিযুক্তদের বেশি সুযোগ দেওয়া হয়েছে। যেকোন পক্ষ চাইলে তারা সাক্ষ্য আনতে পারবেন। সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারবেন। আসিফ নজরুল বলেন, আইনের ভিকটিমের নিরাপত্তা বাড়ানো হয়েছে। যারা সাক্ষী দিতে বা ১৬৪ ধারা জবানবন্ধী দেবেন  বা যেকোন উপায়ে সাক্ষী দিতে আসবেন সবার নিরাপত্তার জন্য পযাপ্ত ব্যবস্থা করা হয়েছে। এই আইনে যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের কম্পেনসেশন বিধান করা হয়েছে। এই আইনের তিন বাহিনীকে বিচারের আওতায় আনার ব্যবস্থা করা হয়েছে। আসামি পক্ষ বা ডিফেন্স ফোর্স যেকেউ চাইলে আন্তর্জাতিক আইনজীবী নিয়োগ দিতে পারবেন। এই আইনের নতুন একটি চমৎকার বিধান হয়েছে যে, পর্যবেক্ষক নিয়োগের বিধানের স্পষ্ট করা হয়েছে। আন্তর্জাতিক বা দেশী যেকোন মানবাধিকার সংগঠন যে কেউ চায় এই বিচারকার্য পযবেক্ষণ করতে পারবে। বিচার কাজ শুদ্ধ হচ্ছে কি না, সঠিকভাবে হচ্ছে না কি উপস্থিত থেকে মনেটরিং করতে পারবে। আসিফ নজরুল জানান, খসড়াটি নিয়ে সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ, দপ্তর, বিশ্ববিদ্যালয়, মানবাধিকার কর্মী, মানবাধিকার সংস্থা, আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক আইনে বিশেষজ্ঞ এবং অংশীজনের সঙ্গে বিভিন্ন সভা অনুষ্ঠিত হয় এবং তাদের মতামত ও পরামর্শ পর্যালোচনা করে আইন ও বিচার বিভাগ কর্তৃক প্রণীত খসড়ায় সংযোজন ও পরিমার্জন করা হয়েছে। যেহেতু সংসদ ভেঙে যাওয়া অবস্থায় রয়েছে এবং গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইনের আওতাধীন অন্যান্য অপরাধে অভিযুক্তদের বিচারের লক্ষ্যে বিদ্যমান আইন যুগোপযোগীকরণের বিষয়ে আশু ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রয়েছে, সেহেতু আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধনী) অধ্যাদেশ, ২০২৪’ শীর্ষক অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদের নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। পরে বৈঠকে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধনী) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, উপদেষ্টা মাহফুজ আলম ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

Read More »

ইসরাইলি বসতি স্থাপনকারী প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :   ইসরাইল অধিকৃত পশ্চিমতীরে সহিংসতা ও অবৈধ বসতি নির্মাণের অভিযোগে এক বেসরকারি ইসরাইলি বসতি স্থাপনকারী প্রতিষ্ঠান আমানার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় গত ১৮ নভেম্বর সোমবার মার্কিন অর্থ মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আমানার বিরুদ্ধে অবৈধ বসতি স্থাপনকারীদের নিরাপত্তা ও সমর্থন দেয়ার পাশাপাশি পশ্চিম তীরের জমি দখল এবং উগ্র ইসরাইলি বসতি স্থাপনকারীদের মুখপাত্র হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে। যে ভবন নির্মাণ প্রতিষ্ঠানটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সেটি আমানার সঙ্গে সম্পর্কযুক্ত। নাম: বিনয়ানেইবার আমানা। এই প্রতিষ্ঠানটি মূলত দখলকৃত জমির ওপর ভবন নির্মাণ করে ইসরাইলি বসতি স্থাপনকারীদের কাছে বিক্রি করত। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এই নিষেধাজ্ঞা জারির ফলে এখন থেকে যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক কিংবা বাসিন্দা আমানা এবং বিনয়ানেইবার আমানার সঙ্গে অর্থ লেনদেন করতে পারবেন না। পাশাপাশি এই দুই সংস্থায় কর্মরতদের সঙ্গে সংশ্লিষ্ট কেউ যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না এবং যুক্তরাষ্টে এই দুই সংস্থার যত সম্পত্তি রয়েছে, তাও জব্দ থাকবে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে পশ্চিম তীরে সহিংসতা উসকে দেয়ার অভিযোগে গত সপ্তাহে বিনয়ানেইবার আমানা এবং ইসরাইলি মন্ত্রিসভার দুই সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে আহ্বান জানিয়েছিলেন মার্কিন কংগ্রেসের উচ্চ ও নিম্নকক্ষের প্রায় ৯০ জন আইন প্রণেতা। বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, আইন প্রণেতাদের সেই আহ্বানের প্রতি সম্মান জানিয়ে এই পদক্ষেপ নেয়া হয়েছে। তবে ওই দুই মন্ত্রির ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।

Read More »

সরকারি কর্মকর্তাদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে

ডেস্ক রিপোর্ট / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর জনগণের অনেক প্রত্যাশা রয়েছে। তাই জন-আকাঙ্ক্ষা পূরণে তাদের সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এই প্রত্যাশা পূরণে প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে সৎ, দক্ষ ও ন্যায়পরায়ণ হতে হবে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে ঢাকার তথ্য ভবনে গণযোগাযোগ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহবুবা ফারজানা বলেন, যথাসময়ে পদোন্নতি পাওয়া সব কর্মকর্তা-কর্মচারীর ন্যায্য অধিকার। এটা না হলে তাদের কাজের স্পৃহা থাকে না। তাই, পদোন্নতির যোগ্যতা অর্জন সাপেক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত পদোন্নতি প্রদানের ব্যবস্থা গ্রহণ করবে।  তিনি গণযোগাযোগ অধিদপ্তরের সার্বিক উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। মতবিনিময় সভায় গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আকতার হোসেন, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস-চেয়ারম্যান মো. আবদুল জলিল, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহসহ গণযোগাযোগ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার আগে তথ্য ও সম্প্রচার সচিব বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের কার্যক্রম পরিদর্শন করেন।

Read More »

অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়া হবে: আইন উপদেষ্টা

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। ‘অন্তর্বর্তী সরকারের ১০০ দিন: আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত’ শীর্ষক সংবাদ সম্মেলনে আইন মন্ত্রণালয়ের বিগত ১০০ দিনের কর্মকাণ্ড আজ তুলে ধরেন আইন উপদেষ্টা। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। সংবাদ সম্মেলনে ‘অন্তর্বর্তী সরকারের বিষয়ে সর্বত্রই একটি প্রশ্ন শোনা যায়, সেটি হলো তারা কত দিন থাকবে, তাদের মেয়াদ কত দিন হবে, নির্বাচন কবে হবে?’ এ বিষয়ে জবাব দিতে গিয়ে আইন উপদেষ্টা বলেন- এটি আইন মন্ত্রণালয়ের বিষয় নয়। তবে আপনাকে একটি বিষয় বলি, আমরা মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা জাস্ট এই জিনিসটা চাই না যে আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক। আর এটা চাই না-নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। এটা ছাড়া আর কোনো স্বার্থ নাই। এ বিষয়ে ড. আসিফ নজরুল বলেন, অন্তর্বর্তী সরকারে যারা আছেন, তাদের অধিকাংশই যত তাড়াতাড়ি সম্ভব নিজের পেশায় ফিরে যাওয়ার জন্য আগ্রহী। অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন পূর্ণ হয় ১৫ নভেম্বর। এই সময় সরকার বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে শক্তিশালী ও যুগোপযোগী করতে সংস্কারসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ১০০ দিনে আইন মন্ত্রণালয়ের অধীনে নেয়া বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। কার্যক্রমের মধ্যে রয়েছে, মামলা প্রত্যাহার: গত ১ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত ছাত্র জনতার গণআন্দোলন দমনে দায়ের করা প্রায় সব ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে। সাইবার নিরাপত্তা আইন বাতিলে উদ্যোগ: পরবর্তী উপদেষ্টা পরিষদের বৈঠকে সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হবে। ফলে ওই আইনের অধীনে দায়েরকৃত সব স্পিস-অফেন্স মামলা প্রত্যাহার করা হবে। সাইবার নিরাপত্তা আইন নিয়ে গত ৩ অক্টোবর মতবিনিময় সভার আয়োজন করে আইন মন্ত্রণালয়। অংশীজনের সঙ্গে পরামর্শ করে এ আইন প্রত্যাহারে যোগাযোগ প্রযুক্তি বিভাগকে সহায়তা করা হচ্ছে। আইন উপদেষ্টা বলেন, সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ বাতিলক্রমে কম্পিউটার সংক্রান্ত অপরাধগুলো প্রতিরোধের জন্য, নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪ প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ সপ্তাহে এটি জারি হবে। নতুন নিয়োগ/নিয়োগে সহায়তা: বাংলাদেশের প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে পাঁচজন বিচারপতি, হাইকোর্ট বিভাগে ২৩জন এবং অধস্তন আদালতে ১০৯ জন বিচারক নিয়োগে সাচিবিক সহায়তা দেয়া হয়েছে। সুপ্রিম কোর্টে আইন কর্মকর্তা নিয়োগ: এটর্নি জেনারেল অফিসে এটর্নি জেনারেল, অতিরিক্ত এটর্নি জেনারেল, ডেপুটি এটর্নি জেনারেল ও সহকারী এটর্নি জেনারেল মিলিয়ে মোট ২৪৯ জন আইন কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। অধস্তন আদালতে আইন কর্মকর্তা নিয়োগ: বিজিবির বিস্ফোরক মামলার জন্য ২০ জন ও ৬১ জেলার অধস্তন আদালতসমূহে ৪ হাজার ৩০০ জন আইন কর্মকর্তা ইতোমধ্যে নিয়োগ প্রদান করা হয়েছে এবং অবশিষ্ট জেলা সমূহে আইন কর্মকর্তা নিয়োগের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আইন উপদেষ্টা বলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের বিচারপতি নিয়োগ আইনের খসড়া প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম: বিচারক, রেজিস্ট্রেশন বিভাগের কর্মকর্তা এবং আইন মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর সংস্থার পরিবারের সদস্যসহ অর্জিত সম্পদের হিসাব বিবরণী ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে। বর্তমানে এগুলোর যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে। গুম বিরোধী সনদ অনুসমর্থন ও কমিশন গঠন: গুম বিরোধী আন্তর্জাতিক সনদ অনুসমর্থনে আইন মন্ত্রণালয় প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে। বিগত সময়ে গুম হওয়া ব্যক্তিদের সন্ধান ও গুমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে সুপারিশ প্রণয়নের নিমিত্ত তদন্ত কমিশন গঠনে আইন ও বিচার বিভাগ প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে। সংস্কার কমিশন গঠন ও সচিবিক সহায়তা: স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব করার লক্ষ্যে ৩ অক্টোবর বিচার বিভাগ সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রথম বৈঠক হয় ৬ অক্টোবর। ১২ নভেম্বর বৈঠক করেন আইন উপদেষ্টার সঙ্গে। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, ওনারা যেভাবে এগোচ্ছেন, আমি খুবই আশাবাদী। সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশন ও বিচার বিভাগীয় সংস্কার কমিশন গঠনে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে। এই সংস্কার কমিশনগুলোকে সব ধরণের সাচিবিক সহায়তা প্রদান করছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। বিচার ব্যবস্থা ডিজিটালাইজেশন: মডেল ই-কোর্ট স্থাপনে এবং মডেল সাব-রেজিস্ট্রি অফিস স্থাপনে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সম্পর্কিত দু’টি প্রকল্প অনুমোদনের জন্য চূড়ান্ত পর্যায়ে আছে। এটর্নি সার্ভিস প্রতিষ্ঠা: স্থায়ী সরকারি এটর্নি সার্ভিস প্রতিষ্ঠায় আইন প্রণয়ন করা হচ্ছে। সরকারি আইন কর্মকর্তাদের আচরণবিধি যুগোপযোগীকরণে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন-১৯৭৩ সংশোধনের উদ্যোগ: গত ২৪ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন-১৯৭৩ যুগোপযোগী করতে আইনটির ৮টি ধারায় সংশোধনে খসড়া প্রস্তাব উপস্থাপন করা হয়। বিদ্যমান এ আইনটিকে আরো যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে সুপারিশসহ গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞগণ। আইন উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে এবং গত জুলাই-আগস্ট মাসে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক মানদন্ড নিশ্চিতের লক্ষ্যে এ সংক্রান্ত আইন যুগোপযোগী করার উদ্যোগ নেয়া হয়। আন্তর্জাতিক অপরাধ(ট্রাইব্যুনাল) আইন-১৯৭৩ বিদ্যমানে কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে। সংশ্লিষ্ট সবার মতামত সুপারিশ নিয়ে সংস্কারের উদ্যোগ নেয়া হয়। কাল ২০ নভেম্বর এটি উপদেষ্টা পরিষদে উঠবে। তিনি আশা প্রকাশ করে বলেন- বৃহস্পতিবার এর মধ্যে সংশোধিত এই আইনটি প্রকাশ করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম শুরু করা: ১৪ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে প্রজ্ঞাপন জারি করে সরকার। গত ৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরসহ প্রসিকিউশন গঠন করা হয়। মোট ১১ জন প্রসিকিউটর রয়েছেন। গত ১৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পুনর্গঠন করা হয়। ১০ জন কর্মকর্তার সমন্বয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পুনর্গঠন করা হয়েছে। এছাড়াও স্পেশাল প্রসিকিউটরাল এডভাইজার হিসাবে দেশী ও বিদেশী বিশেষজ্ঞগণকে নিয়োগ দেয়া হচ্ছে। আইন উপদেষ্টা বলেন, বিশেষ নিরাপত্তা বাহিনীর (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এবং জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা(রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪ সহ মোট ১০টি অধ্যাদেশ প্রণয়ণে ভেটিং সহায়তা দেয়া হয়েছে। এছাড়া ৯৫টি প্রজ্ঞাপন ও আদেশ (এসআরও), ৩৩টি বৈদেশিক বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সম্পাদন করেছে। ভেটিংকৃত প্রজ্ঞাপনের মধ্যে রয়েছে ১১ টি সংস্কার কমিশন।

Read More »

সশস্ত্র বাহিনী দিবসে বিএনপি’র চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দাওয়াত

ডেস্ক রিপোর্ট / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, এবছর ‘সশস্ত্র বাহিনী দিবসে’ বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ-সহ বিএনপি’র ২৬ জন দাওয়াত পেয়েছেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ থেকে আগামী ২১ নভেম্বর বৃহস্পতিবার ‘সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এ দাওয়াত পত্র পৌঁছে দেওয়া হয়। চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার এ দাওয়াত পত্র গ্রহণ করেন। চেয়ারপার্সনের একান্ত সচিবের উদ্ধৃতি দিয়ে বিএনপি’র মিডিয়া সেল আজ মঙ্গলবার বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

Read More »

বিচারের মুখোমুখি করতে হাসিনাকে দেশে আনার প্রক্রিয়া চালাবে ঢাকা দ্য হিন্দুকে ড. ইউনূস

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :   ঢাকা, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ভারতীয় দৈনিক দ্য হিন্দুকে বলেছেন, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চালাবে। তবে তিনি বলেন, তার দল আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তাঁর কোনো আপত্তি নেই। ঢাকায় তাঁর বাসভবনে দ্য হিন্দুর সাথে একান্ত সাক্ষাৎকারে ড. ইউনূস ভারতের সাথে সম্পর্ক এবং সংস্কারের পরিকল্পনার বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। ভারতীয় দৈনিকের অনলাইন সংস্করণে সোমবার তাঁর সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। অধ্যাপক ইউনূস তাঁর সরকার গঠনের ১০০ দিনের কার্যক্রমের পক্ষে অবস্থান নেন এবং কট্টরপন্থার উত্থান ও দেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা সংক্রান্ত প্রতিবেদনকে ‘প্রপাগান্ডা’ বলে অভিহিত করেন। যদিও এধরনের প্রতিবেদনের জেরে তাঁর সরকার ভারত ও মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী (তৎকালীন) ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনার মুখে পড়ে।

Read More »

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আহত কাজলকে উন্নত চিকিৎসা নিতে থাইল্যান্ডে প্রেরণ

এসএম রবিন / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, অন্তর্বর্তীকালীন সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত মোহাম্মদ কাজল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) দিবাগত রাত দেড়টায় চিকিৎসার উদ্দেশ্যে তিনি এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। মধ্যরাতে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে আন্দোলনে আহত কাজল মিঞাকে বিদায় জানান। এসময় উপস্থিত সাংবাদিক বৃন্দদের সাথে মতবিনিময়কালে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, কাজলকে থাইল্যান্ড পাঠাতে শুধু এয়ার অ্যাম্বুলেন্সের জন্যই ৬৪ লাখ টাকা খরচ হয়েছে। প্রাথমিকভাবে আমরা চিকিৎসা বাবদ ১০ লাখ টাকা দিয়েছি। বাকি আরও লাগলে আমরা দেখে-বুঝে পাঠাবো। স্বাস্থ্য উপদেষ্টা আরো বলেন, আরও একজন অপেক্ষা করছে যাওয়ার জন্য। তিনি নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন। কাল অথবা পরশু আমরা তাকে পাঠাতে পারবো বলে আশা করছি। এখন পর্যন্ত আমরা পাঁচ জনকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে পেরেছি। এছাড়া আরও ২০-২৫ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। আহতদের মধ্যে ৭ জনকে তুরস্কে পাঠানো হবে। এদের মধ্যে তিন জন চোখে আঘাতপ্রাপ্ত এবং চার জন অর্থপেডিকসের রোগী। তুরস্ক সরকারের সঙ্গে আমাদের আলাপ আলোচনা চলছে। বিভিন্ন দেশ থেকে ডাক্তাররা এসে আহতদের চিকিৎসায় সেবা দিয়েছেন জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা আরো বলেন, ইতোমধ্যে ফ্রান্স, নেপাল, ইউকেসহ বিভিন্ন দেশ থকে ডাক্তাররা এসে চিকিৎসা দিয়েছেন। বিদেশ থেকে আসা চিকিৎসকরা আহতদের যে চিকিৎসা বাংলাদেশে হয়েছে সেটা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। সম্পতি যুক্তরাজ্য থেকে আসা ডাক্তাররা ৯৩ জন আহতকে দেখেছেন এবং ১৮ জন আহতের অপারেশন করেছেন। এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের পরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ।

Read More »

ইসলামি ফাউন্ডেশনের গভর্নর সদস্য হলেন অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী

বেলাল হোসেন সিকদার/ দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ঢাকা, চরমোনাই জামেয়া রশিদিয়া আহসানাবাদ কামিল মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল- মাদানীকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশন’র বোর্ড অফ গভর্নর এর সদস্য নিয়োগের প্রজ্ঞাপন জারি হওয়ায় সর্বমহলের থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। বাংলাদেশ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশনের ১১ সদস্য বিশিষ্ট বোর্ড অফ গভর্নরের প্রজ্ঞাপন জারি করেন রাষ্ট্রপতির আদেশক্রমে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। চরমোনাই কামিল মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও গবেষক সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল- মাদানী বলেন আমাকে বাংলাদেশের ধর্ম বিষয়ের সর্বোচ্চ জায়গা হল ধর্ম মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অফ গভর্নরের সদস্য হিসাবে আমাকে নিয়োগ দেয় বর্তমান অন্তবর্তীকালীন সরকার ও তার প্রশাসন, এর জন্য আমি সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি এবং যারা আমাকে এই দায়িত্ব দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।সেই সাথে তিনি আরো বলেন আমার উপরে যে দায়িত্ব আসছে সে দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারি সেজন্য তিনি দেশবাসীর কাছে দোয়ার আহবান জানিয়েছেন। সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী চরমোনাইর কামিল মাদ্রাসার অধ্যক্ষ এবং বাংলাদেশ জমিয়াতুল মোদাররিসিন এর সিনিয়র সহ-সভাপতি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য। উপরোক্তা দায়িত্ব ছাড়াও বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক প্রতিষ্ঠানের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

Read More »