সর্বশেষ
সর্বশেষ

Day: January 29, 2025

রংপুরে পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ( ২০২৫) উপলক্ষে শিক্ষার্থীদের কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল (২৯ জানুয়ারী) বুধবার সকাল ১০টায় পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর রেঞ্জ ডিআইজি মোঃ আমিনুল ইসলাম । অনুষ্ঠনে বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা পুলিশ সুপার ও পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের সভাপতি মোঃ আবু সাইম, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরিফ উদ্দীন, অতিরিক্ত ডিআইজি মোঃ আবু বকর সিদ্দিকসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তাগণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম জালাল উদ্দীন আকরব। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের উপাধক্ষ (কলেজ) মোঃ জাহাঙ্গীর আলম, পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের উপাধক্ষ (প্রশাসন) আ.ন.ম বাবর আলী, অভিভাবক সদস্য মোঃ রশিদুস সুলতান বাবলু সহ অন্যান্যা অতিথিবৃন্দ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Read More »

রংপুরে হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা অস্ত্রসহ গ্রেপ্তার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা নেতা আল-আমিন হোসেনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ শিবলী কায়সার। তিনি জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার একটি চৌকস দল নগরীর স্টেশন বাবুপাড়ায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা আল-আমিন হোসেনকে গ্রেপ্তার করে। তিনি স্টেশন বাবুপাড়ার মৃত দুলাল মিয়ার ছেলে। তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়। মোহাম্মদ শিবলী আরও জানান, আল-আমিন বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত মুন্না হত্যা এবং গুলিতে আহত বিএনপি নেতা মামুন হত্যাচেষ্টার এজাহারভুক্ত আসামি। তিনি রংপুর মহানগর যুবলীগের সাধারণ সম্পাদকের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। ছাত্র আন্দোলন দমাতে বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্রদের ওপর ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি। রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মো. মজিদ আলী জানান, হত্যা মামলার আসামি এবং অপরাধীরা যেখানেই আছে সেখান থেকেই তাদেরকে গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। এ বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে পুলিশ। এদিকে একই মামলায় এর আগে গত ২৭ অক্টোবর সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টুকে কালীগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করেন লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মুন্না হত্যা মামলা নিয়ে বিতর্ক রয়েছে। নিহত মুন্না ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলেও অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট সংঘর্ষে ছাত্রলীগের কাউনিয়া শাখার সাবেক উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান মুন্নাসহ চারজন আওয়ামী লীগ নেতা নিহত হন। ওই ঘটনায় গত ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে ১২৮ জনকে আসামি করে নিহতের বাবা কাউনিয়া উপজেলার বরুয়াহাট এলাকার আব্দুল মজিদ বাদী হয়ে মামলা করেন। পরবর্তীতে বাদী পরে ১২ জন আসামির নাম প্রত্যাহার চেয়ে এফিডেভিটের কাগজ আদালতে দাখিল করেন। তখন বিচারক বাদীর কাছে জানতে চান, তিনি কেন এই আসামিদের নাম প্রত্যাহার করতে চাচ্ছেন। তখন বাদী আদালতকে জানান, তিনি আসামিদের চেনেন না। বিচারকের জিজ্ঞাসাবাদে একপর্যায়ে মামলার বাদী আব্দুল মজিদ জানান, তার কাছে ফাঁকা কাগজে স্বাক্ষর নিয়েছিলেন দুই ব্যক্তি। এরপর আদালত এফিডেভিট গ্রহণ করে মামলার বাদী আব্দুল মজিদকে কাঠগড়ায় আটকে রাখার নির্দেশ দেন। পরবর্তী সময়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন দিয়ে ৫ ঘণ্টা পর মুক্ত হন তিনি।

Read More »

পাচার করা অর্থ ফেরত আনতে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সহায়তা চান প্রধান উপদেষ্টা

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :  ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২৫ খৃ.- প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে দেখা করে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সোরোস বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠন, পাচার করা সম্পদ সন্ধান, ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নের প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন। ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সোরোস ও প্রেসিডেন্ট বিনাইফার নওরোজির নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে দেখা করে অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন প্রকাশ করেছেন। বৈঠককালে অ্যালেক্স সোরোস ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সময়ে দেশকে নেতৃত্ব দেওয়ার এবং দেশের প্রাতিষ্ঠানিক সংস্কার ও অর্থনীতি পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় সংস্কার কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়ার জন্য অধ্যাপক ইউনূসের প্রশংসা করেন। তিনি বলেন, ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থান দেশের জন্য একটি নতুন যাত্রাপথ নির্ধারণের ‘বিরাট সুযোগ’ তৈরি করেছে। তারা জুলাইয়ের গণঅভ্যুত্থান, আন্দোলনে হতাহতদের জন্য ন্যায়বিচার, অর্থনৈতিক সংস্কার, গণমাধ্যম, পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার, নতুন সাইবার নিরাপত্তা আইন ও এটিকে উন্নত করার উপায় এবং রোহিঙ্গা সংকটের মতো বিষয়াদি নিয়ে আলোচনা করেছেন। অ্যালেক্স সোরোস বলেন, ‘আমরা এসব ক্ষেত্রে আপনার প্রচেষ্টাকে সমর্থন করার উপায় অনুসন্ধান করব।’ অধ্যাপক ইউনূস ওপেন সোসাইটি ফাউন্ডেশনকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান। তিনি ছাত্র-নেতৃত্বাধীন অভূতপূর্ব গণঅভ্যুত্থানের খবর ছড়িয়ে দেওয়ার বিষয়ে আরও বেশি কিছু করার জন্য ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানান, যে আন্দোলন একটি নৃশংস স্বৈরশাসকের পতন ঘটিয়েছে। তিনি বলেন, ‘দাভোসে আমার সফরের সময় আমি যা দেখেছি তা হল জুলাইয়ের গণঅভ্যুত্থান সম্পর্কে খুব বেশি লোক জানে না। অনেক বিভ্রান্তি রয়েছে।’ প্রধান উপদেষ্টা শেখ হাসিনার ১৬ বছরের দীর্ঘ শাসনামলে পাচার করা প্রায় ২৩৪ বিলিয়ন ডলার ফিরিয়ে আনার জন্য ‘সম্পদ সনাক্তকরণ’ কর্মকাণ্ডে বাংলাদেশকে সহায়তা করার জন্য ফাউন্ডেশনকে অনুরোধ করেন। অধ্যাপক ইউনূস বলেন, অন্তর্বর্তীকালীন সরকার উত্তরাধিকারসূত্রে একটি ‘বিপর্যস্ত ও যুদ্ধবিধ্বস্ত’ অর্থনীতি পেয়েছে। তিনি পুনর্গঠন প্রক্রিয়ায় ফাউন্ডেশনের সহায়তা কামনা করেন। তিনি বলেন, বাংলাদেশের গণমাধ্যম এখন অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করছে। কিন্তু ভুল তথ্য ও অপতথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফাউন্ডেশন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এলডিসি উত্তরণে সহায়তা করার ইচ্ছাও প্রকাশ করে। প্রধান উপদেষ্টা এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘কোনো সমস্যা ছাড়াই কীভাবে উত্তরণ করা যায় তা নিয়ে আমাদের ভাবতে হবে।’

Read More »

এক সপ্তাহের মধ্যে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন নীতিমালা হবে

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :    ঢাকা, বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। ছবি : বাসস ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২৫ (বাসস) : আগামী এক সপ্তাহের মধ্যে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ডের জন্য নতুন নীতিমালা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। আজ বুধবার রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। আবুল কালাম আজাদ বলেন, এই নীতিমালার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী মুক্ত সাংবাদিকতার জন্য যা যা করার দরকার কমিটি তা সুপারিশ করবে। কমিটির সুপারিশের পর তথ্য মন্ত্রণালয় ও সাংবাদিক প্রতিনিধিসহ সর্বোচ্চ বডি সেই নীতিমালা চূড়ান্ত করবে। তিনি বলেন, সর্বশেষ ২০২২ সালের অ্যাক্রিডিটেশন নীতিমালার বেশ কিছু ধারায় আপত্তিকর শব্দ ও বিধান রয়েছে। সেগুলো বাতিল করার সুপারিশ করা হবে। এসবের মধ্যে একটি ছিল সরকারের উন্নয়ন প্রচার করতে হবে। এটা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। এটা বাদ দেওয়ার সুপারিশ করা হবে। তিনি বলেন, সর্বশেষ নীতিমালায় বলা ছিল সাংবাদিকরা বিদেশ গেলে সরকারের কিছু সংস্থাকে জানিয়ে যেতে হবে। এটা চরম অবমাননাকর। সেটা বাতিল করার সুপারিশ থাকবে। আজাদ মজুমদার বলেন, সার্কুলেশন অনুযায়ী কার্ড দেওয়ার যে বিধান রয়েছে সেটি বাতিল করে পত্রিকায় সাংবাদিকদের সংখ্যা অনুযায়ী ৩০ শতাংশ বা সর্বোচ্চ ১৫ জনকে কার্ড প্রদান করা হবে। ফ্রিল্যান্স সাংবাদিকের ক্ষেত্রে নতুন নীতিমালায় সুপারিশ করা হয়েছে একজন সাংবাদিক কমপক্ষে ২০ বছর সাংবাদিকতায় যুক্ত থাকতে হবে অথবা সাংবাদিকতার অধিকার নিয়ে কাজ করেন এমন ব্যক্তিরা ফ্রিল্যান্সার কার্ড পাবেন। আগে কার্ড ইস্যু করতো প্রধান তথ্য কর্মকর্তা। এবার সাংবাদিকসহ বিভিন্ন সংগঠন নিয়ে যে কমিটি হবে তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।  তবে কোনো সাংবাদিক কার্ড না পেলে তিনি আপিল করতে পারবেন। আপিল বোর্ডে জাতীয় পর্যায়ে পত্রিকার সম্পাদক, বিচারপতিসহ বিভিন্ন সেক্টরের লোকজন থাকবেন। জেলা পর্যায়ে সাংবাদিকদের ক্ষেত্রে জেলা থেকেই তাদেরকে কার্ড দেওয়ার ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে। আগের নীতিমালায় স্থায়ী ও অস্থায়ী দুই ধরনের কার্ড ইস্যু করা হয়েছে। এবার একটি কার্ড দেওয়া হবে। সেটির মেয়াদ হবে তিন বছর। আগে ফৌজদারি মামলা হলেই প্রধান তথ্য কর্মকর্তা অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করতে পারতেন। এখন কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা হলেই তার কার্ড বাতিল হবে না, যতক্ষণ না তার বিরুদ্ধে মামলার রায় না হবে। তবে তার বিরুদ্ধে চূড়ান্ত চার্জশিট হলে কমিটি তার কার্ড স্থগিত করবে। আজাদ মজুমদার জানান, ১৬৭ জন সাংবাদিকের কার্ড বাতিল করা হয়েছে। তাদের মধ্যে মাত্র সাতজন কার্ড পুনঃবিবেচনার জন্য আবেদন করেছেন। মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।

Read More »