সর্বশেষ
সর্বশেষ

Day: April 24, 2025

সাংবাদিকের ‘হাঁটু ভেঙ্গে দেওয়ার’ হুমকি অধ্যক্ষের

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরের মিঠাপুকুর উপজেলায় এসএসসি পরীক্ষায় কেন্দ্র সচিবের যোগসাজশে নকল সরবরাহ করার সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে ‘হাঁটু ভেঙ্গে পঙ্গু’ করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক নিরাপত্তা চেয়ে মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সোমবার সন্ধ্যায় দৈনিক আমাদের সময়ের রংপুর প্রতিনিধি খন্দকার রাকিবুল ইসলামকে মুঠোফোনে হাঁটু ভেঙ্গে পঙ্গু করে দেওয়ার হুমকি প্রদান করে পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহেদুল আলম। এর আগে, গতকাল সোমবার ‘চুক্তিতে নকল সরবরাহের প্রতিযোগিতা এসএসসি পরীক্ষা কেন্দ্রে’ শিরোনামে দৈনিক আমাদের সময় পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটিতে এসএসসি পরীক্ষায় ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্র, গণিত, রসায়ন, পদার্থ ও জীববিজ্ঞানসহ ছয়টি বিষয়ের প্রতিপত্রে ৫শ থেকে ১ হাজার টাকার চুক্তিতে পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী হায়দার, অলি, রায়হান, সোহাগী ও শিক্ষক মুসা উত্তরপত্র সরবরাহ করছেন বলে উল্লেখ করা হয়। এদিকে সংবাদ প্রকাশের পর সোমবার সন্ধ্যায় কেন্দ্রসচিব অধ্যক্ষ মাহেদুল আলম মুঠোফোনে সাংবাদিক খন্দকার রাকিবুল ইসলামকে কল করে হাঁটু ভেঙ্গে দেওয়ার হুমকিসহ অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ ছাড়া এই রিপোর্টের জন্য সাংবাদিকদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেওয়ারও হুমকি দেন তিনি। হুমকি দেওয়ার ঘটনায় একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ভাইরাল হওয়ার পরে এ নিয়ে তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত অধ্যক্ষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক নেতারা। রিপোর্টাস ক্লাব রংপুরের সভাপতি শাহ্ বায়েজিদ আহমেদ বলেন, সংবাদ প্রকাশের জেরে অধ্যক্ষ মাহেদুল আলম যেভাবে সাংবাদিক রাকিবুলকে হাঁটু ভেঙ্গে পঙ্গু করে দেওয়ার হুমকি দিয়েছে, তা নিন্দনীয়। আমরা এ ধরনের হুমকিদাতাকে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানানোর পাশাপাশি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যদি প্রশাসন অতি দ্রুত তদন্ত করে ব্যবস্থা না নেন তাহলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো। রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান বলেন, পরীক্ষায় নকল সরবরাহের খবর পরিবেশন করায় সাংবাদিক রাকিবুলকে অধ্যক্ষ মাহিদুল আলম কর্তৃক হাঁটু ভেঙ্গে দেওয়ার হুমকি দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে হুমকিদাতা অধ্যক্ষের অপসারণ এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। একইসঙ্গে নকল সরবরাহে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। ভুক্তভোগী সাংবাদিক খন্দকার রাকিবুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে অর্থের বিনিময়ে নকল সরবরাহের প্রতিবেদন করেছিলাম। কিন্তু আমাকে যেভাবে হুমকি প্রদান করা হলো এটি কোনো শিক্ষকের আচরণ হতে পারে না। শিষ্ঠাচার বহির্ভূত আচরণ ও আমাকে আক্রমণের হুমকি প্রদান করার জন্য এবং অর্থের বিনিময়ে নকল বাণিজ্য করার জন্য অতিদ্রুত তদন্ত করে এই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এই হুমকি বাকস্বাধীনতা ও সংবাদপত্রের কন্ঠরুদ্ধ করার অপচেষ্টা। স্বৈরাচার আমলে আওয়ামী কোটায় নিয়োগকৃত এই অধ্যক্ষের অপসারণ দাবি করছি সরকারের কাছে। এ অভিযোগ প্রসঙ্গে পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মাহেদুল আলম বলেন, সাংবাদিক রাকিবুল আমার পাশের গ্রামের বাসিন্দা। আমার পরিচিত মানুষ। এ কারণে তাকে এভাবে বলেছি। তবে, তার প্রতি আমার কোনো ক্ষোভ নাই। মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দীক বলেন, এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিকাশ চন্দ্র বর্মন বলেন, এ ঘটনায় কেউ এ পর্যন্ত কোনো অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Read More »

রাজউককে জনবান্ধব করতে আইন ও বোর্ডের গঠন বদলাতে হবে

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১০ বৈশাখ (২৩ এপ্রিল) ২০২৫ খৃ. – পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে জনবান্ধব ও যুগোপযোগী করতে টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট ও বিল্ডিং কন্সট্রাকশন অ্যাক্ট নতুন করে প্রণয়ন করতে হবে। অল্প পরিবর্তনে কাজ হবে না। সময় ও বাস্তবতার চাহিদায় প্রয়োজনীয় কিছু রেখে নতুন করে প্রণয়ন করতে হবে। তিনি বলেন, রাজউকের বোর্ডে কেবল আমলা থাকলে চলবে না। বোর্ডে শহর পরিকল্পনায় দক্ষ বিশেষজ্ঞ রাখতে হবে। ওয়ার্কিং গ্রুপ গঠন করে কাজ করতে হবে। আজ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, রাজউক চেয়ারম্যানের রেসিডেন্সিয়াল ভবনকে কমার্শিয়াল করার ক্ষমতা রহিত হওয়া উচিত। মহাপরিকল্পনার বাইরে না গিয়েই বোর্ড এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। তিনি বলেন, ঢাকা শহরের জন্য একটি নতুন ভিশন দরকার। সেই ভিশনে সিভিল সোসাইটি, রাজউক ও সাধারণ মানুষের মতামত প্রতিফলিত হওয়া উচিত। জনগণের সেবা বিকেন্দ্রীকরণ করতে হবে, যাতে ঢাকার ওপর চাপ কমে। রিজওয়ানা হাসান বলেন, রাজউক কি ডেভেলপার না রেগুলেটর তা পরিষ্কারভাবে নির্ধারণ করতে হবে। রাজউককে আর হাউজিং করতে দেয়া যাবে না। গৃহহীনদের জন্য ঘরের ব্যবস্থা হতে পারে, ধনীদের জন্য নয়। তিনি বলেন, গোটা এলাকাভিত্তিক মাস্টারপ্ল্যান করতে হবে। বেসরকারি হাউজিং নিয়ন্ত্রণের প্রয়াস আগে ছিল না, এখন তা জরুরি। রাজউককে রাজনৈতিক চাপে রাখা যাবে না। উপদেষ্টা পূর্বাচলের জমি ধ্বংসের সমালোচনা করে বলেন, মন্ত্রী-এমপিদের জন্য হাউজিং করার যৌক্তিকতা নেই। রাজউককে জাতীয় ও নির্মিত ঐতিহ্য রক্ষায় কাজ করতে হবে। নগরবাসীর জীবনমান উন্নয়ন রাজউকের দায়িত্ব। রাজউকের ভবনটিও আধুনিক ও পরিবেশবান্ধব হওয়া উচিত। তিনি বলেন, প্রতিটি প্রকল্পের এক্সিট প্ল্যান থাকতে হবে। রাজউক ও এস্টেট ডিপার্টমেন্টকে জনসেবামুখী হতে হবে। সেবা ডিজিটালাইজ করতে হবে। অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা কার্যকর করতে হবে। সুপারভিশন আউটসোর্স করতে হবে। বাইরের বিশেষজ্ঞ দিয়ে অডিট করাতে হবে। পরিবেশ উপদেষ্টা বলেন, তোতাইল বিলের মতো জলাশয় পুনঃখনন করতে হবে। হাউজিং প্রকল্প শেষ হওয়ার পরও মনিটরিং চালু রাখতে হবে। রাস্তার পাশে গাছ লাগাতে হবে। এলাকা না বাড়িয়ে সুপারভিশন বাড়াতে হবে। সিটি কর্পোরেশন ও পৌরসভাকে তাদের কাজ করতে দিতে হবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম-সহ রাজউকের কর্মকর্তাগণ এ সময় বক্তব্য রাখেন।

Read More »

টিসিবির কার্যক্রমে ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান বাণিজ্য উপদেষ্টার

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১০ বৈশাখ (২৩ এপ্রিল) ২০২৫ খৃ. – দেশের সুবিধাবঞ্চিত কোটি পরিবারের পাশে দাঁড়াতে টিসিবির কার্যক্রমে ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়নোর আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ ঢাকার আর্মি গলফ ক্লাবে ট্রেডিং কর্পোরেশন অভ্ বাংলাদেশ (টিসিবি) আয়োজিত ‘ট্রেড উইথ টিসিবি’ শীর্ষক বিজনেস টক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ আহ্বান জানান। শেখ বশিরউদ্দীন বলেন, পাঁচ আগস্ট বিপ্লব পূর্ববর্তী সময়ে দেশের বিভিন্ন সেক্টরে যে দুর্বৃত্তায়ন হয়েছিল টিসিবি এর থেকে মুক্ত ছিলো না। উপকারভোগী নির্বাচন করতে বিগত সময়ে ব্যাপক অনিয়ম হয়েছিলো উল্লেখ করে তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চল পরিদর্শনকালে জুট মিলের মালিকের টিসিবি কার্ড দেখেছি, পাঁচতলা বাড়ির মালিকের এমনকি প্রশাসনে কর্মরতদের বাড়িতেও তিনটি কার্ড দেখতে পেয়েছি। টিসিবির কার্যক্রমে পরিবর্তন আনার আকাক্সক্ষা উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, আমার কর্মকালে টিসিবিকে একটি যৌক্তিক পর্যায়ে আনতে চাই। এক কোটি পরিবারের জন্য সরকার প্রায় ১৪ হাজার কোটি টাকার পণ্য ক্রয় করে উল্লেখ করে উপদেষ্টা বলেন, আমরা এই টাকার যথাযথ ব্যবহার দেখতে চাই। সেজন্য ব্যবসায়ীদের টিসিবির কাজের সাথে অংশগ্রহণ দেখতে চাই। এর মধ্যে দিয়ে বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধি পাবে, মানুষ তার যোগ্য স্থান ফিরে পাবে। অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) ড. নাজনীন কাওসার চৌধুরী বিশেষ অতিথির বক্তৃতা করেন। স্বাগত বক্তব্য রাখেন টিসিবির চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ। অনুষ্ঠানে কি নোট পেপার উপস্থাপন করেন টিসিবির পরিচালক এস এম শাহীন পারভেজ। অনুষ্ঠানে দেশের বিভিন্ন সেক্টরের ব্যবসায়ীবৃন্দ অংশ নেন।

Read More »

টোকিওতে বাংলাদেশ-জাপান ষষ্ঠ পাবলিক-প্রাইভেট ইকোনমিক ডায়ালগ অনুষ্ঠিত

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : টোকিও (জাপান), ২৩ এপ্রিল ২০২৫ খৃ. – ৬ষ্ঠ বাংলাদেশ-জাপান পাবলিক-প্রাইভেট ইকোনমিক ডায়ালগ (পিপিইডি) আজ জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় (এমইটিআই) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।   সংলাপে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। জাপানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এমইটিআইয়ের ভাইস মিনিস্টার মাতসুও তাকেহিক। এসময় জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পিপিইডিতে মূলত উভয় দেশের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদার করা, বিশেষ করে কানেক্টিভিটি, বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট (বিগ-বি), লজিস্টিকস, এনার্জি ট্রানজিশন, কৃষি এবং কর ও কাস্টমস পদ্ধতি সহজিকরণের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা এবং আরও ব্যবসা-বান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে গৃহীত সংস্কার কার্যক্রমের কথা তুলে ধরা হয়। এছাড়া পুর্ববর্তী সংলাপে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে সভাকে অবহিত করা হয়। জাপানের প্রতিনিধিদল বাংলাদেশে ব্যবসার পরিবেশের উন্নয়নে তাদের বেসরকারি খাতের সন্তুষ্টির কথা প্রকাশ করে বলেন যে, বিগত এক দশকে বাংলাদেশে জাপানি কোম্পানির সংখ্যা তিনগুণ বৃদ্ধি পেয়েছে যা বিনিয়োগকারীদের আস্থা এবং সেখানে ব্যবসা সম্প্রসারণে তাদের আগ্রহের প্রতিফলন। সংলাপে উভয় পক্ষ দু’দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরো গভীর করার বিষয়ে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে এবং ২০২৫ সালের শেষ নাগাদ অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) সম্পাদনের আশা প্রকাশ করে। বাংলাদেশ জাপানি বিনিয়োগ আকর্ষণে জাপানের স্টেকহোল্ডারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহের কথা পুনর্ব্যক্ত করে।   মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া আলোচনায় উত্থাপিত মূল চ্যালেঞ্জগুলো মোকাবিলায় বাংলাদেশ সরকার কাজ করে যাবে বলে আশ্বাস দেন। তিনি আরো বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংস্কার ও অটোমেশন প্রচেষ্টার কথা তুলে ধরেন এবং বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) স্ট্যাটাস থেকে উত্তরণের আগেই ইপিএ চূড়ান্ত করার গুরুত্ব তুলে ধরেন। জাপানের ভাইস মিনিস্টার মাতসুও তাকেহিকো এক জরিপের উল্লেখ করে বলেন, ৬০ শতাংশের বেশি জাপানি কোম্পানি বাংলাদেশে তাদের ব্যবসা সম্প্রসারণের কথা বিবেচনা করছে। তিনি বলেন, জাপান সরকার পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে সহায়তা করতে প্রস্তুত।   সংলাপে উভয় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়, জাতীয় রাজস্ব বোর্ড, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ ব্যাংক এবং এফবিসিসিআইয়ের প্রতিনিধিরা অংশ নেন।

Read More »