সর্বশেষ
সর্বশেষ

Day: May 19, 2025

রংপুর সদর উপজেলা সমবায় কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মঞ্জুর মোর্শেদ তালুকদার সুমনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। লাগামহীন এসব দুর্নীতি এবং তার অপসারণের দাবিতে ভুক্তভোগী সমবায়ীরা ইতিমধ্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপদেষ্টা, নিবন্ধক ও মহাপরিচালক, সমবায় অধিদপ্তর ঢাকা, রংপুর বিভাগীয় কমিশনার, রংপুর /নীলফামারী জেলা প্রশাসক, সভাপতি এডহক কমিটি রংপুর কেন্দ্রীয় সমাবায় ব্যাংক লিঃ, রংপুর জেলা সমবায় অফিসার বরাবরে অভিযোগ পাঠিয়েছেন। অভিযোগকারীদের মধ্যে একেএম বেলাল সরকার, মোফাজ্জল হোসেন, আনোয়ার হোসেন, সরোয়ার আলম মুকুল জানান, রংপুর সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মঞ্জুর মোর্শেদ তালুকদার (সুমন) রাজনৈতিক পার্ট পরিবর্তনের পরে দুর্নীতির অভিযোগে নীলফামারী সদর উপজেলা হতে রংপুর সদর উপজেলায় বদলী হয়ে এসে নানা রকম আর্থিক দূর্নীতিতে জড়িয়ে পড়েন। বিশেষ করে তিনি রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর আওতাধীন বিদ্যমান প্রাথমিক সমবায় সমিতিসমূহের প্রতিনিধিগণকে পাশ কাটিয়ে অর্থের বিনিময়ে অতি দ্রুততার সাথে অবসায়নাধীন, বাতিলকৃত এবং অকার্যকর সমিতিকে কার্যকর দেখিয়ে অবৈধভাবে সমিতির ব্যবস্থাপনা কমিটিতে বসানোর স্বড়যন্ত্র করছেন। মঞ্জুর মোর্শেদ তালুকদার (সুমন) রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সদস্য। গত ৩০/০৪/২০২৫ তারিখে সমিতির বিশেষ সাধারণ সভা ও নির্বাচনী নোটিশ জারী করা হয়। নির্বাচনী নোটিশের সাথে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর তরিঘড়ি করে সদর উপজেলা সমবায় অফিসার কয়েকটি অবসায়নাধীন সমিতিকে পুনরুজ্জীবিত করে কিছু অসমবায়ীকে রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক এর অংশীদার সৃষ্টির পায়তাড়া করছেন। নির্বাচনের তারিখ ঘোষনার পর অবসায়কের চুড়ান্ত প্রতিবেদন ছাড়াই জেলা সমবায় অফিসার মোঃ ফরিদ উদ্দীন সরকার কোনো প্রকার আইন ও বিধির তোয়াক্কা না করে ৫ মে ২০২৫, তারিখে তড়িঘড়ি করে শুনানী গ্রহণ করে ০১ দিন পরেই ৭ মে ২০২৫, মমিনপুর ইউনিয়ন বহুমুখী সমবায় সমবায় সমিতি লিঃ, রেজি নং-৭২, তারিখ- ২৪ এপ্রিল ১৯৪৮, এর অবসায়ন আদেশ প্রত্যাহার করেন। আদেশ প্রত্যাহাদের পরের দিন ৬ মে ২০১৫, তারিখে রংপুর সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মঞ্জুর মোর্শেদ তালুকদার (সুমন) কোনো প্রকার নিয়মনীতি অনুসরণ না করে সমিতির অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি অনুমোদন করেন। তার এহেন কর্মকান্ডে আমরা প্রকৃত সমবায়ীগণ ক্ষতিগ্রস্ত হচ্ছি। মঞ্জুর মোর্শেদ তালুকদার সদর উপজেলার স্থায়ী বাসিন্দা হওয়া সত্বেও নীলফামারী সদর উপজেলায় দায়িত্ব পালন করেছেন এবং আওয়ামীলীগের রাজনীতির প্রভাব দেখান। এ বিষয়ে রংপুর সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মঞ্জুর মোর্শেদ তালুকদার সুমন বলেন, এসব অভিযোগ সত্য নয়। তাছাড়া আমার ঊর্ধতন কর্মকর্তারা আমার বিষয়ে অবহিত রয়েছেন। আমি কোন দুর্নীতির আশ্রয় নেই নাই। দ্রুততার সাথে অবসায়নাধীন, বাতিলকৃত এবং অকার্যকর সমিতিকে কার্যকর দেখিয়ে অবৈধভাবে সমিতির ব্যবস্থাপনা কমিটিতে বসানোর বিষয়টি বানোয়াট ও ভূয়া। নিয়মমাফিক শুনানী শেষে সব কাজ সম্পন্ন হয়েছে। বিষয়টি নিয়ে রংপুর বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক ( অতিরিক্ত দায়িত্ব) মোঃ মোখলেছুর রহমান জানান, রংপুর সদর উপজেলা সমবায় কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

Read More »

রংপুরে এনসিপি নেতা আখতার হোসেনকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভঃ-

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেনকে ডাকযোগে হত্যার হুমকির প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে সংগঠনটির রংপুর জেলা শাখা। রবিবার (১৮ মে) বিকেলে এই কর্মসূচি পালিত হয়। রংপুর প্রেসক্লাব চত্বর থেকে মিছিল শুরু হয়ে নগরীর জাহাজ কোম্পানি মোড় পর্যন্ত গিয়ে পুনরায় প্রেসক্লাব এলাকায় এসে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা। সমাবেশে বক্তারা আখতার হোসেন ও তার পরিবারকে হত্যার হুমকির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং দায়ীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। বক্তারা বলেন, এ ধরনের হুমকি রাজনৈতিক কর্মপরিবেশকে প্রভাবিত করতে পারে এবং ভীতির সৃষ্টি করে। তারা সরকারের কাছে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, নিরাপদ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে হলে দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি। সমাবেশ থেকে “জুলাই ঘোষণাপত্র” প্রকাশের দাবিও পুনর্ব্যক্ত করা হয়, যা দলটির দাবিমতো একটি নিরাপত্তা কাঠামো নির্ধারণের রূপরেখা। বিক্ষোভ ও সমাবেশে অংশগ্রহণ করেন—এনসিপি কেন্দ্রীয় কমিটির সংগঠক আব্দুল মুনাঈম ও রফিকুল ইসলাম কনক, রংপুর জেলা শাখার সংগঠক মুস্তাকিম বিল্লাহ, মহানগর শাখার মোঃ এরশাদ হোসেন, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলা ও মহানগর শাখার আহ্বায়ক যথাক্রমে ইমরান হোসেন ও ইমতিয়াজ আহমেদ ইমতি। উল্লেখ্য, ১৬ মে রংপুর জেলার কাউনিয়া উপজেলার সদরা তালুক গ্রামে আখতার হোসেনের ঠিকানায় ডাকযোগে একটি চিঠির মাধ্যমে তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়। পরদিন ১৭ মে তিনি তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে বিষয়টি প্রকাশ করেন।

Read More »

রংপুর সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প ও খাদ্য সহায়তা প্রদান

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর সেনাবাহিনী ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার (১৮মে) বিকেলে দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর এলাকায় শিশু, মেডিসিন, চক্ষু, গাইনীসহ সেনাবাহিনীর ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের ব্যবস্থাপত্র প্রদানসহ রোগীদের ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষা করা হয়। সেই সাথে রোগীদের বিনামূল্যে ৫০ প্রকার ঔষধ দেয়া হয়। এছাড়া ২’শ জন অস্বচ্ছল মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সেনাবাহিনীর এ কার্যক্রমে উপস্থিত ছিলেন, ৬৬ পদাতিক ডিভিশনের ২৫ বীর সার্পোট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোরসালিন মাহমুদ, ওসমানপুর ক্যাম্পের কমান্ডার মেজর নূর এ শহীদ ফারাবী, মেজর নাজমুল হায়দারসহ অন্যরা। চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় মোরশেদা বেগম বলেন, এই প্রত্যন্ত এলাকায় ভালো ডাক্তার নেই। আমাদের আর্থিক অবস্থাও ততটা ভালো নয় যে আমরা শহরে গিয়ে ভালো ডাক্তার দেখাবো। আজ সেনাবাহিনীর ডাক্তাররা আমাদের এলাকায় এসেছেন। সেই সুযোগে আমার সন্তানকে নিয়ে এসেছি। এখানে বিনামূল্যে ওষুধও দিচ্ছেন তারা। খাদ্য সহায়তা পাওয়া আম্বিয়া বেগম (৬০) বলেন, স্বামী বিছানাত পড়ি আছে। ছাওয়ারাও তো দেখে না। খুব কষ্টে দিনপাড় করি বাহে। আইজ সেনাবাহিনী একমাসের খাবার দেইল। এখন একনা চিন্ত্যা কমিল। ৬৬ পদাতিক ডিভিশনের ২৫ বীর সার্পোট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোরসালিন মাহমুদ বলেন, এটি প্রত্যন্ত এলাকা। এখানে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে পরামর্শ ও ওষুধ প্রদান করছেন। এছাড়াও দুস্থ পরিবারদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

Read More »