
রংপুর ২ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়ে সবার কাছে ভোট ও দোয়া চাইলেন,,,এটিএম আজহারুল ইসলাম
জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: সদ্য কারামুক্ত জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম বলেছেন, যারা বলেছিল অমুকের বেটি দেশ ছেড়ে পালায়না, তারাই আজ পালিয়েছে। আর জামায়াতে ইসলামের নেতারা মৃত্যুকে আলিঙ্গন করেও পালায়নি। তিনি বলেন, তাদের ঠিকানা অন্যখানে, একটু শব্দ হলেই তারা সেখানে পালিয়ে যায়। যাদের ঠিকানা অন্যখানে তাদের দিয়ে দেশ ও দেশের মানুষের কোন উপকার সম্ভব নয়। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় রংপুরের তারাগঞ্জে জামায়াতে ইসলামীর শুকরানা সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এটিএম আজহার এসব কথা বলেন। তিনি বলেন, বিগত বছরে আওয়ামী লীগের জুলুম অত্যাচারে শুধু জামায়াতে ইসলামী ক্ষতিগ্রস্ত হয়নি, যারাই মতের বিপক্ষে গেছে তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। জুলাই বিপ্লবে প্রথম শহীদ আবু সাঈদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এটিএম আজহার বলেন, আবু সাঈদদের মত দেশ প্রেমিক দরকার। যার আত্মত্যাগ দেশ আজ আধিপত্য শক্তির হাত থেকে মুক্ত ও স্বাধীন। সুপ্রিম কোর্টের ৭ বিচারপতিকে শ্রদ্ধা জানিয়ে বলেন, বিচারকরা নিরপেক্ষ হলেই দেশে ন্যায় বিচার সম্ভব। এসময় রংপুর ২ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়ে সবার কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন। রংপুর জেলা জামায়াত জানায়, প্রায় ১৪ বছর পর নিজ এলাকায় আসলেন এটিএম আজহারুল ইসলাম। দুই দিনের সফরে তারাগঞ্জ ও বদরগঞ্জে জামায়াতে ইসলামী আয়োজিত দুটি শুকরিয়া সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেয়া শেষে শুক্রবার ঢাকার ফেরার কথা রয়েছে তার।











