সর্বশেষ
সর্বশেষ

Day: March 2, 2026

রাজধানীতে নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২ মার্চ, ২০২৬ খৃ. – প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ দিয়েছেন। আজ (সোমবার) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল ইসলামকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। এসময় তারেক রহমান সড়ক পরিবহনের বর্তমান অবস্থা সম্পর্কে রবিউল ইসলামের কাছ থেকে তথ্য নেন এবং প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন। আতিকুর রহমান রুমন আরও বলেন, প্রধানমন্ত্রী রাজধানীতে নারী বাস সার্ভিস চালুর জন্য মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান, তিনি (তারেক রহমান) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের সংস্কার ও উন্নয়ন কাজ ঈদের আগে শেষ করারও নির্দেশনা দিয়েছেন।

Read More »

আইনমন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত

ল’ ডেস্ক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২ মার্চ, ২০২৬ খৃ. – (এলভি/বাসস) : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হয়েছে। ‘টিএসটি নিউজ’ নামে একটি ফেসবুক পেইজে আইনমন্ত্রীর বক্তব্য উল্লেখ করে বলা হয়েছে, ‘আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, বর্তমান পে স্কেলের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধার মধ্যে কাজ করতে অনিচ্ছুক সরকারি কর্মচারীরা চাইলে ‘ব্যাগ অ্যান্ড ব্যাগেজ’সহ চাকরি ছেড়ে দিতে পারেন। সরকারি সেবায় দুর্নীতি ও ঘুষের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে বলেও তিনি জোর দেন।’ ‘টিএসটি নিউজ’ আইনমন্ত্রীর ব্রিফিংয়ের একটি ছবিও তাদের এই পোস্টের সাথে আপলোড করে। এ বিষয়ে ফ্যাক্ট চেক করে শনাক্ত হয়, ‘টিএসটি নিউজ’ পেইজে আইনমন্ত্রীর বক্তব্য হিসেবে প্রচার করা এসব কথা তিনি কোথাও বলেননি। আইনমন্ত্রীর যে ছবিটি টিএসটি নিউজ তাদের পেইজে আপলোড করেছে, সেটি ২৮ ফেব্রুয়ারি ঝিনাইদহে তোলা। সেখান গণমাধ্যমে বলা আইনমন্ত্রীর পুরো বক্তব্যের ভিডিও পাওয়া গেছে। এতে দেখা যায়, আইনমন্ত্রী পে স্কেল নিয়ে কোনো বক্তব্যই দেননি। অনুসন্ধানে দেখা যায়, বানোয়াট বক্তব্যের ফটোকার্ড প্রচার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি আইনমন্ত্রী ঝিনাইদহে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। আইনমন্ত্রীর বক্তব্যের রেকর্ডেড ভিডিও মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা বাসসকে দিয়েছেন। সে বক্তব্যের আলোকে বাসসসহ বিভিন্ন গণমাধ্যম আইনমন্ত্রীর বক্তব্যের নিউজ প্রকাশ ও প্রচার হয়েছে। সেদিন আইনমন্ত্রী ঝিনাইদহে সাংবাদিকদের বলেন, সরকার আইনগতভাবে ফ্যাসিস্টদের বিচারে বদ্ধপরিকর। রক্তের সিঁড়ি বেয়ে ফ্যাসিস্টদের পতন ঘটানো হয়েছে। বাংলাদেশ এখন গণতান্ত্রিক অগ্রযাত্রার মহাসড়কে। তিনি বলেন, ‘আমি কর্মকর্তাদের বলেছি, সরকারি বরাদ্দ জনগণের জন্য হয়। সে বরাদ্দের প্রত্যেকটা পাই-পয়সা খরচ হচ্ছে যথাযথভাবে সঠিক জায়গায়, সেটি নিশ্চিত করতে বলেছি। আমি বলেছি, যদি কেউ দুর্নীতির আশ্রয় নেয়, শুধু চাকরি যাওয়া বিভাগীয় ব্যবস্থাই নয়, মামলাও হবে। মাদকের ব্যাপারে জিরো টলারেন্স।’ তিনি আরও বলেন, ‘সন্ত্রাস, সামাজিক হানাহানি, মারামারি সবকিছুর জন্য নিরপেক্ষভাবে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। কারণ গুটিকয়েক অসাধু লোকের জন্য সরকারের ভাবমূর্তি নষ্ট হতে পারে না। আইনমন্ত্রী বলেন, ‘সারাদেশের মন্ত্রী আমি। পাশাপাশি নিজ জেলা অবহেলিত ঝিনাইদহকে লেভেল প্লেয়িং ফিল্ডের জায়গায় নিয়ে আসার দায়িত্বও আমার আছে। আমরা মনে করছি আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন যেটা আছে, নট বেড।’ জামিন দেওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘এটি আদালতের বিষয়। কোনো অপরাধীই পার পাবেন না।’ ‘টিএসটি নিউজ’ নামে ফেসবুক পেইজে প্রচারিত আইনমন্ত্রীর কথিত বক্তব্য আর কোনো মূলধারার গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্যাক্ট চেক করে শনাক্ত হয়, ‘বর্তমান পে স্কেলের বেতন ভালো না লাগলে চাকরি ছেড়ে দিতে পারেন’- এমন বক্তব্য কয়েকটি ফেসবুক পেইজে আইনমন্ত্রীর বক্তব্য দাবি করে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। তাছাড়া ‘টিএসটি নিউজ’ নামে সরকার বা মিডিয়া কর্তৃপক্ষের কাছে নিবন্ধিত কোন নিউজ পোর্টাল খুঁজে পাওয়া যায়নি। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান আজ এ বিষয়ে বলেছেন, ‘যারা এ ধরনের অপপ্রচার চালাচ্ছে, তারা দুর্নীতির পক্ষে অবস্থান নিতে চান।’

Read More »

ঈদে নিরাপদ রেলযাত্রা নিশ্চিত করতে রেলভবনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঈদে নিরাপদ রেলযাত্রা নিশ্চিত করতে রেলভবনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঢাকা, ১৭ ফাল্গুন (২ মার্চ): আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্য রেলযাত্রা নিশ্চিতকরণের লক্ষ্যে আইনশৃঙ্খলা বজায় রাখা, নাশকতা ও টিকিট কালোবাজারি প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ের ওপর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে সড়ক পরিবহন ও সেতু; রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও মোঃ রাজিব আহসান উপস্থিত ছিলেন। এছাড়া, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আজ রাজধানীর রেল ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো যাত্রীদের নিরাপদ, নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্য ঈদযাত্রা নিশ্চিতকরণের লক্ষ্যে সড়ক পরিবহন ও সেতু; রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। সভায় ঈদযাত্রায় পূর্বের ন্যায় ট্রেনে নির্ধারিত আসনের অতিরিক্ত ২৫ শতাংশ আসনবিহীন টিকিট বিক্রি বহাল রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে আসনবিহীন টিকিটধারী কোনো যাত্রী যেন এসি কামরা কিংবা প্রথম শ্রেণির আসনে ভ্রমণের সুযোগ না পায় তা নিশ্চিত করার জন্য মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। টিকিটবিহীন যাত্রী শনাক্তকরণ, টিকিট কালোবাজারি প্রতিরোধ ও ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে প্রয়োজনীয় সংখ্যক মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া, টিকিটবিহীন কোনো যাত্রী বিশেষ করে কমলাপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনের প্লাটফর্মে যেনো ঢুকতে না পারে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। কোনো ট্রেনের যাত্রা বিলম্বিত হলে অপেক্ষামান যাত্রীদের প্লাটফর্মের নিরাপদ স্থানে বসার জন্য নির্ধারিত আসন সংখ্যা বৃদ্ধি করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।

Read More »

স্বাস্থ্যখাতে চীনের সহযোগিতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

ডা. রাকিব / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৭ ফাল্গুন (২ মার্চ) ২০২৬ খৃ. – স্বাস্থ্য খাতে চীনের চলমান সহযোগিতার প্রশংসা করে তা আরো বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন । তিনি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কীট ও সরঞ্জাম সরবরাহ এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ও গবেষকদের জন্য আবাসনের ব্যবস্থা করতে সহযোগিতা চান। তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশে এক হাজার বেডের হাসপাতালে নির্মাণে চীন তার সহযোগিতার প্রতিশ্রুতি রক্ষা করবেন। আজ সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাক্ষাৎ করতে আসলে স্বাস্থ্য মন্ত্রী এ আহ্বান জানান। এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত উপস্থিত ছিলেন। চীনের রাষ্ট্রদূত বলেন, প্রস্তাবিত এক হাজার বেডের হাসপাতাল নির্মাণে সহযোগিতা করতে তারা পিছপা হবে না। তা সাধারণ হাসপাতাল হোক বা বিশেষায়িত হাসপাতাল হোক। তিনি বলেন, মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসাসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে চীন থেকে চিকিৎসক দল এসেছে। রোবোটিক রিহেবিলিটেশন সেন্টারে ৮২টি যন্ত্রপাতি প্রদান করা হয়েছে। বাংলাদেশি মেডিক্যাল স্টাফদের চীনে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তিনি উচ্চশিক্ষায় নিয়োজিত চিকিৎসক ও গবেষকদের জন্য আবাসনের বিষয়ে সহযোগিতা করতে আগ্রহী বলে জানান। বৈঠকে প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত চীনের সহযোগিতায় প্রস্তাবিত এক হাজার বেডের হাসপাতাল উত্তরবঙ্গে হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

Read More »

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সরকারের পরিকল্পনা তুলে ধরেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৭ ফাল্গুন (২ মার্চ) ২০২৬ খৃ. – তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)-এর সাথে মতবিনিময় করেন। এ সময় তথ্যমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন দাবি দেওয়ার কথা মন দিয়ে শোনেন এবং এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। জহির উদ্দিন স্বপন সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের বিষয়টি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি জানান অচিরেই ফ্যামিলি কার্ড বিতরণের পাইলট প্রজেক্ট শুরু হবে। তিনি নারীর ক্ষমতায়নের সাথে সংশ্লিষ্ট এ প্রকল্পটির সংবাদ ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য উপস্থিত গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান। তথ্যমন্ত্রী মন্ত্রিসভার প্রথম বৈঠকে নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সূদে-মূলে মওকুফের সিদ্ধান্তের বিষয়টিও সাংবাদিকদের অবহিত করেন। তিনি সাংবাদিকদের যেকোনো বিষয়ে তাদের সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ইয়াকুব আলী, বিএসআরএফ’র সভাপতি মাসউদুল হক ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল উপস্থিত ছিলেন।

Read More »

মন্ত্রণালয় প্রবাসীদের ইমারজেন্সি +৮৮০৯৬১০১০২০৩০ দিয়ে কল সেন্টার চালু করেছেন

ঢাকা, ১৬ ফাল্গুন (০১ মার্চ) / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : সরকারি-বেসরকারি টিভি চ্যানেলসহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে মিডিয়ায় প্রচারের জন্য অনুরোধ করেছেন প্রবাসী কল্যাণ বৈদেশিক ও কমর্মসংস্থান মন্ত্রণালয়। মূলবার্তা: ‘মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধপরিস্থিতিতে প্রবাসে বসবাসরত কোন বাংলাদেশি সমস্যার সম্মুখীন হলে তাদেরকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কল সেন্টার-এর +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে ফোন করে জানাতে অনুরোধ জানানো হচ্ছে। নম্বরটি দিন-রাত ২৪ ঘন্টা খোলা থাকে’-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

Read More »

দুর্নীতিবাজদের মন্ত্রণালয়ে আশ্রয় হবে না — গণপূর্ত মন্ত্রী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৬ ফাল্গুন (১ মার্চ) ২০২৬ খৃ. – দুর্নীতিবাজদের মন্ত্রণালয়ে আশ্রয় হবে না বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেন, জনগণের করের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়নকাজ সম্পন্ন করতে হবে। দায়িত্ব পালনে কোনো গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের শাস্তির মুখোমুখি হতে হবে। মন্ত্রী আজ ঢাকায় সেগুনবাগিচায় গণপূর্ত অধিদপ্তরের সম্মেলনকক্ষে মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। এসময় প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ও সচিব মোঃ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। পূর্তমন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, দায়িত্ব পালনকালে কোনো রাজনৈতিক চাপ এলে তা আমরা সামাল দেবে। আপনারা দেশের প্রচলিত আইনের মধ্যে থেকে দায়িত্ব পালন করবেন। বেআইনি বিষয়ে স্পষ্টভাবে আইন তুলে ধরবেন এবং প্রয়োজনে ‘না’ বলতে শিখবেন। নির্ভয়ে ও সততার সঙ্গে কাজ করবেন। মধ্যম ও নিম্ন আয়ের মানুষের জন্য ঢাকায় আবাসনের বিষয় উল্লেখ করে পূর্ত মন্ত্রী বলেন, আমরা সবাই মিলে দেশের কল্যাণে গঠনমূলক চিন্তা ও কার্যকর উদ্যোগ নিলে তাদের জীবনমান উন্নত হবে। প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, আপনারা নির্ভয়ে দায়িত্ব পালন করবেন। অতীতের চিন্তা পরিহার করে আগামীর বাংলাদেশ গড়তে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। কাজ না করে জনগণের কষ্টার্জিত ট্যাক্সের টাকা লুটপাট করার কোনো সুযোগ নেই। দুর্নীতি ও স্বজনপ্রীতির বিষয়ে আমাদের সরকারের অবস্থান স্পষ্ট—জিরো টলারেন্স। সভায় গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ খালেকুজ্জামান চৌধুরী, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোছাঃ ফেরদৌসি বেগম, প্রধান স্থপতি মোঃ আসিফুর রহমান ভূঁইয়া এবং নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক এম. মাহমুদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় দপ্তর প্রধানেরা নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। মতবিনিময় সভার শুরুতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এবং প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ খালেকুজ্জামান চৌধুরী ও প্রধান স্থপতি মোঃ আসিফুর রহমান ভূঁইয়া।

Read More »

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১ মার্চ, ২০২৬ খৃ. – ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের বিষয়ে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (রোববার) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এসময় তার কাছ থেকে বাংলাদেশিদের খোঁজ নেন প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও সেখানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন একথা জানান। তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। ইরানের ঘটনাবলী কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশিরা কী অবস্থায় আছে সে সম্পর্কে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। পাশপাশি প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন। রুমন আর বলেন, ইরানে হামলার জেরে মধ্যপ্রাচ্যকেন্দ্রীক অনেক ফ্লাইট বাতিল হয়ে যাওয়ার প্রেক্ষিতে বৈঠকে বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে। অন্যদিকে, হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দেখভাল কিভাবে করা হচ্ছে প্রধানমন্ত্রী সেটিও সর্বাক্ষনিক তদারিক করছেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রী কাজ করছেন। বিমান প্রতিমন্ত্রী সকাল থেকে বিমানবন্দরে অবস্থান করছেন। এছাড়া প্রবাসী কল্যাণ মন্ত্রীও এই কাজে সর্বাক্ষনিক নিয়োজিত রয়েছেন।’ সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজে অফিসে আসেন। দিনের কর্মসূচি অনুযায়ী দুযোর্গ ব্যবস্থপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। অতিরিক্ত প্রেস সচিব বলেন, ভূমিকম্প পরবর্তী দুযোর্গ মোকাবিলা নিয়ে প্রধানমন্ত্রী কথা বলেছেন। এটি মোকাবিলায় একটি কর্ম পরিকল্পনা তৈরিরও নির্দেশ দেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর দফতর থেকে বেরিয়ে এসে আসাদুল হাবিব দুলু বলেন, ভূমিকম্প পরবর্তী দুযোর্গ মোকাবিলায় ঢাকায় এক লাখ স্বেচ্ছাসেবক তৈরি করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। পরে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

Read More »