সর্বশেষ
সর্বশেষ

Day: April 8, 2026

বৈশাখ উপলক্ষে রংপুর টার্মিনাল মাছ আড়তে ইলিশের বাজার জমে উঠেছে

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বৈশাখ উপলক্ষে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন রংপুরের বৃহত্তম মাছ আড়তে ইলিশের বাজার জমে উঠেছে। গতালক (৮ এপ্রিল) বুধবার মাছ আরত ঘুরে দেখাযায় বিভিন্ন জাতের বরিশালের ইলিশ, কক্সবাজারের ইলিশ, চট্রগ্রামের ইলিশ পাওয়া যাচ্ছে। মাছের বর্তমার বাজার ছোট ইলিশ কেজি প্রতি ৭০০ থেকে ৮৫০ পর্যন্ত মুল্য। বড় ইলিশ কেজি প্রতি ২২০০ থেকে ৩০০০ টাকা মুল্য বিক্রি হচ্ছে। এ বিষয়ে রংপুর মৎস আড়ত ব্যাবসায়ী সমিতির সভাপতি মোঃ আলমগীর হোসেন জানান, রংপুরের ইলিশের আমদানী বর্তমানে খুবেই কম। মানুষের চাহিদা আনুযায়ী মাছ খুবে কম আসছে । আসলে এটা ইলিশের সিজেন না। বার্তমানে জ্বালানী তেলের সংকটের কারনে মাছ আমদানী খুব কম হচ্ছে। এ বিষয়ে রংপুর মৎস আড়ত ব্যাবসায়ী সমিতির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ হকিকুল ইসলাম হকি জানান, বর্তমানে সাগরে ইলিশ ধরা নিশেধ, এই কারনে ইলিশের আমদানী কম। মাছের বাজার ১ মাস আগে যা ছিল বর্তমানেও তাই আছে । বৈশাখ উপলক্ষে ইলিশের দাম খুব একটা বাড়ে নাই। ইলিশ ব্যাবসায়ী মোঃ রোমান জানান, ১লা বৈশাখ উপলক্ষে ইলিশ মাছের আমদানী খুব কম। এই কারনে এবার মানুষের চাহিদা পুরণ হচ্ছে না।

Read More »

বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্যসামগ্রী জব্দ

ডেস্ক রিপোর্ট / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৫ চৈত্র (৮ এপ্রিল) ২০২৬ খৃ. – বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত মার্চ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১৬৫ কোটি ৭৬ লাখ ৭৪ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে। জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- ৪৬৫ গ্রাম স্বর্ণ, ১৬,৬৭৮টি শাড়ী, ৬,০৫৬টি থ্রিপিস, শার্টপিস, চাদর ও কম্বল, ৬,৯৯৪টি তৈরি পোশাক, ৭৭২ মিটার থান কাপড়, ৪ লাখ ৬৯ হাজার ৮৬৪টি কসমেটিক্স সামগ্রী, ৯,২৩৯ পিস ইমিটেশন গহনা, ৬৫ লাখ ০২ হাজার ৪৫৭টি আতশবাজি, ৩,৮২৯ ঘনফুট কাঠ, ৬,২৫৯ কেজি চা পাতা, ২,৯৮২ কেজি সুপারি, ৮,৫৯০ কেজি কয়লা, ৭,০৯০ ঘনফুট পাথর, ২৩০ ঘনফুট বালু, ৩৮২টি মোবাইল, ১১,৯০০পিস মোবাইলের ডিসপ্লে, ৭০,০৮১টি চশমা, ৫৩,৯৮৮ কেজি জিরা, ২০,৭২৩ কেজি চিনি, ৯,৯৬১ প্যাকেট বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী, ২,৩০৯ কেজি পিঁয়াজ, ১,৮৭৯ কেজি রসুন, ১,৯৪০ কেজি সার, ১,৬১৪ প্যাকেট কীটনাশক, ২ লাখ ৯ হাজার ২১ পিস চকোলেট, ১১টি কষ্টি পাথরের মূর্তি, ১টি বেলে পাথরের মূর্তি, ৮টি ট্রাক ও কাভার্ড ভ্যান, ৪২টি ট্রাক্টর ও চাঁদের গাড়ি, ১৭টি পিকআপ, ৩টি প্রাইভেটকার ও বাস, ২টি ট্রলি ও মাইক্রোবাস, ২০টি সিএনজি ও ইজিবাইক, ৪১টি মোটরসাইকেল এবং ২২টি বাইসাইকেল ও ভ্যান। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- ১টি এসএমজি, ১টি পিস্তল, ১৩টি ম্যাগাজিন, ৩৫ রাউন্ড গোলাবারুদ, ২টি মাইন এবং ৩টি অন্যান্য অস্ত্র। এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ১১ লাখ ২৫ হাজার ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৮৪৫ গ্রাম হেরোইন, ১২ বোতল এলএসডি, ২,০৪৫ বোতল ফেনসিডিল, ১ কেজি ৭৯০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৮,১২৯ বোতল বিদেশি মদ, ১৭০.৫ লিটার বাংলা মদ, ২,৩৬৮ বোতল ক্যান বিয়ার, ১,১৩৩ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ১ লাখ ২৪ হাজার ৮৪০ প্যাকেট বিড়ি ও সিগারেট, ১ লাখ ৮৩ হাজার ৬৬১টি নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন, ৪,৬৬৫ বোতল ইস্কাফ সিরাপ, ২,৯৬৮টি এ্যানেগ্রা ও সেনেগ্রা ট্যাবলেট এবং ৩৬,৮৬০ পিস মদ তৈরির বড়ি ও ২১ লাখ ৪৪ হাজার ১৫২ পিস বিভিন্ন প্রকার ঔষধ, ট্যাবলেট। সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১১২ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৮২ জন বাংলাদেশি নাগরিক, ৯ জন ভারতীয় নাগরিক ও ৩১৭ জন মিয়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Read More »

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের সাক্ষাৎ

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ­­­ঢাকা, ২৫ চৈত্র (৮ এপ্রিল) ২০২৬ খৃ. – আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের সাথে তাঁর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ ডি অ্যাফেয়ার্স মিশেল লি সাক্ষাৎ করেন। অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে দক্ষ জনশক্তি রপ্তানি ও দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সাক্ষাতের শুরুতে প্রতিমন্ত্রী সিঙ্গাপুরের চার্জ ডি অ্যাফেয়ার্সকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পর দ্রুততম সময়ের মধ্যে স্বীকৃতি প্রদানকারী দেশগুলোর অন্যতম হিসেবে সিঙ্গাপুরের ঐতিহাসিক ভূমিকার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। বৈঠকে প্রতিমন্ত্রী বাংলাদেশে বিদ্যমান সিঙ্গাপুর ওভারসিজ টেস্টিং সেন্টারগুলোর (ওটিসি) সংখ্যা ৬টি থেকে বৃদ্ধি করে ন্যূনতম ১০টিতে উন্নীত করার জন্য সিঙ্গাপুর সরকারের প্রতি বিশেষ অনুরোধ জানান। তিনি বর্তমানে প্রচলিত সেক্টরগুলোর পাশাপাশি ফুড অ্যান্ড বেভারেজ, নার্সিং, কেয়ারগিভিং, ম্যানুফ্যাকচারিং এবং হোটেল ব্যবস্থাপনা সেক্টরে বাংলাদেশের দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান জানান। প্রতিমন্ত্রী এই বিশেষায়িত সেক্টরগুলোর জন্য মন্ত্রণালয়ের অধীনে থাকা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলো (টিটিসি) ব্যবহারের প্রস্তাব দেন এবং স্বচ্ছ প্রক্রিয়ায় লোক নিয়োগের জন্য একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসলকে ‘সেন্ডিং অর্গানাইজেশন’ হিসেবে তালিকাভুক্তকরণের অনুরোধ জানান। আলোচনায় অংশ নিয়ে মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ শহিদুল ইসলাম চৌধুরী জানান, বর্তমানে প্রায় ১.৩৫ লাখ বাংলাদেশি কর্মী সিঙ্গাপুরে কর্মরত রয়েছেন। তিনি বাংলাদেশে থাকা ৬টি ‘ইনস্টিটিউট অব ম্যারিন টেকনোলজি’ থেকে ডিপ্লোমা এবং শর্ট কোর্স সম্পন্নকারীদের সিঙ্গাপুরের বিভিন্ন বন্দরে নিয়োগ প্রদানের জন্য প্রস্তাব করেন। এছাড়া তিনি ‘স্যান্ডবক্স’ প্রকল্পের আওতায় বাংলাদেশের জন্য নির্ধারিত কোটা বৃদ্ধিরও অনুরোধ জানান। সিঙ্গাপুরের চার্জ ডি অ্যাফেয়ার্স মিশেল লি বাংলাদেশের দক্ষ জনশক্তির প্রশংসা করেন এবং ভবিষ্যতে চাঙ্গি এয়ারপোর্ট, সান্তোসা দ্বীপ ও পায়া লেভার এয়ারবেসে নতুন প্রকল্পে বাংলাদেশি দক্ষ শ্রমিক নিয়োগের সম্ভাবনার কথা উল্লেখ করেন। তিনি ঢাকা-সিঙ্গাপুর রুটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বর্তমান ৭টি ফ্লাইট দ্বিগুণ করার আগ্রহ প্রকাশ করেন। তবে এক্ষেত্রে কর্মীদের উন্নত দক্ষতা এবং সিঙ্গাপুরের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি বাংলাদেশের বিমানবন্দরে যাত্রীর তথ্য ব্যবস্থাপনায় বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। সিঙ্গাপুর হাইকমিশনের দ্বিতীয় সচিব ধানিয়া লিঙ্গেস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহীনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Read More »

জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল, ২০২৬ পাস

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : সংসদ ভবন, ৮ এপ্রিল, ২০২৬ খৃ. : বিদ্যমান আইনকে আধুনিকায়ন করে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তা এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল- ২০২৬ আজ সংসদে পাস হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ সংসদে বিলটি উত্থাপন ও পাশের প্রস্তাব করেন। এটি ২০২৫ সালে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ’ প্রতিস্থাপন করবে। বিলে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত থাকলে সরকার প্রজ্ঞাপন দিয়ে সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিলে তালিকাভুক্ত করতে পারবে বা সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে পারবে। এতে বলা হয়েছে, উক্ত সত্তা কর্তৃক বা উহার পক্ষে বা সমর্থনে যেকোনো প্রেসবিবৃতির প্রকাশনা বা মুদ্রণ কিংবা গণমাধ্যম, অনলাইন, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যেকোনো মাধ্যমে যেকোনো ধরনের প্রচারণা অথবা মিছিল, সভা-সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন বা জনসম্মুখে বক্তৃতা প্রদান নিষিদ্ধ করবে। বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কতিপয় সন্ত্রাসী কার্য প্রতিরোধ এবং উহাদের কার্যকর শাস্তির বিধানসহ আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান প্রণয়ন করার লক্ষ্যে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ প্রণয়ন করা হয়। উক্ত আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার, কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কার্যের সহিত জড়িত রয়েছে মর্মে যুক্তিসঙ্গত কারণের ভিত্তিতে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, উক্ত ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করতে পারে বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিলে তালিকাভুক্ত করতে পারে।’ তবে বর্তমান আইনে কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধকরণের বিষয়ে কোনো বিধান নেই। উক্ত বিষয়টি স্পষ্টীকরণসহ বিধান সংযোজন আবশ্যক হেতু সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-কে সময়োপযোগী করে উক্ত আইনের অধিকতর সংশোধন সমীচীন ও প্রয়োজন প্রতীয়মান হওয়ায় অন্তর্বর্তী সরকারের সময়ে এ আইনটির ১৮ ও ২০ ধারা সংশোধনপূর্বক সন্ত্রাস বিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ গেজেট আকারে প্রকাশিত হয়। বিলে বিলুপ্তি ও সংরক্ষণ ধারা রয়েছে। আইন পাস হওয়ার পর ২০২৫ সালের সংশোধন অধ্যাদেশ বিলুপ্ত হবে; তবে অধ্যাদেশের আওতায় নেওয়া সকল কার্যক্রম নতুন আইনের অধীনে বৈধ থাকবে। পরে কণ্ঠভোটের মাধ্যমে বিলটি পাস হয়।

Read More »

প্রয়োজনে শুক্রবারও ২ বেলা অধিবেশন বসতে পারে : চীফ হুইপ

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : সংসদ ভবন, ৮ এপ্রিল, ২০২৬ খৃ. : জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, সংসদ বর্তমানে সংবিধানের অনুচ্ছেদ ৯৩ অনুযায়ী নির্ধারিত ৩০ দিনের সময়সীমার মধ্যে ১৩৩টি অধ্যাদেশ পাশ করার চাপে রয়েছে। ইতোমধ্যে ৪৪টি অধ্যাদেশ পাশ করা হয়েছে। দ্রুত অগ্রগতির জন্য একাধিক অধ্যাদেশকে একীভূত করে বিল আকারে উত্থাপন করা হচ্ছে। তিনি বলেন, নির্ধারিত সময়সীমার ভিতর অধ্যাদেশগুলো পাশ করার জন্য সংসদে বসবে অতিরিক্ত অধিবেশন; প্রয়োজনে শুক্রবারও দুই বেলা অধিবেশন বসতে পারে। আজ বুধবার জাতীয় সংসদ ভবনের টানেলে অধিবেশনের বিরতিতে গণমাধ্যমে ব্রিফিংকালে চীফ হুইপ এসব কথা বলেন। সংরক্ষিত নারী আসনের বিষয়ে চীফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, বিএনপি নেতৃত্বাধীন জোট সম্ভাব্য ৩৬টি আসন পাবে; যা জোটভুক্ত দলগুলোর মধ্যে বণ্টন করা হবে। সংবিধান অনুযায়ী সংসদ সদস্য হওয়ার যোগ্যতা পূরণ সাপেক্ষে, সংসদে কার্যকর অংশগ্রহণের সক্ষমতার ভিত্তিতে এবং দীর্ঘ গত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত ও ত্যাগী নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে। সমাজের সকল স্তরের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। চূড়ান্ত মনোনয়ন দলীয় প্রধানের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হবে। তিনি বলেন, সংসদের সাউন্ড সিস্টেমে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ অনুযায়ী, সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ে অদক্ষ প্রতিষ্ঠানকে কাজ দেওয়া, নির্ধারিত স্পেসিফিকেশনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ যন্ত্রপাতি সরবরাহ এবং দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম সংঘটিত হয়েছে। এ বিষয়ে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে; চলমান অধিবেশন ব্যাহত না করতে তা অধিবেশন শেষে কার্যকর করা হবে। সন্ত্রাস বিরোধী আইনের বাস্তবায়ন প্রসঙ্গে চীফ হুইপ বলেন, “আমাদের রাজনৈতিক দর্শন প্রতিশোধপরায়ণ রাজনীতি পরিহারের দর্শন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আমরা ভালোবেসে মানুষের হৃদয় জয় করবো।’ তারেক রহমান মনে করেন তিনি বাংলাদেশের সব মানুষের প্রধানমন্ত্রী। যারা তাঁকে ভোট দিয়েছে এবং ভোট দেয় নাই উনি সবারই প্রধানমন্ত্রী। আইনের শাসনের ভিত্তিতে নিরপেক্ষ বিচার নিশ্চিত করা হবে এবং কেউ অপরাধী প্রমাণিত হলে বিদ্যমান আইন অনুযায়ী বিচার হবে, দল বিবেচনায় নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না।” চীফ হুইপ আরও উল্লেখ করেন, নতুন এই সংসদে অনেক সদস্যই দীর্ঘ সময় ধরে আন্দোলন-সংগ্রাম, কারাবরণ ও নির্যাতনের অভিজ্ঞতা নিয়ে এসেছেন এবং তারা এখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

Read More »

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : সংসদ ভবন, ৮ এপ্রিল, ২০২৬ খৃ. – দেশের ৪ কোটি পরিবারকে পর্যায়ক্রমে ‘ফ্যামিলি কার্ড’-এর আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ নেতা আজ বলেন, বর্তমান সরকারের দর্শন হলো ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’। আজ সকালে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ. এম. মাহবুব উদ্দিনের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীরবিক্রম। প্রধানমন্ত্রীর প্রশ্ন উত্তর টেবিলে উত্থাপিত হয়। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের নাগরিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকার ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এই দর্শনে ফ্যামিলি কার্ড কর্মসূচি গ্রহণ করেছে। প্রাথমিক পর্যায়ে গত ১০ মার্চ, ২০২৬ তারিখে দেশের ১০টি জেলা এবং ৩টি সিটি কর্পোরেশনের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। তিনি আরও জানান, আগামীতে দেশের প্রায় ৪ কোটি প্রান্তিক ও নিম্নবিত্ত পরিবারকে পর্যায়ক্রমে এই কর্মসূচির আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে সরকারের। নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী) নির্বাচনী এলাকা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আশা করছি মাননীয় সংসদ সদস্যের নির্বাচনী এলাকার দরিদ্র পরিবারের নারী সদস্যদের ক্ষমতায়ন ও স্বাবলম্বী করার লক্ষে দ্রুততম সময়ের মধ্যে তাদের এই ফ্যামিলি কার্ডের আওতায় আনা সম্ভব হবে। এর আগে সকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের কার্যক্রম শুরু হয়। দিনের শুরুতেই নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নেন সংসদ নেতা।

Read More »

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : সংসদ ভবন, ৭ এপ্রিল, ২০২৬ খৃ. – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি আজ (মঙ্গলবার) সংসদে সরকারি দলের সদস্য ইকরামুল বারী টিপুর (নওগাঁ-৪) টেবিলে উপস্থাপিত তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান। তিনি আরও বলেন, দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও সেবা প্রদানের ধারাবাহিকতা বজায় রাখতে প্রয়োজনীয় জনবল নিশ্চিত করার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মন্ত্রী জানান, চলতি বছরের ২২ জানুয়ারি ৪৮তম বিসিএস-এর মাধ্যমে ২ হাজার ৯৮৪ জন সহকারী সার্জন, ২৭৯ জন ডেন্টাল সার্জন এবং ৪৪তম বিসিএস-এর মাধ্যমে ৯৮জন সহকারী সার্জন (এমবিবিএস) ও ২২জন ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর ২৭তম বিসিএসের মাধ্যমে ১৬২ জন সহকারী সার্জন (এমবিবিএস ডাক্তার) নিয়োগ দেওয়া হয়। ফেনী-২ আসনের সরকারি দলের সদস্য জয়নাল আবদিনের তারকাচিহ্নিত আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ২০২০-২১ থেকে এ যাবৎ করোনা ভাইরাস মৌসুমে মহামারি মোকাবিলায় সরকার কর্তৃক ভ্যাকসিনসহ করোনা সরঞ্জাম আমদানি ও কেনাকাটায় ৪ হাজার ৬৪৫ কোটি ২২ লাখ ২ হাজার ২৯৭ টাকা বরাদ্দ করা হয়। সেই বরাদ্দ থেকে ভ্যাকসিন ক্রয়ে ব্যয় হয়েছে ৪ হাজার ৩৯৪ কোটি ৮ লাখ ২৫ হাজার টাকা। সিরিঞ্জ ক্রয়ে ব্যয় হয়েছে ৩০ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা। ভ্যাকসিন এবং সিরিঞ্জ দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দিতে পরিবহন ব্যয় হয়েছে ১৯ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৩৫৪ টাকা। সিরিঞ্জ শিপিং চার্জ হিসেবে খরচ হয়েছে ৯৯ লাখ ৯৮ হাজার ৯৮০ টাকা। তিনি জানান, ভ্যাকসিন ক্রয় সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে কোনো অভিযোগ দায়ের হয়নি। তবে সরকার সর্বদা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট তথ্য বা অভিযোগ পাওয়া গেলে তা যথাযথভাবে পর্যালোচনা করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Read More »