সর্বশেষ
সর্বশেষ

Day: April 30, 2026

৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : সংসদ ভবন, ২৯ এপ্রিল, ২০২৬ খৃ. – জাতীয় সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে মোট বরাদ্দ ধরা হয়েছে ২২৬ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা। এর মধ্যে পরিচালন খাতে ২২৬ কোটি ৪৯ লাখ ৬০ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ২০ লাখ টাকা বরাদ্দ রয়েছে। এছাড়া ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়, যার মোট পরিমাণ ২৯০ কোটি ৬০ লাখ টাকা। এর মধ্যে পরিচালন খাতে ২৮৯ কোটি ৯০ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৭০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। বৈঠকে কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। এছাড়া বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, ডেপুটি স্পিকার কায়সার কামাল এবং বিশেষ আমন্ত্রণে চিফ হুইপ নূরুল ইসলাম মণি বৈঠকে যোগ দেন। বৈঠকের শুরুতে পূর্ববর্তী ৩৬তম কমিশন বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। সংসদ সচিবালয়ের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতিও আলোচনায় স্থান পায়। বৈঠকে আলোচ্যসূচি উপস্থাপন করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া। সংসদ সচিবালয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Read More »

সেবা ও আইন প্রয়োগের ক্ষেত্রে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে কাজ করছে ডিএমপি: আইজিপি

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৬ খৃ. – ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, ঢাকা মহানগর পুলিশ প্রশাসনিক কার্যক্রম, সেবা প্রদান এবং আইন প্রয়োগের ক্ষেত্রে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে। আজ বুধবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৯টি অ্যাপ-সফটওয়্যার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। এ সময় ডিএমপি কমিশনার মো. সরওয়ার, অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। আইজিপি বলেন, ঢাকা মহানগর পুলিশের উদ্যোগে বিভিন্ন প্রযুক্তিনির্ভর সফটওয়্যার উদ্বোধন শুধু একটি আনুষ্ঠানিক কার্যক্রম নয়, বরং এটি আধুনিক ও জনবান্ধব ঢাকা মেট্রোপলিটন পুলিশ গড়ার লক্ষ্যে আমাদের একটি দৃঢ় পদক্ষেপ। তিনি বলেন, বর্তমান বিশ্ব দ্রুত প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। অপরাধের ধরন যেমন পরিবর্তিত হচ্ছে, তেমনি অপরাধ প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা রক্ষার কৌশলও প্রতিনিয়ত আধুনিকায়নের প্রয়োজন হচ্ছে। এই বাস্তবতায় প্রযুক্তির কার্যকর ব্যবহার ছাড়া একটি আধুনিক পুলিশ বাহিনী কল্পনা করা যায় না। সেই উপলব্ধি থেকেই ঢাকা মহানগর পুলিশ প্রশাসনিক কার্যক্রম, সেবা প্রদান এবং আইন প্রয়োগের ক্ষেত্রে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। সফটওয়্যারগুলো হচ্ছে- কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ভায়োলেশন ডিটেকশন সিস্টেম, হোটেল বোর্ডার ইনফরমেশন সিস্টেম, হ্যালো ডিএমপি অ্যাপ, ডিএমপি অনলাইন ট্রেনিং সিস্টেম, ডিএমপি রেসিডেন্স অ্যালোকেশন সিস্টেম, ডিএমপি লিভ ম্যানেজমেন্ট সিস্টেম, ডিএমপি ট্রাফিক ডিউটি ডিস্ট্রিবিউশন সফটওয়্যার, ডিএমপি এমপ্লয়ি পারফরম্যান্স ইভ্যালুয়েশন সফটওয়্যার এবং ডিএমপি ট্রাফিক নিউজ আর্কাইভ। সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে ট্রাফিক সার্জেন্টরা রাস্তায় ট্রাফিক আইন ভঙ্গকারী চালকদের কাগজপত্র তল্লাশি করে মামলা দায়ের, জরিমানা আদায় ও আইনি ব্যবস্থা গ্রহণ করেন, যা সময় সাপেক্ষ ও অনেক সময় অনাকাক্সিক্ষত পরিস্থিতির সৃষ্টি হয়। এছাড়া ঢাকা মহানগরীতে সড়কে ট্রাফিক আইন ভঙ্গের উচ্চ প্রবণতা এবং সেই তুলনায় ট্রাফিক পুলিশে জনবল কম হওয়ায় পুলিশের পক্ষে এই পদ্ধতিতে আইন প্রয়োগ কঠিন হয়ে পড়ে। ঢাকা মহানগরীর ক্রমবর্ধমান ট্রাফিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রথাগত পদ্ধতির পরিবর্তে এখন কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তিকে কাজে লাগানো হবে। ঢাকার দুই সিটি করপোরেশন ও ডিএমপির যৌথ উদ্যোগে নগরের ২৫টি মোড়ে ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হয়েছে, যা পর্যায়ক্রমে বাড়বে। এসব মোড়ে উন্নতমানের ক্যামেরা স্থাপন করে ট্রাফিক ব্যবস্থাপনা মনিটর করা হচ্ছে। এআই-বেজড রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ভায়োলেশন ডিটেকশন সিস্টেম ব্যবহার করে এসব মোড়ে ট্রাফিক আইন ভঙ্গ সংক্রান্ত অপরাধ শনাক্ত করে আইন প্রয়োগ করা হবে। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, নাগরিক সুরক্ষা নিশ্চিত করতে বর্তমানে ডিএমপির থানাসমূহ তাদের আওতাধীন এলাকার আবাসিক হোটেলগুলো থেকে প্রতিদিনের অতিথি তালিকা সংগ্রহ ও সংরক্ষণ করছে। প্রথাগত রেজিস্টার পদ্ধতির ফলে শতভাগ হোটেলের তথ্য সংগ্রহ নিশ্চিত করা সম্ভব হয় না। এই সীমাবদ্ধতা কাটিয়ে একটি সমন্বিত অনলাইন প্ল্যাটফর্ম তৈরির মাধ্যমে স্বচ্ছতা এবং রিয়েল-টাইম তথ্য সরবরাহ নিশ্চিত করার জন্য এই অনলাইন প্ল্যাটফর্ম। ঢাকার বিভিন্ন আবাসিক হোটেলে অবস্থানকারী দেশি ও বিদেশি অতিথিদের তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা হবে। এর ফলে ঢাকায় আগত ও হোটেলে অবস্থানরত সন্দেহভাজন ব্যক্তি ও অপরাধীর যাতায়াতের বিষয়ে তথ্য পাওয়া সম্ভব হবে। জাতীয় নিরাপত্তার হুমকি বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ, হুমকি চিহ্নিত ও পর্যবেক্ষণ করা এবং নিরাপত্তা টহল বৃদ্ধি করা সহজতর হবে। হোটেলে অবস্থানরত অতিথিদের বিষয়ে হোটেল কর্তৃপক্ষের জবাবদিহিতা বাড়বে। ‘হ্যালো ডিএমপি’ অ্যাপের মাধ্যমে একজন নাগরিক ঢাকা মেট্রোপলিটন পুলিশের সেবা সরাসরি গ্রহণ করতে পারবেন এবং ডিএমপির কোনো সেবার বিষয়ে তার অভিযোগ থাকলে তা জানাতে পারবেন। এই অ্যাপে ডিএমপি ও পুলিশের অন্যান্য সংস্থার অনলাইন সেবার তথ্য ও লিংক থাকবে, যার মাধ্যমে নাগরিকরা সহজে সেসব সেবা গ্রহণ করতে পারবেন। পুলিশি সেবার বিষয়ে প্রাপ্ত অভিযোগ ডিএমপি হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে সংশ্লিষ্ট ইউনিটের ফোকাল অফিসারের সঙ্গে যোগাযোগ করা হবে এবং ভুক্তভোগী সেবা পেয়েছেন কি না, তা ডিএমপি হেডকোয়ার্টার্স থেকে নিয়মিত মনিটর করে নিশ্চিত করা হবে। নাগরিকদের জন্য পুলিশের সেবা প্রাপ্তি সহজ হবে। পুলিশের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে। পুলিশের সেবা প্রদান বেগবান হবে। অপরদিকে, ডিএমপি ট্রাফিক নিউজ আর্কাইভ থেকে ট্রাফিকের বিভিন্ন তথ্য ও সংবাদ পাওয়া যাবে। এছাড়া ডিএমপি অনলাইন ট্রেনিং সিস্টেম, ডিএমপি রেসিডেন্স অ্যালোকেশন সিস্টেম, ডিএমপি লিভ ম্যানেজমেন্ট সিস্টেম, ডিএমপি ট্রাফিক ডিউটি ডিস্ট্রিবিউশন সফটওয়্যার এবং ডিএমপি এমপ্লয়ি পারফরম্যান্স ইভ্যালুয়েশন সফটওয়্যারের মাধ্যমে ডিএমপির সদস্যদের পেশাদারিত্ব বাড়বে এবং বিভিন্ন সমস্যার সমাধান হবে।

Read More »

ভোটার নিবন্ধনে এসএসসি সনদ বাধ্যতামূলক : নির্বাচন কমিশন

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৬ খৃ. – ভোটার নিবন্ধনের সময় শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি ও সমমানের সনদ আবশ্যিকভাবে ডাটাবেজে সংযুক্ত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আজ বুধবার নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। দেশের সকল উপজেলা ও থানা নির্বাচন রেজিস্ট্রেশন অফিসারকে দেওয়া এ নির্দেশনায় বলা হয়েছে, নিবন্ধন পরবর্তীকালে বিশেষ করে সার্টিফিকেটধারী ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের তথ্য-উপাত্ত সংশোধন আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে বিশেষ করে জন্ম তারিখের সঠিকতা নিরূপণের জন্য এসএসসি ও সমমান সনদসহ নিবন্ধন ফরম ও জন্ম সনদ যাচাইয়ের প্রয়োজন পড়ে। এতে আরও বলা হয়, সাম্প্রতিককালে ডকুমেন্ট সংযুক্তকরণের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, সংশ্লিষ্ট আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা তদূর্ধ্ব হওয়া সত্ত্বেও কিছু কিছু উপজেলা বা থানা নির্বাচন অফিস হতে এসএসসি ও সমমান সনদ ডাটাবেজে সংযুক্ত করা হচ্ছে না। ফলে জাতীয় পরিচয়পত্র সংশোধনের ক্ষেত্রে এসএসসি ও সমমান সনদ যাচাই করা সম্ভব হয় না। এক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে অসুবিধা হয়। নির্দেশনায় বলা হয়, কতিপয় ক্ষেত্রে প্রুফ কপি থাকলেও শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনকারী অস্বীকার করে। ফলে সংশোধনের আবেদন নিষ্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট আবেদনকারীর মধ্যে এক প্রকার অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি হয়, যা নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এমতাবস্থায় নিবন্ধিত ব্যক্তি মাধ্যমিক বা তদূর্ধ্ব পাস হলে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসার ও উপজেলা বা থানা নির্বাচন অফিসার কর্তৃক নিবন্ধকালে এসএসসি ও সমমান সনদ (জন্ম তারিখসহ) আবশ্যিকভাবে ডাটাবেজে সংযুক্ত করার অনুরোধ করা হয়। নিবন্ধিত ব্যক্তি যদি উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর, এমফিল, পিএইচডি ও সমমান ডিগ্রিধারী হন, তাহলে তার এসএসসি ও সমমান সনদ আবশ্যিকভাবে ডাটাবেজে সংযুক্ত করতে হবে। পাশাপাশি এসএসসি ও সমমান সনদসহ সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতায় সনদটি দাখিলকৃত নিবন্ধন ফরম, জন্ম সনদ ও অন্যান্য দলিলাদির সাথে হার্ড কপি আকারে স্ব স্ব অফিসে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাগণ কর্তৃক অফিস পরিদর্শনসহ অন্যান্য সময় দ্বৈবচয়নের ভিত্তিতে এ সংক্রান্ত কার্যক্রম মনিটরিং করতে হবে।

Read More »