সর্বশেষ
সর্বশেষ

Day: June 4, 2026

সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

সংসদ প্রদিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ০৩ জুন, ২০২৬ খ্রি. – আজ (বুধবার) জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে সংসদ-সদস্যগণের জন্য “সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম” বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো: গোলাম সরওয়ার ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি; চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম মণি, এমপি; বিরোধী দলের নেতা ডা. মোঃ শফিকুর রহমান, এমপি; ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এবং সুইস রাষ্ট্রদূত রেতো রেংগলি। বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ গণতান্ত্রিক নবযাত্রায় জনগণের প্রত্যাশা পূরণের নিমিত্ত কাজ করে যাচ্ছে। জনগণের কাছে জবাবদিহিমূলক শাসনব্যবস্থা নিশ্চিতকরণের মাধ্যমে জনগণের আস্থা পূরণে সংসদ-সদস্যগণ জনপ্রতিনিধিত্ব করেন। তিনি বলেন, কার্যপ্রণালী বিধি কেবল প্রশাসনিক আনুষ্ঠানিকতা নয়; এটি দায়িত্ব বাস্তবায়নের হাতিয়ার। তিনি বলেন, প্রস্তাব উত্থাপন ও বিল পর্যালোচনার ক্ষেত্রে সঠিক ধারণা থাকার জন্য কার্যপ্রণালী বিধির জ্ঞান থাকা আবশ্যক। স্পীকার বলেন, সংসদের গুরুত্বপূর্ণ তিনটি দায়িত্ব আইন প্রণয়ন, বাজেট অনুমোদন ও নির্বাহী বিভাগকে জবাবদিহিতামূলক অন্তর্ভুক্তির আওতায় এনে সংসদ-সদস্যদের মাধ্যমে এগুলো বাস্তবায়ন করা। তিনি বলেন, সংসদ কেবল রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় না; গঠনমূলক বিরোধী দল ও সরকারি দলের সমান দক্ষতায় কার্যপ্রণালী বিধিতে অংশগ্রহণ নিশ্চিত করে জনসম্পৃক্ততা ও আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে পরিচালিত হয়। তিনি বলেন, সংসদীয় প্রতিষ্ঠান শক্তিশালীকরণে ইউএনডিপি এবং সুইজারল্যান্ড এর ‘Strengthening Institutions, Policies and Services (SIPS)’ প্রোগ্রাম সংসদ-সদস্যদের কার্যকর অংশগ্রহণ ও জবাবদিহিতার মাধ্যমে জনপ্রত্যাশা পূরণ করে যাচ্ছে। বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি বলেন, জনগণের প্রতিনিধিত্বের দায়িত্ব নিয়েই সংসদ সদস্যগণ কর্মভার গ্রহণ করেছেন। তিনি বলেন, জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি তাঁদের অধিকার ও দায়িত্ব নির্ধারণ করেছে এবং এ দায়িত্ব পালনে তাঁরা জনগণের প্রতি দায়বদ্ধ। বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম, এমপি বলেছেন, উন্নয়নের জন্য একজন সংসদ সদস্যকে নিজ নির্বাচনী এলাকার জনগণের সমস্যা শুনতে হয় এবং সেগুলোর সমাধানে কাজ করতে হয়। একইসঙ্গে সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এবং সরকারকে জবাবদিহির আওতায় আনতেও সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। এসব দায়িত্ব যথাযথভাবে পালন করতে হলে সংসদকে কার্যকর করতে হবে এবং কার্যকর সংসদ পরিচালনার জন্য সংসদীয় রীতি-নীতি ও কার্যপ্রণালী বিধি সম্পর্কে সম্যক ধারণা থাকা আবশ্যক। জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান, এমপি বলেন, জনগণের করের টাকায় সংসদ পরিচালিত হয়। সুশাসন, অর্থনৈতিক সংস্কার ও সর্বোপরি টেকসই গণতন্ত্র কীভাবে নিশ্চিত করা যায় – এ লক্ষ্যে সংসদ পরিচালিত হবে। উল্লেখ্য, দুই (০২) দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্সের ১ম গ্রুপে আজ সংসদীয় আসন, ১ পঞ্চগড়-১ হতে ধারাবাহিকভাবে ১০৯ বরগুনা-১, ১১১ পটুয়াখালি-১ থেকে ১১৬ ভোলা-২, ১১৮ ভোলা-৪ হতে ১৫০ ময়মনসিংহ-৫ আসনের নির্বাচিত সংসদ-সদস্যগণ এবং সংরক্ষিত নারী আসন ৩০১ মহিলা আসন-১ হতে ৩২৪ মহিলা আসন-২৪ হতে নির্বাচিত সংসদ-সদস্যগণ অংশগ্রহণ করেন।

Read More »

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৩ জুন, ২০২৬ খৃ. – প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌল্লা (সুজন মাহমুদ) এ কথা জানান। তিনি বলেন, বৈঠকে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা বাঁধ এলাকার দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা সমস্যা এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ডিএনডি বাঁধ এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা এখনও অনেকাংশে রয়ে গেছে। ২০১৬ সালে এ সংক্রান্ত একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, সেটি ২০২৪ সালে শেষ হয়। কিন্তু দুর্ভাগ্যবশত প্রকল্পের সুফল এখন পর্যন্ত সাধারণ মানুষ খুব একটা পায়নি। পানিসম্পদ মন্ত্রণালয়ের সমাপ্ত করা প্রজেক্টটি আগামী দুই সপ্তাহের মধ্যে সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হবে বলেনও জানান তিনি। এ্যানি বলেন, ডিএনডি এলাকার ড্রেনেজ ব্যবস্থার আরও উন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে। এলাকাজুড়ে ও ৩০ কিলোমিটার নতুন ড্রেনেজ ব্যবস্থা উন্নত করার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরেও আনা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় এবং সবার সম্মিলিত উদ্যোগে এবার কাক্সিক্ষত ফলাফল পাওয়া যাবে। বৈঠকে পানি সম্পদমন্ত্রী ছাড়াও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম; ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম এবং রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন। সুত্র. বাসস

Read More »

সকল ইংলিশ মিডিয়াম স্কুলকে একই নীতিমালার আওতায় আনা হচ্ছে – ববি হাজ্জাজ

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২০ জ্যৈষ্ঠ (৩ জুন) ২০২৬ খৃ. – ঢাকা৷ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের সকল শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার একটি সমন্বিত ও জবাবদিহিমূলক কাঠামো গড়ে তুলতে কাজ করছে। সেই লক্ষ্যে দেশের সকল ইংলিশ মিডিয়াম স্কুলকে একটি অভিন্ন নীতিমালার আওতায় আনা হচ্ছে। শিক্ষার মান, পাঠদানের গুণগত উৎকর্ষ, শিক্ষার্থীদের নিরাপত্তা, জবাবদিহিতা এবং জাতীয় স্বার্থের বিষয়গুলো নিশ্চিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ The Aga Khan Academy Dhaka পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। এসময় তিনি শিক্ষার্থীদের আয়োজিত Student Exhibition ঘুরে দেখেন এবং তাদের বিভিন্ন গবেষণা, উদ্ভাবনী প্রকল্প ও সৃজনশীল উপস্থাপনা পর্যবেক্ষণ করেন। প্রতিমন্ত্রী বলেন, আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় ভালো ফল করবে না, বরং চিন্তা করতে শিখবে, উদ্ভাবন করতে শিখবে এবং নেতৃত্ব দিতে শিখবে। আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে আজকের শিক্ষার্থীরা। তাই তাদেরকে বিশ্বমানের দক্ষতা, মূল্যবোধ এবং সৃজনশীলতা দিয়ে গড়ে তোলা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। প্রতিমন্ত্রী আরো বলেন, আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা চাই যেখানে বাংলা মাধ্যম, ইংলিশ ভার্সন কিংবা ইংলিশ মিডিয়াম যে ধারাতেই শিক্ষার্থী পড়ুক না কেন, সবাই সমানভাবে জাতীয় মূল্যবোধ, নাগরিক দায়িত্ববোধ এবং আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের সুযোগ পাবে। ববি হাজ্জাজ শিক্ষাপ্রতিষ্ঠানটির আধুনিক শিক্ষা পদ্ধতি, শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষাদান এবং নেতৃত্ব বিকাশমূলক কার্যক্রমের প্রশংসা করেন। তিনি দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও গবেষণা, উদ্ভাবন এবং সৃজনশীল শিক্ষা কার্যক্রম আরো সম্প্রসারণের আহ্বান জানান। পরিদর্শনকালে The Aga Khan Academy Dhaka এর শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Read More »