
তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে রংপুরে চারা রোপণ ও বিতরণ
জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার লক্ষ্যে রংপুর অঞ্চলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে রংপুর মহানগরীর ৯ নং ওয়ার্ডে বৃক্ষরোপণ ও বৃক্ষের চারা বিতরণ করেন জাতীয়তাবাদী যুবদল রংপুর জেলার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির অন্যতম সদস্য মো. লিটন পারভেজ। কর্মসূচির আওতায় তিনি বাহারকাছনা ঈদগাহ মাঠ, তপোধন ইউনিয়ন বায়তুল উলুম আলিম মাদ্রাসা, কাচনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিলমন সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিলমন মসজিদ ও মাদ্রাসা এবং রামগোবিন্দ শ্মশানসহ ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে বৃক্ষের চারা রোপণ ও বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির অন্যতম সদস্য মো. ফজলুর রহমান বাদল, ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. নজরুল ইসলাম দেওয়ানী, মিঠাপুকুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শামিমুল হক শামীম, সারাই ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দিন মেম্বার, হারাগাছ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. দুলাল মিয়া এবং ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. রায়হান ইসলাম রোমিওসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান। তারা বলেন, বৃক্ষ শুধু পরিবেশ রক্ষাই করে না, বরং মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।












