
ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে রংপুরে অগ্রণী ব্যাংকের মতবিনিময়
জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে রংপুরে অগ্রণী ব্যাংক পিএলসির উদ্যোগে মতবিনিময় সভা ও গ্রাহকদের মাঝে ‘বাংলা কিউআর’ সেবা ব্যবহারের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১১.০০ ঘটিকায় নগরীর মাহিগঞ্জ কলেজ মিলনায়তনে অগ্রণী ব্যাংক পিএলসি, রংপুর ক্যাডেট কলেজ শাখার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অগ্রণী ব্যাংক পিএলসি, রংপুর ক্যাডেট কলেজ শাখার প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক মোছা. তানজিনা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি, রংপুর সার্কেলের মহাব্যবস্থাপক মহোদয় সুধীর রঞ্জন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. আলমগীর , অগ্রণী ব্যাংক পিএলসি, রংপুর সার্কেল সচিবালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. আরিফুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ জুবায়ের, অগ্রণী ব্যাংক পিএলসি রংপুর অঞ্চলের অঞ্চল প্রধান মো: জহির রায়হান, মাহিগঞ্জ কলেজের অধ্যক্ষ মো. আক্তারুজ্জামান সাজু, রংপুর মহানগর দোকান মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: তানবীর হোসেন আশরাফী, সাতমাথা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আতিক উল্লাহ আতিক, মাহিগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি মো: তছলিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও অতিথিবৃন্দ। সভায় দেশের আর্থিক লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করতে ক্যাশলেস লেনদেনের গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে ‘এক দেশ, এক কিউআর’ স্লোগানের মাধ্যমে ‘বাংলা কিউআর’ এর সেবা ব্যবহার করে ডিজিটাল লেনদেনকে আরও সহজ ও জনপ্রিয় করার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় ক্যাশলেস লেনদেনের বিভিন্ন সুবিধা, ‘বাংলা কিউআর’ ব্যবহারের পদ্ধতি এবং নগদ অর্থের পরিবর্তে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে অগ্রণী ব্যাংক পিএলসি, রংপুর ক্যাডেট কলেজ শাখার গ্রাহকদের মাঝে ‘বাংলা কিউআর’ প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা ক্যাশলেস লেনদেন সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিক করার উপর গুরুত্বারোপ করেন।










