সর্বশেষ
সর্বশেষ

Day: September 8, 2024

পশ্চিম তীরের ক্রসিংয়ে গুলিতে ৩ ইসরায়েলি রক্ষী নিহত: সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : জেরুজালেম, ৮ সেপ্টেম্বর, ২০২৪ খৃ : ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, অধিকৃত পশ্চিম তীর ও জর্ডানের মধ্যবর্তী ইসরাইলি সীমান্ত ক্রসিংয়ে এক জন ট্রাক চালক রোববার গুলি চালিয়ে তিন ইসরাইলি রক্ষীকে হত্যা করেছে। পরে নিরাপত্তা বাহিনীর হাতে তার মৃত্যু হয়। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ক্রমবর্ধমান সামরিক অভিযান ও হামলার মধ্যে দিয়ে কিং হুসেন ব্রিজ ক্রসিং নামেও পরিচিত অ্যালেনবি ব্রিজ ক্রসিং-এ এই হামলা হয়। খবর এএফপি’র। সামরিক বাহিনী জানায়, জর্ডান থেকে একটি ট্রাকে করে এক সন্ত্রাসী জর্ডান উপত্যকার ক্রসিং এলাকায় পৌঁছায়। এক সামরিক বিবৃতিতে বলা হয়, চালক ট্রাক থেকে বেরিয়ে এসে সেতুতে কর্মরত ইসরাইলি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। হামলার ফলে তিনজন ইসরাইলি বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। সামরিক বাহিনী পরে এএফপিকে জানায়, তারা নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করছিল। তারা সেনাবাহিনী বা পুলিশ বাহিনীর অংশ নয়। সেনাবাহিনী আরো জানায় হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। জর্ডানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আম্মান কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে। জর্ডানের একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানায়, ক্রসিংয়ের জর্ডানের দিকটি বন্ধ করে দেওয়া হয়েছে।

Read More »

পাচারকৃত টাকা ফিরিয়ে আনতে টাস্কফোর্স হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা

এসএম রবিন / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :  ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৪ খৃ : বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বিদেশে পাচারকৃত টাকা ফিরিয়ে আনতে টাস্কফোর্স গঠন করা হচ্ছে এবং এটি দ্রুতই দৃশ্যমান হবে। ড. সালেহউদ্দিন আহমেদ আজ দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রপ্তানি উন্নয়ন ব্যুরো’র (ইপিবি) ১৪৬তম ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের ৫৯তম পরিচালনা পর্ষদের সভা শেষে প্রেস ব্রিফিংকালে একথা বলেন। ব্যাংকিং খাতে কনফিডেন্সের অভাব ছিল এবং সেই সেক্টরে কনফিডেন্স ফিরিয়ে আনা হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে টাস্কফোর্স হবে। এনবিআর অতিসত্ত্বর একটি টাস্কফোর্স করবে। বিদেশে অনেক যোগ্য বাঙালি বিশেষজ্ঞ আছে, প্রয়োজনে এতে তাদের কাজে লাগানো হবে।’ তিনি বলেন, পাচার হওয়া টাকা ফেরত আনা সহজ নয়। দেশের টাকা যে পাচার হয়েছে, এটা জানতেই ১৬ বছর লেগেছে। এখন আনতে আর ১৬ বছর লাগবে না। অনেক তাড়াতাড়ি হবে। এ ব্যাপারে যারা কাজ করবেন তারা দক্ষ। সরকারের এক মাসে বাজার ব্যবস্থাপনায় কি পরিবর্তন এসেছে এমন এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সরকার আলু ও পেঁয়াজের ট্যাক্স তুলে দিয়েছে। ফলে বাজারে সাথে সাথেই জিনিষের দাম কমে যাবে না, বাজারে এর প্রতিফলন ঘটতে সময় লাগবে। ‘মিডলম্যান’ ও ‘চাঁদাবাজী’ কমানোর জন্য তার প্রচেষ্টা অব্যাহত রাখার কথা উল্লেখ করে ড. সালেহউদ্দিন বলেন, স্থানীয় প্রশাসনকে বলেছি মনিটরিং জোরদার করতে। পণ্যমূল্য কমাতে হবে, যাতে ভোক্তার কষ্ট না হয়। সেজন্য ব্যবসায়ীদের বলেছি বেশি প্রফিট করা যাবে না। তবে বেশি চাপাচাপি করলে ব্যবসা বাধাগ্রস্ত হতে পারে বলেও তিনি আশংকা ব্যক্ত করেন।  অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন , চলতি অর্থ বছরে সম্ভাব্য রপ্তাণি প্রবৃদ্ধি লক্ষ্য ১২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। অবস্থা মোটামুটি ভালো, ইতিবাচক। আশাকরি এটা হবে। জিএসপি সুবিধা বাংলাদেশ ফিরে পাবে কি না এমন এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন , জিএসপি এর ব্যাপারে আমেরিকা কিছু শর্ত-কোয়ারি দিয়েছে. তার উত্তর দিয়েছি।এমাসেই ওয়াশিংটন যাবো সেখানে তাদের সাথে ফেস টু ফেস কথা হবে। কি কি শর্ত আছে তা নিয়ে বিস্তারিত কথা হবে। ২০২৫ সালের বাণিজ্য মেলা প্রসঙ্গে উপদেষ্টা বলেন , জানুয়ারিতেই বাণিজ্য মেলা হবে। শুরুতেই না হলেও কাছাকাছি তারিখেই হবে। এবার মেলায় ইনোভেটিভ দিক থাকবে উল্লেখ করে তিনি বলেন, যারা রপ্তানী করে বা রপ্তানীর সম্ভাবনা আছে, তাদের জন্য আলাদা ব্যবস্থা করবো। আমরা দেশীয় পণ্যের রপ্তানী উৎসাহিত করবো। এর আগে বাণিজ্য উপদেষ্টার সভাপতিত্বে রপ্তানি উন্নয়ন ব্যুরো’র (ইপিবি) এর ১৪৬তম ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের ৫৯তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়।  এসময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বাণিজ্য সচিব মোহা. সেলিম উদ্দিন, অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী, আইসিসিবি’র প্রেসিডেন্ট মাহবুবুর রহমান, রপ্তানি উন্নয়ন ব্যুরো’র ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের চীফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ উপস্থিত ছিলেন।

Read More »

“দেশে ডেঙ্গু পরিস্থিতি সহনীয় পর্যায়ে রয়েছে” – স্থানীয় সরকার উপদেষ্টা

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, দেশে ডেঙ্গু পরিস্থিতি সহনীয় পর্যায়ে রয়েছে। গত বছর এই দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭জন রোগী মৃত্যুবরণ করেন, আজ মৃতের সংখ্যা ১ জন। এতে আমাদের সন্তুষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের লক্ষ্য হবে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজন রোগীও যেন মারা না যায়। উপদেষ্টা আজ রবিবার সকালে সচিবালয়ে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটির সভা শেষে সাংবাদিকবৃন্দের সাথে আলাপকালে এসব কথা বলেন। হাসান আরিফ জানান, ডেঙ্গু যাতে বৃদ্ধি না পায় সে ব্যবস্থা নেয়া হয়েছে। চিকিৎসা ও সচেতনতার ওপর জোর দেয়া হয়েছে। সচেতনতা বাড়াতে প্রতি শুক্রবার মসজিদ, মন্দিরসহ সকল ধর্মীয় উপসনালয়গুলোতে প্রচারণা চালানো হবে। উন্নত দেশের ন্যায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে গবেষণামূলক কার্যক্রম নেয়া হবে। ডেঙ্গু বিষয়ক সচেতনতা বাড়াতে বিভিন্ন সংস্কৃতি কর্মীদের অন্তর্ভুক্ত করতে হবে। সংবিধান ও নির্বাচন ইস্যুতে তিনি বলেন, সংবিধান সংস্কার ও নির্বাচনী ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনতে আলোচনা হচ্ছে। তবে সেটি কোন প্রক্রিয়ায় হবে তা এখনও ঠিক হয়নি। এক্ষেত্রে, ছাত্র-জনতার কাছ থেকে মতামত নিতে হবে। সংবিধান পুর্নলিখন, সংশোধন নাকি বাতিল করা হবে তা ছাত্র-জনতার মতামতের ওপর নির্ভর করবে। সংবিধানের মধ্যে থেকে জিম্মি করে আওয়ামী লীগ সরকার মানুষকে দমন করেছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, সংস্কার ১৫ দিনে করা যাবে না। এক্ষেত্রে সময় লাগবে। নির্বাচনী ব্যবস্থাকে ভোটারদের কাছে গ্রহনযোগ্য করার ব্যবস্থা করা হবে। আগামী নির্বাচন কবে হবে ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার বিষয়টি ছাত্র-জনতা ঠিক করবে। অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। এ নিয়ে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকার হচ্ছে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফসল। এ বিষয়ে ছাত্র – জনতারও ভুমিকা আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে উপদেষ্টা বলেন, একমাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি এটা ঠিক। জুলাই এর ঘটনায় পুলিশ দলীয়ভাবে নির্দেশ পালন করতে গিয়ে যে কাণ্ড ঘটিয়েছে সেখান থেকে তারা এখনও বের হতে পারেনি। সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানসহ স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সকল প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

Read More »

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে : ড. ইউনূস

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :   ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৪ খৃ : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনের শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, ‘ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক দরকার। কিন্তু  সেই সম্পর্ক হবে ন্যায্যাতা এবং সমতার ভিত্তিতে।’  তিনি প্রতিবেশীর সঙ্গে পারস্পারিক সমান সম্মান এবং ন্যায্যাতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। রোববার রাজধানীর তেজগাঁও অবস্থিত প্রধান উপদেষ্টার কার্যালয়ে ছাত্র সংগঠক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা এ কথা বলেন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মাহফুজ আলম সাংবাদিকদের জানান, শিক্ষাথীদের এক প্রশ্নের উত্তরে ভারত-বাংলদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন ড. ইউনূস। প্রধান উপদেষ্টা দক্ষিণ এশীয়ায় আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সার্ক পুনরুজ্জীবনের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, এ বিষয়ে বাংলাদেশ সরকার কাজ করতে আগ্রহী। উল্লেখ্য, ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। গত ৮ আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে। আজ সরকারের এক মাস পূর্তি উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ১৫০ জন ছাত্র প্রতিনিধি সরকার প্রধানের সাথে মতবিনিময় করেন।

Read More »

ছাত্র আন্দোলনে নিহত তাহিরের দাফনের ৫১ দিনপর মরদেহ উত্তোলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহিরের মরদেহ দাফনের ৫১ দিন পর উত্তোলন করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে নগরীর শালবন মিস্ত্রীপাড়া কবরস্থান থেকে মরদেহ তোলা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ উত্তোলনের সময় রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমসহ মামলার তদন্ত কর্মকর্তা, সেনাবাহিনী ও মেট্রোপলিটন পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মরদেহ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম বলেন, আদালতের নির্দেশে সুষ্ঠু তদন্তের স্বার্থে নিহত আব্দুল্লাহ আল তাহিরের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত আব্দুল্লাহ আল তাহির রংপুর মহানগরীর জুম্মাপাড়া এলাকার আবদুর রহমানের ছেলে। তিনি ঢাকার বাংলাদেশ ইন্সটিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিকসের অষ্টম সেমিস্টারের ছাত্র ছিলেন। গত ১৯ জুলাই বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুর সিটি বাজারের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান আব্দুল্লাহ আল তাহির। এদিকে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আব্দুল্লাহ আল তাহিরের (২৮) মৃত্যুর ঘটনায় তার মা-বাবা পৃথক দুটি মামলা দায়ের করেছেন। গত ৩ সেপ্টেম্বর মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৬৪ জনের নাম উল্লেখ করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে মামলা করেন তাহিরের মা শিরিন বেগম। এ মামলায় সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, সাবেক পুলিশ কর্মকর্তা, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা, সিটি কর্পোরেশনের কাউন্সিলরসহ জেলা পুলিশের ১০০-১৫০ সদস্যকে আসামি করা হয়েছে। তাহির হত্যা মামলার আসামিরা হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য টিপু মুনশি, রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আবদুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মনিরুজ্জামান, মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক একেএম ছায়াদত হোসেন বকুল, যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাফিয়ার রহমান সফি, সাবেক এমপি ডিউক চৌধুরী, নাছিমা জামান ববি,সিটি কর্পোরেশনের কাউন্সিলর রফিকুল আলম, জাহাঙ্গীর আলম তোতা, হারুন অর রশিদ, সাবেক কাউন্সিলর ইদ্রিস আলী, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, জেলা যুবলীগের সভাপতি লক্ষ্মীণ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনিসহ অন্যরা। এর আগে গত ১৮ আগস্ট রংপুর মেট্রোপলিটনের কোতোয়ালি থানার কগনিজেন্স আদালতে তাহিরের বাবা আবদুর রহমান বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানকসহ ৪০ জনের নামে এবং অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন।

Read More »

রংপুরে জামায়াত সেক্রেটারি জাতীয় সংগীত নিয়ে আযমীর বক্তব্য তার ব্যক্তিগত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আব্দুল্লাহিল আমান আযমী জামায়াতে ইসলামীর সদস্য নন। তিনি জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে যা বলেছেন তা তার একান্ত ব্যক্তিগত মন্তব্য। এর ব্যাখ্যার দায় জামায়াতে ইসলামীর নয়। রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীতে একটি হোটেলে আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও সহানুভূতি বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। দেশের বিশিষ্ট ৪৮ জন নাগরিকের দেওয়া বিবৃতিতে ‘জামায়াতে ইসলামীর আমির জাতিকে অতীতের সবকিছু ভুলে যাওয়ার পরামর্শ দিয়েছেন’ বলে উল্লেখ করা হলেও জামায়াতের আমির এ ধরনের কথা বলেনি বলে জানান তিনি। তাই এমন বিবৃতির কোনো প্রতিক্রিয়া দেখাবে না বলেও জানান কেন্দ্রীয় এই নেতা। জামায়াত সেক্রেটারি বলেন, দেশের সংস্কার এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গত ১৫ বছরের রাষ্ট্রযন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে বসে আছে। সংবিধান ও ইলেকশন কমিশনের সংস্কার করতে হবে। আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে গত ১৫ বছরে দলীয়করণ হয়েছিল, সেগুলোর সংস্কার করতে হবে। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, গত ১৫ বছরের জঞ্জাল পরিষ্কার করতে দীর্ঘ সময় লাগবে। অন্তর্র্বতীকালীন সরকারের জন্য সব সংস্কার সম্ভব না হলেও নিরপেক্ষ নির্বাচন করতে যেগুলো করা দরকার, এখন সেটি করাই বড় চ্যালেঞ্জ। প্রয়োজনীয় সংস্কারগুলো করে একটি নির্বাচনের আয়োজন করতে অন্তর্র্বতীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে মহানগর জামায়াতের আমীর এটিএম আজম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, জামায়াতের জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী, সেক্রেটারি ওবায়দুল্লাহ সালাফী, মহানগর শিবিরের সেক্রেটারি নুরুল হুদাসহ অনেকে। আলোচনা অনুষ্ঠান শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যদের হাতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সহায়তার অর্থ তুলে দেওয়া হয়। এ সময় শহীদ পরিবারের সদস্যসহ দলের ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Read More »

অভিভাবক হীন রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, অল্প সময়ে পরিচালক নিয়োগের দাবি

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বর্তমানে অভিভাবক হীন হয়ে পড়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। খুব অল্প সময়ের মধ্যে পরিচালক নিয়োগের দাবি জানিয়েছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক বৃন্দের পক্ষ থেকে ডাঃ মোঃ রিয়াজ শরীফ লিমন (পাঠান) ও ডাঃ মোঃ আশফাক আহমেদ। শনিবার (৮ সেপ্টেম্বর) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করে এ সব তথ্য জানান তারা। এ সময় তারা বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পদায়িত পরিচালক যোগদান না দেওয়ায়, দুর্নীতির ফিরিস্তি এবং আন্দোলনে আহতদের সঠিক চিকিৎসা প্রদান অসম্ভব হয়ে পড়েছে। ডাঃ মোঃ জাফরুল হোসেনকে গত ২২ আগস্ট/২৪ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক হিসেবে নিয়োগ করা হলেও অদ্যবধি তিনি যোগদান করেন নাই। ফলস্বরুপ ১৬ দিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল অভিভাবক শুন্য রয়েছে। এ শূন্যতাকে কাজে লাগিয়ে পূর্ববর্তী দালাল সিন্ডিকেট চক্র আরো শক্তিশালী হওয়ার চেষ্টা করছে। এমতাবস্থায় হাসপাতালে চিকিৎসকদের জন্য চিকিৎসা প্রদান এবং রোগীদের চিকিৎসা গ্রহণে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। তারা আরো বলেন, সাধারন রোগির পাশাপাশি গত জুলাই/২৪ এর বিপ্লবে আহত আন্দোলন কারীদের সুচিকিৎসা প্রদানেও ব্যাঘাত ঘটছে। তাই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাধারণ চিকিৎসক ও রোগীদের স্বার্থে একজন সৎ, দক্ষ ও আদর্শবান পরিচালক দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ এবং মেডিকেলের দালাল সিন্ডিকেট উৎখাতে অর্ন্তর্বতীকালীন সরকার এর সুদৃষ্টি কামনা করছি। এ সময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক বৃন্দরা উপস্থিত ছিলেন।

Read More »

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :   ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৪ খৃ): অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য অর্জন ও সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে জনগণসহ সরকারি ও বেসরকারি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আজ দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ৮ সেপ্টেম্বর ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৪’ পালন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনের মূল লক্ষ্য হচ্ছে দেশের জনগণকে শিক্ষা ও সাক্ষরতা সম্পর্কে সচেতন ও উদীপ্ত করে তাদেরকে মানবসম্পদে রূপান্তরিত করা। মানুষের মৌলিক অধিকারগুলোর অন্যতম হলো শিক্ষা।  তিনি আরো বলেন, দেশ গড়ার প্রধান হাতিয়ারও হচ্ছে শিক্ষা। নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়তে আনুষ্ঠানিক ও উপানুষ্ঠানিক উভয় ধারার শিক্ষা কার্যক্রমের প্রয়োজনীয়তা অপরিহার্য। মায়ের ভাষায় সাক্ষরতা অর্জনের পাশাপাশি অন্য এক বা একাধিক ভাষা শেখার সুযোগ সৃষ্টি করে আমাদের শিশু, কিশোর ও যুবদের যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করতে হবে। প্রধান উপদেষ্টা তাঁর বাণীতে বলেন, বহু ভাষায় সাক্ষরতালব্ধ জ্ঞান বিভিন্ন দেশ, সংস্কৃতি ও ভাষার মধ্যে দৃঢ় মেলবন্ধন তৈরি করে। আমাদের যোগাযোগ দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ব্যক্তি জীবনমান, দেশের উন্নয়ন ও শান্তি ত্বরান্বিত হবে। এবছরের সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য তা অর্জনের দিকনির্দেশ করে।  প্রধান উপদেষ্টা বলেন, ‘জাতি গঠনের প্রধান বাহন শিক্ষা। আর শিক্ষার প্রথম সোপান সাক্ষরতা। আশা করি, সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য অর্জন ও সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সংস্থাসমূহ গৃহীত কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি কার্যকর পদক্ষেপ গ্রহণে সদা সচেষ্ট থাকবে। এজন্য আমি জনগণকে সঙ্গে নিয়ে একযোগে কাজ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।’  তিনি বলেন, এবছর দিবসটির প্রতিপাদ্য প্রমোটিং মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন: লিটারেসি ফর মিউচুয়াল আন্ডারস্টান্ডিং এন্ড পিচ। যা বাংলায় মূলভাব ‘বহু ভাষায় শিক্ষার প্রসার: পারস্পরিক সমঝোতা ও শান্তির জন্য সাক্ষরতা’ সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি। 

Read More »