সর্বশেষ
সর্বশেষ

Day: October 1, 2026

মিঠাপুকুর মহাবিদ্যালয় জাতীয়করণের আশাবাদ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : মিঠাপুকুর মহাবিদ্যালয় জাতীয়করণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং রংপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেছেন, “মিঠাপুকুর মহাবিদ্যালয় জাতীয়করণের জন্য যেহেতু সরাসরি প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করছেন, আশা করি এই কলেজ জাতীয়করণ হবে।” বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় মিঠাপুকুর মহাবিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ও বিরোধী দল জনগণের ভোটে নির্বাচিত। পাঁচ বছর পর আবারও জনগণের কাছেই ভোট চাইতে যেতে হবে। তাই জনগণের ভোটের প্রতি সবার আস্থা ও সম্মান থাকতে হবে। তিনি বলেন, “দিনের ভোট রাতে করা হবে না। বিনা ভোটে নির্বাচিত হওয়ার সুযোগও থাকবে না। ডামি ভোটও হবে না। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ।” তিনি আরও বলেন, আগামী জানুয়ারি মাস থেকে স্থানীয় সরকার নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে। যারা নির্বাচনে অংশ নিতে আগ্রহী, তাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের দ্বারে দ্বারে গিয়ে তাদের সমর্থন অর্জন করতে হবে। জনগণের ভোট নিয়েই নির্বাচিত হতে হবে। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, “স্থানীয় সরকারের যে নির্বাচনগুলো হবে, সেগুলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কোনো প্রার্থীকে কোনোভাবে অন্যায় সুবিধা দিয়ে নির্বাচিত হওয়ার সুযোগ করে দেওয়া হবে না।” মিঠাপুকুর মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর-৫ আসনের সংসদ সদস্য মো. গোলাম রব্বানী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক মো. সামসুজ্জামান সামু, রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব ও রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. মাহফুজ-উন-নবী ডন এবং রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম। এ সময় মিঠাপুকুর মহাবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম রব্বানী, মিঠাপুকুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার, রংপুর শ্রী শ্রী করুণাময়ী কালীমন্দির কমিটির সভাপতি ও শারদীয় দুর্গাপূজা উৎসব কমিটি-২০২৬-এর আহ্বায়ক ড. নিখিলেন্দু শংকর গুহাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

বর্ণাঢ্য আয়োজনে রংপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি / বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রংপুরে শুরু হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’। রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) আয়োজনে অনূর্ধ্ব-২০ পুরুষ ও নারী কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।বুধবার (৩০ সেপ্টেম্বর) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু। বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ পিপিএম-সেবা।অনুষ্ঠানে আরপিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) নরেশ চাকমা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) অতিরিক্ত দায়িত্বে ডিসি (সিটিএসবি) সনাতন চক্রবর্তীসহ আরপিএমপির বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য, ক্রীড়াবিদ, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে মো. সামসুজ্জামান সামু বলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের এ ধরনের আয়োজন স্থানীয়ভাবে খেলাধুলার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে। ফুটবল, ভলিবল, কাবাডি, হ্যান্ডবল ও ক্রিকেটসহ বিভিন্ন খেলায় ভালো খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে কাজ শুরু হয়েছে। তিনি কাবাডি টুর্নামেন্ট আয়োজনের জন্য পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানান এবং টুর্নামেন্টের সাফল্য কামনা করেন।সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ পিপিএম-সেবা বলেন, কাবাডি আমাদের উপমহাদেশের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খেলা। দেশীয় ক্রীড়া ঐতিহ্যকে ধারণ ও বিকশিত করার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে যুবসমাজের সৃজনশীলতা, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও ইতিবাচক মানসিকতার বিকাশ ঘটানো সম্ভব। তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশের পৃষ্ঠপোষকতা ও আইজিপির উদ্যোগে কমিউনিটি পুলিশিং কার্যক্রমের আওতায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে খেলাধুলার আয়োজন সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধি ও সমাজ সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ক্রীড়া কার্যক্রম কার্যকর ভূমিকা পালন করবে।পরে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সভাপতিসহ আমন্ত্রিত অতিথিরা বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।উদ্বোধনী ম্যাচে কোতোয়ালি থানা, হারাগাছ থানাকে পরাজিত করে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে। দ্বিতীয় ম্যাচে মাহিগঞ্জ থানা, তাজহাট থানাকে পরাজিত করে ফাইনালে ওঠে। ফলে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে কোতোয়ালি থানা ও মাহিগঞ্জ থানা।#

Read More »