সর্বশেষ
সর্বশেষ

Day: October 23, 2026

সৌদি আরবে প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে আছেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, সৌদি আরবে প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে বন্দি রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শুক্রবার (২৩ অক্টোবর) সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহমেদ আশিকের মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বজনদের কাছে হস্তান্তরের পর তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন অভিযোগে সৌদি আরবের বিভিন্ন কারাগারে আনুমানিক সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি রয়েছেন। সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির নাম এই তালিকায় ছিল কি না, আমরা তা যাচাই করে দেখছি। তিনি আরও বলেন, মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে আমরা বিস্তারিত কোনো তথ্য পাইনি। রায়ের অনুলিপি দেওয়ার জন্য আমরা আনুষ্ঠানিকভাবে সৌদি কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছি। অনুলিপি পেলে আমরা বিস্তারিত জানতে পারব। প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয় একা কাজ করে না উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, আইনি প্রক্রিয়াগুলো পরিচালনায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও যুক্ত থাকে। তিনি আরও বলেন, যখনই আমরা জানতে পারি কোনো বাংলাদেশি সৌদি আরবে দণ্ডপ্রাপ্ত হয়েছেন, তখনই আমরা কূটনৈতিক আলোচনার মাধ্যমে সাজা কমানো বা ক্ষমা চাওয়ার কোনো সুযোগ আছে কি না, তা নিয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি। অন্য দেশের বিচার ব্যবস্থার প্রতি সম্মান প্রদর্শন করেই সরকার নিজের নাগরিকদের সুরক্ষা দিতে সর্বোচ্চ চেষ্টা চালায় বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, আমরা অবশ্যই অন্য কোনো দেশের বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করব না, তবে এমন ঘটনার খবর পেলেই সরকার নিজের নাগরিকদের রক্ষায় সাধ্যমতো চেষ্টা করে। শামা ওবায়েদ আরও বলেন, মূল সমস্যা হলো, যে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তাদের দণ্ডাদেশের বিষয়টি আমাদের জানানো হয়নি। সম্প্রতি সৌদি আরবে নজরুল ইসলাম আব্দুল বশির ও সুইটি আক্তার নামে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের শ্রম কল্যাণ উইং থেকে গত ১৮ অক্টোবর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠানো এক গোপন নথির তথ্য অনুযায়ী, তারা বিভিন্ন অভিযোগে ২০২৩ সালের আগস্ট থেকে দেশটিতে আটক ছিলেন। নথিতে বলা হয়, মৃত্যুদণ্ড কার্যকরের আগে বা পরে কোনো সময়ই সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাস বা কনস্যুলেটকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। গত ১৪ অক্টোবর প্রকাশিত সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বক্তব্যের বরাত দিয়ে দেশটির স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে তাদের মৃত্যুদণ্ড কার্যকরের এই তথ্যটি জানা যায়। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মক্কার একটি মসজিদে ‘অশালীন কাজের’ অভিযোগে মক্কা অঞ্চলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সুত্র. ইউএনবি //

Read More »

ঐতিহাসিক উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা

জালাল উদ্দীন, রংপুর প্রতিনিধি দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঐতিহাসিক উপজেলা দিবস উপলক্ষে রংপুরে জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর (শুক্রবার) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মো. আজমল হোসেন লেবু। প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও রংপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা জাতীয় পার্টির সাবেক প্রচার সম্পাদক ও বর্তমান সদস্য মো. শাহিনুর হক কমেট এবং যুব নেতা মহিদুল ইসলাম মুহিত। সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাসুদার রহমান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মমিনপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক আজহারুল ইসলাম, সদস্য সচিব তারিকুল ইসলাম, চন্দনপাট ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক হাফিজার রহমান, সদস্য সচিব মো. ছগির আলম প্রামাণিক জসিম, সদস্য তারিকুল চৌধুরী ও ফজলুল হক। এছাড়া হরিদেবপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য এমদাদুল ইসলামসহ জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা ঐতিহাসিক উপজেলা দিবসের তাৎপর্য তুলে ধরে উপজেলা ব্যবস্থা প্রবর্তনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের অবদানের কথা স্মরণ করেন।###

Read More »

এবি পার্টি রংপুর জেলা ও মহানগর সংগঠকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : রংপুর, আগামীতে এবি পার্টিকে আরো শক্তিশালী করার লক্ষ্যে রংপুর বিভাগীয় সমন্বয় কমিটির আয়োজনে এবি পার্টি রংপুর জেলা ও মহানগর সংগঠকদের নিয়ে কেন্দ্রীয় কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল ২৩ অক্টোবর শুক্রবার সকাল ১১ টায় রংপুর নগরীর সুমি কমিউনিটি সেন্টার মিলনায়তনে মত বিনিময় সভায় এবি পার্টির রংপুর বিভাগীয় সমন্বয়ক মো. মাহবুবুর রহমান মাহাবুব এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস ইসলাম খান। আরোও বক্তব্য রাখেন এবি পার্টির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো: আবু বকর সিদ্দিক, এবি পার্টি রংপুর মহানগর শাখার আহবায়ক অ্যাডভোকেট আব্দুর রউফ, এবি পার্টি রংপুর জেলা শাখার আহ্বায় মো. আখতারুজ্জামান, এবি পার্টি ঢাকা মহানগর উত্তর এর যুগ্ন আহবায়ক ফিরোজ কোবির, লালমনিরহাট জেলা কমিটির আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী আবু রায়হান আশয়ারী রচি, রংপুর মহানগর শাখার সদস্য সচিব সহকারী অধ্যাপক গোলজার হোসেন, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এনামুল হক, সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় আগামীতে সংগঠনকে শক্তিশালী এবং জেলা, মহানগর ও উপজেলা কমিটির জনবল বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়।

Read More »

রংপুরে জেলা প্রশাসকের বৈঠকেও মেটেনি জমি বিরোধ, আটকে আছে প্রতিমা বিসর্জন

জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঁ রংপুর নগরীর ঠিকাদারপাড়া মোড়ে একটি অস্থায়ী দুর্গামন্দিরের জমির মালিকানা নিয়ে বিরোধে দুর্গাপ্রতিমা বিসর্জন না দেওয়ার ঘটনায় উত্তেজনা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে দুই পক্ষের সঙ্গে বৈঠক হলেও জমি নিয়ে বিরোধের চূড়ান্ত সমাধান হয়নি।তবে বৈঠক শেষে প্রতিমা বিসর্জনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন জেলা প্রশাসক ইসরাত জাহান। রোববার (২৫ অক্টোবর) বিচারকের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ বৈঠক শুরু হয়। রাত ৮টার দিকে বৈঠক শেষে বেরিয়ে এসে জমির মালিকানা দাবিদার রীতা রানী রায় অভিযোগ করেন, জেলা আওয়ামী কৃষক লীগ নেতা প্রাণকৃষ্ণ গোস্বামী প্রান্নু তাদের পারিবারিক জমি জোর করে দখলের চেষ্টা করছেন। সেখানে অস্থায়ী পূজামণ্ডপকে স্থায়ী মন্দিরে রূপ দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। রীতা রানী বলেন, এখানে এসে (ডিসি অফিসে) আমরা ন্যায়বিচার পেলাম না। আমাদের জমিতে ভাঙাগড়ার পূজামণ্ডপকে মন্দির বানানোর চেষ্টা করা হচ্ছে। বিজয়া দশমীর পরও দুর্গাপ্রতিমা বিসর্জন না দিয়ে সেখানে রেখে জমিটি দখলের চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে, মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রী কমল গোস্বামী বলেন, আদালত যে রায় দেবেন, আমরা সেই রায় মেনে নেব।বৈঠক শেষে জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, ঠিকাদারপাড়া মোড়ে দুর্গোৎসবের প্রতিমা বিসর্জন না দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট সমস্যা নিয়ে দুইপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। উভয়পক্ষের বক্তব্য শোনা হয়েছে। এখন প্রতিমা বিসর্জন দেওয়া হবে। আগামী রোববার বিচারকের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হবে, যাতে রংপুরে সবাই শান্তিতে বসবাস করতে পারেন। এর আগে, বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা থেকে অস্থায়ী মন্দিরটির জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করে। একপর্যায়ে সড়ক অবরোধ, বিক্ষোভ ও হাতাহাতির ঘটনাও ঘটে। উ. পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের উদ্যোগে বিজিবি মোতায়েন করা হয়। পরে সেখানে এসআরবি সদস্যদেরও মোতায়েন করা হয়। জমির মালিকানা দাবিদার পক্ষের অভিযোগ, দীর্ঘদিন ধরে দুর্গাপূজার জন্য অস্থায়ীভাবে ব্যবহৃত পারিবারিক জমিটি দখলে নেওয়ার চেষ্টা চলছে। অন্যদিকে মন্দির কমিটির দাবি, জমিটি মন্দিরের নামে দেওয়ার প্রতিশ্রুতিতে কেনার জন্য বায়না করা হলেও মালিকপক্ষ দলিল নিবন্ধন করে দিচ্ছে না। এ বিরোধের মধ্যেই স্থায়ীভাবে কালীমন্দির স্থাপনের উদ্যোগ নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উল্লেখ্য বুধবার রাত সাড়ে ১২টা পর্যন্ত দুর্গাপ্রতিমা বিসর্জন দেওয়া হয়নি। জেলা পূজা উদযাপন পরিষদ ও মহানগর পুলিশের পক্ষ থেকে প্রতিমা বিসর্জনের নির্দেশ দেওয়া হলেও মন্দির কমিটি তাতে সম্মত হয়নি। বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠকের পর প্রতিমা বিসর্জনের সিদ্ধান্ত জানানো হলেও জমির মালিকানা নিয়ে বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি এখনো বাকি রয়েছে।

Read More »