সর্বশেষ
সর্বশেষ

Day: October 25, 2026

ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৬ খৃ. – রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সকালে ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে দেখতে যান। এ সময় রাষ্ট্রপতি মন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। রাষ্ট্রপতির প্রেস উইং-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সুত্র. বাসস //

Read More »

দীর্ঘমেয়াদে খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৯ কার্তিক (২৫ অক্টোবর) ২০২৬ খৃ. – খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, আমদানিকৃত খাদ্যশস্যের মান পরীক্ষা এবং দীর্ঘমেয়াদে খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চেয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। আজ মন্ত্রীর অফিসকক্ষে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সাথে অনুষ্ঠিত বৈঠকে এ সহযোগিতা চান তিনি। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠকে খাদ্যমন্ত্রী বাংলাদেশে আমদানিকৃত চাল ও গমের গুণগত মান পরীক্ষার সক্ষমতা বাড়াতে চট্টগ্রাম ও মোংলা বন্দরে খাদ্য পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ ও কারিগরি সহায়তা প্রদানের অনুরোধ জানান। তিনি বলেন, বাংলাদেশের আবহাওয়াগত বাস্তবতার কারণে দীর্ঘমেয়াদে খাদ্যশস্য, বিশেষ করে চাল ও গম সংরক্ষণে বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। এক্ষেত্রে খাদ্যশস্য সংরক্ষণ প্রযুক্তি ও ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞদের অভিজ্ঞতা কাজে লাগানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। রাষ্ট্রদূত বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে কারিগরি সহায়তার বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞদের সহযোগিতার সম্ভাবনা বিবেচনা করা হবে। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে গম আমদানির বিষয়েও আলোচনা হয়। চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে গম আমদানি সম্পন্ন হওয়া এবং এ ক্ষেত্রে কোনো সমস্যা না থাকায় উভয়পক্ষ সন্তোষ প্রকাশ করেন। বৈঠকে খাদ্যমন্ত্রী সম্প্রতি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত গমবাহী জাহাজ পরিদর্শনের অভিজ্ঞতা মার্কিন রাষ্ট্রদূতেকে জানান। এসময় দূতাবাসের কৃষিবিষয়ক অ্যাটাশে এরিন কোভার্ট, খাদ্য সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মু. জসীম উদ্দিন খানসহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Read More »

রাইস গার্ডেন—এক মাঠে ৫২ জাতের ধান

ডেস্ক রিপোর্ট / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : একই মাঠে ৫২ জাতের ধান। কোনো জাতের গাছ লম্বা, কোনোটি শীষের গঠনে আলাদা। কোনো জাত খরাসহিষ্ণু, আবার কোনোটি জলমগ্ন পরিবেশেও টিকে থাকতে পারে। সারি সারি ধানগাছের পাশে নামফলক দেখে বিভিন্ন জাতের বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করছেন কৃষকরা। এভাবে ধানের ফলন ও বৈশিষ্ট্য দেখে নিজেদের জমির উপযোগী জাত বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন তারা। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সদরপুর গ্রামে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্যোগে গড়ে তোলা হয়েছে ব্যতিক্রমী এই ‘রাইস গার্ডেন’। এলএসটিডি প্রকল্পের অর্থায়নে চলতি আমন মৌসুমে স্থাপন করা এ প্রদর্শনীর উদ্দেশ্য, হাওরের জমি ও পরিবেশের উপযোগী ধানের জাত সম্পর্কে কৃষকদের ধারণা দেওয়া এবং উন্নত জাত চাষে তাদের উৎসাহিত করা। সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে গড়ে ওঠা প্রদর্শনীতে রয়েছে উচ্চফলনশীল, স্বল্পমেয়াদি, জিংকসমৃদ্ধ, সুগন্ধি ও উন্নত রান্নার বৈশিষ্ট্যসম্পন্ন বিভিন্ন জাতের ধান। সেই সঙ্গে রয়েছে খরা, বন্যা ও জলমগ্নতা-সহনশীল জাত। প্রতিটি জাতের পাশে পরিচিতিমূলক সাইনবোর্ড থাকায় কৃষকরা ধানের বৃদ্ধি, গাছের উচ্চতা ও শীষের গঠন সরাসরি পর্যবেক্ষণ করতে পারছেন। কৃষক সাহেল বলেন, ‘একসঙ্গে এত জাতের ধান জীবনে কখনও দেখিনি। অনেক ধানের নামও আগে শুনিনি। এখন চোখের সামনে এসব ধানের বেড়ে ওঠা দেখছি।’ তিনি আরও বলেন, ‘এখান থেকে দেখে আমাদের জমির জন্য যেটা ভালো ও উচ্চফলনশীল হবে, সেটাই চাষের জন্য বেছে নেব।’ প্রদর্শনীতে আসা অন্য কৃষকরাও জানান, আগে তারা পরিচিত জাতের ধানই বেশি চাষ করতেন। এখানে এসে নতুন নতুন জাত সম্পর্কে জানতে পারছেন। কোন জাতের ফলন ভালো এবং কোনটি তাদের এলাকার জন্য উপযোগী, তা দেখে সিদ্ধান্ত নিতে পারবেন বলে মনে করছেন তারা। উপযুক্ত জাত বেছে নিতে পারলে ফলন বাড়বে এবং লাভবান হবেন বলেও আশা কৃষকদের। ধানের জাত প্রদর্শনের পাশাপাশি রোগবালাই দমন, সুষম সার প্রয়োগ, বায়োকোটেড ইউরিয়া ও সৌরবিদ্যুৎচালিত আলোকফাঁদ ব্যবহার নিয়েও কাজ করছে ব্রির সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয়। কৃষিশ্রমিকের সংকট মোকাবিলায় রাইস ট্রান্সপ্লান্টার, উইডার ও কম্বাইন হারভেস্টারের ব্যবহারও প্রদর্শন করা হচ্ছে। এছাড়া কৃষকদের প্রশিক্ষণ, পরামর্শ ও বীজ সরবরাহে সহযোগিতা দেওয়া হচ্ছে। প্রদর্শনীতে রয়েছে ব্রি ধান ১১২, ১১১, ১১০, ১০৯, ১০৩, ৯৫, ৯৪, ৯৩, ৯১, ৯০, ৮০, ৭৯, ৭৮, ৭৭, ৭৬, ৭৫, ৭৩, ৭২, ৭১, ৭০, ৬৬, ৬২, ৫৭, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৬, ৪৯, ৪৬, ৪৪, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৩৭, ৩৪, ৩৩, ৩২, ৩০ ও ৩১; বিনা ধান ২৫, ২৩, ২২, ১১, ১০, ৫, ৪ ও ৩; এবং হাইব্রিড ধান ৪ ও ৬। হাওরের কৃষিতে প্রাকৃতিক প্রতিকূলতা মোকাবিলা করে উৎপাদন বাড়ানো বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে এলাকার পরিবেশের উপযোগী জাত নির্বাচন ও আধুনিক চাষপ্রযুক্তির ব্যবহার গুরুত্বপূর্ণ। এ প্রদর্শনীর মাধ্যমে কৃষকরা বিভিন্ন জাতের বৈশিষ্ট্য সম্পর্কে সরাসরি ধারণা পাওয়ার পাশাপাশি উন্নত চাষপদ্ধতি সম্পর্কেও জানতে পারছেন। ব্রি সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রেজওয়ান ভূঁইয়া বলেন, ৫২টি ধানের জাত নিয়ে স্থাপিত রাইস গার্ডেন থেকে কৃষকরা তাদের এলাকার উপযোগী জাত নির্বাচন করতে পারবেন। এছাড়া সার, আগাছা, রোগবালাই ব্যবস্থাপনাসহ বিভিন্ন প্রযুক্তি নিয়ে গবেষণা চলছে বলেও জানান তিনি। এসব উদ্যোগ হাওরে ধানের উৎপাদনশীলতা বৃদ্ধি ও দেশের খাদ্যনিরাপত্তায় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন ব্রির এই কর্মকর্তা। তথ্য সুত্রে.//

Read More »