সর্বশেষ
সর্বশেষ

Day: December 11, 2022

স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা-র সাক্ষাৎ

স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা-র সাক্ষাৎ ঢাকা, ১১ ডিসেম্বর ২০২২ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-র সাথে আজ তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশ-ভারত সুদীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ব্যবসা-বাণিজ্যের প্রসার, দুইদেশের অর্থনৈতিক উন্নয়ন, জ্বালানিক্ষেত্রে সহযোগিতা, জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের তৎকালীন সরকার প্রধান শ্রীমতি ইন্দিরা গান্ধীর কূটনৈতিক প্রজ্ঞা ও আদর্শিক নেতৃত্বই দুদেশের ঐতিহাসিক সম্পর্কের ভীত স্থাপন করেন। মহান মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশি শরণার্থীদের আশ্রয় ও সকল রকম সহযোগিতা দেয় ভারত, যা এদেশের মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভারত-বাংলাদেশ সম্পর্ক আরো প্রতিষ্ঠিত ও সুসংহত হয়৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঙ্গার পানিবন্টন চুক্তি, ভারতের সাথে স্থল সীমানা চুক্তি ইত্যাদি কার্যক্রম সম্পন্ন হয়েছে। জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশ ভারতের পারস্পরিক সহযোগিতা দুদেশের সম্পর্ককে জোরদার করবে। এসময়, বৈশ্বিক জ্বালানি সংকটের সময়ে জ্বালানিক্ষেত্রে ও রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনে ভারতের সহযোগিতা কামনা করেন স্পীকার। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ভারত-বাংলাদেশের মানুষের ভাষা-সংস্কৃতিভিত্তিক সাদৃশ্য উল্লেখযোগ্য। সাধারণ নদী অববাহিকাসহ আরো অনেক সাধারণ বিষয় দুদেশের মধ্যে বিদ্যমান। সেভেন সিস্টারস রাজ্যসমূহসহ সমগ্র ভারতের সাথে রেলওয়ে ও অন্যান্য মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দ্বারা উভয় দেশের আর্থ-সামাজিক অবস্থার অগ্রগতি সম্ভব। সম্প্রতি আসাম বিধানসভার স্পীকার শ্রী বিশ্বজিৎ দাইমারি-র নেতৃত্বে প্রতিনিধিদল বাংলাদেশ জাতীয় সংসদ পরিদর্শন ও মতবিনিময় করেন, যা ভারত-বাংলাদেশ সুদীর্ঘ সম্পর্ককে জোরদার করেছে। এসময়, বাংলাদেশ জাতীয় সংসদ পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠানে ভারত লোকসভার স্পীকার ওম বিরলাসহ অন্যান্যদের আমন্ত্রণের আগ্রহ প্রকাশ করেন ড. শিরীন শারমিন চৌধুরী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা করে হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেন, ভারত ও বাংলাদেশের মানুষের সম্পর্ক অত্যন্ত হৃদ্যতাপূর্ণ। দুইদেশের সাংস্কৃতিক ভীত একই। সংসদীয় প্রতিনিধিদলের পারস্পরিক সফর বিনিময়ের মাধ্যমে দুদেশের ঐতিহাসিক সম্পর্ক আরো শক্তিশালী হতে পারে। বৈশ্বিক চ্যালেঞ্জগুলো ভারত-বাংলাদেশ যৌথভাবে মোকাবেলা করতে পারলে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন হবে বলে অভিমত ব্যক্ত করেন হাইকমিশনার। এসময় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৪ তম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক/ দ্যা লিগ্যাল ভয়েস২৪ মিডিয়া : ঢাকা, ১১ ডিসেম্বর ২০২২ একাদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৪ তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান এমপি-র সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য ও প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি, মোঃ আছলাম হোসেন সওদাগর এমপি, খালেদা খানম এমপি এবং নার্গিস রহমান এমপি অংশগ্রহণ করেন। বৈঠকে ৩২তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং ৩২তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। সভার শুরুতে বিজয়ের এই মাসে মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী সকল শহীদ, ১৫ আগস্ট কালো রাত্রিতে সর্বকালের সর্বশেষ্ঠ বাংগালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ যারা শাহাদাৎ বরণ করেছেন তাঁদের সকলের, কারাগারে শাহাদাতবরণকারী ৪ নেতাসহ সকল শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল মুক্তিযোদ্ধার প্রতি সম্মান জানিয়ে সভার কার্যক্রম শুরু হয়। সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)-এর পেট্রোলিয়াম পণ্যের (পেট্রোল ও অকটেন) মূল্য বৃদ্ধি এবং দেশীয় গ্যাস ক্ষেত্রসমূহ হতে উপজাত হিসেবে উৎপাদিত কনডেনসেট এর মূল্য সমন্বয়ের বিষয়ে গঠিত কমিটির রিপোর্ট/কার্যক্রম পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য কমিটি নির্দেশনা প্রদান করে। ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) উইথ ডাবল পাইপলাইন প্রকল্প, চট্টগ্রাম হতে ঢাকা পর্যন্ত পাইপ লাইনে জ্বালানী তেল সরবরাহ প্রকল্প ও বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন প্রকল্পসমূহের অগ্রগতি, বিস্ফোরক পরিদপ্তরের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে বৈঠকে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। চট্টগ্রাম হতে ঢাকা পর্যন্ত পাইপ লাইনে জ্বালানী তেল সরবরাহ প্রকল্পটি দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা এবং বিস্ফোরক পরিদপ্তরের জনবল, যানবাহনসহ সক্ষমতা বৃদ্ধির জন্য কমিটি সুপারিশ করেন। ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড (ইআরএল) ইউনিট-২ স্থাপন কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে বৈঠকে আলোচনা হয়। ইআরএল ইউনিট-২ স্থাপন কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা প্রদান করে স্থায়ী কমিটি। বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ও অন্যান্য কর্মকর্তাগণ, অধীনস্থ সংস্থাসমূহের প্রধান এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Read More »

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় ঢাকা, ১১ডিসেম্বর ২০২২ঃ একাদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২০তম বৈঠক কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন, মেহের আফরোজ, শিরীন আখতার এবং ফেরদৌসী ইসলাম অংশগ্রহণ করেন। সরকারি প্রাথমিক শিক্ষক কল্যাণ ট্রাস্ট বিল,২০২২ নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং পরবর্তী বৈঠকে অধিকতর পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বৈঠকে জানানো হয় বর্ণিত কোর্সের নাম ডিপিএড এর পরিবর্তে প্রাথমিক শিক্ষক মৌলিক প্রশিক্ষণ এবং এ কোর্সের মেয়াদ ১০ মাস করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বর্তমান সরকারের চলতি মেয়াদে ঢাকা শহরে বেশ কিছু সংখ্যক দৃষ্টিনন্দন বিদ্যালয় নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে তা সরেজমিনে পর্যবেক্ষণের সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে শিশুদের খেলার জন্য প্রাথমিক বিদ্যালয়ের মাঠগুলো সংস্কারের জন্য প্রকল্প গ্রহণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার সুপারিশ করা হয়। বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা সচিব, আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

প্রকল্প টেকসই হলে তৃণমূলের জনগণ স্থায়ীভাবে উপকৃত হবে– স্পীকার

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, সংসদ সদস্যগণকে ইউএনএফপিএ’র আওতায় নতুন প্রকল্পগুলো সম্পর্কে অবগত করতে হবে। এসময় তিনি প্রকল্পের ফান্ড সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে ব্যয় করার উপর গুরুত্বারোপ করেন। তিনি আজ জাতীয় সংসদের শপথকক্ষে ইউএনএফপিএ’র এর কারিগরি সহযোগিতায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক বাস্তবায়নাধীন এসপিসিপিডি প্রকল্পের আওতায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ পার্লামেন্টেরীয়ান’স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ আয়োজিত ১০তম সভায় সভাপতির বক্তব্যে এসকল কথা বলেন। সরকারী প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ,স,ম, ফিরোজ এমপি, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি ড. মোঃ আব্দুস শহীদ এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ ফ ম রুহুল হক এমপি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ এমপি, হাবিবে মিল্লাত এমপি, ফখরুল ইমাম এমপি, আরমা দত্ত এমপি, সৈয়দা রুবিনা আক্তার এমপি, উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি মূল্যবান মতামত প্রদান করেন। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রতি মাসের নির্ধারিত দিনে বিশেষজ্ঞ ডাক্তার অথবা স্বাস্থ্যকর্মীর মাধ্যমে প্রয়োজনীয় সকল পরামর্শ প্রদানের ব্যবস্থা নিতে হবে। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রকল্পটিকে যথাযথ কার্যক্রম গ্রহণের মাধ্যমে টেকসই করতে হবে- যাতে তৃণমূলের জনগণ স্থায়ীভাবে উপকৃত হওয়ার সুযোগ পায়। এসময় তিনি সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে প্রকল্পের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করার আহবান জানান। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে. এম. আব্দুস সালাম, যুগ্মসচিব ও এসপিসিপিডি প্রকল্পের প্রকল্প পরিচালক এম, এ, কামাল বিল্লাহ, উপ-প্রকল্প পরিচালক এ কে এম আব্দুর রহিম ভূইয়া, ইউএনএফপিএ এবং বিএপিপিডি’র প্রতিনিধিবৃন্দসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Read More »