জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
শিক্ষা ও স্বাস্থ্যখাতকে সরকারের অন্যতম অগ্রাধিকারপ্রাপ্ত খাত উল্লেখ করে প্রধানমন্ত্রীর (রাজনৈতিক) উপদেষ্টা রাশেদ খান রাশেদ খাঁন বলেছেন, সরকারি স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস আগের তুলনায় বেড়েছে। এর প্রভাব পড়েছে সরকারি হাসপাতালগুলোতে। ফলে এসব হাসপাতালে রোগীর উপস্থিতি ও চিকিৎসাসেবা গ্রহণের চাপও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।রাশেদ খাঁন বলেন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে বর্তমান সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। এসব খাতে বরাদ্দ বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং চিকিৎসাসেবার পরিধি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে সরকারি স্বাস্থ্যসেবার প্রতি আস্থা তৈরি হয়েছে।
মানুষ এখন সরকারি হাসপাতালেই তুলনামূলক কম খরচে চিকিৎসাসেবা নিতে আগ্রহী হচ্ছেন।তিনি বলেন, অতীতে শিক্ষা ও স্বাস্থ্যখাতে প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয়নি। এর কারণে দেশের অনেক মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়েছেন। বর্তমানে সেই পরিস্থিতি পরিবর্তনে সরকার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে।রাশেদ খাঁন আরও বলেন, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসার ব্যয় অনেক মানুষের সাধ্যের বাইরে।
তাই সাধারণ মানুষের চিকিৎসার প্রধান ভরসাস্থল সরকারি হাসপাতালগুলোকে আরও আধুনিক, সক্ষম ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে হবে। সরকারি হাসপাতালগুলোতে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে দেশের মানুষ কম খরচে মানসম্মত চিকিৎসা পাওয়ার সুযোগ পাবেন।তিনি বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে আরও উন্নত পর্যায়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। হাসপাতালের চিকিৎসাসেবা, অবকাঠামো ও ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আধুনিক চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
আগামী দিনে রংপুর বিভাগের মানুষ যাতে নিজ অঞ্চলেই প্রয়োজনীয় ও উন্নত চিকিৎসাসেবা পান, সে লক্ষ্যেও কাজ করা হবে।পরিদর্শনকালে রাশেদ খাঁন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। তিনি চিকিৎসা কার্যক্রম, রোগীদের সেবার মান, হাসপাতালের সার্বিক পরিবেশ এবং বিভিন্ন সমস্যা সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে খোঁজখবর নেন।
পাশাপাশি চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।এ সময় রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, বিএনপি নেতা লিটন পারভেজ, বাদল হোসেন, রাজীব চৌধুরী, রাকিব, জুনায়েদ চৌধুরীসহ স্থানীয় নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।রাশেদ খাঁন বলেন,
সরকারি হাসপাতালগুলোতে রোগীদের হয়রানি বন্ধ, চিকিৎসাসেবার পরিবেশ উন্নত করা এবং হাসপাতালের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে মানুষের আস্থা আরও দৃঢ় করতে হবে। এজন্য হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।














