
রংপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মে দিবস পালিত
জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ‘শ্রমিক মালিক ঐক্য গড়ি-স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও রংপুরে যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনে মহান মে দিবস পালন করা হয়েছে। সোমবার(১ মে) সকাল ১০ টায় জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম অধিদপ্তর রংপুরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের ফেস্টুন ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন হয়। পরে রংপুরের সকল শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রংপুর টাউনহল চত্বরে গিয়ে শেষ হয়। পরে টাউনহলে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুরের বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান। জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সায়ফুজ্জামান ফারুকী, রংপুর রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি এ এফ এম আনজুমান কালাম, রংপুর মহানগর আওয়ামীলীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন, রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুস সালাম সরকার। এদিকে মহান মে দিবস উপলক্ষে র্যালী ও আলোচনার মধ্যদিয়ে দিবসটি পালন করেছে রংপুর জেলা জাতীয় শ্রমিকলীগ। সোমবার সকাল ৯ টায় নগরীর বেতপট্রিস্থ দলীয় কার্যালয়ে মে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জাতীয় শ্রমিকলীগ রংপুর জেলা শাখার সভাপতি আব্দুস সালাম সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামীলীগের সদস্য গাওহারুল ইসলাম, তাজুল ইসলাম জেলা জাতীয় শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকমল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে নগরীতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন আয়োজিত র্যালীতে যোগদান করেন তারা। অন্যদিকে দিবসটি উপলক্ষে দিবসটি উপলক্ষে বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি রংপুর মহানগর শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও ইমারত শ্রমিক ইউনিয়ন, মহানগর জাতীয় শ্রমিকলীগ, দোকান কর্মচারী ইউনিয়ন, মহানগর দর্জি শ্রমিক ইউনিয়ন, ঠেলাগাড়ি ভ্যান চালক ইউনিয়নসহ রংপুরের সকল শ্রমিক সংগঠন মে দিবস পালন করেন। উল্লেখ্য,সারা বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা আজকের এই দিনে আট ঘণ্টা কাজের দাবি আদায়ের আন্দোলনে কয়েকজন শ্রমিককে জীবন দিতে হয়। এরপর থেকে দিনটি ‘মে দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।












