সর্বশেষ
সর্বশেষ

Day: May 24, 2023

আগামীকাল গাজীপুর সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ

জিল্লুর রহমান / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৪ মে, ২০২৩ : আগামীকাল গাজীপুর সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলবে। এটি এই সিটির তৃতীয় নির্বাচন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ৯ মে থেকে ২৩ মে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত টানা ১৫ দিন ধরে চলে নির্বাচনী প্রচার-প্রচারণা। নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা দিনরাত প্রচার-প্রচারণা চালিয়েছেন। নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিন পর্যন্ত সার্বিক পরিস্থিতি ছিল স্বাভাবিক। ইতোমধ্যে ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। ইসি সূত্র জানায়, ৩২৯.৯০ বর্গ কিলোমিটার আয়তনের গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ডে ৪৮০টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এজন্য ৪৮০ জন প্রিসাইডিং অফিসার, ৩ হাজার ৪৯৭ জন সহকারি প্রিসাইডিং অফিসার, ৬ হাজার ৯৯৪ জন পোলিং অফিসারসহ মোট ১০ হাজার ৯৭১ জন ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। ৩৩৩টি প্রতিষ্ঠানে ৪৮০টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। নির্বাচনে মোট ৪৮০টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৫১টি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং ১২৯টি অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ অর্থাৎ সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম জানান, অতি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে আইনশৃংখলা বাহিনীর সদস্য ছাড়াও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। নির্বাচনের দিন ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অস্ত্রসহ একজন এসআই অথবা এএসআই ও চারজন কনস্টেবল, অস্ত্রসহ একজন অঙ্গীভূত আনসার পিসি, একজন অস্ত্রসহ আনসার এপিসি, লাঠিসহ চারজন নারী ও ৬ জন পুরুষ আনসার/ভিডিপি সদস্যসহ মোট ১৭ জন মোতায়েন থাকবে। আর সাধারণ কেন্দ্রগুলোতে অস্ত্রসহ একজন এসআই অথবা এএসআই ও তিনজন কনস্টেবল, অস্ত্রসহ একজন অঙ্গীভূত আনসার পিসি, একজন অস্ত্রসহ এপিসি, লাঠিসহ চারজন নারী ও ৬ জন পুরুষ আনসার/ভিডিপি সদস্যসহ মোট ১৬ জন মোতায়েন থাকবে। নির্বাচনী এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার্থে মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালনের জন্য পুলিশ, এপিবিএন, ব্যাটালিয়ন আনসার, বিজিবি ও র‌্যাব দায়িত্ব পালন করবে। এরমধ্যে প্রতিটি সাধারণ কেন্দ্রে একটি করে মোবাইল ফোর্স, প্রতি তিনটি সাধারণ ওয়ার্ডে একটি করে স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। এছাড়া প্রতিটি থানা এলাকায় একটি করে মোট ৮টি রিজার্ভ স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। প্রতি দুইটি সাধারণ ওয়ার্ডে একটি করে র‌্যাবের মোট ৩০টি টিম থাকবে। নগরীর ৫টি সাধারণ ওয়ার্ডে এক প্লাটুন করে মোট ১৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। এদিকে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনী এলাকায় আগামীকাল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। এদিন সব ব্যাংকও বন্ধ থাকবে। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৩ সালের ৬ জুলাই। দ্বিতীয় সিটি নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ২৬ জুন। এবার তৃতীয়বারের মতো এ সিটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ২৫ মে।

Read More »

আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু হবে : প্রধানমন্ত্রী

আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু হবে : প্রধানমন্ত্রী সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : দোহা, (কাতার), ২৪ মে, ২০২৩ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, বাংলাদেশে আগামী সাধারণ নির্বাচন গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার সমুন্নত রেখে অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। এখানে র‌্যাফেলস হোটেলে কাতার ইকোনমিক ফোরামে (কিউইএফ) “প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপকথন” শীর্ষক এক অধিবেশনে তিনি বলেন, “সুতরাং, আমাদের সরকারের অধীনে অবশ্যই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।” কিউইএফ-এর হোস্ট এবং এডিটর ইনচার্জ হাসলিন্দা আমিন অনুষ্ঠানস্থল জনাকীর্ণ হল রুমে এই অধিবেশন পরিচালনা করেন। শেখ হাসিনা বলেন, ‘সুতরাং, আমি এখানে এসেছি আমাদের জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে?’ তিনি বলেন, ‘জনগণই ঠিক করবে কে দেশ চালাবে। এটা জনগণের ক্ষমতা। তাই, আমি জনগণের ক্ষমতা নিশ্চিত করতে চাই।’ তিনি আরো বলেন, ‘আমি এখানে ক্ষমতা দখল করার জন্য আসিনি। বরং, আমি জনগণের ক্ষমতায়ন করতে চাই, যাতে তারা তাদের সরকার বেছে নিতে পারে।’ কিছু দলের নির্বাচনে অংশ গ্রহনে অনিচ্ছুক হওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তারা কীভাবে অংশগ্রহণ করবে? কারণ, তাদের সময় দেশ অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে, আমাদের জনগণ ক্ষতিগ্রস্থ হয়েছে এবং সে সময় (বিএনপির শাসনামলে) সন্ত্রাস, দুর্নীতি, স্বজনপ্রীতি ও শোষণ ছিল সর্বত্র। তারা কখনই মানুষকে গণনায় ধরতো না। আমাদের জনগণের জন্য একদিনে একবেলা খাবার জোটানোই খুব কঠিন ছিল। এটাই ছিল তাদের অবস্থা, তিনি যোগ করেন। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেন, তার দল যখন আবার ক্ষমতায় আসে, তারা জনগণের জন্য সবকিছু নিশ্চিত করেছে। তাই, এখন নির্বাচন, এটা জনগণের অধিকার। এখন, মানুষ বুঝতে পারে। তারা যদি আমাদেও ভোট দেয়, আমি এখানে থাকব, তিনি বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের কথা চিন্তা করুন, মি. ট্রাম্প এখনও ফলাফল মেনে নেননি। তারা এখন কী বলতে পারেন? তিনি বলেন, যারাই (পর্যবেক্ষক) পাঠাতে চায়, তিনি ইতোমধ্যেই সবাইকে বলেছেন, ‘যদি তারা পর্যবেক্ষক পাঠাতে চায় তবে তারা পাঠাতে পারে।’ ‘সুতরাং, আমি আপনাকে বলতে পারি যে আমি এখানে আমার জনগণের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার নিশ্চিত করতে এসেছি এবং এটি আমাদের সংগ্রাম,’ তিনি যোগ করেন। প্রধানমন্ত্রী বিএনপির নাম উল্লেখ না করে হাসলিন্দা আমিনকে তাঁর প্রশ্নের জবাবে বলেন, দলটি একজন সামরিক শাসক দ্বারা গঠিত হয়েছে। তিনি আরো বলেন, ‘ওই দল বা যুদ্ধাপরাধী দল বা আমাদের বাবা-মায়ের খুনিরা হয়তো স্বাচ্ছন্দ্য বোধ করবে না। কিন্তু, অন্যরা, আরও অনেক দল আছে এবং তারা নির্বাচনে অংশ নেবে। সুতরাং, আমি বুঝতে পারছি না কেন বারবার এই প্রশ্ন করা হচ্ছে?’ শেখ হাসিনা বলেন, ১৯৭৫ সালে যখন তাঁর বাবাকে হত্যা করা হয়-তখন সামরিক স্বৈরশাসক সমস্ত ক্ষমতা কেড়ে নিয়েছিল। তখন তারা সমস্ত নির্বাচনী প্রক্রিয়াকে ঝুঁকিপূর্ণ করে ফেলে। তিনি আরো বলেন, ১৯৮১ সালে তার দল-বাংলাদেশ আওয়ামী লীগ তাঁকে তাঁর অনুপস্থিতিতে দলের সভাপতি নির্বাচিত করে এবং এরপর থেকে আমরা গণতন্ত্রের জন্য, জনগণের ভোটাধিকারের জন্য সংগ্রাম শুরু করি-যার অর্থ তাদের প্রাপ্তবয়স্ক ভোটাধিকার প্রয়োগের অধিকার থাকা উচিত।’ আইএমএফ ঋণ সংক্রান্ত অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি সুন্দরভাবেই এগিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, ‘এটা এমন নয় যে-আমাদের অর্থনীতি সংকটে আছে। এই ঋণ কেবল আমাদের অর্থনীতিকে সুরক্ষিত করবে।’ শেখ হাসিনা বলেন, আইএমএফ শুধু সেই দেশকে ঋণ দেয়, যারা তাদের ঋণ পরিশোধ করতে পারে। তিনি আরো বলেন, তারা (আইএমএফ) প্রথমে মনে করেছিল যে তারা যাদের ঋণ দিচ্ছে, তারা তা ফেরত দিতে পারবে কি না। বাংলাদেশ এমন একটি অবস্থানে রয়েছে যে ঋণ পরিশোধ করতে পারবে। জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, মূল্যবৃদ্ধির প্রভাব শুধু বাংলাদেশ নয়, সব দেশেই পড়ছে। আমরা আমাদের অগ্রগতি অব্যাহত রাখতে নবায়নযোগ্য শক্তি, সৌর বিদ্যুৎ ও অন্যান্য বিকল্প খুঁজছি।’ হাসলিন্দা আমিন বলেন, ভারতের মতো দেশ রাশিয়ার কাছে অনেক কম দামে তেল চাইছে। তিনি প্রশ্ন করেন, রাশিয়া তাদের জন্য সম্ভাব্য সরবরাহকারী কিনা? জবাবে শেখ হাসিনা বলেন, ‘রাশিয়া থেকে আমরা কখনোই তেল কিনিনি। যেখানেই তেল পাওয়া যাবে, নিশ্চিতভাবেই আমরা তা নেব, কেন নয়?’ এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের পররাষ্ট্রনীতি খুবই পরিষ্কার। আমি শুধু দর্শকদের বলতে চাই যে, বাংলাদেশ অনুসরণ করে-সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরীতা নয়।’ তিনি বলেন, ‘আরেকটি বিষয় আমার উল্লেখ করা উচিত যে-দেশে দেশে বিরোধ থাকতে পারে, কিন্তু আমরা কখনই এতে হস্তক্ষেপ করিনি। আমরা কখনই পক্ষপাতমূলক ভূমিকা পালন করব না।’ তিনি আরো বলেন, ‘আমাদের দেশের উন্নয়ন করতে হবে। আমাদের জনগণের চাহিদা পূরণ করতে হবে। আমাদের দেশের উন্নয়ন করতে হবে- যাতে আমাদের দেশের মানুষ উন্নত জীবন পায়।’

Read More »

বাংলাদেশকে ডিজিটাল ডিভাইস উৎপাদনের হাব-এ রূপান্তরের কাজ হচ্ছে : টেলিযোগাযোগ মন্ত্রী

জিল্লুর রহমান / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৪ মে ২০২৩ খৃ. প্রথমবারের মতো ঢাকা শেরাটনের গ্রান্ড বলরুমে অনুষ্ঠিত হলো মডার্ন মার্কেটিং কনক্লেভ-২০২৩। কটলার ইম্প্যাক্ট ও নর্দান এডুকেশন গ্রুপের যৌথ আয়োজনে বাংলাদেশে আয়োজিত হয়েছে বহুল প্রত্যাশিত এই মডার্ন মার্কেটিং কনক্লেভ। নর্দান এডুকেশন গ্রুপের প্রেসিডেন্ট ও ওয়ার্ল্ড মার্কেটিং সামিট গ্রুপের গ্লোবাল এডভাইজার প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব টিপু মুন্সী, এমপি। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব এমএ মান্নান, এমপি। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, কটলার ইম্প্যাক্ট এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ড. ফাহিম কিবরিয়া এবং নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী বলেন, বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে আধুনিক বিপণনের সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য বর্তমান সরকার বড় অগ্রগতি অব্যাহত রেখেছে। আধুনিক বিপণনের নীতির প্রতি বিপণন কর্মকর্তাদের নিষ্ঠা ,সৃজনশীলতা এবং অঙ্গীকার দেশের শিল্পের নতুন মাপকাঠি স্থাপন করেছে। প্রখ্যাত শিক্ষাবিদ এবং আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ। এসময় প্রফেসর ফিলিপ কটলার অনলাইনে যুক্ত থেকে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, প্রতিটি জায়গায় মার্কেটিং বিভাগ ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। মার্কেটিং কে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আরো ভালোভাবে সাজাতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি খাত হলো এ মার্কেটিং। আধুনিক বিপণনের গুরুত্ব অবদানের দিকে নজর দিয়ে একে আলিঙ্গন করে জাতিকে একটি সমৃদ্ধ ভবিষ্যতে দেখে চালিত করতে হবে। অনুষ্ঠানের শেষ অংশে ‘কটলার এওয়ার্ড’ এর আয়োজন করা হয়; যা প্রফেসর ফিলিপ কটলার এর নামে বিশ্বের বিজনেস লিডারদেরকে সম্মানিত এবং তাদের অবদানকে আরো স্মরণীয় করতে প্রদান করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র ইন্টারন্যাশনাল বিজনেস ও মার্কেটিং এর অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহকে কটলার ইম্প্যাক্ট ইন কর্পোরেটেড এর পক্ষ থেকে, “কটলার ডিস্টিঙ্গুইসড প্রফেসর অব মার্কেটিং” উপাধিতে ভূষিত করা হয় এবং ৫ জন বিজনেস লিডারদেরকে সম্মাননা প্রদান করা হয।

Read More »

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের আমন্ত্রণে নৈশভোজে স্পীকারের অংশগ্রহণ

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের আমন্ত্রণে নৈশভোজে স্পীকারের অংশগ্রহণ ২৪ মে ২০২৩ খৃ. বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি জাপান পৌঁছালে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ তাঁকে অভ্যর্থনা জানান। মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-র জাপানে আগমন উপলক্ষ্যে তিনি নৈশভোজের আয়োজন করেন, যেখানে হাউজ অফ রিপ্রেজেনটেটিভস অফ জাপানের স্পিকার হিরোইউকি হসোদা অংশগ্রহণ করেন। জাপান-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছরের সাফল্য সম্বন্ধে স্পীকারকে অবহিত করেন রাষ্ট্রদূত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক জাপান সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে স্পীকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাপান-বাংলাদেশ ঐতিহাসিক সম্পর্কের ভীত স্থাপন করেন। তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে সেই সম্পর্ক আরো দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়েছে। হাউজ অফ রিপ্রেজেনটেটিভসের স্পীকার বলেন, জাপান বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের মাধ্যমে জাপান-বাংলাদেশ সম্পর্ক আরো জোরদার করা যেতে পারে। বদরুদ্দোজা মো: ফরহাদ হোসেন এমপি-র সংগৃহীত জাপানী লেখক তাদামাসা ফুকিউরা কর্তৃক বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ওপর লিখিত বইয়ের বাংলায় অনুদিত গ্রন্থ ‘রক্ত ও কাঁদা ১৯৭১’ স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী লেখকের হাতে তুলে দেন। উক্ত নৈশভোজে আ ফ ম রুহুল হক এমপি, আবুল কালাম মো: আহসানুল হক চৌধুরী এমপি, বদরুদ্দোজা মো: ফরহাদ হোসেন এমপি, খাদিজাতুল আনোয়ার এমপি ও কানিজ ফাতেমা আহমেদ এমপি অংশগ্রহণ করেন। এছাড়াও, অতিরিক্ত সচিব মো: নূরুজ্জামান, স্পীকারের একান্ত সচিব অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ, যুগ্মসচিব মো: তারিক মাহমুদ এবং স্পীকারের সহকারী একান্ত সচিব উপসচিব মো: রাশেদ ইকবাল চৌধুরী উক্ত নৈশভোজে অংশগ্রহণ করেন।

Read More »

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত ঢাকা, ২৪ মে, ২০২৩ খ্রি: একাদশ জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৯তম বৈঠক কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটি সদস্য মুহিবুর রহমান মানিক, মো: আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া নূর, রাহগি্র আলমাহি এরশাদ ও আমিরুল আলম মিলন অংশগ্রহণ করেন। “ঔষধ ও কসমেটিকস বিল,২০২৩ ” নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয় । বিলটি সংশোধন, পরিশোধন ও পরিমার্জনের জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি সাব কমিটি গঠন করা হয়।উক্ত সাব কমিটির আহবায়ক আ.ফ.ম রুহুল হক এবং সদস্য মোঃ আব্দুল আজিজ ও সৈয়দা জাকিয়া নূর। বৈঠকে সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়সহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

সারাদেশে স্কুলের শিক্ষার্থীদের মাঝে ডিম ও দুধ বিতরণের প্রস্তাব ডেপুটি স্পীকারের

সারাদেশে স্কুলের শিক্ষার্থীদের মাঝে ডিম ও দুধ বিতরণের প্রস্তাব ডেপুটি স্পীকারের বেড়া, পাবনা, ২৪ মে ২০২৩ বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু বলেন, জাতির পিতার কন‌্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগনের পুষ্টি চাহিদা পূরণে প্রানিসম্পদ উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। দেশীয় প্রাণিজ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে একদিকে খাদ্য ও পুষ্টির চাহিদা যেমন পূরণ হবে একইসাথে জনগনের বেকারত্ব দূর ও অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে। পুষ্টির চাহিদা পূরণে পাইলট প্রকল্প হিসেবে সরকারের পক্ষ থেকে ইতোমধ‌্যে সারাদেশে তিনশত প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে দুধ ও ডিম বিতরণ করার উদ‌্যোগ নেয়া হয়েছে। প্রকল্পটি সফল হলে সারাদেশে স্কুলের শিক্ষার্থীদের মাঝে দুধ ও ডিম বিতরণ করা যেতে পারে। আজ (বুধবার) বেড়া উপজেলা পরিষদ মিলনায়তনে বেড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় খামারীদের মাঝে “ছাগল ও ভেড়া বিতরণ-২০২৩” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ডেপুটি স্পীকার বলেন, আর্থ সামাজিক উন্নয়নে গ্রামীন অর্থনীতি সফল করার জন‌্য সুবিধাভোগীদের মাঝে ছাগল ও ভেড়া বিতরণ করা হচ্ছে। আপনারা এগুলো বিক্রি না করে প্রতিপালন করবেন। এগুলো থেকে দুধ আসবে এবং এগুলোর বংশ বিস্তার হবে। এভাবে ধীরে ধীরে ছাগল ও ভেড়ার খামারে পরিণত হবে এবং একইসাথে আপনারা সাবলম্বী হবেন। মোঃ শামসুল হক টুকু বলেন, সাবলম্বী হওয়ার জন‌্য শুধু চাকরির পিছনে ছুটলে হবে না। খামার দিয়ে, পশুপালন করে অন্যকে চাকরি দেয়ার মত উদ্যোক্তা তৈরি করতে হবে। যার যে বিষয়ে দক্ষতা আছে সরকার সে বিষয়ে উদ্যোক্তা তৈরি করতে প্রাণিসম্পদ মন্ত্রণালয় সহায়তা দিচ্ছে, প্রশিক্ষণ দিচ্ছে, পরামর্শ দিচ্ছে। আমাদের উচিৎ শুধু শ্রম দেয়া ও অর্থনৈতিকভাবে সাবলম্বী হওয়ার মানসিকতা তৈরি করা। সব ধরণের কাজের প্রতি সকলকে শ্রদ্ধাশীল হতে হবে। বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সবুর আলীর সভাপতিত্বে এবং উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: আসাদুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বেড়া উপজেলা চেয়ারম্যান মোঃ রেজাউল হক, প্রাণিসম্পদ অফিসার ডাঃ মো. মিজানুর রহমান, বেড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাঈদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মেসবাহ উল হক ও শায়লা শারমিন ইতিসহ স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারী ও গনমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন।

Read More »

বিয়ের দাওয়াতে গিয়ে প্রতিমন্ত্রী জানলেন, তারিখ পাল্টে গেছে

বিয়ের দাওয়াতে গিয়ে প্রতিমন্ত্রী জানলেন, তারিখ পাল্টে গেছে স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : দেশের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের যেকোনো কাজের শিডিউল পূর্ব নির্ধারিত থাকে। সে ধারাবাহিকতায় গতকাল শনিবার পূর্ব নির্ধারিত প্রোগ্রাম শেষ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এরপর স্ত্রীকে নিয়ে হাজির হন সেনাকুঞ্জে এক বিয়ের দাওয়াতে।কিন্তু সেখানে গিয়ে দেখেন বিয়ের কোনো লক্ষণই নাই। পরে ভেন্যু ভুল হয়েছে ভেবে সেনা মালঞ্চে যান প্রতিমন্ত্রী। সেখানেও একই অবস্থা! শেষে পাত্রের কাছে ফোন দিয়ে জানলেন, বিয়ের তারিখ পরিবর্তন করা হয়েছে। আসলে মন্ত্রীর গুগল ক্যালেন্ডারে তারিখটা আপডেট করা হয়েছিল না। তাই এমন ভুল হয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী আরিফা জেসমিন কনিকা। গতকাল শনিবার রাতে নিজের ফেসবুক পেজে এসব তথ্য জানিয়েছেন প্রতিমন্ত্রীর স্ত্রী। সেই সঙ্গে নিজেদের অতীতের কিছু মধুর স্মৃতিও শেয়ার করেছেন তিনি। ফেসবুক পোস্টে আরিফা জেসমিন কনিকা লিখেছেন, ‘আজ সেনাকুঞ্জে একটা বিয়ের দাওয়াতে গিয়েছিলাম। মন্ত্রীর পূর্ব নির্ধারিত প্রোগ্রাম শেষ করে সেখানে পৌঁছতে রাত প্রায় ১০টা বেজে গিয়েছিল। গিয়ে দেখি সেনাকুঞ্জ অন্ধকার। বিয়ের কোনো লক্ষণই নাই। ভেন্যু ভুল হয়েছে ভেবে সেনা মালঞ্চে গেলাম। সেখানেও একই অবস্থা! শেষে পাত্রের কাছে ফোন দিয়ে জানা গেল বিয়ের তারিখ পরিবর্তন করা হয়েছে। মন্ত্রীর গুগল ক্যালেন্ডারে তারিখটা আপডেট করা হয়েছিল না। এদিকে আমরা দাওয়াতে যাব বলে বাসায় আমাদের জন্য খাবার রাখতে নিষেধ করে দিয়েছি। অগত্যা ধানমন্ডি এলাকায় রেস্টুরেন্টের খোঁজে বের হলাম। রাত প্রায় ১১টা বেজে যাওয়ায় বেশির ভাগ রেস্টুরেন্টই বন্ধ হয়ে গিয়েছিল। শেষে আমরা ২৭নং রোডে ‌বার বি কিউ টু নাইটে গেলাম। ছোট রেস্টুরেন্ট কিন্তু খাবার খুবই মজাদার ছিল। খাওয়ার সময় মনে পড়ে গেল- ‘অনেক বছর আগে পলক তখন এলএলবি পরীক্ষার জন্য ঢাকায় একটা ছোট বাসা নিয়ে থাকত। আমি শিক্ষকতা পেশায় ছিলাম। পাশাপাশি লেখাপড়া, সংসার চালিয়ে যাচ্ছিলাম। ছুটি পেলে ঢাকায় আসতাম ওর কাছে। একবার সে আমাকে বলল, তোমাকে একটা মজার খাবার খাওয়াব। আমার ভীষণ প্রিয়। আমি সুযোগ পেলেই গিয়ে খেয়ে আসি। আমাকে নিয়ে সে একটা রেস্টুরেন্টে গেল। ছোট রেস্টুরেন্ট হলেও দেখি সেখানে প্রচুর ভিড়। কেউ বসে খাচ্ছে, কেউ খাবার প্যাকেট করে নিয়ে যাচ্ছে। সেদিন আমরাও অনেক মজা করে খিচুড়ি খেয়েছিলাম।’ সেই দিনের কথা মনে করিয়ে দিতেই সে বলল যে তারও মনে আছে। সেদিন আমরা মজাদার খিচুড়ি খেয়েছিলাম মতিঝিলে মধুমতি সিনেমা হলের পাশে ঘরোয়া হোটেল এন্ড রেস্টুরেন্টে।’

Read More »

রংপুরে রাতের আধারে বুলডোজার দিয়ে বিল্ডিং ভেঙ্গে জমি দখলের চেষ্টার অভিযোগ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে রাতের আধাঁরে বুলডোজার দিয়ে নগরীর উত্তর হাজির হাট এলাকায় একটি গোডাউন ঘর ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে। গত সোমবার দিবাগত মধ্যরাতে এ ঘটনাটি ঘটে। ঘটনার পর সেখানে আব্দুর রহমান নিজ নামের সাইন বোর্ড ঝুলিয়ে দেন। এ ঘটনায় আদালত থেকে রায় পাওয়া জমির প্রকৃত মালিক ফারুক আজম সোবহান গতকাল মঙ্গলবার দুপুরে হাজিরহাট থানায় আব্দুর রহমানকে প্রধান আসামী করে চারজনের নামে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাতনামা ৭-৮জনকে আসামী করা হয়েছে। মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ৯ বছর আগে রংপুর-তারাগঞ্জ পাকা সড়কের পাশে নগরীর হাজিরহাট এলাকায় সাড়ে ৭ শতক জমি ক্রয় করেন ফারুক আজম সোবহান। ওই সময়ে সেখানে গোডাউন ঘর নির্মাণ করে ভোগদখল করে আসেন। কিন্তু সেই জমি দখল শর্ত দাবি করে পাশের পাম্প মালিক আব্দুর রহমান ছয় বছর আগে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী (হাজিরহাট) আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের দায়িত্ব দেন রংপুর মেট্রোপলিটন হাজিরহাট থানা পুলিশকে। পুলিশ তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দেন। গত রোববার চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুর রহমানের মামলাটি খারিজ করে দেন। ফারুক আজম সোবহান বলেন, ‘আমি জমিটি এলাকার আমিনুল মেম্বার (সাবেক)সহ তিন ভাইয়ের কাছ থেকে কিনে নিয়ে ওই সময়ে সেখানে গোডাউন ঘর নির্মাণ করি। পরে সেই জমি নিজের দাবি করে আদালতে নারাজি করেন আব্দুর রহমান। গত রোববার আদালত তার নারাজি খারিজ করে দেন। কিন্তু খারিজের পরদিন আব্দুর রহমান রাতের আধারে সাঙ্গপাঙ্গ নিয়ে আমার গোডাউন ঘর বুলডোজার দিয়ে ভেঙ্গে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে। পরে তার নামে সেখানে সাইনবোর্ড ঝুলানো হয়। আমি এ ঘটনায় হাজিরহাট থানায় মামলা করেছি। এ বিষয়ে আমিনুল মেম্বার বলেন, আমরা তিন ভাই ৯ বছর আগে জমিটি ফারুকের কাছে বিক্রি করেছি। তিনি সেখানে গোডাউন ঘরে তুলেছেন। গত সোমবার দিবাগত রাতে শব্দ শুনে রাস্তায় বের হয়ে দেখি প্রায় ২৫-৩০ জন লোক গোডাউন ভেঙ্গে মালামাল লুট করে নিয়ে যায়। অনেকের হাতে ছিল ধারালো অস্ত্র। সুত্র মতে, আদালতের মামলায় হেরে যাওয়া এবং জমিটি দখলে না থাকায় একটি কৌশল অবলম্বন করে নাটক সাজায়। তারা গত সোমবার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে বরাবর ফৌজদারি কার্যবিধি ১৪৪/১৪৫ ধারায় একটি আবেদন করেন। যার স্মারক নং ৮৩৪/১(২)। বিজ্ঞ আদালত নালিশী ভুমিতে কোন পক্ষ যতদিন যাবৎ কি মুলে দখলদার আছেন, কোনরূপ সরকারি স্বার্থ আছে কিনা এবং নামজারী ও খাজনা পরিশোধ সংক্রান্ত তথ্যসহ যাবতীয় তথ্য চেয়ে এসিল্যান্ডকে নির্দেশ দেন। এবং ওই আদেশে ভুমির বর্তমান দখলদারের দখল অক্ষুন্ন রেখে মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত উক্ত ভুমি নিয়ে যাতে কোন শান্তি ভঙ্গ না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের হাজীরহাট থানা রংপুরকে নির্দেশ প্রদান করেন। এই নির্দেশটি হাতে নিয়ে আব্দুর রহমান হাজিরহাট থানার একজন এসআই ও ডিআইজি অফিসের একজন এডিশনাল এসপির সহযোগিতায় সোমবার দিবাগত রাত ২টার পর আশপাশের সকল আলো বন্ধ করে বুলডোজার মেশিন ব্যবহার করে বাউন্ডারি ওয়াল, টিনসেট ঘর এবং গোডাউন ঘরের বড় তালা ভাংচুর করেন। পরে ওই গোডাউন ঘরে নিজের তালা মেরে এবং একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেন। এদিকে গভীর এ সংবাদ ছড়িয়ে পড়লে জমির মুল মালিকসহ বর্তমান সকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গোডাউন ঘরসহ যাবতীয় জিনিসপত্র তাদের দখলে নেয়। এদে তাদের প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট হয়। এদিকে, সকাল ১০টার দিকে আব্দুর রহমানের প্রতিনিধি আদালতের ওই আদেশ নিজ হাতে করে থানায় নিয়ে যায়। এতে করে তাদের কৌশল ধরা পড়ে যায়। তাদের কৌশলটি ছিল যে, ওই জমিটি রাতে আধারে দখলে নিয়ে পরের দিন মঙ্গলবার সহকারী ভুমি কমিশনারসহ হাজিরহাট থানা কর্তৃপক্ষকে ডেকে নিয়ে এসে তাদের দখলে রয়েছে বলে জানান দেয়া। কিন্তু তাদের অপকৌশল নষ্ঠ হয়েছে যায়। যোগাযোগের চেষ্টা করে আব্দুর রহমানকে পাওয়া যায়নি। তাঁর পাম্পের ম্যানেজার সুমন মিয়া বলেন, ‘মালিক বাইরে আছে।’ গোডাউন ঘর ভাঙার বিষয়ে জানতে চাইলে সুমন বলেন, ‘জমিটি আমার মালিকের। আগে জমিটি তার দখলে ছিল। মালিক মামলায় হেরে গেছেন। রংপুর মেট্রোপলিটন হাজিরহাট থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম সর্দার বলেন, সরেজমিনে তদন্ত করে বাদীর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় অভিযোগ পেয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Read More »

রংপুরে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় নগরীর লালকুঠি এলাকায় বিভিন্ন ড্রেনে, ঝোপে-ঝারে ও ক্যানেলে ফাগার মেশিন দিয়ে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা বলেন, নগরবাসীদের মশার উপদ্রব থেকে রক্ষাপেতে ও নগর পরিস্কার পরিচ্ছন্ন রাখার লক্ষে রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে ১৬ নং, ২৬ নং ও ২০ নং ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে নগরীর প্রতিটি ওয়ার্ডে এই মশক নিধন কার্যক্রম চালু থাকবে। এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মাহমুদুল হাসান মৃধা, রংপুর সিটি কর্পোরেশনের সহকারি পরিচ্ছন্ন কর্মকর্তা মিজানুর রহমান মিজু, হাসান রাহী, মাসুদ মিয়া, রসিক মেয়রের একান্ত প্রতিনিধি হরকাতুল জিহাদ সহ অন্যান্য কর্মচারীগন।

Read More »

মহানবীকে কটুক্তি করার অপরাধে টিটু রায়কে ১০ বছরের কারাদন্ড

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর নামে কটুক্তিমূলক স্ট্যাটাস দেয়ায় ঘটনায় আসামি টিটু রায়কে ১০ দশ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ওই আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (২৩ মে) দুপুরে রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক ড. আবদুল মজিদ এই রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত টিটু রায় আদালতে উপস্থিত ছিলেন। আসামি টিটু রায়ের বিরুদ্ধে ফেসবুকে ধর্ম অবমাননার স্ট্যাটাস দিয়ে সাম্প্রদায়িক উস্কানি ছড়ানোর অভিযোগ রয়েছে। তার স্ট্যাটাসকে কেন্দ্র করে রংপুরের শলেয়াশাহ ঠাঁকুরপাড়া এলাকায় হিন্দু বাড়িতে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। মামলা সূত্রে জানা যায়, নারায়নগঞ্জের ফতুল্লায় অবস্থান করে রংপুর জেলার গঙ্গচড়া থানাধীন হরকলি ঠাঁকুরপাড়ার মৃত খগেন্দ্রনাথ রায়ের ছেলে টিটু রায় ২০১৭ সালের ২৮ অক্টোবর এমডি টিটু নামে ফেসবুকে ফেক আইডি খুলে মহানবী হযরত মোহাম্মদকে (সা.) নিয়ে কটুক্তিমূলক স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এরপর ওই বছরের ১০ নভেম্বর শুক্রবার জুমার নামাজের পর টিটু রায়ের শাস্তির দাবিতে শলেয়াশাহ বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে স্থানীয় জনতা। পরে কয়েক হাজার মানুষ টিটু রায়ের বাড়িসহ ঠাঁকুরপাড়ার হিন্দুপল্লীর বাড়ি ঘরে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় রংপুর সদর ও গঙ্গাচড়া থানায় দুটি মামলা হয়।এদিকে রায়ে সন্তোষ প্রকাশ করে সরকারী কৌশলী এডভোকেট রুহুল আমিন তালুকদার জানান, কোনভাবেই ধর্ম অবমাননা সমীচিন নয়। এটা আইন পরিপন্থী। যা ধর্মীয় অনুভুতিতে আঘাত করে। ধর্মীয় অবমাননাকর ছবি তৈরি করে প্রচার করায় আসামী টিুট রায় কে ৫৭(২) ধারায় ১০ বছরের কারাদন্ড প্রদান করেছেন বিজ্ঞ বিচারক। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট প্রশান্ত কুমার রায় এই রায় প্রসঙ্গে আপত্তি জানিয়ে বলেন, সাইবার ট্রাইবুনালে ফরেনসিক রিপোর্টের ভিত্তিতে রায় প্রদান করা হয়ে থাকে। সেই মোতাবেক ফরেনসিক রিপোর্ট থেকে টিটু রায়ের মোবাইল ডিভাইস থেকে ওই ধরণের বিতর্কিত পোস্ট দেয়ার প্রমাণ মেলেনি। আমরা মনে নিরক্ষর একটি ছেলের পক্ষে ফেক আইডি খুলে এই রকম পোষ্ট প্রচার করা সম্ভব নয়। বিচারক রায় দিয়েছে। আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো। প্রসঙ্গত, মহানবীকে (সা.) নিয়ে ফেসবুকে কটূক্তি ও অবমাননাকর ছবি পোস্ট করার অভিযোগে ২০১৭ সালের ৬ নভেম্বর ঠাকুরপাড়ার মৃত খগেন রায়ের ছেলে টিটু রায়ের বিরুদ্ধে রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের শলেয়াশাহ গ্রামের মুদি দোকানি রাজু মিয়া গঙ্গাচড়া থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা করেন। এরপর ৬ নভেম্বর স্থানীয় জনতা প্রশাসনকে একটি স্মারকলিপি প্রদানের মাধ্যমে টিটু রায়কে গ্রেপ্তারের দাবি জানান। পরে ১০ নভেম্বর শুক্রবার জুমার নামাজের পর টিটু রায়ের ফাঁসির দাবিতে শলেয়াশাহ বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে স্থানীয়রা। পরে কয়েক হাজার মানুষ ঠাকুরপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে। এ নিয়ে স্থানীয় মুসল্লি ও গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষে এক যুবক নিহত হয়। এ ঘটনায় আহত হন পুলিশসহ ১৫ জন।এ ঘটনায় সদর ও গঙ্গাচড়া থানায় দুটি মামলা হয়। গঙ্গাচড়া থানার মামলায় ২২৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেন তৎকালীন তদন্তকর্মকর্তা এসআই মকবুল হোসেন।

Read More »