সর্বশেষ
সর্বশেষ

Day: September 4, 2023

‘আনসার ব্যাটালিয়ন আইন, ২০২৩’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভার

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০২৩ : আনসার ব্যাটালিয়নে বিদ্রোহ সংঘটন ও প্ররোচনাসহ অন্যান্য অপরাধের দায়ে সব্বোর্চ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান রেখে ‘আনসার ব্যাটালিয়ন আইন, ২০২৩’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে আইনের খসড়াটি অনুমোদন দেওয়া হয়। এর আগে গত বছরের মার্চে খসড়াটি নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। মাহবুব হোসেন বলেন, প্রস্তাবিত আইন অনুযায়ী, আনসার ব্যাটালিয়নদের অভ্যন্তরীণ অপরাধের বিচার হবে দু’টি আদালতে। এর মধ্যে একটি হবে ‘সংক্ষিপ্ত আনসার ব্যাটালিয়ন আদালত’। এর প্রধান হবেন একজন অতিরিক্ত মহাপরিচালক। আরেকটি হবে ‘বিশেষ আনসার ব্যাটালিয়ন আদালত’। এর প্রধান হবে আনসারের মহাপরিচারক। এর মধ্যে বিদ্রোহ সংঘটন, তাতে প্ররোচনা, বিদ্রোহের কারণ সৃষ্টি, যড়যন্ত্রে লিপ্ত ও যোগদান করা ইত্যাদি গুরুতর অপরাধের বিচার হবে এই বিশেষ আনসার আদালতে। এই ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদন্ড। তিনি বলেন, এছাড়াও যাবজ্জীবন কারাদন্ড থেকে শুরু করে অন্যূন পাঁচ বছরের কারাদন্ডের অপরাধগুলোর বিচার হবে এই বিশেষ আদালতে। এসব আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রাখা হয়েছে। রাষ্ট্রপতির কাছে আবেদন করারও সুযোগ আছে। মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, প্রস্তাবিত এই আইনে বিদ্রোহের একটি সংজ্ঞাও দেওয়া হয়েছে। মাহবুব হোসেন বলেন, মন্ত্রিসভার বৈঠকে ‘সরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ (ব্যবহারিক প্রশিক্ষণ) নীতিমালা, ২০২৩’র অনুমোদন দেওয়া হয়েছে। তিনি বলেন, উচ্চশিক্ষায় পড়ুয়া শিক্ষার্থীরা সরকারি প্রতিষ্ঠানেও ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন। বর্তমানে বেসরকারি প্রতিষ্ঠানে এই সুযোগ থাকলেও সেটি নীতিমালা অনুযায়ী হচ্ছে না, যার যার সিদ্ধান্ত অনুযায়ী হচ্ছে। এখন বেসরকারি খাতকেও একই নীতিমালার আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে। তিনি আরো বলেন, বৈঠকে ‘সরকারি প্রতিষ্ঠানে ইন্টারর্নশিপ (ব্যবহারিক প্রশিক্ষণ), নীতিমালা, ২০২৩-এর খসড়া উপস্থাপন করা হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি প্রতিষ্ঠানের বিষয়টি এই নীতিমালায় অন্তভুর্ক্ত করার নির্দেশ দেন। তার পরিপ্রেক্ষিতে নীতিমালাটি সংশোধন করা হবে। তিনি বলেন, প্রত্যেক বছর ইন্টার্নশিপ করার সুযোগ দেবে প্রতিষ্ঠানগুলো। কতজনকে দেবেন সেটি তারা ঠিক করবে। প্রতিষ্ঠানগুলোর চাহিদা অনুযায়ী কোন বিষয়ে পড়ুয়া শিক্ষার্থী নেবে সেটি ঠিক করা হবে। উন্মুক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে এই কাজটি হবে। তিন থেকে ছয় মাস মেয়াদে হবে এই ইন্টার্নশিপ। এ জন্য ভাতাও দেওয়া হবে। কত ভাতা হবে সেটি পরে ঠিক হবে। মাহবুব হোসেন বলেন, দেশে নতুন করে আরও দুটি সরকারি বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে। এর মধ্যে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নারায়নগঞ্জ’ হবে নারায়ণগঞ্জে। আর ‘সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ হবে সাতক্ষীরায়। এই দুটি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য পৃথক দুটি আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিসভার বৈঠকে শিক্ষা বিষয়ে আরও কয়েকটি সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক (চাকরি শর্তাদি নির্ধারণ) বিধিমালা ২০১৩ সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর মাধ্যমে ২০১৩ সালে জাতীয়করণ (সরকারি) কৃত ২৬ হাজার ১৯৩টি বিদ্যালয়ের শিক্ষককে যোগ্যতা অজর্নের শর্ত পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন সময় অনুযায়ী ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত শর্ত পূরণের সুযোগ পাবেন ওই সব বিদ্যালয়ের শিক্ষকেরা। এ ছাড়া জাতীয় শিক্ষক দিবসের পরিবর্তে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। দিবসটি মন্ত্রিপরিষদ বিভাগের দিবস উদযাপন সংক্রান্ত পরিপত্রের ‘খ’ তালিকাভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি আইন, ২০১৩’-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ভুয়া সনদে বিদেশ যাওয়া চিহ্নিত করে আইনের আওতায় আনতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সহায়তা করবে। মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, অনেকে ভুয়া সনদ নিয়ে বিভিন্ন কাজে প্রবাসে যাচ্ছেন বলে অভিযোগ এসেছে। চিকিৎসক ও প্রকৌশলীর ভুয়া সনদ নিয়েও যাচ্ছেন। কীভাবে তারা এই ভুয়া সনদ নেয়, কীভাবে ভুয়া সনদে যায়, কারা তাদের সহাযোগিতা করে এবং যারা যায় তারা নিজেরাও কীভাবে এই কাজটি করে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে স্বরাষ্ট্রমন্ত্রীক নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সহায়তা করবে। বৈঠকে ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন (সংশোধন) ২০২৩’- এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়াও ‘প্লাস্টিক শিল্প উন্নয়ন নীতিমালা ২০২৩’ এবং ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) আইন, ২০২৩’র খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

Read More »

পদোন্নতি প্রাপ্ত নৌবাহিনী প্রধানকে শুভেচ্ছা জানালেন মাননীয় প্রধানমন্ত্রী

এসএম রবিন / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : এডমিরাল পদে পদোন্নতি পাওয়ায় নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসানকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৩ সেপ্টেম্বর) সকালে গণভবনে নৌবাহিনী প্রধানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। এ সময় শেখ হাসিনার উপস্থিতিতে ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান লেফট্যানেন্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান নৌবাহিনী প্রধানকে এডমিরাল র‍্যাংক পরিয়ে দেন। গত ২৪ জুলাই নাজমুল হাসান বাংলাদেশ নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বাংলাদেশ নৌবাহিনীতে ১৯৮৬ সালের ১ জুলাই কমিশন লাভ করেন। সুদীর্ঘ ও বর্ণাঢ্য চাকরিজীবনে তিনি বিভিন্ন স্টাফ, ইন্সট্রাকশনাল এবং কমান্ড দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি নৌসদরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স), সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল), পরিচালক নৌ অপারেশন্স ও নৌ গোয়েন্দা এবং সশস্ত্র বাহিনী বিভাগে অসামরিক-সামরিক সংযোগ পরিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ নৌবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধজাহাজ বানৌজা ওমর ফারুকসহ চারটি যুদ্ধজাহাজের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ নেভাল একাডেমির কমাড্যান্ট এবং নেভাল এভিয়েশন ও বাংলাদেশ নৌবাহিনীর স্পেশাল ফোর্স (সোয়াডস) কমান্ড করেন। সামরিক জীবনে তিনি কমান্ডার বিএন ফ্লিট এবং কমান্ডার চট্টগ্রাম নৌঅঞ্চল হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি ভাষানচরে বলপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের পুনর্বাসন প্রক্রিয়া সুচারুরূপে চলমান রাখেন। তাছাড়া দুর্গম উপকূলীয় এলাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গৃহহীন দরিদ্র জনগোষ্ঠীর পুনর্বাসনে বিশেষ ভূমিকা রাখেন। চট্টগ্রাম নৌঅঞ্চলের কমান্ডার হিসেবে তিনি কক্সবাজারের ইনানীতে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ (আইএফআর) ২০২২ এর প্রধান আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেন।

Read More »

সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের আবাসিক সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য আধুনিক ভবন নির্মিত হচ্ছে—স্পীকার

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৩ খ্রীঃ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের আবাসিক সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য দীর্ঘদিন ধরে কাজ চলমান রয়েছে। তিনি বলেন, সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের জন্য উন্নত আবাসন সুবিধাসম্পন্ন আধুনিক ভবন নির্মিত হচ্ছে। তিনি আজ আগারগাঁও জাতীয় সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্স এ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের জন্য ১১২টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ কথা বলেন। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে, এম আব্দুস সালামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ডেপুটি স্পীকার মো: শামসুল হক টুকু এমপি উপস্থিত ছিলেন এবং চীফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপি বক্তব্য রাখেন। এছাড়াও গৃহায়ণ ও গণপূর্ত সচিব,জাতীয় সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি বক্তব্য রাখেন। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, আধুনিক ভবনগুলোতে প্রয়োজনীয় বিভিন্ন সুযোগ সুবিধাসহ নিরাপত্তার বিষয়ও গুরুত্ব পায়। এ ভবনগুলোতে উন্নত জলাধারসহ অগ্নি নির্বাপন, পয়ঃনিষ্কাশন, বৃষ্টির পানি সংরক্ষণ ও বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা রয়েছে, যা খুবই গুরুত্বপূর্ণ। স্পীকার বুয়েটের তত্ত্বাবধানে আগারগাঁওয়ে সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্স এ ১১২টি ফ্লাট দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। চীফ হুইপ নূর- ই -আলম চৌধুরী নিরাপত্তার স্বার্থে ও পরিবেশ রক্ষায় আবাসিক কমপ্লেক্সের বসবাসকারীদের সুশৃঙ্খলভাবে বসবাস করার আহবান জানান। এসময় স্পীকার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দের জন্য ১১২টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তরে মোড়ক উন্মোচন করেন এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এরপূর্বে স্পীকার মানিক মিয়া এভিনিউতে সংস্কারকৃত ৬নং সংসদ-সদস্য ভবন (ন্যাম ভবন) উদ্বোধন করেন এবং ভবনটি পরিদর্শন করেন। এসময় জাতীয় সংসদ সচিবালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

সংসদ সদস্যদের জনগণের কল্যাণে জীবন উৎসর্গ করার আহ্বান প্রধানমন্ত্রীর

সংসদ প্রতিবোদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : সংসদ ভবন, ৩ সেপ্টেম্বর, ২০২৩ : প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা সংসদ সদস্যদের (এমপি) এলাকার কল্যাণে তাদের জীবন উৎসর্গ করতে বলেছেন। তিনি বলেন, ‘মানুষের সেবা করা সবচেয়ে বড় গুণ এবং এর চেয়ে বড় কিছু নেই। রাজনৈতিক নেতাদের উচিত নিজেদের জনগণের সেবায় নিয়োজিত করা।’ সংসদে নাটোর-৪ থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য মো. আবদুল কুদ্দুস ও নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিনের মৃত্যুতে শোক প্রস্তাবে আজ এ কথা বলেন সংসদ নেতা। প্রধানমন্ত্রী বলেন, রেবেকা মমিন ও মো. আবদুল কুদ্দুস সবসময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছেন। তিনি বলেন, ‘আমি নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রতি মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা অনুসরণ করে জনগণের দোরগোড়ায় দেশের স্বাধীনতা অর্জনের সুফল পৌঁছে দেওয়ার আহ্বান জানাচ্ছি। এটাই আমাদের একমাত্র লক্ষ্য।’ শোক প্রস্তাব দিয়ে সংসদের অধিবেশন শুরু হওয়া খুবই মর্মান্তিক- উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমি ভেবেছিলাম এবার ব্যতিক্রম হতে পারে। কিন্তু তা হয়নি।’ এ প্রসঙ্গে তিনি বলেন, এই সংসদের ২৮ জন সদস্য মারা গেছেন যাদের মধ্যে ২৬ জনই আওয়ামী লীগের। আবদুল কুদ্দুস সম্পর্কে তিনি বলেন, ‘তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি ছাত্রলীগের রাজনীতি করতেন। খুবই সাহসী ছিলেন। নাটোর ছিল সন্ত্রাসের জায়গা। সেখানে তিনি কয়েকবার নির্বাচিত হয়েছেন। তিনি মানুষের কাছে খুবই জনপ্রিয় ছিলেন।’ প্রধানমন্ত্রী বলেন, রেবেকা মমিনকে তিনি ছাত্রজীবন থেকেই চিনতেন। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ জনগণের কল্যাণের জন্য রাজনীতি করছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে জনগণের কল্যাণে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তিনি আরও বলেন, ‘আমাদের উন্নয়নের ধারা তৃণমূল পর্যায়ে পৌঁছেছে। সংসদ সদস্যরা অত্যন্ত আন্তরিকতার সাথে তাদের দায়িত্ব পালন করায় এটি সম্ভব হয়েছে।’ বাংলাদেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করার জন্য তাঁর সরকারের প্রচেষ্টার সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করতে সক্ষম হয়েছি। বাংলাদেশকে আরও উন্নত করতে হবে।’ বীর মুক্তিযোদ্ধা, সাবেক ধর্মমন্ত্রী ও সাবেক এমপি অধ্যক্ষ মতিউর রহমান, সাবেক এমপি অধ্যাপক পান্না কায়সার, সাবেক এমপি মোহাম্মদ উল্লার মৃত্যুতে সংসদ শোক প্রকাশ করে। সংসদ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) সুলতান মাহমুদ, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান, একুশে পুরস্কার বিজয়ী কবি মোহাম্মদ রফিক, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরুর স্ত্রী কামরুন্নেসা আশরাফ দিনা, কাজী নাবিল আহমেদ এমপির পিতা প্রকাশক ও অধুনালুপ্ত দৈনিক আজকের কাগজের সম্পাদক কাজী শাহেদ আহমেদ, কানিজ ফাতেমা আহমেদ এমপির পিতা কামাল উদ্দিন আহমেদ খান এবং স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত কৃষিবিদ ও কাজী পেয়ারার উদ্ভাবক কাজী এম বদরুদ্দোজার মৃত্যুতে শোক প্রকাশ করে। সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ওয়াশিকা আয়েশা খান, আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাজ্জাদুর রহমান, শফিকুল ইসলাম শিমুল, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, আবদুল আজিজ, মশিউর রহমান রাঙ্গা প্রমুখ শোক প্রস্তাবের ওপর বক্তব্য রাখেন। অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে শোকপ্রস্তাব উত্থাপন করেন, যা সর্বসম্মতিক্রমে পাস হয়। এক মিনিট নীরবতা পালন এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য হাফেজ রুহুল আমিন মাদানী। পরে বর্তমান সংসদের সংসদ সদস্যদের মৃত্যুর কারণে প্রথা অনুযায়ী সংসদের বৈঠক মুলতবি করা হয়।

Read More »

আফগানদের উড়িয়ে সুপার ফোরে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : সুপার ফোরে উঠতে ৫৫ রানে জয় পাওয়া দরকার ছিল বাংলাদেশের। বাংলাদেশ জিতল তার চেয়ে আরও বড় ব্যবধানে। আর এই জয়ে গতবারের আক্ষেপকে বিদায় করে সুপার ফোরে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রোববার (৩ সেপ্টেম্বর) আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়েছে বাংলাদেশ। ব্যাটে-বলে আফগানদের পাত্তা না দিয়ে গ্রুপ টেবিলে এমন অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ, যেখান থেকে আর বাদ পড়া সম্ভব নয় । অর্থাৎ আফগানিস্তান-শ্রীলঙ্কার ম্যাচে যা-ই ফলাফল হোক না কেন, বাংলাদেশের সুপার ফোর আটকাবে না তাতে। আফগানদের বড় ব্যবধানে হারালেও পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠেনি বাংলাদেশ। কারণ সমান এক ম্যাচ জেতা শ্রীলঙ্কার নেট রান রেট সাকিবদের চেয়ে বেশি। তবে সাকিবদের এখন যা অবস্থান, সেখান থেকে বাদ পড়া সম্ভব নয়। ব্যখ্যাটা অবশ্য একটু জটিল। আফগানিস্তানের শেষ ম্যাচে বাংলাদেশকে ছিটকে দিতে হলে তাদের নেট রানরেট হতে হবে +০.৩৭৪। আফগানদের নেট রান রেট এখন -১.৭৮০। তার মানে পরের ম্যাচে তাদের নেট রান রেট নিয়ে যেতে হবে ১.৭৮০+০.৩৭৪= ২.১৫৪। এত বড় ব্যবধানে হারলে আবার শ্রীলঙ্কার নেট রান রেট মাইনাস হয়ে নেমে যাবে +০.৯৫১-২.১৫৪= -১.২০৩। সেক্ষেত্র বাদ পড়বে শ্রীলঙ্কা। টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দুই ওপেনার মিরাজ এবং নাঈম শেখ শুরু থেকেই আফগান বোলারদের ওপর চড়াও হয়েছেন। তাতে প্রথম তিন ওভারেই রান আসে ৩০ রান। ধীরে ধীরে রানের গতি কিছুটা কমলেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রেখেছিল বাংলাদেশ। ৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫০ রান। সাত ম্যাচ পর ওপেনিং জুটিতে ৫০ দেখল বাংলাদেশ। দশম ওভারে বাংলাদেশ শিবিরে প্রথম আঘাত হানেন মুজিব-উর-রহমান। ৩২ বলে ২৮ রান করে সাজঘরের পথ ধরেন নাঈম শেখ। পরের ওভারে আউট হন তাওহীদ হৃদয়। নিজের খেলা দ্বিতীয় বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন হৃদয়। দ্রুত দুই উইকেট হারানোর পর হাল ধরেন শান্ত এবং মিরাজ। রশিদ খান-মোহাম্মদ নবিদের বিপক্ষে দাপুটে ব্যাটিং করে দুজন মিলে গড়েন ১৯৬ রানের জুটি। শেষ পর্যন্ত হাতে ব্যথা নিয়ে মিরাজ মাঠ ছাড়লে ভাঙে সেই জুটি। ১১৯ বলে ১১২ রান করে শেষ পর্যন্ত রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন মিরাজ। বন্ধুর বিদায়ের পর শান্তও ফেরেন দ্রুত। ১০৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে রান আউট হন তিনি। ৯ চার ও ২ ছয়ের ইনিংসে স্ট্রাইক রেটও ছিল দারুণ। শান্ত-মিরাজের বিদায়ের পর হাল ধরেন মুশফিক সাকিব। দুজনেই খেলেন গুরুত্বপূর্ণ দুই ক্যামিও ইনিংস। রান আউট হওয়ার আগে ১৫ বলে ২৫ রান করেন মুশফিক। সাকিবের ব্যাট থেকে আসে ১৮ বলে ৩২ রান। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন টাইগার অধিনায়ক। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছেন শামীম পাটোয়ারী। ৬ বলে ১১ রান করে রান আউট হয়েছেন তিনি। ৩ বলে ৪ রান করে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন আফিফ। ৩৩৫ রান ডিফেন্ড করতে গিয়ে শুরুটা ভালোই করে বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই ভয়ঙ্কর ব্যাটার রহমতউল্লাহ গুরবাজকে ফিরিয়েছেন শরিফুল ইসলাম। তবে এরপর থেকেই দায়িত্বশীল ব্যাটিং করেছেন রহমত শাহ এবং ইব্রাহিম জাদরান। দ্বিতীয় উইকেটে ইব্রাহিম-রহমত মিলে গড়েন ৭৮ রানের জুটি। সাকিব-হাসানদের বাইন্ডারিছাড়া করে যখনই ভয়ঙ্কর হয়ে উঠছিল এই জুটি, তখনই ব্রেকথ্রু এনে দেন তাসকিন আহমেদ। রহমতকে বোল্ড করে সাজঘরের পথ দেখান ডানহাতি এই পেসার। ৩৩ রান করে রহমত ফেরার পর হাশমতউল্লাহ শাহিদীর সঙ্গে ৫২ রানের জুটি গড়েন ইব্রাহিম। ৭৫ রান করা এই ব্যাটার ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে উঠছিলেন বাংলাদেশি বোলারদের জন্য। এরই মধ্যে হাসান বোলিংয়ে এসে ফেরান ইব্রাহিমকে। ৭৪ বলের ইনিংসে ১০ চারের পাশাপাশি একটি ছক্কা মেরেছেন ডানহাতি এই ব্যাটার। পরের উইকেটেও বড় জুটি গড়ে আফগানরা। অধিনায়ক হাশমতউল্লাহ নাজিবুল্লাহ জাদরানকে নিয়ে গড়েন ৬২ রানের জুটি। তাতে ৩৬ ওভার পর্যন্ত ভালোভাবেই ম্যাচে ছিল আফগানরা। কিন্তু এরপরই শুরু হয় বাংলাদেশি বোলারদের দাপট। ২৫ বলের ব্যবধানে আফগানিস্তানের ৪ উইকেট নিয়ে ম্যাচটা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসেন তাসকিন-শরিফুলরা। ৪ উইকেটের মধ্যে দুটিই গেছে শরিফুলের ঝুলিতে। হাশমতউল্লাহ শহীদি এবং গুলবাদিন নায়েবের উইকেট নিয়েছেন তিনি। মোহাম্মদ নবিকে ফিরিয়েছেন তাসকিন। আর মিরাজ নিয়েছেন নাজিবুল্লাহ জাদরানের উইকেট। শেষদিকে রশিদ খান ক্যামিও ইনিংস খেললেও তাসকিনের বলে তিনি আউট হলে শেষ হয় আফগানদের ইনিংস। ডানহাতি এই পেসার সাজঘরে ফিরিয়েছেন মুজিব-উর রহমানকে। তাতে তাসকিনের কৃতিত্ব অবশ্য অল্পই। বল উড়িয়ে সীমানার বাইরে পাঠিয়ে হিট আউট হয়েছেন মুজিব। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন তাসকিন। শরিফুল পেয়েছেন তিন উইকেট। একটি করে উইকেট গেছে হাসান মাহমুদ এবং মিরাজের ঝুলিতে।

Read More »

একাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১৪তম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ০৩ সেপ্টেম্বর ২০২৩ খৃ একাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১৪তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটি সদস্য এবং সংসদ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া, বৈঠকে অংশগ্রহণ করেন কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি, আমির হোসেন আমু এমপি, তোফায়েল আহমেদ এমপি, ওবায়দুল কাদের এমপি, রাশেদ খান মেনন এমপি, হাসানুল হক ইনু এমপি, ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি, আনিসুল হক এমপি, আনিসুল ইসলাম মাহমুদ এমপি ও চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি। বৈঠকে একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দ ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা হয়। শুক্র ও শনিবার ব্যতীত প্রতিদিন বিকেল ৪.৪৫ ঘটিকায় অধিবেশন অনুষ্ঠিত হবে মর্মে বৈঠকে সিদ্ধান্ত হয়। ১৩ সেপ্টেম্বর ২০২৩ একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন সমাপ্ত হবে মর্মে বৈঠকে সিদ্ধান্ত হয়। প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস সম্পর্কিত যে কোন পরিবর্তনের ক্ষমতা মাননীয় স্পীকারকে প্রদান করা হয়। এ অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য ২৫টি ও অন্যান্য মন্ত্রীর জন্য ৭৩৫টি প্রশ্নসহ মোট ৭৬০টি প্রশ্ন পাওয়া গেছে। বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ২১টি এবং প্রস্তাব (সাধারণ) বিধি-১৪৭ এ নোটিশ পাওয়া গেছে ১টি। পূর্বে অনিষ্পন্ন বেসরকারি বিলের সংখ্যা ৮টি। ২৫টি সরকারি বিলের মধ্যে কমিটিতে পরীক্ষাধীন ১১টি, পাসের অপেক্ষায় ৬টি ও অধিবেশনে উত্থাপনের অপেক্ষায় ৮টি। বৈঠক সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। এতে সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »