সর্বশেষ
সর্বশেষ

Day: October 6, 2023

রংপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ”জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রংপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রংপুর বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও উপজেলা (সদর) প্রশাসন এর যৌথ আয়োজনে গতকাল (০৬ অক্টোবর) শুক্রবার সকাল ১০টায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশে^র হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান । বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় স্থানীয় সরকারের পরিচালক মোঃ ফজলুল কবীর, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.ডাব্লিউ.এম রায়হান শাহ, রংপুর জেলার স্থানীয় সরকারের উপ পরিচালক মোছাঃ জিলুফা সুলতানা, রংপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নাইম হাসান খান, রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান, হরিদেবপুর ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, সদ্যপুস্করিনী ইউপি চেয়ারম্যান সোহেল রানা, কাউনিয়া উপজেলার শারাই ইউনিয়নের সচিব মোঃ আশারাফ হোসেন বাবু সহ অন্যান্য অতিথিবৃন্দ। আলোচনা শেষে প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান রংপুর সদর উপজেলার ৫ টি ইউনিয়নের ৫ জন নবজাতক শিশুকে জন্ম নিবন্ধন সার্টিফিকেট প্রদান করেন এবং রংপুর জেলার ৮ উপজেলার নির্বাচিত ১০ জন ইউপি সচিবকে শ্রেষ্ঠ ইউপি সচিবের পুরস্কার প্রদান করেন।

Read More »

বন্যার ক্ষতির আর দুঃখ থাকল না মতিনের!

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: টানা বর্ষণে ভারতের উত্তর সিকিমে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে সৃষ্ট বন্যায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। আকস্মিক এ ভয়াবহ বন্যায় হু হু করে পানি ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গের তিস্তয়। এতে উজানের ঢলে ধেয়ে আসছে বাংলাদেশের উত্তরাঞ্চলে তিস্তা নদী তীরবর্তী এলাকায়।দুদিন ধরে পানির তোড়ে রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধায় তিস্তার পেট এখন টইটম্বুর। কোথাও কোথাও নদীর পানি বিপৎসীমার নিচে নয়তো আবার ওপরে উঠানামা করছে। এরই মধ্যে নদী তীরবর্তী এলাকাগুলোতে পানি ঢুকে পড়ায় সর্বত্রই মাছ ধরার উৎসব শুরু হয়েছে। শিশু থেকে বৃদ্ধ পর্যন্তবরশি-জাল দিয়ে মাছ ধরা শুরু করছে। মাছ ধরার উৎসবে বাদ নেই নারীরাও। বন্যার পানিতে ধরা পড়ল ৭২ কেজির বাগাড়, ৭০ হাজারে বিক্রি কলাপাড়ায় ৫০০ কেজি শাপলা পাতা মাছ জব্দএমন পরিস্থিতিতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নে তিস্তা নদীতে ধরা পড়েছে ৩৭ কেজি ৭০০ গ্রমের বাগাড় (বাঘাআইড়) মাছ। বেলা ১১টার দিকে ইউনিয়নের পূর্ব ইচলি গ্রামের আব্দুল মতিনের (৫০) ঝাঁকি জালে ধরা পড়ে বিশাল এ মাছটি। পরে মাছটি স্থানীয় জেলেপাড়ার মাছ ব্যবসায়ী আবু মিয়া ৪৮ হাজার টাকায় মাছটি ক্রয় করেন। মাছটি দেখার জন্য সেখানে ভিড় করেন উৎসুক জনতা।আব্দুল মতিন বলেন, ঝাঁকি জাল দিয়ে মাছ ধরার সময় হঠাৎ করে বাগাড় মাছটি জালে আটকা পড়ে। মাছটি ওপরে তুলে আনতে অনেক কষ্ট হয়েছে। পরে ৪৮ হাজার টাকায় মাছটি বিক্রি করেছি। এতো বড় মাছ পাওয়ার পর বন্যার ক্ষতির দুঃখ আর থাকল না। এমন মাছ ধরতে পেরে ভীষণ ভালো লাগছে।লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদি বলেন, বন্যার পানিতে এমন বড় বড় মাছ প্রায়ই ধরা পড়ে। বড় মাছের আশায় গ্রামের নারী-পুরুষ সবাই কষ্টের মধ্যেও মাছ ধরতে ব্যস্ত সময় পার করছেন। তবে ভাঙন কবলিত এলাকা থেকে নিরাপদে থাকার জন্য সবাইকে সতর্ক করা হচ্ছে বলেও জানান তিনি।এদিকে একই দিন সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদীতে এক জেলের জালে ৭২ কেজি ওজনের একটি বাগাড়া মাছ ধরা পড়েছে। মাছটি ৭০ হাজার টাকা বিক্রি করা হয়। উপজেলার উত্তর ডাউয়াবাড়ি গ্রামে তিস্তা নদীর চরাঞ্চল থেকে মাছটি ধরেন কৃষক মোহসিন আলী। তিনি ওই গ্রামের ইছাহাক আলীর ছেলে।এভাবেই চরাঞ্চলের বাজারগুলোতে সোভা পাচ্ছে বড় বড় বিভিন্ন প্রজাতির মাছ। অনেকেই জীবনের প্রথম এতো বড় মাছ দেখে অভিভূত। বয়োবৃদ্ধদের দাবি, ভারতের গজলডোবায় বাঁধ নির্মাণ করে তিস্তার পানি এক তরফা ব্যবহার করায় তিস্তার মাছ কমে গেছে। আগে প্রায় সময় এমন বড় বড় মাছ ধরা পড়ত জেলেদের জালে।

Read More »

স্বাস্থ্যসেবা বিভাগের নতুন সচিব জাহাঙ্গীর আলম

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের নতুন সচিব নিয়োগ পেয়েছেন মো. জাহাঙ্গীর আলম। বর্তমানে তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জাহাঙ্গীর আলম ২০১২ সালের জুলাই থেকে ২০১৬ সালের নভেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ হিসেবে দায়িত্ব পালন করেন। যুগ্মসচিব হিসেবে পদোন্নতি প্রাপ্তির পর তিনি জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পেয়ে একই মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। ২০২১ সালের গত ২৫ মার্চ অতিরিক্ত সচিব হিসেবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে যোগদান করেন। অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সুন্দরবন গ্যাসফিল্ডস কোম্পানি ও সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (এসজিসিএল) এর চেয়ারম্যান ও বিভিন্ন কোম্পানির পরিচালক পদে দায়িত্ব পালন করেন। তিনি ২০২২ সালের ১৮ সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত হয়ে ১৯ মে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে যোগদান করেন। অন্যদিকে, অবসরের আগমুহূর্তে গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শফিকুর রেজা বিশ্বাস। পদোন্নতির পর তাকে অবসরের সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (গ্রেড-১) করা হয়েছে। এছাড়া স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদারকে অবসরে যাওয়ার সুবিধার্থে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

Read More »

স্মারক সম্মাননা সুপ্রিম কোর্ট জাদুঘরে হস্তান্তর করলেন প্রধান বিচারপতি

সুপ্রিমকোর্ট প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : বৃহত্তর ময়মনসিংহের একটি জেলা কিশোরগঞ্জ। সেই জেলা সমিতির পক্ষ থেকে ঐতিহ্যবাহী তলোয়ার সংবলিত স্মারক সম্মাননা দেওয়া হয়েছিল প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে। সেই স্মারক সম্মাননা প্রধান বিচারপতি প্রদান করেছেন সুপ্রিম কোর্ট জাদুঘরে। আজ বুধবার (৪ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে প্রধান বিচারপতির পক্ষে এই স্মারক সম্মাননা সুপ্রিম কোর্ট জাদুঘর কমিটির সাচিবিক সহায়তা প্রদানকারী কর্মকর্তা ও বিশেষ কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেনের কাছে হস্তান্তর করেন রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী। নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হস্তান্তর অনুষ্ঠানে রেজিস্ট্রার জেনারেল বলেন, প্রধান বিচারপতি যেসব স্মারক সম্মাননা পেয়ে থাকেন রীতি অনুযায়ী তা সুপ্রিম কোর্ট জাদুঘরে প্রদান করে থাকেন। এটা প্রধান বিচারপতির অভিপ্রায়। এ ধরনের স্মারক সম্মাননা হস্তান্তর করায় সমৃদ্ধ হচ্ছে সুপ্রিম কোর্ট জাদুঘর। দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসাবে গত ২৬ সেপ্টেম্বর শপথ নেন বিচারপতি ওবায়দুল হাসান। নেত্রকোনার মোহনগঞ্জের কৃতি সন্তান হিসেবে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে পরদিন ২৭ সেপ্টেম্বর নাগরিক সংবর্ধনা দেয় বৃহত্তর ময়মনসিংহ সমিতি। জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত সংবর্ধনায় বৃহত্তর ময়মনসিংহের অন্যতম জেলা কিশোরগঞ্জ জেলা সমিতির পক্ষ থেকে তলোয়ার সম্বলিত স্মারক সম্মাননা প্রধান বিচারপতিকে প্রদান করা হয়। ওই দিন কিশোরগঞ্জ ছাড়াও বৃহত্তর ময়মনসিংহের আরও পাঁচটি জেলার পক্ষ থেকে বালিশ মিষ্টিসহ তাদের ঐতিহ্য সংবলিত স্মারক সম্মাননা প্রধান বিচারপতিকে দেন। এর মধ্যে তলোয়ার সম্বলিত স্মারক সম্মাননা সুপ্রিম কোর্ট জাদুঘরে দেওয়ার ইচ্ছা পোষণ করেন প্রধান বিচারপতি। এরই পরিপ্রেক্ষিতে আজ সেটা প্রধান বিচারপতির দপ্তর থেকে রেজিস্ট্রার জেনারেলের কাছে পাঠানো হয়। রেজিস্ট্রার জেনারেল স্মারক সম্মাননাটি সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা ও সুপ্রিম কোর্ট জাদুঘর সম্পর্কিত সাচিবিক সহায়তা প্রদানকারী কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেনের কাছে হস্তান্তর করেন। এরপরই সেটা সুপ্রিম কোর্ট জাদুঘরে পাঠানো হয়। এ সময় হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপিল বিভাগের রেজিস্ট্রার মো. সাইফুর রহমান। মো. মোয়াজ্জেম হোসেন ইত্তেফাককে বলেন, ‘প্রধান বিচারপতি দেশ ও দেশের বাইরে থেকে যেসব স্মারক সম্মাননা লাভ করেন সেগুলো দীর্ঘদিনের রীতি অনুযায়ী সুপ্রিম কোর্ট জাদুঘরে হস্তান্তর করে থাকেন। এটা প্রধান বিচারপতির অভিপ্রায়। এতে আমাদের জাদুঘর সমৃদ্ধ হচ্ছে।’

Read More »