সর্বশেষ
সর্বশেষ

Day: December 22, 2023

রংপুরে ওয়ারিশদের বঞ্চিত করে সম্পত্তি বন্টনের অভিযোগে মামলা: গ্রেফতার-২

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ওয়ারিশন সার্টিফিকেট থেকে ৯ ভাই বোনের মধ্যে ৪ ভাই-বোনকে বঞ্চিত করে সম্পত্তি বন্টনের মামলায় ২জন আসামী শাহিন উদ্দিন ওরফে লাডলা (৫৬) ও ঈমাম উদ্দিন ওরফে মনির (৪৮)কে বুধবার রাতে রংপুর মেট্রোপলিটন থানার পুলিশ গ্রেফতার করেন এবং বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করেন। আদালতে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: জাহাঙ্গীর আলম আসামীদেরকে সি ডব্লিউ মূলে জেল হাজতে প্রেরন করেন। মামলার বাকি ৩ জন আসামী পলাতক রয়েছে। এই মামলার এ্যাড. আব্দুল হক প্রামানিক জানান, আসামীদের আদালতে হাজির করা হলে তাদের জামিন না মঞ্জুর করে আদালত জেল হাজতে প্রেরন করেন। এ ঘটনায় মামলার বাদী ছোট বোন মোছাঃ লালারুফ সুলতানা পারভীন ওরফে শাহানা পারভীন (৫২) গত ১৮/১২/২৩ ইং তারিখে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি এজাহার দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, রংপুরে পুরাতন চাউল আমোদ রোড সিঙ্গার গলিতে অবস্থিত মরহুম সামসুদ্দিনের ত্যাক্ত সম্পত্তি হতে ৪ ভাই-বোন (মোঃ জয়েন উদ্দিন আশরাফী, মোঃ হায়দার আলী, মোছাঃ আবেদা খাতুন ওরফে গুলনার এলাহী, মোছাঃ লালারুফ সুলতানা পারভীন ওরফে শাহানা পারভীন) কে বাদ দিয়ে গত ২৬/৬/২০১১ ইং তারিখে (৫ ভাই) মেজবা উদ্দিন ওরফে দুলারা, শাহিন উদ্দিন ওরফে লাডলা, জিয়া উদ্দিন ওরফে আদিল, ঈমাম উদ্দিন ওরফে মনির, মহি উদ্দিন (রুমি) নিজেদের মধ্যে ভুয়া বন্টকনামা দলিল সম্পাদন করেন। এ ছাড়াও তারা রংপুর সিটি কর্পোরেশন হইতে জালিয়াতি করিয়া ভুয়া ওয়ারিশন সনদপত্র লইয়া ভুয়া বন্টন নামা সৃষ্টি করেন। এরই প্রেক্ষিতে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি এজাহার দায়ের করা হলে গত বুধবার (২০ ডিসেম্বর) রাতে কোতয়ালী থানা পুলিশ ২ জন আসামীকে গ্রেফতার করে। বৃহস্পতিবার সকালে রংপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন।

Read More »

রংপুরে বিশিষ্ট স্বর্ণ ব্যাবসায়ী শাহ জালাল আর নেই

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে মর্ডান জুয়েলার্সের মালিক ও বাংলাদেশ জয়েলার্স এসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক সোহেলের চাচা বিশিষ্ট স্বর্ণ ব্যাবসায়ী ও বাজুস রংপুর জেলা শাখার উপদেষ্টা মোঃ শাহ জালাল (৬৯) আর নেই। গত (২১ ডিসেম্বর ২০২৩) বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন, (ইন্নালিল্লাহি …. রাজিউন) । মৃত্যুকালে তিনি ৩ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। গতকাল (২২ ডিসেম্বর) শুক্রবার বাদ জুম্মা রংপুর কেরামতিয়া জামে মসজিদ মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জামাজ শেষে মুন্সিপাড়া কবরস্থানে মরহুমের দাফনকার্য সুসম্পন্ন করা হয়। জানাজা নামাজে উপস্থিত ছিলেন রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ আকবর আলী, রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোঃ তৌহিদুল ইসলাম, লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট মোঃ আজাহারুল ইসলাম দুলাল, সেক্রেটারী মোঃ জাভেদ হাসান, লায়ন্স ক্লাবের পাষ্ট প্রেসিডেন্ট লায়ন একেএম বানিউল আদম বাবু, বাংলাদেশ জয়েলার্স এসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখার সিঃ সহসভাপতি আলহাজ¦ আবু জাফর লিটন, সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রাজু, সহ সম্পাদক রবিউল ইসলাম রবি, সহ অন্যান্য মুসল্লিগন। সকলে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন । উল্লেখ্যঃ রংপুরের সকল স্বর্ন ব্যাবসায়ী মালিক ও শ্রমিকদের জানানো যাচ্ছে যে, মরহুম শাহ জালালের স্মরণে (২৩ ডিসেম্বর ২০২৩) শনিবার পুর্ন দিবস রংপুরের সকল জুয়েলার্স দোকান পাট, কারখান বন্ধ থাকবে। আহবানে ঃ বাংলাদেশ জয়েলার্স এসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখা।

Read More »

সশস্ত্র বাহিনী কি দায়িত্ব পালন করবে জানিয়ে পরিপত্র প্রকাশ

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ১৩ দিন মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। এ সময়ে সশস্ত্র বাহিনী কী দায়িত্ব পালন করবে তা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক পরিপত্রে এ তথ্য জানানো হয়। যেসব দায়িত্ব পালন করবে সশস্ত্র বাহিনী • ফৌজদারি কার্যবিধি ও অন্যান্য আইনের বিধান অনুসারে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা ‌ইনস্ট্রাকশন রিগার্ডিং এইড টু দ্য সিভিল পাওয়ারের ৭ম ও ১০ম অনুচ্ছেদের বিধান অনুযায়ী সশস্ত্র বাহিনীর কার্যক্রম সম্পন্ন হবে। • রিটার্নিং অফিসারের সঙ্গে পরামর্শক্রমে প্রয়োজন অনুসারে উপজেলা/থানায় সশস্ত্র বাহিনী মোতায়েন হবে এবং আইনশৃঙ্খলা রক্ষার জন্য সশস্ত্র বাহিনী অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা প্রদান করবে। • সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রতিটি জেলা/উপজেলা/ মেট্রোপলিটন এলাকার নোডাল পয়েন্ট ও অন্যান্য সুবিধাজনক স্থানে অবস্থান করবে এবং প্রয়োজন অনুযায়ী রিটার্নিং অফিসারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে টহল ও অন্যান্য আভিযানিক কার্যক্রম পরিচালনা করবে। • রিটার্নিং অফিসার বা প্রিজাইডিং অফিসারের চাহিদার পরিপ্রেক্ষিতে ভোটকেন্দ্রের অভ্যন্তরে বা ভোটগণনা কক্ষের শান্তিশৃঙ্খলা রক্ষার্থে দায়িত্ব পালন করবে। • সশস্ত্র বাহিনীর টিমের সঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত করা হবে এবং আইন, বিধি ও পদ্ধতিগতভাবে কার্যক্রম গৃহীত হবে। • উপকূলবর্তী এলাকায় নৌ-বাহিনী প্রয়োজন অনুযায়ী দায়িত্ব পালন করবে। • ঝুঁকির বিবেচনায় রিটার্নিং অফিসারের সঙ্গে আলোচনাক্রমে প্রতিটি জেলায় নিয়োজিত সশস্ত্র বাহিনীর সদস্যের সংখ্যা কম/বেশি করা যাবে। • পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন অনুযায়ী নির্দেশক্রমে গুরুত্বপূর্ণ সড়ক/মহাসড়কসমূহের নিরাপত্তা নিশ্চিত করবে। • বিমান বাহিনী প্রয়োজনীয় সংখ্যক হেলিকপ্টার ও পরিবহন বিমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, নির্বাচন কমিশন সচিবালয় ও বাহিনীগুলোর অনুরোধে উড্ডয়ন সহায়তা প্রদান করবে। • সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নির্দেশনা অনুসারে এলাকাভিত্তিক মোতায়েন পরিকল্পনা চূড়ান্ত করা হবে। • বাস্তবতা ও প্রয়োজনীয়তা অনুযায়ী রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এর অনুরোধক্রমে চাহিদামতো আইনানুগ অন্যান্য কার্যক্রম শেষ করতে হবে।

Read More »

মধ্যপ্রাচ্য কুয়েতের নতুন আমির শেখ মিশেল

আন্তর্জাতিক ডেস্ক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : কুয়েতের নতুন আমির হিসেবে শেখ মিশেল আল-আহমেদ আল-সাবাহর (৮৩) নাম ঘোষণা করা হয়েছে। আজ শনিবার দেশটির আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুর পর এ ঘোষণা করা হয়। শেখ নাওয়াফের সৎভাই শেখ মিশেল। ৮৬ বছর বয়সী আমির শেখ নাওয়াফের মৃত্যুর কারণ জানানো হয়নি। গত মাসে অসুস্থ হয়ে পড়ায় জরুরিভাবে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কয়েক বছর ধরেই অসুস্থ ছিলেন শেখ নাওয়াফ। ২০২১ সালে তিনি শেখ মিশেলের হাতে বেশির ভাগ দায়িত্ব তুলে দেন। সে বছরই কুয়েতের পরবর্তী আমির হিসেবে তাঁকে মনোনীত করা হয়। কুয়েতের সংবিধান অনুযায়ী, যুবরাজ শেখ মিশেল দেশটির পার্লামেন্টে শপথ গ্রহণের মধ্য দিয়ে আমির হিসেবে ক্ষমতায় বসবেন। নিজের উত্তরসূরি ঘোষণার জন্য সর্বোচ্চ এক বছর সময় পাবেন তিনি। এদিকে শেখ নাওয়াফের মৃত্যুর পর কুয়েতে ৪০ দিনের শোক ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সরকারি দপ্তরগুলো তিন দিন বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সমবেদনা জানিয়েছেন বিভিন্ন দেশের নেতারা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক শেখ নাওয়াফকে ‘বন্ধু’ অভিহিত করেছেন। আর সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ বলেছেন, শেখ নাওয়াফ একজন ‘বিজ্ঞ নেতা’ ছিলেন। শেখ নাওয়াফ ২০২০ সালের সেপ্টেম্বরে কুয়েতের আমির হিসেবে শপথ গ্রহণ করেন। সৎভাই ও তৎকালীন আমির শেখ সাবাহ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুর পর এ দায়িত্ব পান তিনি। এর আগে ২০০৬ সালে শেখ নাওয়াফকে দেশটির পরবর্তী আমির হিসেবে ঘোষণা দেওয়া হয়। //রয়টার্স কুয়েত//

Read More »

রাজশাহী আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ২২ শিক্ষার্থী আটক

রাজশাহী প্রতিনিধি / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : রাজশাহীতে আওয়ামী লীগের নেতার মালিকাধীন হোটেল গ্র্যান্ড নামের একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ২২ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। গত বুধবার (২০ ডিসেম্বর) রাত ১১টা থেকে ২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক শিক্ষার্থীরা বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত। হোটেলটি নগরীর গণকপাড়ায় অবস্থিত। অভিযোগ আছে, সাধারণ মানের এই আবাসিক হোটেলের কক্ষ ভাড়া নিয়ে প্রায় অসামাজিক কার্যকলাপ চলে। হোটেলটি তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার সুজনের মালিকানাধীন। হোটেলটিতে এমপি ওমর ফারুক চৌধুরীর পোস্টার ও ফেস্টুন বানিয়ে নিয়ে এসে রাখা হয়েছে। অভিযান চালানোর সময় এগুলো দেখা যায়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার (ডিবি) আরজিনা খাতুন জানান, গণকপাড়ায় অবস্থিত হোটেল গ্র্যান্ডে অভিযান চালানো হয়। হোটেলটির কর্মীরা দেখাতে রাজি হচ্ছিলেন না। বিভিন্ন কক্ষ গিয়ে অভিযান চালিয়ে ২২ জনকে আটক করা হয়েছে। তারা সবাই রাজশাহীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী। অভিযানের পর হোটেলের কর্মীরা পালিয়ে যান। তিনি জানান, আটক শিক্ষার্থীদের অভিভাবকদের ডাকা হয়েছে। এসব শিক্ষার্থীরা রাজশাহীর বাইরের। তাদের মধ্যে বেশির ভাগই বিভিন্ন হোস্টেল বা মেসে থাকেন। তাদের অভিভাবকরা এলে শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে হোটেল মালিককেও ডাকা হয়েছে। তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তবে হোটেলটির মালিক আবুল বাশার সুজনের নাম্বারে কয়েকবার কল দেওয়া হলে মোবাইল বন্ধ থাকায় বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

Read More »

যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় পেয়েছেন সাংবাদিক খাসোগির স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় পেয়েছেন তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে হত্যার শিকার সাংবাদিক জামাল খাসোগির স্ত্রী হানান এলাতার। ২০১৮ সালে জামাল খাসোগিকে মির্মমভাবে হত্যা করা হয়। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নিরাপত্তাহীনতার কথা জানিয়ে ২০২০ সালের আগস্টে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেছিলেন জামাল খাসোগির স্ত্রী হানান। তার নথিপত্র বিশ্লেষণ করে দেখা গেছে, গত ২৮ নভেম্বর তাকে অনির্দিষ্টকালের জন্য আশ্রয় দিয়েছে মার্কিন সরকার। হানান এলাতার বিবিসিকে বলেছেন, তারা জামালের জীবন কেড়ে নিয়েছে এবং আমার জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আমরা জিতেছি। যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদনের সময় হানান এলাতার লিখেছেন, জন্মস্থান মিসর কিংবা ২৫ বছর ধরে বসবাস করে আসা আরব আমিরাতে ফিরে গেলে তার জীবন হুমকির মুখে পড়তে পারে। এমিরেটসে ফ্লাইট অ্যাটেনডেন্ট হিসেবে চাকরি করতেন এলাতার। চাকরি ছেড়ে গত তিন বছর ধরে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে বসবাস করছেন তিনি। ২০২১ সাল থেকে তিনি সেখানে কাজের অনুমতি পেয়েছেন বলে জানান তার আইনজীবী র‍্যান্ডা ফাহমি। রাজনৈতিক আশ্রয় পাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এলাতার বলেন, ‘সব প্রক্রিয়া শেষ করতে দীর্ঘ সময় লাগলেও আমি যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ। কারণ আমি আতঙ্কের জীবন থেকে রেহাই পেয়েছি।’ মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টে কলামিস্ট হিসেবে কাজ করতেন জামাল খাসোগি। ২০১৮ সালের অক্টোবরে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে হত্যা করে লাশ তার গুম করে ফেলা হয়। মার্কিন গোয়েন্দাদের অভিযোগ, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে দেশটির গেয়েন্দারা খাশোগিকে হত্যার পর তার লাশ গুম করেছে। যদিও শুরু থেকে এই অভিযোগ অস্বীকার করে আসছে সৌদি আরব।

Read More »

৯টি দেশ পাঠাবে পর্যবেক্ষক : পররাষ্ট্র মন্ত্রণালয়

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, এখন পর্যন্ত নয়টি দেশের নির্বাচন পর্যবেক্ষকরা আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচন পর্যবেক্ষণ করতে বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে আজ বিকেলে মুখপাত্র সেহেলি সাবরিন এ তথ্য জানান। এক প্রশ্নের জবাবে সাবরিন বলেন, নির্বাচন পর্যবেক্ষণে আসা নিষ্চিত করা নয়টি দেশ হলো- ভারত, শ্রীলঙ্কা, চীন, রাশিয়া, জাপান, উজবেকিস্তান, মরিশাস, জর্জিয়া ও ফিলিস্তিন । এছাড়া ওআইসি, কমনওয়েলথ ও আরব পার্লামেন্টও নির্বাচন পর্যবেক্ষণ করবে বলে জানান তিনি। নির্বাচন পর্যবেক্ষণে বর্তমানে চার সদস্যের ইইউ বিশেষজ্ঞ প্যানেল ঢাকায় রয়েছে। ইইউ প্রতিনিধিদলের ২৪ জানুয়ারি দেশ ত্যাগের কথা রয়েছে।

Read More »

সমাধানের উপায় ও উত্তরসহ ভূমি সংশ্লিষ্ট ‘বহুল জিজ্ঞাসিত প্রশ্নাবলী’ প্রকাশ করা হবে – ভূমি সচিব

এসএম রবিন / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ভূমি সংশ্লিষ্ট অভিযোগ ও জিজ্ঞাস্য অধিকতর দক্ষতার সাথে দ্রুত নিষ্পত্তি করার ব্যবস্থা গ্রহণ করা হবে। ঢাকা, ভূমি সচিব খলিলুর রহমান বলেছেন বিভিন্ন মাধ্যম থেকে প্রাপ্ত ভূমি সংশ্লিষ্ট নাগরিক অভিযোগ ও জিজ্ঞাস্য দক্ষতার সাথে দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ভূমিসচিব মোঃ খলিলুর রহমান আজ রবিবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি সংশ্লিষ্ট অভিযোগ ব্যবস্থাপনা নির্দেশিকা প্রণয়ন বিষয়ক এক কর্মশালায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। এসময় কর্মশালায় ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ভূমি সচিব আরও বলেন, বিভিন্ন মাধ্যম থেকে প্রাপ্ত নাগরিক অভিযোগ এবং বিষয় ভিত্তিক প্রশ্ন থেকে গুরুত্বপূর্ণ অংশ নিয়ে সমস্যা সমাধানের উপায় ও উত্তরসহ ‘বহুল জিজ্ঞাসিত প্রশ্নাবলী’ (FAQ) তৈরি করে অনলাইন এবং প্রিন্ট মাধ্যমে প্রকাশ করা হবে। ‘বহুল জিজ্ঞাসিত প্রশ্নাবলী’ থেকে নাগরিক নিজেই অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং সমৃদ্ধ হবেন ভূমি বিষয়ক জ্ঞানে। সচিব বলেন, সরকার ইতোমধ্যে ভূমিসেবায় দুর্নীতি মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে ওপেন ডেটা গভর্নেন্স গ্রহণ, মামলা নিষ্পত্তিতে নির্ধারিত সময়সীমা প্রতিষ্ঠা, ভূমি কর্মকর্তাদের সম্পত্তির বাধ্যতামূলক হিসাব প্রদান এবং অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা বাস্তবায়ন ইত্যাদি। প্রসঙ্গত, সিটিজেন সার্ভিস সেন্টার, ১৬১২২/৩৩৩ হটলাইন, মন্ত্রিপরিষদ বিভাগের অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ডাইরেক্ট কোয়েরি ম্যানেজমেন্ট, হোয়াটসঅ্যাপ, ইমেইল এবং অন্যান্য সরাসরি চ্যানেলসহ বিভিন্ন উপায়ে নাগরিকরা তাদের ভূমি বিষয়ক অভিযোগ জানাচ্ছেন এবং ভূমি বিষয়ক নানা বিষয়ে জানতে চাচ্ছেন। এসব নিয়মিত নিষ্পত্তি করা হলেও কেন্দ্রিয়ভাবে একটি সিস্টেমে সাথে অপরটির সমন্বয় ছিলনা। এখন, এসব বহুমুখী মাধ্যম থেকে আগত নাগরিকদের অভিযোগ ও প্রশ্ন দক্ষতার সাথে সমন্বয়ের মাধ্যমে ফিডব্যাক মেকানিজম সহ দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

Read More »