আন্তর্জাতিক ডেস্ক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :
যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় পেয়েছেন তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে হত্যার শিকার সাংবাদিক জামাল খাসোগির স্ত্রী হানান এলাতার। ২০১৮ সালে জামাল খাসোগিকে মির্মমভাবে হত্যা করা হয়।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নিরাপত্তাহীনতার কথা জানিয়ে ২০২০ সালের আগস্টে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেছিলেন জামাল খাসোগির স্ত্রী হানান। তার নথিপত্র বিশ্লেষণ করে দেখা গেছে, গত ২৮ নভেম্বর তাকে অনির্দিষ্টকালের জন্য আশ্রয় দিয়েছে মার্কিন সরকার।
হানান এলাতার বিবিসিকে বলেছেন,
তারা জামালের জীবন কেড়ে নিয়েছে এবং আমার জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আমরা জিতেছি।
যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদনের সময় হানান এলাতার লিখেছেন, জন্মস্থান মিসর কিংবা ২৫ বছর ধরে বসবাস করে আসা আরব আমিরাতে ফিরে গেলে তার জীবন হুমকির মুখে পড়তে পারে।
এমিরেটসে ফ্লাইট অ্যাটেনডেন্ট হিসেবে চাকরি করতেন এলাতার। চাকরি ছেড়ে গত তিন বছর ধরে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে বসবাস করছেন তিনি। ২০২১ সাল থেকে তিনি সেখানে কাজের অনুমতি পেয়েছেন বলে জানান তার আইনজীবী র্যান্ডা ফাহমি।
রাজনৈতিক আশ্রয় পাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এলাতার বলেন, ‘সব প্রক্রিয়া শেষ করতে দীর্ঘ সময় লাগলেও আমি যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ। কারণ আমি আতঙ্কের জীবন থেকে রেহাই পেয়েছি।’
মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টে কলামিস্ট হিসেবে কাজ করতেন জামাল খাসোগি। ২০১৮ সালের অক্টোবরে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে হত্যা করে লাশ তার গুম করে ফেলা হয়। মার্কিন গোয়েন্দাদের অভিযোগ, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে দেশটির গেয়েন্দারা খাশোগিকে হত্যার পর তার লাশ গুম করেছে।
যদিও শুরু থেকে এই অভিযোগ অস্বীকার করে আসছে সৌদি আরব।
















