সর্বশেষ
সর্বশেষ

Day: March 26, 2024

অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির দাবি নিরাপত্তা পরিষদের

আন্তর্জাতিক ডেস্ক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ২৬ মার্চ, ২০২৪ খৃ : ইসরায়েল ও হামাস যুদ্ধের পাঁচ মাসেরও বেশি সময় পর এই প্রথমবারের মতো জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাতে পেরেছে। ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র ভোটদানে বিরত থাকায় নিরাপত্তা পরিষদ সোমবার যুদ্ধবিরতির দাবি সম্বলিত প্রস্তাবটি পাশ করতে পেরেছে। এর আগের একের পর এক প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দেয়ায় নিরাপত্তা পরিষদ কোন প্রস্তাব পাশ করতে পারেনি। যুক্তরাষ্ট্র ভোটদানে বিরত থাকায় নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি ১৪ ভোটে পাশ হয়। এতে গাজায় অবিলম্বে স্থায়ী ও টেকসই যুদ্ধবিরতি এবং গত বছরের ৭ অক্টোবর হামাস যেসব ইসরায়েলী জিম্মিকে আটক করেছিল তাদের ছেড়ে দেয়ার দাবি জানানো হয়। স্লোভেনিয়া ও সুইজারল্যান্ডসহ নিরাপত্তা পরিষদের আরব ব্লকের বর্তমান সদস্য আলজেরিয়া সফল এই প্রস্তাবের খসড়া তৈরি করে। যুক্তরাষ্ট্র এর আগের প্রস্তাবগুলোয় ভেটো দেয়। কিন্তু গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরায়েল অভিযান চালানোর পরিকল্পনা থেকে এখনও সরে না আসায় কার্যত হতাশ যুক্তরাষ্ট্র। উল্লেখ্য,গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এরপরই ইসরায়েল গাজায় পাল্টা হামলা শুরু করে যা এখনও অব্যাহত রয়েছে। ইসরায়েলী হামলায় এই পর্যন্ত ৩২ হাজারেরও বেশি ফিলিস্তিনী নিহত হয়েছে, যার অধিকাংশ নারী ও শিশু।

Read More »

জাতীয় স্মৃতিসৌধ ও স্মৃতি চিরঞ্জীবে বীর শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা

সুপ্রিম কোর্ট প্রতিনিধি / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৬ মার্চ, ২০২৪ খৃ : মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধ ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্মৃতি চিরঞ্জীবে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতির কার্যাভার পালনরত বিচারপতি এম. ইনায়েতুর রহিম। আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে সকাল ৬টা ১০ মিনিটে ফুল দিয়ে স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের প্রধান বিচারপতির কার্যাভার পালনরত বিচারপতি এম. ইনায়েতুর রহিম। এ সময় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ‘স্মৃতি চিরঞ্জীব’-এ সকাল পৌনে ৮টায় প্রধান বিচারপতির কার্যাভার পালনরত বিচারপতি এম. ইনায়েতুর রহিম পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এসময় সুপ্রিম কোর্ট এর উভয় বিভাগের বিচারপতিবৃন্দ ও ও সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও ভুটানের রাজা

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : সাভার, ২৬ মার্চ, ২০২৪ খৃ : রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সফররত ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক আজ সকালে রাজধানীর উপকণ্ঠে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। ৫৪ তম ‘স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪’ উদযাপনের অংশ হিসেবে, রাষ্ট্রপতি প্রথমে ৫টা ৫৭ মিনিটে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর প্রধানমন্ত্রী এবং ভুটানের রাজা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। ৫৪ তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আমন্ত্রণে ভুটানের রাজা এখন চার দিনের সরকারি সফরে বাংলাদেশে অবস্থান করছেন। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভুটানই প্রথম বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। দীর্ঘ ১১ বছর পর ওয়াংচুক তাঁর পতœীসহ বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন। এর আগে ২০১৩ সালে রাজাও রাণী বাংলাদেশ সফর করেন। পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং ভুটানের রাজা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল এই সময় রাষ্ট্রীয় সালাম জানায় এবং বিউগলে করুণ সুর বাজানো হয়। রাষ্ট্র প্রধান, সরকার প্রধান এবং ভুটানের রাজাও স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন। পরে দলের নেতাদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাঁর দলের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এই সময় জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, জ্যেষ্ঠ রাজনীতিবিদ, তিন বাহিনীর প্রধানগণ, সংসদ সদস্যবৃন্দ, মুক্তিযোদ্ধা, কূটনীতিক, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতিও মহান জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। প্রতি বছর ২৬ মার্চ ইতিহাসের অন্ধকার অধ্যায়ের সবচেয়ে করুণ স্মৃতিকথা নিয়ে আসে। যা অন্ধকার সরিয়ে মুক্তির আলোয় উদ্ভাসিত। যার শুরুটা ১৯৭১ সালের ২৫ মার্চ কাল রাতে। জাতির পিতার নেতৃত্বে বাঙালির অসহযোগ আন্দোলন চলাকালীন ১৯৭১ এর ২৫ মার্র্চ রাতে আকস্মিকভাবে পাকিস্তানি সেনাবাহিনীর সশস্ত্র অভিযান ও গণহত্যা শুরুর পরিপ্রেক্ষিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৬ মার্চ রাতে তৎকালীন ইপিআর (ইস্ট পাকিস্তান রাইফেলস) ওয়ারলেসের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। আর এরমধ্য দিয়েই শুরু হয় পৃথিবীর অন্যতম বৃহৎ রক্তক্ষয়ী সশস্ত্র জনযুদ্ধ। যদিও তাঁর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণেই তিনি সমগ্র জাতিকে স্বাধীনতার মন্ত্রে উদ্দীপিত করেছিলেন। ত্রিশ লাখ শহীদের বুকের তাজা রক্ত আর দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হয়। বিশ^ মানচিত্রে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। ২৬ মার্চ ও মহান স্বাধীনতা দিবস তাই বাঙালির কাছে খুব পবিত্র ও মহামূল্যবান।

Read More »

মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির বিষয়ে সতর্ক করে স্বাস্থ্য সচিবকে চিঠি

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : মেডিকেলে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মুক্তিযোদ্ধা কোটায় খেয়াল খুশি মতো শিক্ষার্থী ভর্তির ঘটনার ব্যবস্থা নিতে স্বাস্থ্য সচিবকে চিঠি দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সোমবার (২৫ মার্চ) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আফরাজুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতি জানানো যাচ্ছে যে, এমবিবিএস ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় মেধা কোটায় কৃতকার্য মুক্তিযোদ্ধার সন্তানদের মুক্তিযোদ্ধা সন্তান কোটা দেখিয়ে, কোটা বণ্টননীতি অমান্য করা হয়েছে; এবং মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে এমবিবিএস ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় কোটা অনুযায়ী ভর্তি এবং কোটা বণ্টননীতি বাস্তবায়নের বিষয়টি যাচাইপূবর্ক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এর আগে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর জানায়, দেশের সরকারি মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ৫ শতাংশই বরাদ্দ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। জানা গেছে, মেডিকেল কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ২ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা রেখেছিল। কিন্তু তাও ভর্তির ক্ষেত্রে সঠিকভাবে মানা হচ্ছিল না। তাই মেডিকেলে ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটার সংখ্যা বাড়াতে হাইকোর্টে একটি রিট করা হয়। ওই রিটে গত বছরের ৬ মার্চ হাইকোর্ট মেডিকেল কলেজে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণে রায় দেন। সরকারি-বেসরকারি সব মেডিকেল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণে হাইকোর্টের দেয়া রায় বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আপিল বিভাগের রায়ের প্রেক্ষিতে মেডিকেল ও ডেন্টাল ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটায় ৫ শতাংশ আসন বরাদ্দ রাখা হয়। এদিকে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি মেডিকেল ভর্তি প্রক্রিয়া শুরু হয়। যা চলে ২৪ ফেব্রুয়ারি অফিস চলাকালীন পর্যন্ত। গত ১১ ফেব্রুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। ১ ফেব্রুয়ারি মেডিকেল ও ডেন্টাল কলেজ বা ইউনিটে এমবিবিএস ও বিডিএস কোর্সে চলতি শিক্ষাবর্ষে (২০২৩–২৪) শিক্ষার্থী ভর্তিতে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা (সন্তান, সন্তানের সন্তান) সংরক্ষণ করে ফল প্রকাশ করতে নির্দেশ দেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। ৫ শতাংশের পরিবর্তে মুক্তিযোদ্ধা সন্তান এবং সন্তানদের সন্তানাদির জন্য মোট আসনের ২ শতাংশ আসন সংরক্ষিত রাখাসংক্রান্ত ভর্তি নীতিমালার বিধান ও ভর্তি বিজ্ঞপ্তির বৈধতা নিয়ে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি অহিদুল ইসলাম ৩০ জানুয়ারি রিটটি করেন। বিজ্ঞপ্তি অনুসারে ৯ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ, সঙ্গে ছিলেন আইনজীবী অজিত শীল। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আযাদ। গত বছরের ডিসেম্বরে মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজ/ইউনিটে এমবিবিএস এবং বিডিএস কোর্টে শিক্ষার্থী ভর্তি নীতিমালা–২০২৪ জারি করে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমঅ্যান্ডডিসি)। এই নীতিমালা দেশের সব সরকারি বা বেসরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটে ২০২৩–২৪ শিক্ষাবর্ষ হতে এমবিসিএস/বিডিএস কোর্সে ছাত্র–ছাত্রী ভর্তির ক্ষেত্রে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়। নীতিমালায় বলা হয়, মুক্তিযোদ্ধা সন্তান এবং সন্তানদের সন্তানাদির জন্য মোট আসনের ২ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। এরপর ১০ জানুয়ারি মেডিকেল কলেজগুলোয় চলতি (২০২৩–২৪) শিক্ষাবর্ষে এমবিবিএসে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। ৫ শতাংশের পরিবর্তে মুক্তিযোদ্ধা সন্তান এবং সন্তানদের সন্তানাদির জন্য মোট আসনের ২ শতাংশ আসন সংরক্ষিত রাখাসংক্রান্ত নীতিমালার বিধান ও ভর্তি বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিটটি করা হয়। আদেশের পর আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ বলেন, ‘২০০৮ সাল থেকে মেডিকেল কলেজে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ৫ শতাংশ ছিল। মেডিকেল ভর্তি (২০১৩–১৪ শিক্ষাবর্ষ) নিয়ে করা এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০১৪ সালের ৬ মার্চ রায় দেন। রায়ে মুক্তিযোদ্ধা কোটা ২ শতাংশের পরবির্তে ৫ শতাংশ সংরক্ষিত রাখতে নির্দেশ দেয়া হয়। ২০২৪ সালে মেডিকেল ভর্তি নিয়ে জারি করা নীতিমালার পর ২ জানুয়ারি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা যথাযথভাবে অনুসরণ করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। এ সত্ত্বেও নীতিমালার আলোকে ১০ জানুয়ারি ভর্তি বিজ্ঞপ্তি দেয়া হলে এসবের বৈধতা নিয়ে রিটটি করা হয়।

Read More »