সর্বশেষ
সর্বশেষ

Day: May 28, 2024

ঢাকায় প্রথমবারের মতো ডি-৮ যুব বিষষয়ক মন্ত্রী এবং সিনিয়র অফিসিয়াল পর্যায়ের সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে প্রথমবারের মতো ডি-৮ যুব বিষষয়ক মন্ত্রী এবং সিনিয়র অফিসিয়াল পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। দুই দিন ব্যাপী আয়োজিত এ সভায় ডি-৮ ভুক্ত দেশসমূহ তথা বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্কের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। আজ ২১মে সম্মেলনের শেষ দিন সভা শেষে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রী ও ডি-৮ ইয়ুথ চেয়ার নাজমুল হাসান এমপি। সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি উন্নয়নশীল দেশগুলোর জন্য উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছেন। তার দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ তার তরুণদের শক্তিকে কাজে লাগাচ্ছে এবং এই জনসংখ্যাগত লভ্যাংশের সুযোগ নিয়ে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার আকাঙ্খা নিয়ে দেশ ‘রূপকল্প ২০৪১’ তথা স্মার্ট বাংলাদেশ বিনির্মানের পথে রয়েছে। ডি-৮ অঞ্চলে ১.৩ বিলিয়নেরও বেশি মানুষের বসবাস যার এক-তৃতীয়াংশ তরুণ। বাংলাদেশে মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ তরুণ। এই অঞ্চলের বিরাট এই জনগোষ্ঠীকে পেছনে রেখে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত এসডিজি অর্জনে তরুণ জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে আসতে হবে। তাদের শিক্ষা ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তাদেরকে আধুনিক ও কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে হবে। আপনারা ইতিমধ্যে জেনেছেন, বাংলাদেশ প্রথমবারের মতো ডি-৮ ভুক্ত দেশসমূহের যুব মন্ত্রী ও সিনিয়র অফিসিয়ালদের নিয়ে আজ ও গতকাল অর্থাৎ ২০ ও ২১ মে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১ম দিনে সচিব মহোদয় এর সভাপতিত্বে ডি-৮ ভুক্ত দেশসমূহের যুবদের সামগ্রিক উন্নয়নের বিভিন্ন ইস্যু নিয়ে ডি-৮ ভুক্ত দেশসমূহ থেকে আগত উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন। বিস্তারিত আলোচনা শেষে তারা বেশ কিছু সুপারিশ করেন সেগুলো হল: • ডি-৮ ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রাম • ডি-৮ যুব মন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের বার্ষিক সভা আয়োজনের উদ্যোগ গ্রহণ • ডি-৮ Youth Council প্রতিষ্ঠা • ডি-৮ সদস্য রাষ্ট্রগুলির সর্বোত্তম অনুশীলনকে শক্তিশালী করা • ডি-৮ যুবকদের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ (ওয়েবসাইট ও ডাটাবেইজ তৈরি) • ডি-৮ যুব উন্নয়ন কৌশল প্রণয়ন • ডি-৮ যুবকদের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি উপরোক্ত সুপারিশগুলি নিয়ে বৈঠকের ২য় দিন আজ আমার সভাপতিত্বে ডি ৮ ভুক্ত সদস্য দেশসমূহ থেকে আগত যুব মন্ত্রীরা আলোচনায় অংশ নেন ।ডি-৮ ভুক্ত অঞ্চলের যু্বদের উন্নয়নে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সে বিষয়গুলি নিয়ে আমরা আরো গভীরভাবে পর্যালোচনা করেছি। সবশেষে সকল সদস্য রাষ্ট্রের অনুমোদনক্রমে ‘ঢাকা ডিক্লেয়ারেশন অন ইয়ুথ’ গৃহীত হয়েছে যার মধ্যে দিয়ে ডি-৮ ভুক্ত দেশসমূহের যুবদের উন্নয়নের রূপরেখা তৈরি হবে। ডি-৮ ভুক্ত দেশসমূহের যুবদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে এ আয়োজন ও ঢাকা ঘোষণা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। ডি-৮ অঞ্চলের যুবদের উন্নয়নে এ আয়োজন এক অনন্য মাইলফলক। এটি আমাদের যুবদের উন্নত জীবনযাপনের পথ অনুসন্ধানে আলোকবর্তিকা হয়ে কাজ করবে বলে আমি আশা করছি।

Read More »

বর্ণাঢ্য আয়োজনে পর্দা উঠলো বঙ্গবন্ধু কাপ ২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা উঠলো বঙ্গবন্ধু কাপ ২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের স্পোর্টস ডেস্ক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : দারুণ উৎসাহ-উদ্দীপনা আর জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে আজ রোববার (২৬ মে) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু কাপ ২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট’ এর চতুর্থ আসর শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আব্দুল্লাহ আল- মামুন। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানের মার্চপাস্টে অংশ নেন অংশগ্রহণকারী ১২টি দলের খেলোয়াড়, কর্মকর্তা ও টুর্নামেন্টের অফিসিয়ালরা। এরপর খেলা শুরুর আগে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিসপ্লে। বাংলাদেশ পুলিশ সাংস্কৃতিক দল এবং সরকারী শিশু পরিবারের (ভানুয়া, গাজীপুর) সদস্যরা এই অনুষ্ঠানে পারফর্ম করেন। তারা টুর্নামেন্ট অংশগ্রহণকারী ১২ দেশেরই সংস্কৃতি অত্যন্ত মনোহরভাবে ফুটিয়ে তোলেন। তাদের এই অনুষ্ঠান উপভোগ করেন গ্যালারিপুর্ণ দর্শকবৃন্দ। সাউন্ডবক্সে ভেসে আসা সঙ্গীতের মূর্ছনার মধ্যে তারা অবিরাম বাংলাদেশের জয় কামনা করে শ্লোগান দিয়ে পুরো স্টেডিয়াম মাতিয়ে রাখেন। এ টুর্নামেন্টে এবার ইউরোপ, আফ্রিকা ও এশিয়া এই তিন মহাদেশের মোট ১২টি দল অংশ নিচ্ছে। ফাইনাল খেলার মধ্য দিয়ে ৩ জুন এ টুর্নামেন্ট শেষ হবে। পোল্যান্ড, কেনিয়া, উগান্ডা, জাপান, দক্ষিণ কোরিয়া, ইরাক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশ অংশগ্রহণ করছে। এর মধ্যে সবশেষ দুই বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে দক্ষিণ কোরিয়া, জাপান ও থাইল্যান্ড। তবে প্রথমবারের মতো টুর্নামেন্টে অংশ নিচ্ছে জাপান, দক্ষিণ কোরিয়া ও উগান্ডা। উল্লেখ্য, গত তিনটি আসর ঢাকার পল্টনের শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হলেও এবার নতুন ভেন্যু হিসেবে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ আসর অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করছে টি-স্পোর্টস। ###

Read More »

দুর্নীতির ব্যাপারে সরকার প্রধান আপোষহীন: ওবায়দুল কাদের

দুর্নীতির ব্যাপারে সরকার প্রধান আপোষহীন: ওবায়দুল কাদের স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৮ মে, ২০২৪ খৃ : আজিজ-বেনজীর ইস্যু নিয়ে সরকার মোটেও বিব্রত নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন,  আজিজ, বেনজির ইস্যুতে সরকার বিব্রত নয়। কারণ সরকারের বিচার করার সৎ সাহস আছে। তদন্ত হচ্ছে মানে বিচারের মুখোমুখি হতে হবে। কোনো অপরাধী শাস্তি ছাড়া পার পাবে না। দুর্ণীতির ব্যাপারে সরকার প্রধান আপোষহীন। ওবায়দুল কাদের আজ মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) স্বাধীন। তার অবৈধ সম্পদ নিয়ে তদন্ত চলছে। এই স্বাধীনতা শেখ হাসিনা সরকার দিয়েছেন। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ যদি অপরাধী হন, তার বিরুদ্ধেও তদন্ত করতে পারবে দুদক। অপরাধী হলে অপরাধের জন্য শাস্তি পেতেই হবে, তিনি যেই হোন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, যারা এখন কথায় কথায় বেনজীরের কথা বলেন, তাদের আমলে আশরাফুল হুদা, রকিবুল হুদার বিচার হয়েছে ? এসপি কোহিনূরকে বলা হতো ‘ভিআইপি এসপি’। তার দুর্নীতির বিষয় ছিল মানুষের মুখে মুখে। অন্তঃসত্ত্বা নারীসহ কত রাজনৈতিক কর্মীকে নির্যাতনের শিকার হতে হয়েছে। এসব অপরাধের বিচার কি বিএনপি তাদের আমলে করেছে ? তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাবিশ্বে একজন সৎ প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত। বাংলাদেশে তার জনপ্রিয়তার মূলে তার সততা ও পরিশ্রম। দুর্নীতির বিরুদ্ধে তাঁর জিরো টলারেন্স। আমরা সবসময়ই দুর্নীতির বিষয়ে ব্যবস্থা নিতে প্রস্তুত। এটা কোনো ক্র্যাশ প্রোগ্রামের বিষয় নয়, সরকার সার্বক্ষণিক নজরদারি রেখেছে। দলের লোক হলেও কোনও অপরাধীর ক্ষমা নেই। সেটা শেখ হাসিনা প্রমাণ করেছেন। সরকার পরিবর্তন নিয়ে বিএনপির দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার পরিবর্তনের উপায় দুটি -একটা হলো গণঅভ্যুত্থান, আরেকটা হলো নির্বাচন। গণঅভ্যুত্থান বিএনপি’র গলাবাজিতে ছিল, বাস্তবে ছিল না। গণআন্দোলনও তারা করতে পারেনি। যে আন্দোলনে জনগণ সম্পৃক্ত নয়, সে আন্দোলন কখনো সফল হয় না। ওবায়দুল কাদের বলেন, বিএনপি নিজেদের অপরাধকে ঢাকার জন্য অপপ্রচার করছে এবং অপরাধীদের ক্ষমা করেছে। তাদের আমলে অপরাধীদের কোনদিন কোন শাস্তি পেতে হয়নি। আজকে তারা বলে তারেক রহমানকে কিভাবে শাস্তি দিবেন ? তিনি বলেন, শাস্তি তো তিনি পেয়ে গেছেন। দুদকের মামলায় নয় বছর কারাদন্ড হয়েছে। সিঙ্গাপুরে অর্থ পাচারের কিছু টাকা বাংলাদেশ ফিরে পেয়েছে। অর্থ পাচারের মামলায় তারেক রহমানের সাত বছর সাজা ও ২০কোটি টাকা জরিমানা হয়েছে। একুশে আগস্টের গ্রেনেড হামলায় তার যাবজ্জীবন কারাদন্ড হয়েছে। এখন শাস্তির বাস্তবায়নটা করতে হবে। শাস্তি কার্যকরে তাকে দেশে ফিরে আনতে হবে। সে চেষ্টা অব্যাহত আছে। তার শাস্তি হতেই হবে। জিয়াউর রহমানের এই দেশে হত্যা ও গুমের রাজনীতির গোড়াপত্তন উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জিয়াউর রহমানের আমলে তিন হাজারের বেশি রাজনৈতিক কর্মীকে যাদের অধিকাংশ আওয়ামী লীগের, গুম করেছে, খুন করেছে। সেটা কি বিএনপি ভুলে গেছে ? এদেশের মানুষ  এখনো সেই হত্যা, গুমের রোমহর্ষক কাহিনী ভুলে যায়নি। আওয়ামী লীগসহ বিরোধী দলের ৬২ হাজার নেতাকর্মী কাদের আমলে কারাগারে ছিল? যুদ্ধাপরাধী, মানবতাবিরোধী অপরাধীদের কারামুক্তি দিয়েছে জিয়াউর রহমান। এর মধ্যে ৭০৩ জন দন্ডিত আসামি। অনেকে বলেন, বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের ক্ষমা করে দিয়েছিলেন, যা আদৌ সত্য নয়।

Read More »

রিমালে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দ্রুত মেরামতের নির্দেশ প্রধানমন্ত্রীর

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৮ মে, ২০২৪ খৃ. প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার বেড়িবাঁধ দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেছেন। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। সভায় তিনি সভাপতিত্ব করেন। একনেক সভাশেষে পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব:) আব্দুস সালাম ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে উপকূলীয় এলাকায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দ্রুত মেরামতের জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার, পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিত কর্মকারসহ পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আব্দুস সালাম বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন সামনে যেহেতু বর্ষার মৌসুম, তাই ক্ষতিগ্রস্ত বাঁধগুলো দ্রুত মেরামত করতে হবে।’ তিনি জানান, পানিবাহিত রোগ যাতে ছড়াতে না পারে, সেজন্য ক্ষতিগ্রস্ত এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী নিজে রাতভর ঘূর্ণিঝড় পর্যবেক্ষণ করেছেন এবং পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।’ তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী একনেক সভায় জানান, জেলা ও উপজেলা প্রশাসনহ সরকারের সকল সংস্থা পরিস্থিতি মোকাবিলায় যথেষ্ট সতর্ক থাকায় ঘূর্ণিঝড়ে প্রাণহানি কম হয়েছে।  পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিত কর্মকার জানান, একনেক সভায় মোট ১১ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ১৪ হাজার ৩৩৭ কোটি ৩৮ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৬ হাজার ৫৪১ কোটি ৫২ লাখ টাকা, বৈদেশিক ঋণ সহায়তা থেকে ৭ হাজার ৮৭৯ কোটি ১৫ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থা থেকে ৮৩ কোটি ২৯ লাখ টাকা ব্যয় করা হবে। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন এবং একইসাথে জেলা ও উপজেলা প্রশাসনকে পরিস্থিতি মোকাবিলায় সমন্বিভাবে কাজ করার প্রয়োজনীয় নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী এ ধরনের দুর্যোগকালে মোবাইল ফোন নেটওয়ার্কের পাশাপাশি ল্যান্ডফোন চালু রাখার বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্টেকহোল্ডারদের স্মরণ করিয়ে দিয়ে, পোর্টফোলিও নির্বিশেষে সকল পর্যায়ের সরকারি কর্মকর্তাদের ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ানোর নির্দেশ দেন। এছাড়া প্রধানমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে ঘূর্ণিঝড়ের তান্ডবে প্রাণহানি ও সম্পদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাঁর হিসাব করতে বলেছেন এবং আগামী রোববারের মধ্যে সেটা সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার নির্দেশ দিয়েছেন। একনেক সভায় রোহিঙ্গাদের উন্নয়নে ৮ হাজার ৪৮২ কোটি টাকা ব্যয়ে দু’টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে অবকাঠামো উন্নয়নে ৪ হাজার ৮১ কোটি টাকা ব্যয়ে ‘হোস্ট অ্যান্ড ফোরসিবিলি ডিসপ্লেসড মিয়ানমার ন্যাশনালস’(এফডিএমএন)/ ‘ডিসপ্লেসড রোহিঙ্গা পপুলেশন ইনহ্যান্সমেন্ট অব লিভস থ্রো এ মাল্টি-সেক্টোরাল এপ্রোচ প্রজেক্ট ইনফ্রাস্টকচার রিলেটেড’ প্রকল্প এবং আর্থ-সামাজিক উন্নয়নে ৪ হাজার ৪০১ কোটি টাকা ব্যয়ে ‘ইনক্লুসিভ সার্ভিসেস অ্যান্ড অপরটুনিটিস ফর হোস্ট কমুনিটিজ অ্যান্ড এফডিএমএন পপুলেশন’ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। রোহিঙ্গাদের উন্নয়নে গৃহীত প্রকল্প সম্পর্কে পরিকল্পনা সচিব বলেন, ‘রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য নেওয়া প্রকল্পে বিশ্বব্যাংক এক বছরের জন্য অনুদান দেবে। এছাড়া কিছু ঋণও দেওয়া হবে। শুরুতে বিশ্বব্যাংক ও উন্নয়ন সহযোগিরা শুধু রোহিঙ্গাদের জন্য দিতে চেয়েছিল, পরে আলাপ করে সেখানকার ক্ষতিগ্রস্তদের জন্যও চাওয়া হলে তা দিতে রাজি হয়েছে। এসব টাকায় যোগাযোগ তথা রাস্তা, রেলপথ নির্মাণ করা হবে। যে বন ও পাহাড় নষ্ট হয়েছে তাঁর উন্নয়ন করা হবে। এসব বাস্তবায়ন করতে ৩ থেকে ৪ বছর সময় লাগবে। রোহিঙ্গারা আসায় যে বনাঞ্চল নষ্ট হয়েছে তা উন্নয়নে কাজ করা হবে।’ সত্যজিত বলেন, এই দুই প্রকল্প প্রথমবারের মতো প্রধানমন্ত্রী প্রজেক্ট প্লানিং সিস্টেম (পিপিএস) সফটওয়্যারের মাধ্যমে অনুমোদন করেছেন, যা পরিকল্পনা কমিশনের কার্যক্রমকে আরও গতিশীল করবে। প্রধানমন্ত্রী এই দুই প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ভাবন মানসিকতা প্রদর্শন এবং আন্তরিকভাবে কাজ করতে বলেছেন।   একনেকে অনুমোদিত অন্যান্য প্রকল্পগুলো হচ্ছে- চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার কর্ণফুলী নদী এবং সংযুক্ত খালসমূহের বিভিন্ন স্থানে ভাঙন রোধকল্পে তীর সংরক্ষণ কাজ প্রকল্প। দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী ও আনোয়ারা উপজেলায় টেকসই পানি ব্যবস্থাপনা প্রকল্প। নওগাঁ জেলার মহদেবপুর উপজেলায় ৪৮০০০ মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন চালের আধুনিক স্টিল সাইলো নির্মাণ প্রকল্প। রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প- ‘টেকনিক্যাল অ্যাসিসটেন্স ফর রিপারপাসিং অব এগ্রিকালচারাল পাবলিক সাপোর্ট টুওয়ার্ডস এ সাসটেইনেবল ফুড সিস্টেম ট্রান্সফরমেশন ইন বাংলাদেশ’ প্রকল্প। বিআইডব্লিউটিসি’র জন্য ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান সংগ্রহ এবং ২টি স্লিপওয়ে নির্মাণ প্রকল্প। কুমিল্লা-লালমাই-চাঁদপুর-লক্ষ্মীপুর-বেগমগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বেগমগঞ্জ চৌরাস্তা এবং বেগমগঞ্জ-সোনাইমুড়ী-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ৪ লেন সড়ক উন্নয়ন প্রকল্প এবং বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর এ পানি শোধনাগার ও গভীর নলকূপ স্থাপন প্রকল্প।

Read More »

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নতুন সচিব

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব হয়েছেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) রেক্টর (সচিব) মো. আশরাফ উদ্দিন। সোমবার (২৭ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ ৩০ মে থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Read More »

শপথ নিলেন রংপুর বিভাগের উপজেলা পরিষদের নবনির্বাচিত ৫৭ প্রতিনিধি

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম দফার রংপুর বিভাগের ১৯ উপজেলার ৫৭ জন নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানের শপথ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ মে) সকাল ১০ টায় রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে এই শপথ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্ব-স্ব উপজেলার নবনির্বাচিত প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেন। উল্লেখ্য, গত ৮ মে সারাদেশের ন্যায় রংপুর বিভাগের ১৯ উপজেলায় ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এতে উপজেলা চেয়ারম্যান পদে ১৯ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১৯ এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ১৯ জনসহ মোট ৫৭ জন প্রতিনিধি নির্বাচিত হয়।

Read More »

রংপুরে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) রংপুর জেলা কার্যালয়ের আয়োজনে ও রংপুর জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ১০ দিন ব্যাপী রংপুরে বিসিক উদ্যোক্তা মেলা ২০২৪ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত। গতকাল (২৮ মে) মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে ফিতা কেটে ও বেলুন ফেস্টেুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন । অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার উত্তম কুমার, বিসিক পরিচালক (অর্থ) যুগ্ম সচিব মোঃ রেজাউল আলম সরকার, রংপুর জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ রেজাউল ইসলাম মিলন, নাসিব রংপুর জেলার সভাপতি মোঃ রাকিবুল হাসান, রংপুুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুল হামান রুমি, বিসিক রংপুর জেলা কার্যালয়ের উপ মহাব্যাবস্থাপক মোঃ এহছানুল হক সহ অন্যান্য অতথিবৃন্দ। মেলায় মোট স্টল ৬০টি।

Read More »

সংসদ সচিবালয় কমিশনের ৩৫তম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৮মে, ২০২৪ খ্রি: জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ সচিবালয় কমিশনের ৩৫তম বৈঠক আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বৈঠকে যোগদান করেন। এছাড়া অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি এবং সংসদের বিরোধীদলীয় নেতা জিএম কাদের এমপি বৈঠকে অংশগ্রহণ করেন। জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগদান করেন। বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদের ২০২৩-২০২৪ অর্থবছরে সংশোধিত বাজেট পরিচালন ও উন্নয়ন খাতে ৩ শত ২৪ কোটি ৬৭ লক্ষ ২১ হাজার টাকা, ২৪-২৫ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন খাতে ৩ শত ৪৭ কোটি ১৩ লক্ষ টাকা প্রস্তাবিত বাজেট প্রাক্কলন, ২৫-২৬ অর্থবছরে ৩ শত ৮২ কোটি ৭৬ লক্ষ টাকা এবং ২৬-২৭ অর্থবছরে ৪ শত ২০ কোটি ৯৭ লক্ষ টাকার বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়। বৈঠকের শুরুতে বিগত ৩৪তম সংসদ সচিবালয় কমিশন বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করার পাশাপাশি গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদনের উপর আলোচনা হয়। এছাড়া সংসদ সচিবালয়ের চলমান প্রকল্পসমূহের অগ্রগতি বিষয়ে বৈঠকে আলোচনা হয়। বৈঠকে আলোচ্যসূচী উপস্থাপন করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম।

Read More »