সর্বশেষ
সর্বশেষ

Day: July 31, 2024

সাড়ে ৬ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা ডিএসসিসির

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৩১ জুলাই, ২০২৪ খৃ : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ৬ হাজার ৭৬০ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে। আজ বুধবার ডিএসসিসির মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এই বাজেট ঘোষণা করেন। নতুন অর্থবছরের বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ১ হাজার ৩৯৯ কোটি ১৮ লাখ টাকা। সেখানে অন্যান্য আয় ১০৪ কোটি ৭৫ লাখ টাকা। সরকারি থোক ও বিশেষ বরাদ্দ ৭০ কোটি এবং মোট সরকারি ও বৈদেশিক উৎস থেকে আয় ধরা হয়েছে ৪ হাজার ৩৬৩ কোটি টাকা। অন্যদিকে ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেটে মোট পরিচালন ব্যয় ধরা হয়েছে ৫৫৩ কোটি ৬০ লাখ টাকা। সেখানে অন্যান্য ব্যয় ১৫ কোটি ২ লাখ টাকা ধরা হয়েছে। এছাড়া ডিএসসিসির নিজস্ব অর্থায়নে উন্নয়ন ব্যয় ১ হাজার ৫ কোটি ৩১ লাখ টাকা, সরকারি ও বৈদেশিক সহায়ক উন্নয়ন ব্যয় ৪ হাজার ৩৬৩ কোটি টাকা, মোট উন্নয়ন ব্যয় ৫ হাজার ৩৬৮ কোট ৩১ লাখ টাকা এবং সমাপনী স্থিতি ধরা হয়েছে ৮২৩ কোটি ৮১ লাখ টাকা। এর আগে ২০২৩-২০২৪ অর্থবছরে ৬ হাজার ৭৫১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা করেছিল ডিএসসিসি। ২০২৪-২০২৫ অর্থবছরে জলাবদ্ধতা নিরসনে ১০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে ডিএসসিসি। এছাড়া জলাবদ্ধতা নিরসনে পানির পাম্প ক্রয় ও স্থাপনে আরও এক কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। নতুন অর্থবছরে মশক নিধনে ৪৪ কোটি ৪৭ লাখ টাকা বরাদ্দ রেখেছে ডিএসসিসি। ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি অর্থবছরে মশা নিধনে ব্যবহৃত কীটনাশক কিনতে ৪০ কোটি টাকা ব্যয় করবে সংস্থাটি। এছাড়া ফগার, হুইল, স্প্রে মেশিন ও পরিবহনে ব্যয় হবে ৩ কোটি ৭৫ লাখ টাকা। পাশাপাশি ব্লিচিং পাউডার ও জীবানুনাশক কিনবে আরও ৫০ লাখ টাকায়। সবশেষ মশক নিয়ন্ত্রণ যন্ত্রপাতি কেনা হবে ৫০ লাখ টাকার।

Read More »

রংপুরে নাশকতা রুখতে দলীয় কার্যালয়ে আ’লীগ নেতা কর্মীদের অবস্থান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে নাশকতা ও সহিংসতা রুখতে দলীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। বুধবার (৩১ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর বেতপট্টিতে জেলা আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গনে অবস্থান নেন শতাধিক নেতাকর্মী। এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী, আনোয়ারুল ইসলাম,জয়নাল আবেদীন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাছিমা জামান ববি, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু, জেলা আওয়ামী লীগের সদস্য ওয়াজেদুল ইসলাম, আবু তালহা বিপ্লব, জাসেম বিন জুম্মন, জিন্নাত হোসেন লাভলু, আতিক ঊল আলম কল্লোল, ওয়াশিমুল বারী শিমু সহ জেলা ও মহানগর ছাত্রলীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

প্রাথমিক বিদ্যালয় খুলছে ৪ আগস্ট, বন্ধ থাকছে ১২ সিটি কর্পোরেশনের শিক্ষাপ্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৩১ জুলাই, ২০২৪ খৃ : আগামী ৪ আগস্ট রোববার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় চালু হচ্ছে। নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী চলবে শ্রেণি কার্যক্রম। এছাড়া পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে ১২ সিটি করর্পোরেশন ও নরসিংদী জেলার পৌর এলাকার প্রাথমিক বিদ্যালয়সমূহ। আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন্নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রাথমিক ও গণশিক্ষা  মন্ত্রণালয়ের আওতাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় লানিং সেন্টারগুলো আগামী ৪ আগস্ট থেকে শ্রেণি কার্যক্রম অনুমোদিত সময়সূচি অনুযায়ী চালু হবে। সব জেলায় চলমান কারফিউয়ের সময়সীমা বিবেচনায় রেখে শিখন-সময় সমন্বয়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্থানীয় বাস্তবতার আলোকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Read More »

রংপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: “ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই স্লোগনকে সামনে রেখে রংপুর জেলা প্রশাসন ও রংপুর মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১২টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যালয়ের চারপাশে প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধনী আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে বক্তব্য রাখেন, মৎস্য অধিদপ্তর রংপুর বিভাগীয় উপ পরিচালক মোঃ সাইফুদ্দিন ইয়াহিয়া সহ অন্যান্য অতিথিবৃন্দ। পরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য উৎপাদনে অবদান রাখায় পুরস্কার প্রদান করা হয়। এসময় রংপুরের জেলা ও মহানগর মৎস্যজীবিলীগের নেতাকর্মী ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং মৎস্য উৎপাদনের সাথে সম্পৃক্তগণ উপস্থিত ছিলেন।

Read More »

জামাত শিবির নিষিদ্ধ হলে সামনের দিনগুলো হবে শঙ্কার…জিএম কাদের

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা জিএম কাদের এমপি বলেছেন, এই মুহুর্তে দেশের পরিস্থিতি অস্থিতিশীল। এই সময়ে যদি মাঠে জামাত-শিবিরের জনপ্রিয়তা ও গ্রহনযোগ্যতা থাকে, তাহলে তাদের রাজনীতি নিষিদ্ধ করা হলে সামনের দিনগুলো খুব একটা ভালো যাবে না বলে মন্তব্য করেছেন। এরকম হলে সেই সাথে রাজনীতিতে আরো শঙ্কা বাড়বে বলে জানান তিনি। বুধবার (৩১ জুলাই) বিকেলে রংপুর সার্কিট হাউসে ৩ দিনের সফরে এসে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। জিএম কাদের বলেন, কোটা আন্দোলনে সরকার ও সরকারি দল রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেছে। রাষ্ট্র আমাদের সকলের। রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী রাষ্ট্রের সম্পদ। যে রাষ্ট্রযন্ত্র রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা দেয়ার কথা। সেখানে রাষ্ট্রযন্ত্র নাগরিকদের নিরাপত্তা না দিয়ে সরকারকে বাঁচাতে নির্বিচারে গুলি বর্ষণ করলো। হ্যালিকপ্টার থেকে গুলি করা হয়েছে, বহুতল ভবন থেকে গুলি করা হয়েছে। এতে অনেক নিরীহ মানুষ মারা গেছে। শিশু মারা গেছে। যারা মারা গেছে, সরকার এখন পর্যন্ত তাদের সন্ত্রাসী প্রমাণ করতে পারেনি। এখানে আমার প্রশ্ন, এই নির্বিচারে গণহত্যা চালালো কেন? সরকার যদি সন্ত্রাসীদের দমন করতে চায়, তাহলে আগে থেকে চিহ্নিত করে দমন করতে পারতো। আাকাশ থেকে হ্যালিকপ্টারে করে গুলি বর্ষণে কে নিরীহ মানুষ, কে সন্ত্রাসী কিভাবে চিহ্নিত হবে। তার সাথে সরকারের পেটুয়া বাহিনী ভীতিকর পরিস্থিতি তৈরী করেছে। সেই ভীতিকর পরিস্থিতি অবস্থা তৈরী করে দম পীড়ন করে নিজেদের কথা চাপিয়ে দেয়া। এখনও সেই ভীতিকর পরিস্থিতি রয়েছে। এসময় জিএম কাদের দুঃখ করে বলেন, প্রতিরক্ষাবাহিনী রাষ্ট্রের সম্পদ। যারা দেশকে রক্ষা করবে, অথচ তারা আজকে জনগণের দিকে বন্ধুক তাক করে আছে। যা খুবই দু:খজনক। তিনি আরো বলেন, কোটা আন্দোলনের সময়ে ঘটে যাওয়া ঘটনায় বিদেশে দেশের ভাবমুর্তি চরমভাবে নষ্ট করেছে। এমনিতে দেশের অর্থনৈতিক অবস্থা নাজুক। সরকার দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি না করে বরং রাজনৈতিক অস্থিরতাকে করে দেশের অর্থনৈতিক অবস্থা নাজুক করছে। এতে আরো রাজনৈতিক অস্থিরতা বাড়বে। ধরপাকড় হবে। দেশের একটি দুষ্টুচক্র তৈরী হয়েছে। এই দুষ্টুচক্রের হাত থেকে খুব সহজে রেহাই মিলবে না। তাই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে এই অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। তা না হলে সহজে এই সংকট দূর হবেনা। দিন যত যাবে ততই বাড়বে সংকট। এসময় রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারন সম্পাদক এসএম ইয়াছির, কেন্দীয় জাপার সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবুসহ দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Read More »

মহানগর জাতীয় শ্রমিক লীগের অফিস ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ ব্যাপী বিএনপি জামাত শিবিরের নৈরাজ্য, আগুন সন্ত্রাস ও রংপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের অফিস কার্যালয় ভাংচুর ও লুটপাটের ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে মহানগর জাতীয় শ্রমিকলীগ । গতকাল (৩১ জুলাই) বুধবার বেলা ১২টায় নগরীর চাউল আমোদ রোড কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রংপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এম এ মজিদ। তিনি বলেন, গত ১৮ জুলাই বিকাল সোয়া ৫টায় বিএনপি জামাতের সন্ত্রাসীরা আমার মহানগর জাতীয় শ্রমিক লীগের অফিস কার্যালয় ভাংচুর ও লুটপাট করে। এতে আমার প্রায় ২১ লক্ষ টাকার মালামাল ক্ষতি সাধন হয়। এ ঘটনায় গত ২৭ জুলাই আমার সংগঠনের সদস্য শাহজাহান বাদীয় হয়ে ২৮ জনকে আসামী করে ও ২১ লক্ষ টাকা ক্ষতি উল্লেখ করে আরপিএমপি কোতয়ালী থানায় একটি এজাহায় দায়ের করে। আমি এই হামলার ঘটনার সাথে জরিতদের দ্রুত গ্রেফতার, মালামাল উদ্ধার ও দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে সরকার ও প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করছি । এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের সভাপতি খন্দকার আকমল হোসেন, সহ সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন, মোঃ জাকির হোসেন কাঞ্চন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মধু মিয়া, সাংগঠনিক সম্পাদক এমএ মালেক মুকুল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

ভ্যাট এলটিইউ’র ৭৩ হাজার ৬৬০ কোটি টাকার রেকর্ড রাজস্ব আয়

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :  ঢাকা, ৩১ জুলাই, ২০২৪ খৃ : ভ্যাটের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) সদ্যবিদায়ী ২০২৩-২৪ অর্থবছরে রেকর্ড পরিমাণ ৭৩ হাজার ৬৬০ কোটি টাকার রাজস্ব আয় করেছে। যা এর আগের বছরের তুলনায় প্রায় ২৬ শতাংশ বেশি। এলটিইউর ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব আয়ের পরিমাণ ছিলো ৫৮ হাজার ৫৬৬ কোটি টাকা। এলটিইউ’র (ভ্যাট) অতিরিক্ত কমিশনার আব্দুল রশীদ মিয়া বলেন, ‘সিগারেট কোম্পানিগুলো থেকে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আহরণ, অভ্যন্তরীণ নিরীক্ষা কার্যক্রম জোরদার এবং বিকল্প বিরোধ নিস্পত্তি (এডিআর) থেকে রেভিনিউ আসায় গতবছর রাজস্ব আয় বেড়েছে। এর পাশাপাশি গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় পেট্রোবাংলা থেকে তুলনামূলক বেশি রাজস্ব পাওয়া গেছে। তিনি বলেন, সিগারেট খাত থেকে রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যে এখাতে বেশ কিছু নীতি সহায়তা প্রদান করা হয়। যার ফলে এখাতে রাজস্ব আদায় বেড়েছে। গত অর্থবছরে এলটিইউর (ভ্যাট) সর্বোচ্চ রাজস্ব এসেছে সিগারেট খাত থেকে। এই খাতের রাজস্ব আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ হাজার ৫১৫ কোটি টাকা। এর মধ্যে দেশের বৃহৎ সিগারেট উৎপাদন ও বাজারজাতকারি বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ভ্যাট প্রদান করেছে ৩৩ হাজার ২৩৫ কোটি টাকা। অপর কোম্পানি জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল (জেটিআই) থেকে রাজস্ব পাওয়া গেছে ২ হাজার ২৮০ কোটি টাকা। চার মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণ ফোন, রবি, বাংলালিংক এবং টেলিটক থেকে রাজস্ব পাওয়া গেছে ১০ হাজার কোটি টাকা। এছাড়া পেট্রোবাংলা রাজস্ব প্রদান করেছে ৯ হাজার ৬২২ কোটি টাকা। উল্লেখ্য, গত ২০২৩-২৪ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভ্যাট, আয়কর ও আমদানি-রপ্তানি শুল্ক কর মিলে মোট রাজস্ব আদায় করেছে ৩ লাখ ৮২ হাজার ৫৬২ কোটি টাকা। এর মধ্যে ভ্যাট থেকে আয় এসেছে ১ লাখ ৫০ হাজার ৭১৭ কোটি টাকা। বর্তমানে দেশের ১১০টি বৃহৎ করদাতা প্রতিষ্ঠানের ভ্যাট, সম্পূরক শুল্ক ও আবগারি শুল্ক সংক্রান্ত কার্যক্রম এলটিইউয়ের অধীনে পরিচালিত হয়।

Read More »

সহিংসতার সুষ্ঠু তদন্তে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৩১ জুলাই ২০২৪ (বাস) প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতার ঘটনার সুষ্ঠু তদন্ত করতে জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কাছে সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, ‘আমরা জাতিসংঘের কাছেও আবেদন করেছি, আন্তর্জাতিকভাবেও বিভিন্ন সংস্থা রয়েছে দেশে-বিদেশে তাদের কাছেও আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত হোক এবং যারা এতে দোষী তাদের সাজার ব্যবস্থা হোক।’ শেখ হাসিনা আরও বলেন, ‘কারণ, আমি জানি এতে আমার কোন ঘাটতি ছিলনা।’ প্রধানমন্ত্রী আজ সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় মৎস সপ্তাহ-২০২৪’ এর উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, এই ঘটনার তদন্তে আমরা ইতোমধ্যেই বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। কারণ, দাবির অপেক্ষা আমি রাখিনি। তার আগেই বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে দিয়ে দিয়েছি । শেখ হাসিনা বলেন, আগে একজন বিচারপতি দিয়ে তদন্ত কমিটি করে দিয়েছিলাম। এখন আরো দুইজন লোকবল বৃদ্ধি করে তাদের তদন্তের পরিধি আরো বাড়ানোর জন্য তাঁর নির্দেশ প্রদানের কথাও জানান তিনি। তিনি বলেন, সেইসঙ্গে আমরা জাতিসংঘের কাছেও আবেদন করেছি, আন্তর্জাতিকভাবেও বিভিন্ন সংস্থা রয়েছে দেশে-বিদেশে তাদের কাছেও আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত হোক এবং যারা এতে দোষী তাদের সাজার ব্যবস্থা হোক। তিনি বলেন, কারণ আমি জানি এতে আমার কোন ঘাটতি ছিলনা। শেখ হাসিনা বলেন, যারা আলোচনায় বসেছিল (আন্দোলনকারি) তাদের সঙ্গে বার বার আলোচনা করেছি এবং তাদের দাবি মেনে নিয়েছি। দাবি মানবো কী যেটা আমিই বাতিল করে দিয়েছি। এটাতো আমারই (কোটা বাতিলের প্রজ্ঞাপন) ইস্যু করা। আপিল করা হয় আপিল বিভাগে এবং সেখানে হাইকোর্টের রায় (কোটা বাতিলের প্রজ্ঞাপন বাতিল) স্থগিত করে দিয়ে আপিল বিভাগ পূর্ণাঙ্গ শুনানির তারিখ নির্দিষ্ট করে দেয়। কাজেই কোটা না থাকায় আমার জারি করা প্রজ্ঞাপনটাই আবার কার্যকর হয়। পরে আপিল বিভাগে থেকে সেটার রায়ও দিয়ে দেওয়া হয়। প্রধানমন্ত্রী বলেন, এই আন্দোলনের নামে যে সমস্ত ঘটনা ঘটেছে, ধবংসাত্মক কাজ করা হয়েছে তাতে অনেকগুলো তাজা প্রাণ ঝরে গেছে। তিনি বলেন, জানি না অপরাধটা কী ছিল আমার? যে ইস্যুটা নেই সেটা নিয়ে আন্দোলনের নামে এই ধ্বংসাত্মক কার্যকলাপ করে দেশের অর্জনকে নষ্ট করা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করাতে কে কী অর্জন করলো সেটাই আমার প্রশ্ন? সরকার প্রধান বলেন, তাঁর কাছে ক্ষমতা কোন ভোগের বস্তু নয়, তিনিতো আরাম আয়েশ করার জন্য ক্ষমতায় অসেন নি। দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন দেশকে একটু উন্নত করতে। যেটা তিনি সফলভাবে করতে পেরেছিলেন। ‘আজকে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। সেই মর্যাদাকে কেন নষ্ট করা হলো?’ সে প্রশ্ন উত্থাপন করে এর বিচারের ভার তিনি দেশবাসীর কাছে দিয়ে দেন। ’৮১ সালে বাংলাদেশে আসার পর থেকে গুলি, বোমা পুঁতে রেখে গ্রেনেড হামলা করে তার ওপর বহুবার হত্যা প্রচেষ্টার প্রসঙ্গ উল্লেখ করে সরকার প্রধান বলেন, ‘আমিতো জীবনের পরোয়া করিনি। দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে হবে। দেশকে দারিদ্র মুক্ত করার পাশাপাশি ভূমিহীন-গৃহহীনকে বিনামূল্যে ঘর করে দেওয়া, অন্ন বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থার পাশাপাশি বিভিন্ন অবকাঠামো নির্মাণ করে মানুষের জীবন যাপনকে আরো সহজ করে দেওয়াই তাঁর লক্ষ্য ছিল। কিন্ত যেসব জিনিষগুলো মানুষকে সেবা দেয় সেগুলোই হামলাকারিদের লক্ষ্যবস্তুতে পরিণত হলো। শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে বলেন, ‘একটা ঘটনা ঘটিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করে দেশকে পিছনে টেনে নেওয়ার এই চক্রান্তে যারা জড়িত সেটা আপনাদের খুঁজে বের করা উচিত।’ তিনি বলেন, ঐ ’৭১ এ যারা পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর ছিল তাদের চক্রান্ত বারবার আমাদের দেশকে পিছিয়ে নিয়ে গেছে। এটা হচ্ছে সব থেকে কষ্টের, সবচেয়ে দুঃখের। জাতির পিতার কন্যা বাষ্পরুদ্ধ কন্ঠে বলেন, আমি যেহেতু স্বজন হারিয়েছি। স্বজন হারাবার বেদনা আমি বুঝি। তাই যারা আপনজন হারিয়েছেন তাদের প্রতি আমার সহমর্মিতা জানাচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, তারা গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করেছে। স্থাপনা যে ধ্বংস করেছে সেগুলোতো পুনর্গঠন করা যাবে কিন্তু যে প্রাণগুলো ঝরে গেল সেগুলোতো আমরা আর ফিরে পাব না। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ৭টি ক্যাটাগরিতে ২২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে ‘জাতীয় মৎস পদক-২০২৪’ প্রদান করেন। পুরস্কার হিসেবে ৬টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ৮টি ব্রোঞ্জ পদক, সম্মাননা স্মারক এবং পুরস্কারের অর্থ প্রদান করা হয়। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে জেলেদের মধ্যে স্মার্ট আইডি কার্ডও বিতরন করেন। ২২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের পাশাপাশি মৎস চাষে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রধানমন্ত্রীকেও অনুষ্ঠানে স্বর্ণপদক প্রদান করা হয়। দেশের মৎস খাতের উন্নয়নের ওপর একটি প্রামান্য চিত্র অনুষ্ঠানে প্রদর্শন করা হয়। মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সংশ্লিস্ট মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দার স্বাগত বক্তৃতা করেন। মৎস অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ আলমগীর পুরস্কার প্রদান পর্বটি সঞ্চালনা করেন। প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলার সময়ই জাতির পিতা এদেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য যেমন কৃষি গবেষণা ও কৃষি উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নিয়েছিলেন, পাশাপাশি, জনগণের পুষ্টির অধিকারও নিশ্চিত করার পদক্ষেপ নিয়েছিলেন। জাতির পিতার বক্তব্যকে উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বলেন, তিনি বলেছিলেন, ‘মাছ হবে বাংলাদেশের দ্বিতীয় বৈদেশিক মুদ্রা অর্জনকারি সম্পদ।’   শেখ হাসিনা বিস্তীর্ণ সামুদ্রিক এলাকার গভীর সমুদ্র থেকে মাছ আহরণে বেসরকারি খাতকে বিনিয়োগের আমন্ত্রণ জানিয়ে বলেন, গভীর সমুদ্রে মৎস ও সমুদ্র সম্পদ আহরণে যতরকম সুযোগ সুবিধা লাগে তার ব্যবস্থা সরকার করবে। কারণ, এটা আমাদের কাজে লাগবে।  পাশাপাশি, দেশিও প্রজাতির মাছ যাতে বৃদ্ধি পায় সে গবেষণার ওপর তিনি গুরুত্বারোপ করে বলেন, মিঠাপানির মাছ উৎপাদনে বাংলাদেশ এখন বিশে^ তৃতীয় স্থানে রয়েছে। ইলিশ উৎপাদনে প্রথম ও তেলাপিয়া উৎপাদনে ৪র্থ স্থানে রয়েছে এবং সরকারের উদ্যোগ রয়েছে দেশের গ্রামাঞ্চলের পরিত্যক্ত জলাভূমিগুলোকে কাজে লাগিয়ে মৎস উৎপাদন বাড়ানোর। পাশাপাশি, বদ্ধ জলাশয়ে চাষের মাছ উৎপাদনে বাংলাদেশ ধারাবাহিকভাবে ৫ বছর বিশে^ পঞ্চম স্থান ধরে রেখেছে।  তিনি সংশ্লিষ্ট মহলকে আরো উদ্যোগী হয়ে এই অবস্থানকে আরো এগিয়ে নিয়ে আসার আহ্বান জানান এবং বলেন, মাছ চাষীরা যাতে মাছের ন্যায্যমূল্য পেতে পারে সে পদক্ষেপও সরকার ইতোমধ্যে নিয়েছে। তিনি মাছ ও মৎসজাত পণ্য রপ্তানিতে ভ্যালু এডেড করার বিষয়েও গুরুত্বারোপ করে মৎস প্রক্রিয়াজাতকরণ শিল্পে বেসরকারি উদ্যোক্তাদেরও এগিয়ে আসার আহ্বান জানান। দেশে তিনটি টেস্টিং ল্যাবরেটরি প্রতিষ্ঠাসহ মৎস খাতের উন্নয়নে তাঁর সরকারের বিভিন্ন উদ্যোগের প্রসঙ্গ টেনে সরকার প্রধান বলেন, এগুলো শুধু আমাদের দেশের মানুষের পুষ্টির চাহিদাই পূরণ করবে না, জীবন-জীবিকার মানও উন্নত করবে এবং আমরা রপ্তানীর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশকে আরো সামনের দিকে নিয়ে যেতে পারবো। তিনি বলেন, আমি এটুকুই বলবো, বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে এবং এই ধারাটা যেন অব্যাহত থাকে। সেজন্য আপনাদের সকলের সহযোগিতা চাই।

Read More »