সর্বশেষ
সর্বশেষ

Day: September 24, 2024

বাংলাদেশকে পূর্ণ সমর্থন জানালেন জো বাইডেন

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৪ খৃ : বাংলাদেশ সরকারকে ‘পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আজ মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।  এ সময় বাইডেন তার সরকারের এই সমর্থন ব্যক্ত করেন। বৈঠকে ড. ইউনূস বিগত সরকারের আমলে সকল ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। অধ্যাপক ড. ইউনূস জোর দিয়ে বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। এসময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যেকোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন। প্রেসিডেন্ট বাইডেন বলেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে, তাহলে তাদেরকেও (যুক্তরাষ্ট্র সরকার) পূর্ণ সহযোগিতা করা উচিত। বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন ও এরপর বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি-সংবলিত ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ শীর্ষক আর্টবুক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দেন।

Read More »

জুলাই ও আগস্ট অভ্যুত্থানে শহিদ ৭০৮ জনের নামের খসড়া তালিকা প্রকাশ

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভযেস টোয়েন্টিফোর মিডিয়া :    ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৪ খৃ : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও জেলা পর্যায় থেকে সংগৃহীত শহিদদের নামের খসড়া তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। প্রাথমিকভাবে তালিকায় ৭০৮ জন শহিদের পরিচয় জমা হয়েছে। পরবর্তীতে এ সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানানো হয়েছে। আজ মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, চলতি বছরের জুলাই-আগস্টে সরকারি-বেসরকারি হাসপাতাল ও জেলা পর্যায় হতে সংগৃহীত তথ্যের ভিত্তিতে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদদের নামের খসড়া তালিকা মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইট (www.hsd.gov.bd) এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dghs.gov.bd) প্রকাশ করা হয়েছে। তথ্য সংশোধন বা সংযোজন করার জন্য ওয়েবসাইটে প্রকাশিত তালিকাটি ২৩ সেপ্টেম্বর থেকে আগামী ৬ অক্টোবর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তালিকায় প্রকাশিত নাম, ঠিকানা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য যাচাই, সংশোধন, পূর্ণাঙ্গ করতে শহিদ পরিবারের সদস্য, ওয়ারিশ, প্রতিনিধিগণকে অনুরোধ করা হয়েছে। প্রকাশিত তালিকার বিষয়ে কারো কোনো মতামত, পরামর্শ এবং নতুন কোনো তথ্য-উপাত্ত সংযোজন করার মতো বিষয় থেকে থাকলে তা সেবা গ্রহণকৃত সংশি¬ষ্ট হাসপাতাল অথবা নিকটস্থ সরকারি হাসপাতালে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।  প্রকাশিত তালিকার তথ্য সংশোধনের জন্য নিন্মরূপ পদক্ষেপ গ্রহণ করতে হবে:    ১.শহীদ পরিবারের সদস্য বা ওয়ারিশ বা প্রতিনিধিগণকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা জন্মনিবন্ধন ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। ২. রেজিস্ট্রেশনের পর শহীদ ব্যক্তির তথ্য ডাউনলোড ও প্রিন্ট করতে হবে।  ৩.প্রিন্ট করা কাগজের যে ঘরগুলোতে তথ্য নেই, সেগুলো পূরণ করতে হবে।  ৪.পূরণকৃত তথ্য নিয়ে সেবা গ্রহণকৃত সংশি¬ষ্ট হাসপাতাল অথবা নিকটস্থ সরকারি হাসপাতালে গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তথ্য সংশোধনে সহায়তা করবে।  ৫.প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি শহীদ পরিবারের সদস্য বা ওয়ারিশ বা প্রতিনিধি কর্তৃক পূরণকৃত ফরমটি জমা নিয়ে অনলাইনে তথ্যগুলো হালনাগাদ করবেন। ৬.দাখিলকৃত তথ্য যথাযথভাবে সন্নিবেশিত বা সংশোধিত হল কিনা তা ওয়েবসাইটে প্রবেশ করে পুনরায় যাচাই করা যাবে।  বিজ্ঞাপ্তিতে আরও বলা হয়, সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহিদদের মধ্যে যদি কারো নাম এই তালিকায় অন্তর্ভুক্ত না হয়ে থাকে তাহলে শহিদ পরিবারের সদস্য বা ওয়ারিশ বা প্রতিনিধিগণকে উপযুক্ত প্রমাণসহ সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা সিভিল সার্জন বা উপজেলা নির্বাহী অফিসার বা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। 

Read More »

বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটির সদস্য হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

সুপ্রিমকোর্ট রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার বিষয়ে গঠিত ‘এনরোলমেন্ট কমিটির’ সদস্য মনোনীত হয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বার কাউন্সিল ভবনে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ও পদাধিকারবলে বার কাউন্সিলের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান। এছাড়াও নির্বাচিত সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দীন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রমুখ। সভায় বার কাউন্সিলের ভবন নির্মাণে অনিয়ম-দুর্নীতিসহ সার্বিক একটা পর্যালোচনা/নিরীক্ষণ কমিটি হয়েছে। জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, রাগীব রউফ চৌধুরী, শিশির মনিরসহ কয়েকজনকে উক্ত কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, সভায় আওয়ামী লীগ সমর্থিত নির্বাচিত ১০ প্রার্থীর কেউই উপস্থিত ছিলেন না।

Read More »

নার্সিং অধিদপ্তর প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের প্রত্যাহার দাবি নয়তো কর্মবিরতি

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের প্রত্যাহার করে অনতিবিলম্বে উচ্চশিক্ষিত, দক্ষ, অভিজ্ঞ ও যোগ্য নার্সদের মধ্য থেকে মহাপরিচালক, পরিচালক ও কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদে পদায়ন করার দাবি জানিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ। আগামী তিন কর্মদিবসের মধ্যে এগুলো বাস্তবায়ন না করা হলে সারা দেশে নার্স ও মিডওয়াইফরা সর্বাত্মক কর্মবিরতি দিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন পরিষদের নেতারা। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন পরিষদের আহ্বায়ক ড. মো. শরিফুল ইসলাম।  তিনি বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং কাউন্সিলের দায়িত্বশীল পদগুলোতে অধিষ্ঠিত হয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা অব্যাহতভাবে নার্স ও মিডওয়াইফদের তুচ্ছ-তাচ্ছিল্য করে আসছেন। এছাড়া, নার্স-মিডওয়াইফরা মাঝে মাঝে ওইসব কর্মকর্তাদের মাধ্যমে কটাক্ষের শিকার হয়ে থাকেন। নার্সিং বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকার কারণে এই কর্মকর্তারা প্রায়ই নার্সদের উচ্চশিক্ষা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও অবজ্ঞা করে থাকেন। তিনি আরও বলেন, গত ৮ সেপ্টেম্বর একজন বদলি প্রার্থী নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি নার্সদের পেশা এবং তাদের চাকরি সম্পর্কে কটূক্তি করেন। তিনি নার্সদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা দেওয়া ভুল হয়েছে বলেও মন্তব্য করেন। শরিফুল ইসলাম বলেন, মাকসুরা নূরের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে দেশের নার্স ও মিডওয়াইফরা ক্ষোভে ফেটে পড়েন। পরবর্তী সময়ে সব স্তরের নার্স ও মিডওয়াইফদের প্রতিনিধিত্বে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ গঠন করা হয়। প্রশাসন ক্যাডারদের প্রত্যাহারপূর্বক নার্স ও মিডওয়াইফদের পদায়নের লক্ষ্যে এক দফা দাবি আদায়ে গত ৯ সেপ্টেম্বর হতে আন্দোলন করা হচ্ছে। তিনি বলেন, হাসপাতালে রোগীর সেবা অক্ষুণ্ন রেখে নার্স ও মিডওয়াইফরা উল্লিখিত কর্মসূচি পালন করলেও অদ্যাবধি সরকারের পক্ষ থেকে এই যৌক্তিক এক দফা দাবি সম্পূর্ণরূপে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়নি। একটি বিষয়ে  স্বাস্থ্য উপদেষ্টাকে ধন্যবাদ জানাতে চাই যে, নার্স-মিডওয়াইফদের দাবির পরিপ্রেক্ষিতে নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে রেজিস্ট্রার পদে সাময়িকভাবে একজন অবসরপ্রাপ্ত নার্সিং কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করেছেন। আমরা পরিস্কারভাবে জানিয়ে দিতে চাই, নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের উত্থাপিত ন্যায়সংগত দাবিটি দেশের সব নার্স ও মিডওয়াইফের প্রাণের দাবি। এই দাবি সম্পূর্ণরূপে বাস্তবায়নের ক্ষেত্রে দেশের নার্স মিডওয়াইফরা কোনো প্রকার ছাড় দেবে না। সংবাদ সম্মেলনে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের সদস্য সচিব ড. মোহাম্মদ নুরুল আনোয়ার, ড. মো. মফিজুল্লাহসহ প্রায় শতাধিক নার্স উপস্থিত ছিলেন।

Read More »

নিউইয়র্কে ইউনূস ও বাইডেনের বৈঠক মঙ্গলবার 

কূটনৈতিক প্রতিবেদক / দ্যা ণিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : নিউইয়র্ক, ২৩ সেপ্টেম্বর, ২০২৪ খৃ: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে যাচ্ছেন।  এটি হবে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের কোন সরকার প্রধানের প্রথম বৈঠক।  নিউইয়র্কের স্থানীয় সময় ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় জাতিসংঘ সদর দপ্তরে দুই দেশের সরকার প্রধান বৈঠকে মিলিত হবেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের কাউন্সিলর ফাহমিদ ফারহান বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। ঢাকা ও নিউইয়র্কের উচ্চ পর্যায়ের কূটনীতিকরা বলছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ দুই নেতার এই বৈঠক ইঙ্গিত করে যে ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে মার্কিন প্রশাসন কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায়। এর মাধ্যমে মার্কিন প্রশাসন দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার স্পষ্ট বার্তা দিচ্ছে। জো বাইডেন ও ড. ইউনূসের মধ্যকার বৈঠকে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন অধ্যায় রচনার ক্ষেত্রে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক কীভাবে আরও বাড়ানো যায় এবং অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার কার্যক্রম বাস্তবায়নে মার্কিন সহায়তার বিষয়ে দুই নেতা বিশদ আলোচনা করবেন বলে জানা গেছে। ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর মাত্র দেড় মাসের মাথায় ড. ইউনূস জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিচ্ছেন। তিনি ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন।  বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বাসসকে বলেন, শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের মত বিশ্ববরেণ্য ব্যক্তিত্বের জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেয়া এবং বাংলাদেশের হয়ে কথা বলা একটা ইতিবাচক ভুমিকা রাখবে বলে বিশ্বাস করি। তাই এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ।   বাংলাদেশের জাতিসংঘ স্থায়ী মিশনের একজন কূটনীতিক জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যেদিন সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা দেন, ওইদিন বিকেলে তিনি জাতিসংঘের অধিবেশনে আগত রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে সংবর্ধনার আয়োজন করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলার ফাঁকে কোনো দেশের শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় সাক্ষাৎ প্রায় বিরল। এখন পর্যন্ত জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কোনো বৈঠক হয়নি। বাংলাদেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে সব সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সংবর্ধনায় দেখা হয়েছে, কথা হয়েছে। এর বাইরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে মার্কিন শীর্ষ নেতার সঙ্গে বাংলাদেশের সরকার প্রধানদের কোন বৈঠক হয়নি। নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে জো বাইডেনের বৈঠকের তাৎপর্যের বিষয়ে বাংলাদেশের ওই কূটনীতিক বলেন, গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ১৫ সেপ্টেম্বর ঢাকা সফর করে গেছেন। দুই সপ্তাহের মাথায় প্রেসিডেন্ট জো বাইডেন বৈঠক করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন খাতের সংস্কারসহ বাংলাদেশের সামনের দিনের অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র যে সব ধরনের সহায়তা করবে, নিউইয়র্কের আসন্ন বৈঠক সেই ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশ সফরে আসা উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধিদল অন্তর্ভূক্তিমুলক অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রাতিষ্ঠানিক সংস্কার ও বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা বাড়ানোর আশ্বাস দেন এবং ছাত্র-জনতার গণঅভু্যৃত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে সহযোগিতার  জোরালো আশ্বাস পুনর্ব্যক্ত করেন। জো বাইডেনের সঙ্গে বৈঠকের পাশাপাশি ড. ইউনূস জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনী, কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কোফ, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই,  আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট হাংবো, জাতিসংঘ মানবাধিকার সম্পর্কিত হাই কমিশনার ভলকার টুর্কের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এ ছাড়া বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন। ড. ইউনূসের নিউইয়র্ক সফরকালের বিভিন্ন বৈঠক বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বাংলাদেশের কূটনীতিকরা। বিশেষ করে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক অর্থায়ন সংস্থাগুলো যে জোরালোভাবে যুক্ত থাকবে, এটি সেই বার্তাই দিচ্ছে। ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন।  তিনি নিউইয়র্কের স্থানীয় সময় ২৩ সেপ্টেম্বর রাত ১০ টা ১০ মিনিটে এখানে এসে পৌঁছান। এবারের অধিবেশন শুরু হয়েছে গত ১০ সেপ্টেম্বর। এ অধিবেশনে সংঘাত নিরসন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করাসহ ভবিষ্যত-কেন্দ্রিক বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

Read More »

‘৩ কোটিতে ডিসি পদায়ন’ তদন্তে কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৪ খৃ : ‘তিন কোটির ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে খতিয়ে দেখতে একসদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীকে বিষয়টি তদন্ত করতে নির্দেশ দিয়ে আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘তিন কোটির ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন’ শিরোনামে একটি পত্রিকায় প্রকাশিত চেকের সত্যতা যাচাইয়ের জন্য এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো। কমিটির কার্যপরিধিতে বলা হয়, উক্ত কমিটি চেকের সত্যতা যাচাই করে আগামী তিন দিনের মধ্যে সুস্পষ্ট মতামতসহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছ প্রতিবেদন দাখিল করবেন। তদন্ত কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবেন মন্ত্রণালয়ের সি আর-২ শাখার সিনিয়র সহকারি সচিব কে এম ইয়াসির আরাফাত। 

Read More »

“ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে মশক নিধনে কাজ করছে ৩ হাজার মশক কর্মী”

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : চলতি মৌসুমে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় মশক নিধন অভিযান বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের সকল সিটি কর্পোরেশন এবং ঝুঁকিপূর্ণ পৌরসভায় কাজ করছে ৩ হাজার ২ শত ১৪ জন মশক কর্মী। স্থানীয় সরকার বিভাগ হতে আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, চলমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় সরকার বিভাগের এক জরুরি সভায় ১০টি টিম গঠন করা হয়। যারা ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনসহ দেশের ১২টি সিটি কর্পোরেশন এবং ঝুঁকিপূর্ণ এলাকা সাভার, দোহার, তারাব, রূপগঞ্জ ও অন্যান্য পৌরসভায় মশক নিধন অভিযান কর্মসূচি বাস্তবায়ন, সমন্বয় ও নিবিড়ভাবে তদারকি করছে। তাদের প্রদত্ত তথ্য হতে পাওয়া যায, সারাদেশে আজ ১৮ হাজার ৬ শত ১১টি স্থান পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনকৃত স্থানগুলোর মধ্যে ৬ শত ৮২টি সিটি কর্পোরেশন এলাকায় এবং ৭৭ টি পৌরসভায় ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া ৯ হাজার ৩ শত ৬৫টি স্থানে মশার প্রজনন স্থল ধ্বংস ও লার্ভিসাইড স্প্রে করা হয়েছে। ড্রাম ভাঙ্গা পাত্র, নির্মানাধীন ভবন, ফুলের টব ও লিফ্টের গর্তে জমে থাকা পানি পাওয়ার কারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ৪১টি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৫টি সতর্কীকরণ নোটিশ জারি করা হয়। এছাড়া ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন এলাকায় মাইকিং, লিফলেট ও পোষ্টার বিতরণ করা হয়েছে।

Read More »

“শুরু থেকে সচেতন হলে ডেঙ্গু সংক্রমণ হ্রাস পাবে” -স্থানীয় সরকার উপদেষ্টা

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ বলেছেন, ডেঙ্গু বিষয়ক সমস্যা সম্পর্কে আমরা সবাই জানি। প্রতিবছরই এটা নিয়ে মহড়া হয়। যখনই ডেঙ্গু বাড়তে থাকে তখনই আমরা হইচই করি। নানারকম কার্যকলাপ দেখাই। কিন্তু, যদি গোঁড়া থেকেই পদক্ষেপ নেয়া থাকে, শুরু থেকে আমরা প্রত্যেকে সচেতন হই, তাহলে ডেঙ্গু সংক্রমণ হ্রাস পাবে। উপদেষ্টা আজ মঙ্গলবার সকালে পুরান ঢাকার নয়াবাজারের নবাব সিরাজউদ্দৌলা পার্ক ও আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল এন্ড কলেজ এলাকায় লার্ভা সাইডিং ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন। তিনি বলেন, ডেঙ্গুতে মৃত্যু সংখ্যা কম, এতে সন্তুষ্টি প্রকাশের কিছু নেই। সংক্রমণ হচ্ছে, এটাই আমাদের চিন্তার বিষয়। আমাদের এদিকে বেশি নজর দিতে হবে। সংক্রমণ রোধে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। একটা হল চারপাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখা, লার্ভা সাইডের মেডিসিন দেয়া, ফগিং করা। আরেকটা হল জনগণকে সচেতন করা। ডেঙ্গু নিয়ন্ত্রণে সাংবাদিকগণকে অনুসন্ধানী রিপোর্ট করার আহ্বান জানিয়ে হাসান আরিফ বলেন, আপনারা বিভিন্ন পাড়ায় বা মহল্লায় গিয়ে অনুসন্ধানী রিপোর্ট করুন। কাউন্সিলরকে প্রথমেই গিয়ে জিজ্ঞেস করুন, কেন তার এলাকা এত অপরিচ্ছন্ন। তাহলে দেখা যাবে, কাউন্সিলররাও তৎপর হবেন এবং ধাপে ধাপে পরিচ্ছন্নতাকর্মীকেও মাঠে পাওয়া যাবে। তিনি জানান, চলমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় ইতোমধ্যে ১০টি টিম গঠন করা হয়েছে। প্রতিটা টিমে তারা কাজ শুরু করে দিয়েছে। ডেঙ্গু সংক্রমণরোধে তারা প্রতিটা খুঁটিনাটি বিষয় পর্যবেক্ষণ করছেন। ঝুকিপূর্ণ এলাকাগুলোতে এই টিমগুলো কাজ করবে। এই পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এবং নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এ এইচ এম কামরুজ্জামানসহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং স্থানীয় সরকার বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Read More »

স্বাস্থ্য মন্ত্রণালয় হতে গণবিজ্ঞপ্তি প্রকাশ

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : জুলাই-আগস্ট ২০২৪ -এ সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও জেলা পর্যায় হতে সংগৃহীত ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের নামের খসড়া তালিকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইট: www.hsd.gov.bd-এ এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট: www.dghs.gov.bd-এ প্রকাশ করা হয়েছে। তথ্য সংশোধন/সংযোজন করার জন্য ওয়েবসাইটে প্রকাশিত তালিকাটি ২৩ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ হতে ০৬ অক্টোবর, ২০২৪ তারিখ পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। তালিকায় প্রকাশিত নাম, ঠিকানা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যাদি যাচাই/সংশোধন/পূর্ণাঙ্গ করতে শহীদ পরিবারের সদস্য/ওয়ারিশ/প্রতিনিধিগণকে অনুরোধ করা হ’ল। প্রকাশিত তালিকার বিষয়ে কারো কোন মতামত, পরামর্শ এবং নতুন কোনো তথ্য-উপাত্ত সংযোজন করার মতো থেকে থাকলে তা সেবা গ্রহণকৃত সংশ্লিষ্ট হাসপাতাল অথবা নিকটস্থ সরকারি হাসপাতালে জানানোর জন্য অনুরোধ করা হ’ল। প্রকাশিত তালিকার তথ্য সংশোধনের জন্য নিম্নরূপ পদক্ষেপ গ্রহণ করতে হবে: (ক) শহীদ পরিবারের সদস্য/ওয়ারিশ/প্রতিনিধিগণকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি)/জন্মনিবন্ধন ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। (খ) রেজিস্ট্রেশনের পর শহীদ ব্যক্তির তথ্য ডাউনলোড ও প্রিন্ট করতে হবে। (গ) প্রিন্ট করা কাগজের যে ঘরগুলোতে তথ্য নেই, সেগুলো পূরণ করতে হবে। (ঘ) পূরণকৃত তথ্য নিয়ে সেবা গ্রহণকৃত সংশ্লিষ্ট হাসপাতাল অথবা নিকটস্থ সরকারি হাসপাতালে গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তথ্য সংশোধনে সহায়তা করবে। (ঙ) প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি শহীদ পরিবারের সদস্য/ওয়ারিশ/প্রতিনিধি কর্তৃক পূরণকৃত ফরমটি জমা নিয়ে অনলাইনে তথ্যগুলো হালনাগাদ করবেন। (চ) দাখিলকৃত তথ্য যথাযথভাবে সন্নিবেশিত বা সংশোধিত হল কিনা তা ওয়েবসাইটে প্রবেশ করে পুনরায় যাচাই করা যাবে। সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের মধ্যে যদি কারো নাম এই তালিকায় অন্তর্ভুক্ত না হয়ে থাকে তাহলে শহীদ পরিবারের সদস্য/ওয়ারিশ/প্রতিনিধিগণকে উপযুক্ত প্রমাণকসহ সংশ্লিষ্ট জেলা প্রশাসক/সিভিল সার্জন/উপজেলা নির্বাহী অফিসার/উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হ’ল।

Read More »

আগামী সপ্তাহের মধ্যে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণার ব্যাপারে আশাবাদী তথ্য উপদেষ্টা

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :   ঢাকা, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম আজ বলেছেন, অন্তর্বর্তী সরকার আগামী সপ্তাহের মধ্যে গণমাধ্যম সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেওয়ার বিষয়ে আশাবাদী। তিনি বলেন, আগামী সপ্তাহের মধ্যে গণমাধ্যম সংস্কার কমিশন গঠনের ঘোষণা দিতে পারবো বলে আমি আশাবাদী। প্রধান উপদেষ্টা নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে যোগদান শেষে দেশে ফেরার পর ঘোষণাটি আসবে বলে আশা করা হচ্ছে। উপদেষ্টা তথ্য ভবনে চলচ্চিত্র ও প্রকাশনা বিভাগ (ডিএফপি) আয়োজিত বিভিন্ন সংবাদপত্রের প্রকাশক, সম্পাদক এবং অন্যান্য অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।  ডিএফপির মহাপরিচালক আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত তথ্য সচিব (ভারপ্রাপ্ত) মো. নজরুল ইসলাম। নাহিদ বলেন, সবাই গণমাধ্যমের স্বাধীনতা চায়। তবে, আমি একটি প্রশ্ন করতে চাই… সংবাদপত্রের স্বাধীনতার কি কোনো সীমারেখা আছে? আমরা দেশের স্বার্থ এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে প্রাধান্য দিয়ে সকল স্বাধীনতা নিশ্চিত করতে চাই। উপদেষ্টা জুলাই গণঅভ্যুত্থানের সময়ের ঘটনাগুলো সঠিকভাবে তুলে ধরার জন্য সংবাদপত্রের প্রকাশক, সম্পাদক এবং সাংবাদিকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ছাত্র-গণঅভ্যুত্থানের সময় প্রকৃত তথ্য পেতে দেশবাসী সংবাদপত্রের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। সুতরাং আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। তবে কিছু সংবাদপত্র ফ্যাসিবাদী সরকারের পক্ষে ছিল। জুলাইয়ের অভ্যুত্থানে যারা উসকানিমূলক ভূমিকা পালন করেছিল তাদের আইনের আওতায় আনতে হবে। সংবাদপত্রের বকেয়া বিল সম্পর্কে নাহিদ বলেন, সরকার ঝামেলামুক্ত সেবা দিতে বিল পরিশোধের ব্যবস্থা ডিজিটাল করার চেষ্টা করছে। সভায় বক্তব্য রাখেন, দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম, দৈনিক মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দৈনিক কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, ডেইলি সান সম্পাদক রেজাউল করিম, দৈনিক প্রথম আলো’র নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ, দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক সালাউদ্দিন বাবর, ডেইলি স্টারের হেড অব অপারেশন মিজানুর রহমান, দৈনিক আজকের পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কামরুল হাসান, দৈনিক ইত্তেফাকের বার্তা সম্পাদক অশোক কুমার সিংহ, দৈনিক সংগ্রামের ব্যবস্থাপনা সম্পাদক নুরুন্নবী, দৈনিক সংবাদের প্রধান প্রতিবেদক শাহরিয়ার করিম, দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক ফাহিমা বাহাউদ্দিন শামা ও দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালেক প্রমুখ।

Read More »