সর্বশেষ
সর্বশেষ

Day: January 28, 2025

মোংলা বন্দরকে বাণিজ্যিক কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে : সাখাওয়াত

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২৫ খৃ. – দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা বন্দরকে আন্তঃদেশীয় যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে বলে জানিয়েছেন, নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি আজ মঙ্গলবার সচিবালয়ে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি পোর্টস গ্রুপের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ কথা জানান। নৌপরিবহন উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি পোর্ট গ্রুপকে মোংলা বন্দরের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, মোংলা বন্দর দেশের একটি সম্ভাবনাময় বন্দর। এটি দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিনি আরও বলেন, এছাড়াও ভৌগোলিক অবস্থান বিবেচনায় এ সমুদ্র বন্দরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজধানী ঢাকা থেকে বন্দরটির সড়ক পথে দূরত্ব মাত্র ২১০ কিলোমিটার। নৌ, সড়ক ও রেলপথের অবকাঠামো তৈরি থাকায় দেশের বিভিন্ন প্রান্তে সহজে এখন পণ্য পরিবহন করা সম্ভব হচ্ছে। একই সঙ্গে প্রতিবেশী দেশ নেপাল, ভারত ও ভুটানের জন্যও এই বন্দরের ব্যবহার দারুন সম্ভাবনাময় হয়ে উঠেছে। এ পরিপ্রেক্ষিতে আবুধাবি পোর্ট গ্রুপসহ দেশি বিদেশি বিনিয়োগকারীদের মোংলা বন্দরে বিনিয়োগের চমৎকার সুযোগ রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি পোর্টসের প্রতিনিধি দল নৌপরিবহন উপদেষ্টার প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, আবুধাবি গ্রুপ চট্টগ্রাম, মোংলা বন্দরসহ বাংলাদেশের বিভিন্ন বন্দরের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করতে আগ্রহী। তারা বলেন, চট্টগ্রাম বন্দরে বিশ্বমানের সুযোগ-সুবিধা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সরকার বে-টার্মিনাল নির্মাণের যে প্রকল্প হাতে নিয়েছে; সে প্রকল্পেও সংযুক্ত আরব আমিরাত সম্পৃক্ত থাকতে চায়। বে-টার্মিনাল প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রাম বন্দরের জট কমে আসবে পাশাপাশি আমদানি রপ্তানি বৃদ্ধি পাবে। ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হবে এবং বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পাবে। প্রতিনিধি দল জানায়, এছাড়াও এডি পোর্টস বাংলাদেশের অভ্যন্তরীণ নৌবন্দর এবং নিউ মুরিং কনটেইনার টার্মিনালের আধুনিকায়ন এবং উন্নয়নে বিনিয়োগে তারা আগ্রহী। এডি পোর্টস গ্রুপের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশের নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদি। বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

প্রধান উপদেষ্টার কাছে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন হস্তান্তর : গুম ও হত্যার নির্দেশ দিতেন হাসিনা

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২৫ খৃ. – স্বৈরশাসক শেখ হাসিনা নিজেই গুম ও হত্যার নির্দেশদাতা ছিলেন। তার সরাসরি নির্দেশে গুম ও হত্যার মত ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) এক প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের এমন সব ভয়ংকর তথ্য উঠে এসেছে। আজ মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এইচআরডব্লিউ’র এশিয়া অঞ্চলের পরিচালক ইলেইন পিয়ারসনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অধ্যাপক ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। এ সময় তারা প্রধান উপদেষ্টার কাছে জুলাই বিপ্লবের ওপর একটি প্রতিবেদন হস্তান্তর করেন। এই প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। এইচআরডব্লিউ’র প্রতিনিধিদলটি অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচি এবং দেশের মানবাধিকার পরিস্থিতি উন্নয়ন প্রচেষ্টার প্রশংসা করেন। এইচআরডব্লিউ’র এশিয়া প্রধান বলেন, ‘আপনারা এখন পর্যন্ত যে অগ্রগতি করেছেন তাকে আমরা সাধুবাদ জানাই।’ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান সময়ের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশের সাধারণ মানুষ এখন জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবাধিকারের গুরুত্ব উপলব্ধি করছে।’ এইচআরডব্লিউ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করার সুপারিশ তুলে ধরে বলেছে, গুম ও হত্যার জন্য দায়ী কর্মকর্তাদের অপরাধের জন্য জবাবদিহিতার আওতায় আনা উচিত। তিনি বলেন, ‘এখানে জবাবদিহিতা থাকা জরুরি।’ স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলের কঠিন পরিস্থিতির মধ্যে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের যে প্রচেষ্টা ছিল- তার প্রশংসা করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, ‘গত ১৬ বছর আপনাদের প্রতিবেদনগুলোতে ১৬ বছরের একনায়ক শাসনামলের ব্যাপক অপরাধ উন্মোচনে সহায়ক হয়েছে।’ তিনি আরও বলেন, র‌্যাব তাদের অপরাধের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছে, তবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং গুমের জন্য দায়ী ব্যক্তিদের ‘বিচারের মুখোমুখী হতে হবে এবং শাস্তি পেতে হবে।’ পিয়ারসন বলেন, ‘২০০৯-২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনার শাসনামলে নিরাপত্তা বাহিনী রাজনৈতিকভাবে প্রভাবিত ছিল এবং তারা শাসক দলের ক্যাডারের মতো আচরণ করত।’ তিনি আরও বলেন, ‘এ জন্য প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন।’ প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা উন্মুক্ততা এবং স্বচ্ছতায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সমস্ত সংস্কার সুপারিশ প্রকাশ করছি এবং জনগণকে কাঙ্ক্ষিত সংস্কার নির্ধারণের সুযোগ দিচ্ছি। ১৬ বছরের দমন-পীড়ন এবং অপরাধের ক্ষতি পূরণ করা একটি চ্যালেঞ্জিং কাজ হবে।’ এইচআরডব্লিউ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘গুমের সঙ্গে জড়িত কর্মকর্তারা হিউম্যান রাইটস ওয়াচকে জানিয়েছেন যে শেখ হাসিনা বা সরকারের শীর্ষ কর্মকর্তারা নিখোঁজ হওয়ার বিষয়ে জানতেন এবং কিছু ক্ষেত্রে হাসিনা সরাসরি গুম ও হত্যার নির্দেশ দিয়েছিলেন।’ এইচআরডব্লিউ’র এশিয়া প্রধান ঢাকা সফরকালে সংস্কার কমিশনের প্রধান এবং রোহিঙ্গা বিষয়ে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমানসহ একাধিক ব্যক্তির সাথে সাক্ষাৎ করেন। এইচআরডব্লিউ বলেছে, সংস্কারগুলোকে দৃঢ় করতে হবে এবং নিরাপত্তা বাহিনীকে যথাযথ নজরদারির আওতায় আনতে হবে। প্রধান উপদেষ্টা জানান, তিনি রাখাইনে বাস্তুচ্যুত হাজার হাজার রোহিঙ্গার জন্য একটি নিরাপদ অঞ্চল তৈরির আহ্বান জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন যে জাতিসংঘ, আন্তর্জাতিক সম্প্রদায় এবং মিয়ানমারের প্রধান বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ‘নিরাপদ অঞ্চল’-এর নিরাপত্তা নিশ্চিত করবে।

Read More »

গাছ কাটতে লাগবে অনুমতি: হাইকোর্টের রায়

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :   ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২৫ খৃ. – গাছ কাটতে অনুমতি লাগবে বলে এক ঐতিহাসিক রায় দিয়েছেন হাইকোর্ট। তবে গ্রাম পর্যায়ে ব্যক্তি মালিকানার গাছ কাটতে অনুমতি লাগবে না বলে জানিয়েছেন রিটের পক্ষের আইনজীবী। গাছ কাটা নিয়ন্ত্রণে নির্দেশনা চেয়ে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষ থেকে জনস্বার্থে করা রিটের রুল যথাযথ ঘোষণা করে আজ এ  রায় ঘোষণা করেন উচ্চ আদালত। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এই রায় দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তাকে সহযোগিতা করেন আইনজীবী সঞ্জয় মণ্ডল ও সেলিম রেজা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. শফিকুর রহমান। আজকের এই রায়ের বিষয়ে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, এই রায়ের ফলে গাছ কাটতে অনুমতি নিতে হবে কমিটি থেকে। ঢাকা ও জেলা-উপজেলা পর্যায়ে এই কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে সাতদিনের মধ্যে ঢাকায় কমিটি গঠন করতে বলেছেন আদালত। পরিবেশবাদী, পরিবেশ বিশেষজ্ঞ, ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষকদের সমন্বয়ে এই কমিটি গঠন করতে বলা হয়েছে। আর জেলা-উপজেলা পর্যায়ে কমিটি গঠন করতে জনপ্রশাসন সচিবকে সাত দিনের মধ্যে বিজ্ঞপ্তি দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আর জেলা প্রশাসকের নেতৃতে জেলা কমিটি এবং উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নেতৃত্বে উপজেলা কমিটি করতে বলা হয়েছে। জেলা কমিটিতে জেলা পরিবেশ কর্মকর্তা, সরকারি কলেজের একজন শিক্ষক, স্থানীয় সমাজকর্মী, পরিবেশবিদ বা বিশেষজ্ঞ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অথবা সাধারণ সম্পাদক এবং সিভিল সার্জনকে নিয়ে কমিটি গঠন করতে হবে। আর উপজেলা কমিটিতে স্থানীয় একটি কলেজের অধ্যক্ষ, সমাজকর্মী, পরিবেশবাদী, সমাজ কল্যাণ কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র নির্বাহী প্রকৌশলীকে রাখতে বলা হয়েছে। রিটের পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ জানান, আদালত রায়ে বলেছেন, দেশে দিন দিন তাপমাত্রা বাড়ছে। এমন পরিস্থিতিতে গাছ সংরক্ষণ করা প্রয়োজন। নির্বিচারে গাছ কাটা হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে, যা আমাদের বেঁচে থাকার অধিকারকে খর্ব করছে। পরিবেশের ভারসাম্যের জন্য যে পরিমাণ গাছ বা বনায়ন দেশে থাকা প্রয়োজন সে পরিমাণ গাছ বা বনায়ন নেই। ফলে গাছ রক্ষা করা খুবই জরুরি। আইনজীবী মনজিল মোরসেদ আরও বলেন, ‘কমিটি গঠনের নির্দেশনার পাশাপাশি ২০২৪ সালে প্রণীত সামাজিক বনায়ন বিধিমালায় সামাজিক বনায়নের গাছ কাটা সংক্রান্ত একটি বিধান পরিবর্তন করতে বলেছেন হাইকোর্ট। আদালত ‘সামজিক বনায়নের গাছ না কেটে গাছের বাজার মূল্য নির্ধারণ করে সে টাকা নির্বাচিত উপকারভোগীদের (ভূমিহীন, দুস্থ মহিলা, অনগ্রসর গোষ্ঠী, দরিদ্র আসিবাসী, অস্বচ্ছল মুক্তিযোদ্ধাসহ আরও অনেকেই) দেওয়ার বিধান সামাজিক বনায়ন বিধিমালায় যুক্ত করতে বলেছেন।’ এক প্রশ্নে সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী বলেন, ‘সামাজিক বনায়নের গাছ কাটাই যাবে না। জেলা-উপজেলা পর্যায়ে যেকোনো গাছ কাটতে কমিটির অনুমতি লাগবে। তবে গ্রাম পর্যায়ে ব্যক্তি মালিকানার গাছ কাটতে অনুমতি লাগবে না বলে জানান এই আইনজীবী।’

Read More »

বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ আমিরাতের বড় দুই কোম্পানির

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২৫ খৃ – সংযুক্ত আরব আমিরাতের দু’টি বড় কোম্পানি আবুধাবি পোর্টস গ্রুপ এবং মাসদার বাংলাদেশের বন্দর উন্নয়ন, বন্দর পরিচালনা ও লজিস্টিকস সহায়তা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আবুধাবি পোর্টস গ্রুপের (এডিপিজি) সিইও আহমেদ ইব্রাহিম আল মুতাওয়া এবং মাসদারের এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়ন ও বিনিয়োগ প্রধান ফাতিমা আলমাধলুম আলসুওয়াইদি সাক্ষাৎ করে এসব বিনিয়োগ প্রস্তাব উপস্থাপন করেন। প্রধান উপদেষ্টা এই বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, ‘বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত।’ এডিপিজি ও মাসদারের নির্বাহীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আপনাদের টিম নিয়ে আসুন এবং যতগুলো কারখানা স্থাপন করতে চান, করুন।’ আবুধাবি পোর্টস গ্রুপ হলো চতুর্থ বৃহৎ বন্দর পরিচালনা ও লজিস্টিকস কোম্পানি। প্রতিষ্ঠানটি এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড, ডেনমার্কের এপি মুল্যার মায়ের্স্ক এবং সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনালের পর তারা বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় আগ্রহ প্রকাশ করলো। বাংলাদেশে প্রস্তাবিত তিন বে টার্মিনালের মধ্যে একটি টার্মিনালকে আবুধাবি পোর্টস গ্রুপ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে যৌথ উদ্যোগে অর্থায়ন ও পরিচালনা এবং বহুমুখী টার্মিনাল ও কন্টেইনার রক্ষণাবেক্ষণের মাধ্যমে নির্মাণের আগ্রহ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সিইও আল মুতাওয়া বাংলাদেশের কর্তৃপক্ষের উষ্ণ মনোভাবের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে তাদের বিনিয়োগ বাংলাদেশের বন্দরগুলোতে জাহাজ চলাচল বৃদ্ধি করতে সহায়ক হবে। নবায়নযোগ্য জ্বালানি প্রতিষ্ঠান মাসদার বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে পুনরুদ্ধারকৃত ভূমিতে ২৫০ মেগাওয়াটের একটি সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপনের জন্য ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। মাসদারের আঞ্চলিক বিনিয়োগ প্রধান ফাতিমা আলমাধলুম আলসুওয়াইদি বলেন, ‘বাংলাদেশে নতুন ধারণা প্রদর্শনের ক্ষেত্রে আমরা অনেক বেশি সহায়ক।’ সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আলহুমৌদি, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন। দুবাই শাসকের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে ফেব্রুয়ারিতে আমিরাতে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগদানের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন আবদুল্লাহ আলী আলহুমৌদি।

Read More »

খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় রংপুরে বিএনপি সমর্থকবৃন্দের দোয়া ও শীতবস্ত্র বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় রংপুরে বিএনপি সমর্থকবৃন্দের আয়োজনে আলোচনা , দোয়া ও হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল (২৮ জানুয়ারি) মঙ্গলবার সকাল ১১টায় রংপুর জেলা কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল মাঠে কারমাইকেল কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম লেমনের নেতৃত্বে এলাকার হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হাফিজুর রহামান হাফিজ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক ছাত্রনেতা হাসান মাহামুদ হানিফ, ওয়ার্ড বিএপির উপদেষ্টা ডা. এমএ ওয়াহেদ, সাবেক ছাত্রনেতা হাসান, রাজশাহী সরকারী টিচার্স ট্রেনিং কলেজের ভিপি মোঃ সরোয়াজ্জামান (সিজান) , রংপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক মোঃ বাদশা মিয়া, ক্রীড়া সম্পাদক মোঃ আনিচুর রহমান। অনুষ্ঠানে সঞ্চালনা করেন মোঃ সাইদুল ইসলাম সাঈদ, মোঃ আবুল হাসেম মিলন। আলোচানা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় রংপুরে দোয়া পরিচালনা করেন মাওলানা আবু বক্কর সিদ্দিক।

Read More »

রংপুর মেট্রোপলিটন চেম্বারের তফসিল ঘোষণা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক (২০২৫-২০২৭ইং) মেয়াদী তফসিল ঘোষনা করা হয়। গতকাল (২৮ জানুয়ারি) মঙ্গলবার সকাল ১১টায় নগরীর শালবন ইন্দ্রার মোড়স্থ অস্থায়ী রংপুর মেট্রোপলিটন চেম্বারের কার্যালয়ে নির্বাচনী তফসিল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোঃ ফয়জুল কবির লিটন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন আপীল বোর্ডের চেয়ারম্যান মোঃ আতোয়ার রহমান সরকার, নির্বাচন বোর্ড এর সদস্য আবু সুফিয়ান রাশেদ, রাশেদ রানা রাসু, নির্বাচন আপীল বোর্ড এর সদস্য মোঃ মোশারফ হোসেন মনি ও মোঃ সহিদুল ইসলাম লিটন। এছাড়া উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন চেম্বার এর সদস্যবৃন্দ।

Read More »

রংপুর আদালতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড প্রদান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরের বদরগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে ওসমান গণি (৩৮) নামে এক স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এই রায় প্রদান করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। অভিযুক্ত ওসমান গণি বদরগঞ্জ উপজেলার মোস্তফাপুর বারবিঘা গ্রামের সহিদুল হকের ছেলে। তার বিরুদ্ধে ২০১৫ সালে স্ত্রী মঞ্জুয়ারা খাতুনকে হত্যার দায়ে মামলা দায়ের করা হয়। মামলা সূত্রে জানা গেছে, বদরগঞ্জ উপজেলাধীন মোস্তফাপুর বারবিঘা গ্রামের সহিদুল হকের ছেলে ওসমান গণির সঙ্গে আমজাদ হোসেনের মেয়ে মঞ্জুয়ারা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর অভাব-অনটনের কারণে প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকত। ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে স্ত্রী মঞ্জুয়ারা খাতুনকে হত্যা করেন আসামি ওসমান গণি। এ ঘটনায় নিহতের বাবা আমজাদ হোসেন বাদী হয়ে বদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আলাদত ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার এ রায় প্রদান করেন। আসামি ওসমান গণি পলাতক রয়েছে। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আফতাব উদ্দিন এবং আসামিপক্ষের স্টেট ডিফেন্স আইনজীবী সুলতান আহমেদ শাহীন মামলাটি পরিচালনা করেন।

Read More »

চরকাউয়ায় স্কুল কমিটিতে সভাপতি পদ পেতে আ.লীগ কর্মী দৌড়ঝাঁপ!

বেলাল হোসেন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমকে: বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের চরকাউয়া নয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটিতে সভাপতি পদ পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন আওয়ামী লীগ কর্মী শাখাওয়াত হোসেন মনির। তার এ সব কর্মকাণ্ডে সহযোগিতা করছেন বরিশাল জেলা বাস্তুহারা দলের সভাপতি মিলন মুন্সি, সদর উপজেলা বাস্তুহারা দলের আহবায়ক শাহ আলম হাওলাদার, স্বেচ্ছাসেবক দল নেতা আশ্রাফসহ বেশ কয়েকজন বিএনপি নেতা। আর পিছনে থেকে কলকাঠি লাড়ছেন চরকাউয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন মানিক মেম্বার। বিগত ২০১২ সালে চরকাউয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্যাডে সভাপতি সুলতান আহমেদ খানের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে শাখাওয়াত হোসেন মনির একজন সক্রিয় আওয়ামী লীগ কর্মী মর্মে প্রত্যয়ন দিয়েছিলেন। সম্প্রতি ওই বিজ্ঞপ্তিটি ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় বইছে ইউনিয়নজুড়ে। সেই বিজ্ঞপ্তিটি প্রতিবেদকের কাছে রয়েছে। এরআগে গত মঙ্গলবার (৭ জানুয়ারি) ওই বিদ্যালয়ের এডহক কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়েছে। এদিকে এক পক্ষের বিরুদ্ধে প্রধান শিক্ষককে চাপ প্রয়োগের অভিযোগ পাওয়া গেছে। এদিকে সরকার পতনের পর নতুন কমিটি গঠনের লক্ষ্যে এডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় মন্ত্রনালয়। মন্ত্রনালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এডহক কমিটি গঠনের কার্যক্রম শুরু করা না হলেও ৭ জানুয়ারি প্রধান শিক্ষক আবদুল মালেককে চাপ প্রয়োগ করে সভাপতি পদের জন্য কাগজপত্র জমা দিতে যান শাখাওয়াত হোসেন মনির। এ সময় তার পক্ষে প্রধান শিক্ষককে চাপ প্রয়োগ করেন বরিশাল জেলা বাস্তুহারা দলের সভাপতি মিলন মুন্সি, সদর উপজেলা বাস্তুহারা দলের আহবায়ক শাহ আলম হাওলাদার, স্বেচ্ছাসেবক দল নেতা আশ্রাফসহ প্রায় অর্ধশতাধিক লোকজন। চাপের মুখে পড়ে নিজের সম্মান বাচাতে সেই কাগজপত্র জমা নিয়েছিলেন প্রধান শিক্ষক। এরআগে সকালে আরেক প্রার্থী কাগজপত্র জমা দিতে চাইলে জমা নেননি প্রধান শিক্ষক। তবে প্রধান শিক্ষককে চাপ প্রয়োগ করে প্রতিপক্ষ কাগজপত্র দিয়েছেন এমন সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে বিদ্যলয়ে ছুটে যান সেই প্রার্থীর স্বজনরা ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। যাওয়া মাত্র তাদের উপর চড়াও হন মিলন ও শাহ আলম বাহিনী। তখন তারা বলেন- মনির ব্যতিত এই বিদ্যালয়ে কেউ এডহক কমিটির সভাপতি হতে পারবে না, কারো কাগজ জমা নিলে প্রধান শিক্ষককে এখানে চাকরি করতে দেবো না। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে গিয়েছিল সংবাদকর্মীরা। তাদের দেখে আরও উত্তেজিত হয়ে ওঠেন মিলন ও শাহ আলম বাহিনী। প্রতিপক্ষকে তর্কে কুপকাত করতে না পেরে ধাক্কা-ধাক্কি শুরু করেন তারা। এমনকি সংবাদকর্মীদের লাঞ্ছিত করেন শাহ আলম। পরে ওই বাহিনীর তোপের মুখে পড়ে ফিরে আসতে বাধ্য হয়েছিল সংবাদকর্মীরা। এরপর বিষয়টি মিমাংসা করার জন্য বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিনের দাড়স্থ হন বরিশাল জেলা বাস্তুহারা দলের সভাপতি মিলন মুন্সি, সদর উপজেলা বাস্তুহারা দলের আহবায়ক শাহ আলম হাওলাদার। তিনি বিষয়টি বরিশাল সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম মোল্লাকে সমাধান করে দিতে বলেন। সেলিম মোল্লা দুই পক্ষকে ডেকে তাদের কথা শুনে শাখাওয়াত হোসেন মনির, পূর্নিমা ও শফিকুল ইসলামের নাম লিখে নিজের, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউল ইসলাম সাবু, জব্বার শিকদার ও বাবুল খন্দকারের স্বাক্ষর নিয়ে প্রধান শিক্ষকের কাছে কাগজ পাঠান। তবে সম্প্রতি শাখাওয়াত হোসেন মনিরের আওয়ামী লীগ কর্মী মর্মে প্রত্যয়নটি হাতে পেয়ে বিপাকে পড়েছেন তারা। তারা শ্রেফ জানিয়ে দিয়েছেন- স্কুল কমিটি নিয়ে তাদের কোন মাথা ব্যথা নেই, তবে দুই পক্ষের মধ্যে সৃষ্ট উত্তেজনা ও বিরোধ সমাধানের জন্যই দুই পক্ষকে ডেকে মিমাংসা করা হয়েছে। এ বিষয়ে বরিশাল সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম মোল্লা বলেন- চরকাউয়া নয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ হয়েছিল। সেই বিরোধ মিটানোর জন্য চরকাউয়া ইউনিয়নের নেতারা আমাদের কাছে এসেছিল। তাই দুই পক্ষকে ডেকে মিমাংসা করে দিয়েছিলাম। সভাপতি প্রার্থী শাখাওয়াত হোসেন মনিরের আওয়ামী লীগ কর্মী হওয়া সত্বেও তার নাম স্কুল কমিটিতে দেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন- বিষয়টি আমার জানা ছিল না। আমি প্রত্যয়নপত্রটি পেয়েছি, যাছাই-বাছাই চলছে। তবে স্কুল কমিটি নিয়ে আমাদের কোন মাথা ব্যথা নেই। যেহেতু ইউনিয়নের নেতারা আমাদের কাছে এসেছিল সেহেতু বিরোধ সমাধানের জন্যই দুই পক্ষকে ডেকে মিমাংসা করা হয়েছে। এ বিষয়ে সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জব্বার শিকদার শাখাওয়াত হোসেন মনিরের পক্ষে সাফাই গেয়ে বলেন- মনির কখনো আওয়ামী লীগ করেছে বলে আমার জানা নেই। সে সব সময় বিএনপির পক্ষেই ছিল, কিন্তু কোন কর্মসূচিতে অংশগ্রহণ করতো না। মনিরের প্রত্যয়নপত্রটি পেয়েছি, তবে ২০১২ সালের ঘটনায় ২০২৪ সালের আমাদের এই কমিটি কি করতে পারে? এ বিষয়ে সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউল ইসলাম সাবুর মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেন নি। এ বিষয়ে চরকাউয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন মানিক মেম্বার বলেন- আমি দলের স্বার্থে কাজ করি। আমি স্কুল কমিটি নিয়ে কোন চিন্তা-ভাবনাও করি না। আমি অনেক কিছু দিয়ে দূরে থাকি, সব বিষয়ে মাথা ঘামাই না। একজন আওয়ামী লীগ কর্মীকে স্কুল কমিটির সভাপতি করতে চাইলে আপনার দ্বিমত থাবকে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন- না এ বিষয়ে আমার কোন দ্বিমত নেই, কারণ ওর অবস্থা এখন ভালো। স্কুলে বিভিন্ন অনুষ্ঠানে খরচ করতে হয় যা মনির বহন করতে পারবে। মনিরের সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক রয়েছে, তাই চাইলেই ওর বিপক্ষে যেতে পারিনা। এ বিষয়ে শাখাওয়াত হোসেন মনির বলেন- ওই প্রত্যয়নপত্রটি বানোয়াট, আমি কখনো আওয়ামী লীগ করিনি। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমি আপনার (প্রতিবেদক) সাথে দেখা করবো। এ বিষয়ে চরকাউয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান আহমেদ খান বলেন- ২০১২ সালে শাখাওয়াত হোসেন মনির একটি মামলায় আটক হয়েছিল। তখন সে আমাদের সাথে রাজনীতি করতো। তাই তার ভাই এসে আমার কাছ থেকে প্রত্যয়নপত্র নিয়েছিল। বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন বলেন- চরকাউয়া ইউনিয়ন বিএনপির নেতারা আমাকে বিরোধের বিষয়টি জানিয়েছিল আমি সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম মোল্লাকে সমাধান করে দিতে বলেছি। স্কুল কমিটি নিয়ে আমাদের কোন আগ্রহ নেই। ওটা প্রধান শিক্ষক ঠিক করবে।

Read More »

কামার পাড়া কুতুবিয়া নূরানী হাফেজিয়া মাদ্রাসার এতিম বাচ্চাদের মাঝে জেলা যুবদলের শীতবস্ত্র বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নয়ন এর নির্দেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রংপুরের বিভিন্নস্থানে জেলা যুবদলের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। রংপুর নগরীর কামার পাড়া কুতুবিয়া নূরানী হাফেজিয়া মাদ্রাসার এতিম বাচ্চাদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সভাপতি (রংপুর বিভাগ) ও রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু । এ সময় উপস্থিত ছিলেন কামার পাড়া কুতুবিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসার সভাপতি হাজী আব্দুর রাজ্জাক, সহ সাধারণ সম্পাদক হাজী মোকতার হোসেন, উপদেষ্টা হেলাল হোসেন ভুট্টু, সহ জেলা যুবদলের নেতা কমী উপস্থিত ছিলেন।

Read More »

রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর শীতবস্ত্র (কম্বল) বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর আয়োজনে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। রংপুর রেলওয়ে ষ্টেশন বাজারের হোটেল শ্রমিকদের মাঝে এই শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়। রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু রংপুর রেলওয়ে স্টেশন বাজারের প্রতি হোটেলে গিযে গিয়ে শ্রমিকদের মাঝে এই শীতবন্ত্র (কম্বল) বিতরণ করেন। শীতবস্ত্র (কম্বল) বিতরন কালে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য মো:বাদল, মিটাপুকুর উপজেলার সদস্য সচিব মো: নিকসন পাইকার, রংপুর মহানগর যুব দলের সাবেক সহ-সভাপতি ফরহাদ হোসেন পিন্টু, ২৭ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব রকিবুল আজাদ, জিয়া মঞ্চের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজিব চৌধুরী, মহানগর যুব দলের সাবেক সহ-সভাপতি মোস্তাক আহমেদ, মহানগর যুব দলের যুগ্ম সাধারন সম্পাদক মো:মহিদুল ইসলাম শেখ হীরা, মহানগর যুব দলের সহ-দপ্তর সম্পাদক মনোয়ার হোসেন রাজু, স্টেশন বাজার বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটির সদস্য মো:আসাদ পারভেজ, মো:বাশার মিয়া, ইরফান হোসেন, কামরুদ্দিনসহ রংপুর জেলা বিএনপিসহ অঙ্গ সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »