সর্বশেষ
সর্বশেষ

Day: May 11, 2025

তিন দফা দাবিতে ২২ জুন প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা পেশাগত ন্যায্য অধিকার আদায়সহ তিন দফা দাবিতে বিভাগীয় সমাবেশ করেছে। রোববার (১১ মে) রংপুর টাউন হলে শিক্ষক সমিতির আয়োজনে দিনব্যাপি এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। দাবি আদায়ের লক্ষ্যে ২২ জুন ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছেন নেতারা। শিক্ষকেরা জানান, বিগত সরকারের আমলাতান্ত্রিক জটিলতায় জাতীয়করণকৃত শিক্ষকদের জন্য অর্থ মন্ত্রণালয় কর্তৃক ২০২০ সালের ১২ আগস্ট যে টাইম স্কেল সংক্রান্ত চিঠি জারি করা হয়, তা ছিল সম্পূর্ণভাবে অবৈধ ও বিভ্রান্তিকর। এই চিঠি প্রত্যাহার করে ৫০ ভাগ কার্যকর চাকরিকাল বিবেচনায় যথাযথ জ্যেষ্ঠতা প্রদান ও বঞ্চিত প্রধান শিক্ষকের শিক্ষক গেজেট প্রকাশ করাই এই আন্দোলনের প্রধান উদ্দেশ্য। পঞ্চগড়ের মল্লিকাদাহ দক্ষিণ কুমারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক হরি কৃষ্ণ রায় জানান, ২০১৩ সালে দেশের ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ লাখ ৮ হাজার ৭৭২ জন শিক্ষকের চাকরি জাতীয়করণ করা হয়। এরপর প্রত্যেকটি বিদ্যালয়ের জন্য একজন প্রধান শিক্ষক ও চারজন সহকারী শিক্ষকের পদ সৃষ্টির ঘোষণা দেওয়া হয়। সেই ঘোষণা অনুসারে ২৬ হাজার ১৯৩টি বিদ্যালয়ের জন্য ২৬ হাজার ১৯৩টি প্রধান শিক্ষকের পদ সৃষ্টি হওয়ার কথা থাকলেও প্রথম ধাপের ২২ হাজার ৯৮১ জন শিক্ষকদের মধ্যে কিছু সংখ্যক প্রধান শিক্ষককে গেজেটে অর্ন্তভুক্ত করা হয়। কিন্তু প্রথম ধাপের বাকি শিক্ষকসহ দ্বিতীয় ধাপের ২ হাজার ২৫২টি এবং তৃতীয় ধাপের ৯৬০টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের প্রধান শিক্ষক পদ স্থগিত রেখে ‘সহকারী শিক্ষক’ হিসেবে গেজেট প্রকাশ করা হয়। এরপর থেকে আন্দোলন করে আসছে শিক্ষকেরা। পঞ্চগড়ে দেবীগঞ্জ উপজেলার শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক আব্দুর রশিদ। বিদ্যালয় জাতীয়করণ হওয়ার পর গেজেটে তিনি প্রধান শিক্ষক হননি। কান্নাজড়িত কণ্ঠে সহকারী শিক্ষক আব্দুর রশিদ বলেন, বিদ্যালয় প্রতিষ্ঠা করলাম। রক্ত মাংস পানি করে শিক্ষার পরিবেশ এনেছি। মানুষের দ্বারে দ্বারে গিয়ে বাচ্চা সংগ্রহ করেছি। অথচ জাতীয়করণে আমাকে প্রধান শিক্ষক থেকে বাদ দেওয়া হয়েছে। বাদ পড়ার প্রধান শিক্ষকদের শিক্ষক গেজেট প্রকাশ করতে হবে। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। দেবীগঞ্জের আলমপাড়া শিশু নিলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুভাষচন্দ্র সিংহ বলেন, টইম-স্কেলের ফলে আমাদের যে বেতন বৃদ্ধি হয়। তা অবসরভাতা থেকে কেটে নেওয়া হয়। এটা আমাদের সঙ্গে ধোকামী করা হচ্ছে। আমরা দীর্ঘ দিন ধরে এটি বাতিলের দাবি জানাচ্ছি। সংগঠনের মাধ্যমে হাইকোর্টে মামলা করলে আমাদের পক্ষে রায় আসে। কিন্তু তবু আমরা পাচ্ছিনা। তাই আন্দোলনে এসেছি। প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আমিনুল ইসলাম চৌধুরী বলেন, আমরা মামলায় রায় পেয়েছি। কিন্তু বিগত সরকারের পক্ষ থেকে আপিল করা হয়েছে। আপিল চলমান রয়েছে। আমরা বারবার আবেদন, স্মারকলিপি প্রদান ও অপেক্ষার পরও সমস্যাগুলোর সমাধান না হওয়ায় বাধ্য ২২ জুন ঢাকায় মহাসমাবেশের দিয়েছি। সারাদেশ থেকে হাজার হাজার শিক্ষক অংশগ্রহণ করবেন। শিক্ষকদের সম্মান ও ন্যায্য অধিকার নিশ্চিত না হলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নও সম্ভব নয়। আমাদের দাবি না মানলে সমাবেশের পর কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। কুড়িগ্রাম জেলার প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলফাজ আলমের সঞ্চালনায় ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোমিনুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে বিভাগীয় সমাবেশে বক্তব্য দেন প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মো আক্কাস আলী, মহাসচিব মো. খোন্দকার, দপ্তর সম্পাদক মোশারফ হোসেন, কোষাধ্যক্ষ আজমল হোসেন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. হামিদুল ইসলাম ও প্রাথমিক শিক্ষক সমিতি রংপুর জেলা শাখার অবায়ক ওয়াহেদুল ইসলাম বকুল। তিন দফা দাবিসমূহ : জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের বিগত সরকারের সৃষ্ট আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে- (১) ২০২০ সালের ১২ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয় কর্তৃক টাইম স্কেল সংক্রান্ত অবৈধ চিঠি প্রত্যাহার, (২) ৫০ শতাংশ অর্থাৎ কার্যকর চাকরির সময়সীমার ভিত্তিতে জ্যেষ্ঠতা প্রদান এবং (৩) বাদ পড়া প্রধান শিক্ষকদের গেজেপ প্রকাশ।

Read More »

রংপুরে আবহাওয়া পূর্বাভাসের নতুন দিগন্ত রাডার স্টেশন উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে আবহাওয়া পূর্বাভাসের নতুন দিগন্ত আধুনিক ডপলার রাডার স্টেশন উদ্বোধন করা হয়েছে। রোববার (১১ মে) সকাল ১০টায় রংপুর নগরীর কলেজ রোড সংলগ্ন কার্যালয়ে আবহাওয়া, রাডার ও ভূ-কম্পন পর্যবেক্ষণাগারে স্থাপিত আনুষ্ঠানিক ডপলার রাডার স্টেশন স্থাপন করা হয়। রাডার স্টেশনটির উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ আবহাওয়া বিভাগের পরিচালক মোমেনুল ইসলাম । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক আবহাওয়া পরামর্শদাতা ইয়োশিহিসা উচিদা, উপ-পরিচালক আহমেদ আরিফ রশিদ এবং রংপুর বিভাগীয় আবহাওয়া অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় আবহাওয়ার পরিচালক মোমেনুল ইসলাম জানান, এই ডপলার রাডার স্টেশন স্থাপনের ফলে আবহাওয়ার পূর্বাভাস আরও নিখুঁত এবং সময়োপযোগী হবে। এটি বিশেষ করে বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং অন্যান্য আবহাওয়ার বিশ্লেষণে খুবই কার্যকর হবে। তিনি জানান এরকম আরো তিনটি রাডার ষ্টেশন হহতে যাচ্ছে বাংলাদেশে। আন্তর্জাতিক আবহাওয়া পরামর্শদাতা ইয়োশিহিসা উচিদা এসময় বলেন, “রংপুরে এই ধরনের প্রযুক্তি স্থাপন একটি বড় অগ্রগতি। এটি শুধু স্থানীয় পর্যায়ে নয়, জাতীয় পর্যায়ে আবহাওয়ার পূর্বাভাসে আরও নির্ভুলতা আনবে।” ডপলার রাডার স্টেশন উদ্বোধনের মাধ্যমে রংপুর অঞ্চলে আবহাওয়া পর্যবেক্ষণে একটি নতুন দিগন্তের সূচনা হলো। এটি আবহাওয়ার পূর্বাভাসের নির্ভুলতা ও সময়ানুগতার দিক থেকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Read More »

রংপুরে ইসলামী আরবি বিশ্ব বিদ্যালয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম বলেছেন, সময়োপযোগী দক্ষ জনশক্ষির মাধ্যমে নৈতিক সমাজ গঠনে কাজ করছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। কারণ বৈষম্যহীন নৈতিক সমাজ গঠনে ইসলামি শিক্ষার বিকল্প নেই। এক্ষেত্রে মাদরাসা শিক্ষার গুরুত্ব অনেক। মাদরাসা শিক্ষায় একই সাথে আধুনিক, যুগোপযুগী ও ধর্মীয় শিক্ষা বিরাজমান। রোববার (১১ মে) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘মাদরাসা শিক্ষার মানোন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভাইস চ্যান্সেলর আরও বলেন, দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণেও ধর্মীয় শিক্ষার গুরুত্বপূর্ণ অপরিসীম। সুতরাং সুস্থ সমাজ ও রাষ্ট্রের স্বার্থেই মাদরাসা শিক্ষার্থীদেরকে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় যোগ্য নাগরিক হিসেবে তৈরি করতে হবে। শামছুল আলম বলেন, আমরা চাই মাদরাসাগুলো থেকে যোগ্য আলেম তৈরি হোক, যোগ্য জনশক্তি তৈরি হোক। তারা সমাজের অন্যায়, অনিয়ম এবং দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে অবদান রাখুক। উপাচার্য আরো বলেন, বিশ্ববিদ্যালয় খুব স্বল্প সময়ের মধ্যে সেশনজট মুক্ত হবে। বিশ্ববিদ্যালয়ের কোর্স কারিকুলাম সময়োপযোগী ও মান সম্পন্ন করা হবে। উচ্চতর গবেষণার সুযোগ সৃষ্টি করা হচ্ছে। সভায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম ও ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খানের সভাপতিত্বে সভায় নির্ধারিত বিষয়ে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, রেজিস্ট্রার মো. আইউব হোসেন ও পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী। প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, বৈষম্যহীন দেশে জাতি গঠনে মাদরাসা শিক্ষাই মূল ভূমিকা পালন করতে পারে। মাদরাসা শিক্ষা ব্যবস্থায় জাগতিক ও পরকালীন বিষয়গুলো সমানভাবে প্রাধান্য পেয়ে থাকে। ফলে ইসলামী শিক্ষাব্যবস্থাকে মৌলিক ভিত্তি ধরে দেশে একমূখী শিক্ষা ব্যবস্থা চালুর জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাই। প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বলেন, মাদরাসাগুলোতে আধুনিক ও যুগোপযুগী শিক্ষার বিস্তার ঘটাতে হবে। মাদরাসা শিক্ষার্থীদেরকে যোগ্য নাগরিক হিসেবে তৈরি করতে হবে। এজন্য উচ্চতর ডিগ্রির পাশপাশি শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে। অধ্যক্ষ ও উপাধ্যক্ষরা আলোচনায় অংশ নিয়ে বলেন, মাদরাসাগুলোতে সরকারের আরো বরাদ্দ বাড়াতে হবে। শিক্ষকদেরকে প্রশিক্ষনের ব্যবস্থা করতে হবে। বিগত সরকারের আমলে চাকরিসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রাপ্তিতে মাদরাসা শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হয়েছে উল্লেখ করে তারা সকলক্ষেত্রে যোগ্যতা বিবেচনায় মাদরাসা শিক্ষার্থীদের বৈষম্যমুক্ত রাখার আহ্বান জানান। মতবিনিময় সভায় রংপুর বিভাগের ১৭৮টি মাদরাসার অধ্যক্ষ ও উপাধ্যক্ষগণ অংশ নেন।

Read More »

ক্রীড়াঙ্গনকে সক্রিয় করতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে – যুব ও ক্রীড়া উপদেষ্টা

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৮ বৈশাখ (১১ মে) ২০২৫ খৃ. – যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ক্রীড়াঙ্গনকে সক্রিয় করতে মন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বিভিন্ন ফেডারেশনে এ্যডহোক কমিটি গঠনের কার্যক্রমও চলমান রয়েছে। সারাদেশে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে যে ক্রীড়া সংস্থাগুলো ভেঙে দেওয়া হয়েছিল তা পুনর্গঠনের কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে আমরা একটা পর্যায়ে এসে পৌঁছেছি যেখানে ক্রীড়া ফেডারেশন ও সংস্থাগুলো পূর্ণরূপে কার্যক্রম শুরু করেছে। উপদেষ্টা আজ ঢাকায় মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ কারাতে ফেডারেশনের তত্ত্বাবধানে তিনদিন ব্যাপী (৯ থেকে ১১ মে) ‘২৯তম জাতীয় কারাতে প্রতিযোগিতা-২০২৫’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে সহায়তা করে। স্পোর্টস সেক্টরে বাজেটের কিছু ঘাটতি থাকলেও তা বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে; যার সুষ্ঠু বন্টনের মাধ্যমে ক্রীড়াক্ষেত্রগুলোকে এগিয়ে নেওয়া সম্ভব। এসময় তিনি বিভিন্ন কর্পোরেশন ও ব্যবসায়ীদের স্পোর্ট সেক্টরে বিনিয়োগ করার আহ্বান জানান। তিনি বলেন, তরুণ প্রজন্মকে যদি সুন্দর ভাবে গড়ে তোলা যায় তাহলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।   উল্লেখ্য, প্রতিযোগিতায় বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থা, বিশ্ববিদ্যালয় ও সার্ভিসেস সংস্থার ৮৭টি দলের ২১টি শ্রেণিতে খেলোয়াড় পুরুষ ৫১৭ জন, মহিলা ২২৩ জন, বিভিন্ন সংস্থার ম্যানেজার ও কোচ ২৬১ জন এবং ম্যাচের রেফারি বা জাজ ৮০ জন সর্বমোট ১ হাজার ৮১ জন অংশগ্রহণ করেন।

Read More »

বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১০ মে, ২০২৫ খৃ. – আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। শনিবার রাতে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সভায় সভাপতিত্ব করেন। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় রাত আটটার দিকে সভা শুরু হয়। সভা শেষে যমুনার সামনে রাত ১১টার দিকে ব্রিফিং করে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত সম্পর্কিত উপদেষ্টা পরিষদের লিখিত বিবৃতি পড়ে শোনান। বিবৃতিতে বলা হয়েছে, ‘উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কোনও রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে।’ ‘উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস-সহ আওয়ামী লীগ এর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে।’ এর পাশাপাশি, ‘আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।’

Read More »

হাইকোর্টের ৮৫ আইনজীবীকে আপিল বিভাগের এডভোকেট হিসেবে তালিকাভুক্তির সিদ্ধান্ত

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৯ মে, ২০২৫ খৃ. – বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ৮৫ জন আইনজীবীকে আপিল বিভাগের এডভোকেট হিসেবে তালিকাভুক্তির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়াও আপিল বিভাগে তালিকাভুক্তির জন্য আরো ৮৪ জন আইনজীবীর আবেদন স্ট্যান্ড ওভার  রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়াও আপিল বিভাগের পাঁচ আইনজীবীকে সিনিয়র এডভোকেট হিসেবে আপিল বিভাগে তালিকাভুক্তির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিনিয়র এডভোকেট হিসেবে আরো ২০ আইনজীবীর আবেদন স্ট্যান্ড ওভার রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর আগে গত ৬ মে প্রধান বিচারপতির অনুমোদনক্রমে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এর সভাপতিত্বে আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস, এম, এমদাদুল হক, বিচারপতি এ, কে, এম, আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুব এর সমন্বয়ে এনরোলমেন্ট কমিটি পুনর্গঠন করা হয়।

Read More »

বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা চায় ৯৭ ভাগ নাগরিক : স্বাস্থ্যখাত সংস্কার কমিশন

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১১ মে, ২০২৫ খৃ. – বিনামূল্যে ৯৭ ভাগ নাগরিক প্রাথমিক চিকিৎসা সেবা চায়। স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের অনুরোধে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র (বিবিএস) একটি জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।  জরিপে স্বাস্থ্যসেবা সহজলভ্য ও সাশ্রয়ী করার পক্ষে মত দিয়েছেন নাগরিকরা।  সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন পেশ করেন স্বাস্থ্যখাত সংস্কার কমিশন কমিশনের সদস্যরা। স্বাস্থ্যখাত সংস্কার কমিশন কমিশনের ৩৩২ পৃষ্ঠার প্রতিবেদনে এই জরিপ তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, খানাভিত্তিক জরিপের প্রশ্নপত্রটি ৪টি সেকশনে বিভক্ত করা হয়। সেগুলো হলো- খানা সদস্যদের তালিকা ও পরিচিতি, জনগণের স্বাস্থ্যসেবা প্রাপ্তি বিষয়ের অভিজ্ঞতা, জনগণের সহজলভ্য স্বাস্থ্যসেবা প্রাপ্তি বিষয়ে মতামত এবং নীতি নির্ধারণ বিষয়ে প্রশ্ন। জনমত জরিপটি পরিচালনার লক্ষ্যে সমগ্র দেশের আটটি বিভাগ (শহর ও পল্লী এলাকা) হতে প্রায় ৩৪৪ টি প্রাথমিক নমুনা এলাকা (শুমারি গণনা এলাকা) নির্বাচন করা হয়। জরিপ পরিচালনার উদ্দেশ্যে নির্বাচিত প্রতিটি নমুনা এলাকা হতে নমুনায়নের মাধ্যমে ২৪টি সাধারণ খানা নির্বাচন করা হয়। নির্বাচিত প্রতিটি থানা হতে ১৮ বা তদূর্ধ্ব বয়সী একজনের নিকট হতে নির্ধারিত প্রশ্নপত্রের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়। এভাবে দেশব্যাপী প্রায় ৮২৫৬ জন নাগরিকের নিকট হতে তথ্য সংগ্রহ পূর্বক জরিপের উপাত্ত বিশ্লেষণসহ রিপোর্ট প্রণয়নের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হয়। জরিপের তথ্য সংগ্রহ কার্যক্রমে জনশুমারি ও গৃহ গণনা ২০২২ – এর ভিত্তিতে প্রণীত ইন্টিগ্রেটেড মাল্টিপারপাস স্যাম্পলিং (আই এম পি এস) ব্যবহার করা হয়। জনমত জরিপ থেকে জানা যায়, দেশের ৯৭ শতাংশ নাগরিক প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনা মূল্যে দেয়া প্রয়োজন বলে মতামত দিয়েছেন।  এছাড়া ঔষধের মূল্য, রোগ নির্ণায়ক পরীক্ষার মূল্য ও ডাক্তারের পরামর্শ ফী বা অস্ত্রোপচারের ফি নির্দিষ্ট করার পক্ষে মত দিয়েছেন যথাক্রমে ৯৭ শতাংশ, ৯৬ শতাংশ, ৯৬ শতাংশ ও ৯৫ শতাংশ নাগরিক। শহর অঞ্চলের ওয়ার্ডগুলোতে গ্রামীণ ইউনিয়ন পর্যায়ের মত প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র তৈরি করার পক্ষে মত দিয়েছেন ৯২ শতাংশ নাগরিক, চিকিৎসা, স্বাস্থ্য শিক্ষা এবং রোগ প্রতিরোধ কার্যক্রম তথা জনস্বাস্থ্য সেবা পৃথক অবকাঠামোর মাধ্যমে পরিচালিত হওয়া উচিত, এ বিষয়ে হ্যাঁ সূচক উত্তর দিয়েছেন ৭২ শতাংশ নাগরিক। এতে আরো বলা হয়, সহায়ক পদে কর্মরতদের বদলির পক্ষে ভোট দিয়েছেন ৭৬ শতাংশ নাগরিক, এমবিবিএস ডাক্তার ছাড়া অন্য কারো প্রেসক্রিপশনে এন্টিবায়োটিক বিক্রি না করার পক্ষে মত দিয়েছেন ৬৮ শতাংশ নাগরিক, স্বাস্থ্যসেবা ব্যয়ের বেশির ভাগের দায়িত্ব থাকা উচিত সরকারের- এ বিষয়ের পক্ষে মত দিয়েছেন ৯২ শতাংশ নাগরিক।  স্বাস্থ্যহানিকর খাদ্য, পানীয় ও ভোগ্যপণ্যের উপর উচ্চহারে কর প্রয়োগ করা উচিত এই বিষয়ে একমত ৭৯ শতাংশ নাগরিক, স্বাস্থ্যবিমা গ্রহণে আগ্রহী ৭১ শতাংশ নাগরিক, স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালিত একই ধরনের সেবাক্রম একীভূত করা উচিত বলে মনে করেন ৬৭ শতাংশ নাগরিক। সরকার ২০২৪ সালের নভেম্বরে ১২ সদস্যের স্বাস্থ্যখাত সংস্কার কমিশন গঠন করে। কমিশনের প্রধান হিসেবে রয়েছেন ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান। কমিশনের সদস্য হিসেবে আরও আছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) জনস্বাস্থ্য ও হেলথ ইনফরমেটিক্স বিভাগের অধ্যাপক মো. মুহাম্মদ জাকির হোসেন, পথিকৃৎ ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. লিয়াকত আলী, স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সায়েবা আখতার, শিশু নিউরো বিজ্ঞান বিভাগের নিউরোলজিস্ট অধ্যাপক ডা. নাইলা জামান খান, সাবেক সচিব এম এম রেজা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. মুজাহেরুল হক, আইসিডিডিআরবি’র ডা. আজহারুল ইসলাম, স্কয়ার হাসপাতালের স্কয়ার ক্যান্সার সেন্টারের অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন, গ্রিন লাইফ সেন্টার ফর রিউম্যাটিক কেয়ার অ্যান্ড রিসার্চের প্রধান পরামর্শক অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক, আইসিডিডিআরবি’র বিজ্ঞানী ডা. আহমেদ আহসানুর রহমান এবং ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী ওমায়ের আফিফ।

Read More »

হাইকোর্টে জামিন পেলেন শাহরিন ইসলাম তুহিন

আদালত প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভযেস টোয়েন্টিফোর মিডিয়া : হাইকোর্ট, এর আগে ২৯ এপ্রিল এই মামলায় আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর করে বিশেষ জজ আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন। তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা পৃথক দুই মামলায় দণ্ডিত মো. শাহরিন ইসলাম তুহিনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগনে। এর আগে ২৯ এপ্রিল এই মামলায় আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর করে বিশেষ জজ আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন। আজ বৃহস্পতিবার (৮ মে) দণ্ডের বিরুদ্ধে আপিল শুনানির জন্য গ্রহণ করে বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী হাসান রাজিব প্রধান। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী ওমর ফারুক। আইনজীবী হাসান রাজিব প্রধান জানান, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালত জামিন দিয়েছেন। কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে শাহরিন ইসলাম তুহিনের বিরুদ্ধে গুলশান থানায় পৃথক দুটি মামলা দায়ের করে দুদক। এর মধ্যে কর ফাঁকির মামলায় ২০০৮ সালে পৃথক দুটি ধারায় তিন বছর ও পাঁচ বছরসহ মোট আট বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। দুই ধারার সাজা একত্রে চলবে বিধায় তাকে সর্বোচ্চ পাঁচ বছরের সাজা ভোগ করতে হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন। এ ছাড়া অবৈধ সম্পদের মামলায় ২০০৮ সালে তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

Read More »

বাণিজ্য উপদেষ্টার সাথে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রীর বৈঠক

বাণিজ্য উপদেষ্টার সাথে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রীর বৈঠক ওসাকা (কানসাই) ১১ মে: ২০২৫ খৃ. – বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সাথে আজ ওয়ার্ল্ড এক্সপো ২০২৫-এর ভেন্যুর জাপান প্যাভিলিয়নে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প (METI) প্রতিমন্ত্রী ওগুশি মাসাকি বৈঠক করেন। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা এবং সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। বৈঠকে বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ জাপানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো গভীর ও সুদৃঢ় করতে আগ্রহী। দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে ইতোমধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (এপিএ) স্বাক্ষরের জন্য পঞ্চম রাউন্ডের আলোচনা ফলপ্রসূ ভাবে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার বৃহৎ অংশ তরুণ শ্রেণির, যাদের বয়স ১৬ থেকে ৩০ বছরের মধ্যে। প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ ও যোগ্য জনশক্তিতে রূপান্তর করে জাপানের শ্রম বাজারে পাঠাতে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তার অংশ হিসেবে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জাপানী ভাষা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এসময় তিনি বাংলাদেশে আরো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি ও আন্তর্জাতিকমানের প্রশিক্ষণ দানের সুযোগ তৈরিতে জাপান সরকারের সহযোগিতা কামনা করেন। উপদেষ্টা আরো বলেন, জাপানের মিতসুবিশি করপোরেশন ইতোমধ্যে বাংলাদেশে সার কারখানায় বিনিয়োগ করেছে যা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এসময় তিনি বাংলাদেশে আরো বেশি জাপানি বিনিয়োগের জন্যও জাপান সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান। এসময় জাপানের প্রতিমন্ত্রী ওগুশি মাসাকি বলেন, বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় করতে জাপান সরকার অঙ্গীকারাবদ্ধ। অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বাস্তবায়নে দুদেশের মধ্যে যে সকল মতপার্থক্য রয়েছে আলোচনার মাধ্যমে সমাধান করে দ্রুত সময়ের মধ্যেই তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরো বলেন, জাপানে দক্ষ শ্রমিকের খুবই প্রয়োজন। বাংলাদেশের দক্ষ জনশক্তি এদেশের শ্রমবাজারে আসলে বাণিজ্যের একটি নতুন দিক উন্মোচিত হবে। এসময় তিনি দক্ষ জনশক্তি তৈরিতে জাপানের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: দাউদ আলী, জাপানের ট্রেড পলিসি ব্যুরোর দক্ষিণ পশ্চিম এশিয়া বিষয়ক পরিচালক শিমানো তোশিয়ুকি, ট্রেড পলিসি ব্যুরোর ইকোনমিক পার্টনারশিপ ডিভিশনের পরিচালক উচিনো হিরুতো এবং জাপানে নিযুক্ত বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর মোরারজী দেশাই বর্মনসহ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Read More »